Blog

  • ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি নির্মাণের নামে ৫ লাখ টাকা আত্মসাৎ ও ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা

    ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি নির্মাণের নামে ৫ লাখ টাকা আত্মসাৎ ও ধর্ষণচেষ্টার অভিযোগ, আদালতে মামলা

    ব্রাহ্মণবাড়িয়া শহরে চাকুরীর সুবাদে বসবাসকারী এক নারীর পৈত্রিক বসতবাড়িতে ভবন নির্মাণের চুক্তি করে ৫ লাখ টাকা আত্মসাৎ, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শারীরিক নির্যাতন এবং সর্বশেষ ধর্ষণচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। একই সাথে আসামীর বিরুদ্ধে ঘরে ঢুকে স্বর্ণালংকার চুরি ও প্রাণনাশের হুমকির চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। ​গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালত এবং বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, ব্রাহ্মণবাড়িয়া আদালতে এই মামলাগুলো দায়ের করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী (৩২) পেশাগত ও চাকুরীর সুবাদে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উলচাপাড়া এলাকায় ওবায়দুল্লাহর বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থেকে আসছেন। তার মূল বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ পাকুরিয়া এলাকায়। ​অন্যদিকে, অভিযুক্ত মো. আমিনুল ইসলাম (সুজন) (৪০) একই জেলার চুনারুঘাট বাজার এলাকার মো. মীর হোসেনের ছেলে। পেশায় তিনি একজন ঠিকাদার ও ব্রিকস ফিল্ডের ব্যবসায়ী। পূর্ব পরিচয়ের সুবাদে ভুক্তভোগী নারীর ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত পৈত্রিক বসতবাড়ি নির্মাণের জন্য ঠিকাদার আমিনুল ইসলাম (সুজন) এর সাথে কথা হয়। পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নগদ ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা চুক্তি বাবদ আসামিকে প্রদান করেন ওই নারী। টাকা নেওয়ার দীর্ঘদিন পেরিয়ে গেলেও অভিযুক্ত আমিনুল ইসলাম (সুজন) কোনো নির্মাণ কাজ শুরু না করে টালবাহানা শুরু করেন। ভুক্তভোগী নারী চুক্তি অনুযায়ী কাজ শুরু অথবা টাকা ফেরত চাইলে অভিযুক্ত নানা বাহানায় তাকে ঘুরাতে থাকেন। একপর্যায়ে টাকা ফেরত দেওয়ার কথা বলে আসামী বাদীর ভাড়া বাসায় গিয়ে তাকে কুপ্রস্তাব দেন। ​সেই কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আসামী কৌশলে বাদীর ব্যাংক অ্যাকাউন্টে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা ফেরত পাঠালেও বাকি ৪ লাখ টাকা আত্মসাতের উদ্দেশ্যে পূর্বের মতোই টালবাহানা অব্যাহত রাখেন। মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, ঘটনার দিন গত ৯ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে (বৃহস্পতিবার) বিকেল অনুমান ৩:০০ ঘটিকার সময় আসামী আমিনুল ইসলাম (সুজন) ভুক্তভোগীর ভাড়া বাসায় আসেন এবং চুক্তি ও পাওনা টাকার বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। এ সময় কোনো উপায় না পেয়ে ভুক্তভোগী প্রতিবাদ করলে আসামী ক্ষিপ্ত হয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালান এবং ধস্তাধস্তির একপর্যায়ে তার পরনের কাপড়-চোপড় ছিঁড়ে ফেলেন। ​ভুক্তভোগীর আত্মচিৎকারে আশপাশের লোকজন এবং মামলার সাক্ষী জসিম মিয়া ও হোসেন মিয়া দ্রুত এগিয়ে আসলে আসামী পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। যাওয়ার সময় তিনি ঘরে থাকা ৪ ভরি স্বর্ণালংকার (যার আনুমানিক বাজারমূল্য ৯,০০,০০০ টাকা) ও একটি ব্যাংকের চেক বই জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যান। শুধু তাই নয়, ঘটনাটি থানা পুলিশ বা এলাকার কাউকে জানালে রাস্তাঘাটে সামাজিক হেয় প্রতিপন্ন করা এবং একা পেলে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি দিয়ে যান তিনি। এহেন লোমহর্ষক ঘটনার পর ভুক্তভোগী নারী প্রথমে স্থানীয় থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরী (জিডি) করেন। পরবর্তীতে থানায় আশানুরূপ প্রতিকার না পেয়ে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে তিনি বিজ্ঞ আদালতের শরণাপন্ন হন।
    ​তিনি পেনাল কোডের ৪০৬/৪২০/৩৮০/৫০৬(২) ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩)-এর ৯(৪)(খ) ধারায় পৃথক অভিযোগ ও মামলা দায়ের করেন। মামলায় উলচাপাড়া এলাকার স্থানীয় দুই ব্যক্তিকে সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
    ​এদিকে ভুক্তভোগী নারী অভিযোগ করেছেন, আসামির ভাই চুনারুঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজিদ হওয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা প্রভাবশালী ওই মহলের ভয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করতে ভয় পাচ্ছেন। ফলে অসহায় ওই নারী ন্যায়বিচার ও গণমাধ্যমের জোরালো সহযোগিতা পাওয়ার আকুল আবেদন জানিয়েছেন।

