Blog

  • মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ৬ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম, ছাড়ছে কৌশলগত মজুত

    মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ৬ মাসের মধ্যে সর্বোচ্চ তেলের দাম, ছাড়ছে কৌশলগত মজুত

    মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার তীব্র আশঙ্কায় বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম। গত শুক্রবারের লেনদেন শেষে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৩ ডলারের বেশি বৃদ্ধি পেয়ে ১১৬ ডলার ছাড়িয়ে গেছে, যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। সৌদি আরবে হুতিদের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেল ছড়িয়ে পড়ার ঘটনা এই মূল্যবৃদ্ধিতে প্রধান ভূমিকা রেখেছে।

    বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ ডলার ৫৫ সেন্ট বা ৩.১৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৬ ডলার ৭২ সেন্টে—যা গত ২৯ এপ্রিলের পর সর্বোচ্চ। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৩ ডলার ৮০ সেন্ট বা ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে ১০৩ ডলার ২৭ সেন্ট। পুরো সপ্তাহজুড়ে ব্রেন্টের দাম ৬ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ২.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

    এলপিএল ফাইন্যান্সিয়ালের প্রধান কৌশলবিদ অ্যাডাম টার্নকুইস্ট জানান, সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলার কারণে বৈশ্বিক সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে তেলের বাজারে।

    এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল কুয়াইন উপকূলে একটি জাহাজ থেকে তেল ছড়িয়ে পড়ার খবর জানিয়েছে দেশটির পরিবেশ মন্ত্রণালয়। তবে এখনো এর সুনির্দিষ্ট কারণ বা জাহাজটি শনাক্ত করা যায়নি। এর আগে গত ৯ অক্টোবর আমিরাতের আল জাজিরা এলাকার পশ্চিমে অজ্ঞাত বস্তুর আঘাতে ‘জেম নম্বর ২’ নামের একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে শিপিং সূত্র জানায়। এছাড়া লিবিয়ার দুটি তেলক্ষেত্র থেকে জাওইয়া বন্দরে তেল সরবরাহের পাইপলাইনের একটি ভালভ বন্ধ থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে।

    বিশ্ববাজারে জ্বালানির এই সরবরাহ সংকট মোকাবিলা করতে বিভিন্ন দেশ তাদের কৌশলগত মজুত থেকে তেল ছাড়তে শুরু করেছে। মার্কিন জ্বালানি বিভাগ লুইজিয়ানার একটি শোধনাগারের সংকট কাটাতে কৌশলগত মজুত থেকে সর্বোচ্চ ৪ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিনিময়ের অনুমোদন দিয়েছে। জার্মানিও ডিজেল, হিটিং অয়েল ও অপরিশোধিত তেল বিক্রির উদ্যোগ নিয়েছে।

    এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ডিজেলের দাম নিয়ন্ত্রণের প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়া থেকে ডিজেলবোঝাই একটি জাহাজ বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের দিকে রওনা হয়েছে।

  • মাদ্রাসায় শিশু নির্যাতনের বিরুদ্ধে আলেম সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান আসিফ নজরুলের

    মাদ্রাসায় শিশু নির্যাতনের বিরুদ্ধে আলেম সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান আসিফ নজরুলের

    অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ও অধ্যাপক আসিফ নজরুল মাদ্রাসায় শিশুদের বলাৎকার ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার জন্য দেশের শীর্ষস্থানীয় আলেম সমাজের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

    পোস্টের শুরুতে দেশের আলেম সমাজের প্রতি নিজের গভীর শ্রদ্ধা ও কিছু আলেমের মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন আসিফ নজরুল। তবে একই সঙ্গে বৃহত্তর আলেম সমাজ ও মাদ্রাসার কিছু শিক্ষকের মধ্যে ঘটে যাওয়া অপরাধের চিত্র তুলে ধরে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

    তিনি উল্লেখ করেন, মাদ্রাসার কিছু শিক্ষক শিশুদের বলাৎকার ও ধর্ষণের মতো ভয়াবহ অপরাধে লিপ্ত রয়েছেন। অপরাধীদের সংখ্যা নগণ্য না হলেও বৃহত্তর আলেম সমাজের একটি বড় অংশকে এসব জঘন্য অপরাধের বিরুদ্ধে কখনোই সোচ্চার হতে দেখা যায় না। বিভিন্ন সামাজিক বা রাজনৈতিক বিষয়ে ফতোয়া বা সরব থাকলেও নিজেদের গোষ্ঠীর ভেতরে ঘটে চলা এমন ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে শীর্ষস্থানীয় আলেম ও জনপ্রিয় বক্তাদের এই নীরবতা তাকে অবাক করে বলে মন্তব্য করেন তিনি।