  • অপরাজিত চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হেরে রানার্সআপ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল

    অপরাজিত চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হেরে রানার্সআপ বাংলাদেশ নারী হ্যান্ডবল দল

    বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে শিরোপার লড়াইয়ে ভারতের কাছে হেরে রানার্সআপ হয়েছে বাংলাদেশ নারী হ্যান্ডবল দল। পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২৮-১৬ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ও অপরাজিত পারফরম্যান্সের সুবাদে শিরোপা ঘরে তোলে ভারতীয় দল।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত এই ফাইনালে ম্যাচের শুরুর ১০ মিনিট দুই দলের মধ্যে সমানে সমান লড়াই দেখা যায়। তবে সময়ের সাথে সাথে খেলার নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ভারত। প্রথমার্ধেই ১৪-৯ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধে ব্যবধান আরও বাড়িয়ে নিজেদের জয় ও শিরোপা নিশ্চিত করে সফরকারীরা।

    টুর্নামেন্টের প্রাথমিক পর্বে ভারতের কাছে ৪৭-১৩ গোলের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। তবে ফাইনাল ম্যাচে আগের সেই বড় ব্যবধান ঘুচিয়ে ভারতের বিপক্ষে বেশ ভালোই লড়াই করেছে স্বাগতিক লাল-সবুজের প্রতিনিধিরা।

    গত ১৮ অক্টোবর শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত ছাড়াও নেপাল এবং মালদ্বীপ অংশ নিয়েছিল। ধারাবাহিক ও শক্তিশালী পারফরম্যান্স প্রদর্শনের মাধ্যমে ভারত শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেরা দলের মুকুট পরে।

  • পাবনার সাঁথিয়ায় এনসিপি নেতার স্টোরিতে অস্ত্র প্রদর্শন নিয়ে বিতর্ক, তদন্তে পুলিশ

    পাবনার সাঁথিয়ায় এনসিপি নেতার স্টোরিতে অস্ত্র প্রদর্শন নিয়ে বিতর্ক, তদন্তে পুলিশ

    পাবনার সাঁথিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতা মুজাহিদ ফকিরের একটি ফেসবুক স্টোরিকে কেন্দ্র করে এলাকায় তীব্র আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। স্টোরিতে অস্ত্রসদৃশ একটি বস্তু প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই এর সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভিডিওটি ফেসবুকে প্রকাশের প্রায় এক ঘণ্টা পর তা মুছে ফেলা হয়। এর আগেই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং অনেকেই এর সমালোচনা করে ওই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান।

    ভাইরাল হওয়া ওই ভিডিওতে দুজনের হাত ও পায়ের অংশ দেখা গেলেও তাদের মুখ স্পষ্ট ছিল না। ভিডিওতে দেখা যায়, মেঝেতে একটি আগ্নেয়াস্ত্রসদৃশ বস্তু রাখার পর অন্য একজন তা হাতে নিয়ে নাড়াচাড়া করছেন।

    এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম বলেন, ‘এ ধরনের অস্ত্র প্রদর্শন জনমনে ভীতি সৃষ্টি করে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দ্রুত প্রশাসনের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।’

    সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মুজাহিদ ফকির এর আগেও ফেসবুকে এ ধরনের ছবি বা ভিডিও প্রকাশ করেছিলেন, যা সে সময় খেলনা পিস্তল বলে প্রমাণিত হয়েছিল। তবে বর্তমান ভিডিওর বস্তুটি আসল কি না এবং তা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে প্রচার করা হয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।

    এদিকে সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. বকুল জানান, তিনি বিষয়টি শুনেছেন এবং বিস্তারিত জেনে মন্তব্য করবেন। তবে ঘটনার সময় মুজাহিদের মুঠোফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

    নিজের ফেসবুক আইডি ‘পাবনা ১’-এ দেওয়া এক ভিডিও বার্তায় মুজাহিদ ফকির দাবি করেন, ভিডিওটি তিন-চার মাস আগে টিকটক থেকে ডাউনলোড করা হয়েছিল। তার ফেসবুক আইডিতে সংরক্ষিত থাকায় তাঁর দুই-তিন বছর বয়সী শিশুসন্তান ভুলবশত সেটি স্টোরিতে দিয়ে দিতে পারে।

    তিনি আরও বলেন, ‘বিষয়টি নিয়ে নিউজ হওয়ার পর আমি জানতে পারি। আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।’ পুরো বিষয়টি সুষ্ঠু তদন্ত করে দেখার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এই এনসিপি নেতা।

  • স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    জনগণের ভোটাধিকার শতভাগ নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সরকার বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না, যাতে সাধারণ মানুষ স্বাধীনভাবে তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারেন।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় ময়দানহাট্টা ইউনিয়ন পরিষদের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নবসৃষ্ট স্বর্ণগ্রাম ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত কঠোর অবস্থানে থাকবে। নির্বাচনের সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, সে যেই হোক না কেন। দলের শৃঙ্খলা ও সুনাম রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনে আরও কঠোর পদক্ষেপ নেবেন বলেও তিনি উল্লেখ করেন।

    বিএনপি-সমর্থিত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকারে বিএনপির জনপ্রতিনিধিরা থাকলে গ্রামাঞ্চলের উন্নয়ন আরও দ্রুত ও সহজ হবে। এর মাধ্যমে তৃণমূলের উন্নয়ন কার্যক্রম বহুগুণ গতিশীল করা সম্ভব।

    বর্তমান সরকারের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, দেশের প্রতিটি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী চার বছরের মধ্যে দেশের সব পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হবে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের জন্য নির্দিষ্ট বেতন-ভাতার ব্যবস্থা করা হবে। জনগণের কাছে দেওয়া প্রতিটি নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করেই পাঁচ বছর পর পুনরায় জনসমর্থন চাইতে যাবে বিএনপি।

    অনুষ্ঠানে রাজনৈতিক প্রতিপক্ষদের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, যারা ভোটের সময় শুধু বেহেশতের লোভ দেখিয়ে রাজনীতি করেন এবং নির্বাচনের পর সাধারণ মানুষের খোঁজ রাখেন না, তারা আসলে ‘মৌসুমি রাজনীতিবিদ’। অতীতে আওয়ামী লীগের জনগণের ভোটের প্রয়োজন ছিল না বলেই তারা সাধারণ মানুষের কাছে যায়নি; কিন্তু বিএনপির জনগণের সমর্থন ও আস্থার প্রয়োজন রয়েছে। তাই দলটি সবসময় জনগণের পাশে থেকে তাদের কথা শুনবে।

    মোকামতলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামানসহ স্থানীয় বিএনপি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সুধী সমাবেশ শেষে প্রতিমন্ত্রী একটি বৃক্ষরোপণ কর্মসূচি এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য ময়লা পরিবহনের ভ্যান উদ্বোধন করেন।

  • সাভারে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অপ্রীতিকর ঘটনার অভিযোগ: উত্তেজনার পর পুলিশ ও স্থানীয়রা অবরুদ্ধ

    সাভারে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অপ্রীতিকর ঘটনার অভিযোগ: উত্তেজনার পর পুলিশ ও স্থানীয়রা অবরুদ্ধ

    সাভারে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্যাতনের বা অপ্রীতিকর ঘটনার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের বিক্ষোভের মুখে পুলিশ ও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ওই শিক্ষকের পাঁচতলা বাড়িতে অবরুদ্ধ হয়ে পড়েন।