    আসিফ নজরুল সতর্ক করে বলেন, আলেম সমাজের প্রতি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসাই ইসলামবিরোধী বিভিন্ন ষড়যন্ত্রের বিরুদ্ধে তাদের টিকে থাকার মূল শক্তি। কিন্তু অপরাধের বিরুদ্ধে সোচ্চার না হয়ে উল্টো অপরাধীদের প্রতি সহানুভূতি দেখানো হলে সামগ্রিকভাবে আলেম সমাজ এবং কওমি মাদ্রাসাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

    পোস্টের শেষে তিনি আশা প্রকাশ করেন, আলেম সমাজ নিজেদের ভেতরে লুকিয়ে থাকা এসব অপরাধীর বিরুদ্ধে নিজেরাই সোচ্চার হবেন এবং ধর্মীয় অনুশাসনের আলোকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে শিগগিরই জোরালো বক্তব্য নিয়ে এগিয়ে আসবেন।

  • পর্যটকদের জন্য সুখবর: ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’

    পর্যটকদের জন্য সুখবর: ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যাচ্ছে ‘মহানগর এক্সপ্রেস’

    ঢাকা থেকে চট্টগ্রাম রুটের পরিচিত আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’ এবার আরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে সরাসরি পৌঁছে যাবে পর্যটননগরী কক্সবাজারে। আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন এই রুটে ট্রেনটির নিয়মিত চলাচল শুরু হচ্ছে।

    শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

    আগামী সোমবার রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রেলমন্ত্রী শেখ রবিউল আলম এই নতুন সার্ভিসের শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনী ট্রেনটি রাত ৩টায় চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাত ৩টা ২০ মিনিটে সেটি কক্সবাজারের উদ্দেশে রওনা দেবে।

    নতুন এই চালুর ফলে ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি মধ্যবর্তী বেশ কয়েকটি জেলার মানুষও সরাসরি ট্রেনযোগে কক্সবাজার যাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে রয়েছে—ঢাকার বিমানবন্দর স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশন। সংশ্লিষ্টরা মনে করছেন, এতে দেশের দীর্ঘতম সমুদ্রসৈকতে পর্যটকদের যাতায়াত আরও সহজ হবে এবং রেলওয়ের রাজস্ব আয়ও বাড়বে।

    এতদিন ঢাকা-কক্সবাজার রুটে চলাচলকারী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনগুলো বিরতিহীন (নন-স্টপ) হওয়ায় মধ্যবর্তী জেলাগুলোর যাত্রীরা ট্রেনভ্রমণের সুযোগ থেকে বঞ্চিত ছিলেন। মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে এবং আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে প্রতি রবিবার।

    ঢাকা থেকে ছাড়বে: রাত ৮:৩০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে পরদিন সকাল ৬:০০ টায়।

    কক্সবাজার থেকে ছাড়বে: সকাল ৮:০০ টায়, চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ১২:২০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।

    উল্লেখ্য, গত ১৬ অক্টোবর থেকেই এই নতুন রুট ও সময়সূচির জন্য ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। নতুন এই ট্রেন চালুর ফলে পর্যটকদের যাতায়াতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।

  • হরমুজ প্রণালিতে চরম সংকট: অক্টোবর মাসেই বাণিজ্যিক জাহাজে রেকর্ড সংখ্যক হামলা

    হরমুজ প্রণালিতে চরম সংকট: অক্টোবর মাসেই বাণিজ্যিক জাহাজে রেকর্ড সংখ্যক হামলা

    কৌশলগতভাবে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চলতি অক্টোবর মাসটিকে এই রুটে নৌ চলাচলের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক ও রক্তক্ষয়ী মাস হিসেবে চিহ্নিত করা হয়েছে।

    ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং ‘ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’-এর যৌথ তথ্য অনুযায়ী, শুধুমাত্র এই অক্টোবর মাসেই প্রণালিটিতে অন্তত ২৮টি বাণিজ্যিক জাহাজ নিশ্চিত হামলার শিকার হয়েছে।

    এর ফলে গত ফেব্রুয়ারি মাসে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে মোট হামলার সংখ্যা দাঁড়াল ১১৩টিতে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) পরিসংখ্যানেও এই চিত্র প্রতিফলিত হয়েছে, যাদের রেকর্ড অনুযায়ী সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত মোট ১২০টি হামলা নথিভুক্ত করা হয়েছে।

    এদিকে, ‘যুক্তরাজ্য সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম’ (ইউকেএমটিও)-এর তথ্য আরও উদ্বেগজনক। তাদের হিসাব অনুযায়ী, গত ১৬ অক্টোবর পর্যন্ত কেবল তাদের কাছেই ১৩৫টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে যে, অনেক ঘটনা অপ্রকাশিত থাকায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারে।

    আইএমও-এর ডেটা বিশ্লেষণ করে রয়টার্স জানিয়েছে, চলমান এই সংঘাতে বিশ্বের প্রায় ৯০০টি সুপারট্যাঙ্কারের সমন্বয়ে গঠিত বৈশ্বিক বহরের প্রায় ৩.৫ শতাংশ জাহাজ ইতোমধ্যে হামলার শিকার হয়েছে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ শৃঙ্খল এবং আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য চরম হুমকির মুখে পড়েছে।

  • গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন উপজেলার চেয়ারম্যান

    গোপালগঞ্জ জেলা আ.লীগ থেকে পদত্যাগ করলেন উপজেলার চেয়ারম্যান

    গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য পদ সহ দলটির প্রাথমিক সদস্যপদ ও সব সাংগঠনিক পদ থেকে স্বেচ্ছায় স্থায়ীভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন কাশিয়ানী উপজেলার সাবেক চেয়ারম্যান মো. জানে আলম মিয়া (বিরু)।

    শুক্রবার (২৩ অক্টোবর) রাতে এক লিখিত বিবৃতির মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
    জানে আলম মিয়া (বিরু) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

    লিখিত বিবৃতিতে পদত্যাগের কারণ উল্লেখ করে তিনি জানান, বয়স জনিত কারণে তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। পাশাপাশি পারিবারিক সমস্যার কারণে তাঁর পক্ষে রাজনীতি চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

    বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন, নিজের জ্ঞান ও বিবেচনায়, স্বেচ্ছায় এবং কারও চাপ ছাড়াই বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের পদ-পদবি থেকে তিনি স্থায়ীভাবে পদত্যাগ করেছেন।

    জানে আলম মিয়া (বিরু) বলেন, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে তাঁর আর কোনো সম্পর্ক থাকবে না। এমনকি তিনি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত হবেন না। জীবনের বাকি সময় আল্লাহর ইবাদত ও পরিবারের সদস্যদের সঙ্গে শান্তিতে কাটাতে চান।

  • ‎নাসিরনগরে গৃহবধূকে হত্যার পর লাশ গুমের অভিযোগ, ২৪ ঘণ্টায় ঘাতক স্বামী গ্রেপ্তার

    ‎নাসিরনগরে গৃহবধূকে হত্যার পর লাশ গুমের অভিযোগ, ২৪ ঘণ্টায় ঘাতক স্বামী গ্রেপ্তার

    ‎ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। স্ত্রীকে হত্যার পর বস্তাবন্দি মরদেহ পুকুরে পাথর চাপা দিয়ে গুম করার চেষ্টা করেও শেষ রক্ষা হলো না ঘাতক স্বামীর। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
    ‎
    ‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১টা ৫ মিনিটে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সুশীল দাশ (৩০) ওই এলাকার কুড়ের পাড়ের বাসিন্দা। তিনি মৃত মহরলাল দাশের ছেলে।
    ‎
    ‎অভিযানটি পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (SRB-৯), সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং জেলা পুলিশের যৌথ টিম।
    ‎
    ‎
    ‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর আগে সুশীল দাশের সাথে রত্না রানী দাশের (২৬) বিয়ে হয়। তাদের ঘরে একটি কন্যা সন্তান রয়েছে। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই যৌতুক ও পারিবারিক নানা বিষয় নিয়ে সুশীল স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।
    ‎
    ‎ঘটনার প্রায় এক মাস আগে তিনি স্ত্রীকে স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর সংসার করবেন না। বাড়ি ছেড়ে চলে যেতে বলেন। কিন্তু অবুঝ সন্তানের মুখের দিকে তাকিয়ে সব নির্যাতন সহ্য করেও স্বামীর বাড়িতেই থেকে যান রত্না। আর সেই থেকে যাওয়াই তার জীবনে কাল হয়ে দাঁড়াল।
    ‎
    ‎পুলিশ জানায়, গত ১৭ অক্টোবর রাতে মেয়েকে নিয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন রত্না। পরদিন সকালে তাকে ঘরে না পেয়ে সুশীল দাশ নিখোঁজের নাটক সাজান। তিনি শ্বশুরবাড়িতে খবর দেন এবং নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
    ‎
    ‎এদিকে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাচ্ছিলেন না।
    ‎
    ‎অবশেষে গত ২১ অক্টোবর দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর আসে, সুশীল দাশের বাড়ির দক্ষিণ পাশের পুকুরে একটি বস্তা ভাসছে। খবর পেয়ে রত্নার ভাই ঘটনাস্থলে গিয়ে বস্তা খুলে বোনের মরদেহ শনাক্ত করেন।
    ‎
    ‎মরদেহ উদ্ধারের পর পুলিশ দেখতে পায়, রত্নার দুই হাত রশি ও কাপড় দিয়ে শক্ত করে বাঁধা। মরদেহটি বস্তায় ভরে তার সাথে বড় পাথর বেঁধে পানির নিচে ডুবিয়ে রাখা হয়েছিল, যাতে কেউ খুঁজে না পায়।
    ‎
    ‎এ ঘটনায় নিহতের ভাই শ্রীনিবাস দাস বাদী হয়ে সুশীল দাশকে প্রধান আসামি করে ৬ জনের বিরুদ্ধে নাসিরনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং- ২১, তারিখ- ২২ অক্টোবর ২০২৬। ধারা- দণ্ডবিধি ৩০২/২০১/৩৪।
    ‎
    ‎মামলা রুজুর পরপরই SRB-৯ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
    ‎
    ‎নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আদালতে প্রেরণ করে রিমান্ডের আবেদন করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • নওগাঁয় শেখ হাসিনা আসবে” মাইকিংয়ের ঘটনায় দুই নেতা গ্রেফতার, অটোরিকশা জব্দ

    নওগাঁয় শেখ হাসিনা আসবে” মাইকিংয়ের ঘটনায় দুই নেতা গ্রেফতার, অটোরিকশা জব্দ

    মান্দা উপজেলায় আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন, এমন মর্মে মাইকিং করার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা পুলিশ। এ ঘটনায় মাইকিংয়ে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ এবং এক কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গেছে, মান্দা থানার কাশোপাড়া ইউনিয়নের রাজশাহী-নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকার একটি খোলা মাঠের রাস্তায় কয়েকজন ব্যক্তি আগামী ডিসেম্বরে শেখ হাসিনা আসবেন বলে মাইকিং করেন। এর ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা হয়।

    গতকাল রাতে ভিডিওটি জেলা পুলিশের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করা হয়। অভিযানে ১২ নং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম শহীদ (৪৩) গ্রেফতার হন। তিনি রাঙ্গামাটিয়া এলাকার মৃত আব্দুল জলিল প্রামানিকের ছেলে। পুলিশের দাবি, তিনি মাইকিংয়ের বিষয়ে অবগত ছিলেন বলে স্বীকার করেছেন।

    এ ছাড়া মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে এবং মাইকিংয়ের সময় অটোরিকশায় থাকা কিশোর তারেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

    একই ঘটনায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে মান্দা ইউনিয়নের নবগ্রাম তালাপাড়া এলাকার মৃত গমা সরকার ও মৃত ছানেরা বেগমের ছেলে মো. আব্দুল জলিল সরকার (৫০)-কে গ্রেফতার করা হয়েছে। তিনি মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

    পুলিশ জানিয়েছে, মাইকিংয়ের ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

  • নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩, উদ্ধার মাদক তৈরির উপাদান, অস্ত্র ও নগদ ৭৩ হাজার টাকা

    নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩, উদ্ধার মাদক তৈরির উপাদান, অস্ত্র ও নগদ ৭৩ হাজার টাকা

    নওগাঁর মান্দা উপজেলায় পুলিশের বিশেষ কিশোর অপরাধ ও মাদকবিরোধী অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান, দেশীয় অস্ত্র এবং নগদ ৭৩ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ১২ নম্বর কাশোপাড়া ইউনিয়নের চকউলী গ্রামে এ অভিযান চালানো হয়। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজালের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়।
    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চকউলী গ্রামের মো. ইসলাম বাবু (২১), একই গ্রামের মো. শাওন (১৯), এবং শুটকিবাদল গ্রামের মো. আরিফ হোসেন (২৩), তাঁরা সবাই মান্দা উপজেলার বাসিন্দা।

    পুলিশ জানায়, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান উদ্ধার করা হয়। দেহ তল্লাশি করে দুটি অটোমেটিক লম্বা বার্মিজ চাকু এবং মাদক বিক্রির নগদ ৭৩ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। পরে তাঁদের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে মাটির গর্তে লুকিয়ে রাখা একটি ডাবল-ব্লেড টমাহক কুড়াল উদ্ধার করা হয়।

    এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য ও অস্ত্র মামলা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, কিশোর অপরাধ, মাদক কারবার ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

  • পানছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ বছরের তানিয়ার, আহত বিজিবি সদস্য

    পানছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১২ বছরের তানিয়ার, আহত বিজিবি সদস্য

    আর কখনো মায়ের হাত ধরে বাড়ি ফেরা হবে না ছোট্ট তানিয়ার। থেমে গেল মাত্র ১২ বছরের জীবনের পথচলা। পরিবারের সঙ্গে আনন্দ নিয়ে বের হলেও বাড়ি ফেরা হলো না তার। খাগড়াছড়ির পানছড়িতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তানিয়া (১২) নামে এক শিশু। মর্মান্তিক এ দুর্ঘটনায় আহত হয়েছেন নায়েব সুবেদার আব্দুর রাজ্জাক নামে এক বিজিবি সদস্য।

    শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের প্রিন্সিপাল পাড়ার সামনের সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

    দুর্ঘটনায় গুরুতর আহত তানিয়াকে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রেজওয়ান তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের এ ঘোষণায় মুহূর্তেই নিভে যায় একটি পরিবারের স্বপ্ন, থমকে যায় স্বজনদের আশা-আকাঙ্ক্ষা। নিহত তানিয়া উপজেলার পুরাতন বরনাল এলাকার মো. আনোয়ার হোসেনের মেয়ে।

    পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের সঙ্গে নানাবাড়ি থেকে বাড়ি ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষের শিকার হয় তানিয়া। এতে সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    তানিয়ার নানা আমিজুল হক জানান, নাতনি তানিয়াসহ পরিবারের কয়েকজন সদস্য খাগড়াছড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু পথের দুর্ঘটনা কেড়ে নেয় ছোট্ট তানিয়ার প্রাণ। যে যাত্রা স্বাভাবিকভাবেই শেষ হওয়ার কথা ছিল, তা পরিণত হয় এক হৃদয়বিদারক ঘটনায়।

    এদিকে, দুর্ঘটনায় আহত বিজিবি সদস্য নায়েব সুবেদার আব্দুর রাজ্জাককে চিকিৎসার জন্য গুইমারা বিজিবি হাসপাতালে নেওয়া হয়েছে।

    একটি সড়ক দুর্ঘটনা কেড়ে নিল একটি শিশুর অমূল্য জীবন। তানিয়ার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। যে ঘরে ছোট্ট মেয়েটির হাসি-আনন্দে মুখর থাকার কথা, সেখানে এখন শুধুই শূন্যতা আর স্বজন হারানোর বেদনা।

  • গোপালগঞ্জে লংমার্চ সফল করতে প্রশাসনের সাথে জামায়াত নেতাদের বৈঠক

    গোপালগঞ্জে লংমার্চ সফল করতে প্রশাসনের সাথে জামায়াত নেতাদের বৈঠক

    আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চের সার্বিক সহযোগিতা, শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক করেছেন বাস্তবায়ন কমিটির নেতারা।

    বৃহস্পতিবার পুলিশ প্রশাসনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও লংমার্চ শৃঙ্খলা বিভাগের প্রধান মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক, গোপালগঞ্জের পুলিশ সুপার হাবিবুল্লাহ, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, জামায়াতের ফরিদপুর জেলা আমির মাওলানা বদর উদ্দিন, গোপালগঞ্জ জেলা সাবেক আমির অ্যাডভোকেট আজমল হোসাইন এবং বর্তমান আমির মাওলানা রেজাউল করিম।

    বৈঠকে লংমার্চের সার্বিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সহযোগিতা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়।

    একই সময়ে লংমার্চের সার্বিক সহযোগিতা ও বাস্তবায়নসংক্রান্ত বিষয়ে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতানের সঙ্গেও বৈঠক করেন নেতারা।

    এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি কামাল হোসেন এমপি, নড়াইল জেলা আমির আতাউর রহমান বাচ্চু এমপিসহ লংমার্চ বাস্তবায়ন কমিটির অন্যান্য নেতারা।

    বৈঠকে লংমার্চের কর্মসূচি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসন ও বাস্তবায়ন কমিটির মধ্যে সমন্বয় এবং পারস্পরিক সহযোগিতার বিষয়টির ওপর গুরুত্বারোপ করা হয়।