    গত বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত সাভারের বিরুলিয়া এলাকায় এ নাটকীয় পরিস্থিতি বিরাজ করে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই শিক্ষার্থী তার অভিভাবকদের বিষয়টি জানালে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক আব্দুল বারীর (৫০) বাড়িতে ও মাদ্রাসায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় ভবন থেকে বিভিন্ন জিনিসপত্র লুট করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

    খবর পেয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তখন অভিযুক্ত শিক্ষক পলাতক থাকলেও তার স্ত্রী ও ছেলে বাড়িতে আটকা পড়েন। পুলিশ তাদের উদ্ধার করে থানায় নেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ভবনটিতে পুনরায় হামলা ও ভাঙচুর শুরু করে। এতে ভেতরে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় বেশ কয়েকজন সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েন।

    পরবর্তীতে সাভার থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক অতিরিক্ত দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন জানান, অবরুদ্ধ অবস্থা থেকে অভিযুক্ত শিক্ষকের স্ত্রী ও ছেলেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাদের থানায় নিয়ে যাওয়ার পর স্থানীয়রা পুনরায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

  • রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: প্রথম ইউনিটে উৎপাদন শুরুর জোর প্রস্তুতির মধ্যেই দ্বিতীয় ইউনিট নিয়ে নতুন পরিকল্পনা

    রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র: প্রথম ইউনিটে উৎপাদন শুরুর জোর প্রস্তুতির মধ্যেই দ্বিতীয় ইউনিট নিয়ে নতুন পরিকল্পনা

    দেশের মেগা প্রজেক্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটে বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে। এর পাশাপাশি প্রকল্পের দ্বিতীয় ইউনিটের কাজও সমান তালে এগিয়ে চলেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী বছরের মাঝামাঝি সময়ে দ্বিতীয় ইউনিটে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম লোডিংয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    গত ১১ অক্টোবর রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে ‘ফার্স্ট ক্রিটিক্যালিটি’ বা নিয়ন্ত্রিত পারমাণবিক বিক্রিয়া শুরু হয়েছে। এর আগে গত ৮ অক্টোবর বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়রা) এই অনুমোদনের ছাড়পত্র দেয়। বিদ্যুৎ উৎপাদনের আগের এটি একটি বড় মাইলফলক। সংশ্লিষ্টদের আশা, চলতি বছরের ডিসেম্বরের শেষ নাগাদ এই ইউনিট থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হতে পারে।

    প্রথম ইউনিটের কার্যক্রম সফলভাবে এগিয়ে নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইউনিট চালুর কাজও থেমে নেই। গত ২ অক্টোবর থেকে দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম জ্বালানি রাশিয়া থেকে দেশে আসা শুরু হয়েছে, যা ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ধাপে চলমান থাকবে। রোসাটমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য ৭টি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য ২টি—সব মিলিয়ে মোট ৯টি কার্গো উড়োজাহাজে করে এই পারমাণবিক জ্বালানি আনা হচ্ছে।

    দ্বিতীয় ইউনিটের অবকাঠামোগত বাকি কাজগুলো দ্রুত শেষ করে আগামী বছরের শুরুর দিকে জ্বালানি লোডের জন্য ইউনিটটিকে পুরোপুরি প্রস্তুত করা হবে। এরপর সব প্রক্রিয়া সম্পন্ন করে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অনুমতি সাপেক্ষে আগামী বছরের জুন মাসের দিকে দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম লোডিংয়ের কাজ শুরু হতে পারে। ফুয়েল লোডিংয়ের পর চার থেকে ছয় মাসের মধ্যে এই ইউনিট থেকেও বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে।

    প্রকল্পের প্রথম ও দ্বিতীয়—উভয় ইউনিটেই স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা (এপিসিএস) স্থাপন সম্পন্ন হয়েছে। এছাড়া রাশিয়ার বাইরে রূপপুরেই রোসাটমের প্রথম প্রকল্প হিসেবে ‘অপারেটর ইনফরমেশন সাপোর্ট সিস্টেম’ (ওআইএসএস) বাস্তবায়ন করা হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের সাবসিডিয়ারি আরএএসইউ-এর সরবরাহ করা এই ব্যবস্থার মাধ্যমে চুল্লির স্থিতিশীলতাসহ প্রায় সাত হাজার প্যারামিটার পর্যবেক্ষণ করা হবে, যা বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ ও দক্ষ পরিচালনা নিশ্চিত করবে।

    বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এ বিষয়ে জানান, বর্তমানে প্রথম ইউনিটের উৎপাদন শুরুকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং দ্বিতীয় ইউনিটের কাজও যথাযথভাবে এগিয়ে চলেছে।

    উল্লেখ্য, রাশিয়ার প্রযুক্তি, অর্থনৈতিক ও কারিগরি সহায়তায় বাস্তবায়নাধীন এই বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হওয়ার কথা রয়েছে।

  • রাজস্ব ফাঁকি ও অপরাধ রোধে ফিরছে এনইআইআর: সচল হবে স্বয়ংক্রিয় নিবন্ধন

    রাজস্ব ফাঁকি ও অপরাধ রোধে ফিরছে এনইআইআর: সচল হবে স্বয়ংক্রিয় নিবন্ধন

    অবৈধ মোবাইল ফোনের দৌরাত্ম্য, চোরাচালান এবং রাজস্ব ফাঁকি রোধে জাতীয় যন্ত্রপাতি শনাক্তকরণ নিবন্ধন ব্যবস্থা (NEIR) পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC)। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দুই ধাপে এই কার্যক্রম শুরু হবে।

    জাতীয় রাজস্ব বোর্ডের (NBR) তথ্য অনুযায়ী, অবৈধ ও অননুমোদিত হ্যান্ডসেটের কারণে প্রতি বছর প্রায় ২ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। এই ক্ষতি রোধ এবং টেলিযোগাযোগ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দীর্ঘদিন ধরে এনইআইআর পূর্ণাঙ্গভাবে চালুর তাগিদ দিয়ে আসছিল বিভিন্ন সরকারি সংস্থা।

    প্রথম ধাপ: মোবাইল অপারেটরদের নেটওয়ার্কে বর্তমানে সচল থাকা হ্যান্ডসেটগুলো স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। একই সঙ্গে দেশীয় উৎপাদক ও অনুমোদিত আমদানিকারকদের অবিক্রীত ফোনের আইএমইআই (IMEI) নম্বরগুলোও এই ব্যবস্থার আওতায় নিয়ে আসা হবে। তবে এই পর্যায়ে তাৎক্ষণিকভাবে কোনো হ্যান্ডসেট বন্ধ করা হবে না।

  • ফরিদপুরে হানিট্র্যাপ: ১৮ ঘণ্টা আটকে রেখে মোবাইল ব্যবসায়ীর টাকা আদায় ও নির্যাতন, গ্রেপ্তার ২

    ফরিদপুরে হানিট্র্যাপ: ১৮ ঘণ্টা আটকে রেখে মোবাইল ব্যবসায়ীর টাকা আদায় ও নির্যাতন, গ্রেপ্তার ২

    ফরিদপুরের সদরপুরে হানিট্র্যাপের ফাঁদে ফেলে ইব্রাহীম খান (২৮) নামের এক মোবাইল ব্যবসায়ীকে ১৮ ঘণ্টা অবরুদ্ধ করে রেখে নির্যাতন ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুই নারীকে গ্রেপ্তার এবং ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে।

    ঘটনাটি ঘটেছে গত বুধবার (২১ অক্টোবর) দুপুর ১২টার দিকে, উপজেলার সদর ইউনিয়নের কদমতলা এলাকার খাদিজাতুল কোবরা মাদ্রাসার তৃতীয় তলার একটি কক্ষে।

    গ্রেপ্তারকৃতরা হলেন—সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কাটাখালী গ্রামের সুমনের স্ত্রী এবং কথিত কনটেন্ট ক্রিয়েটর অঞ্জনা আক্তার (২৫) এবং ঢেউখালী ইউনিয়নের বক্সডাঙ্গী গ্রামের মনির মাতুব্বরের স্ত্রী মালা আক্তার (১৯)।

    ভুক্তভোগী ইব্রাহীম খানের অভিযোগ সূত্রে জানা যায়, অঞ্জনার সঙ্গে তার কলেজ জীবনের পরিচয় ছিল। সম্প্রতি অঞ্জনা তার পরিচয় করিয়ে দেন মালার সঙ্গে। এরপর থেকে মালার সঙ্গে মোবাইলে টুকটাক কথাবার্তা হতো ইব্রাহীমের। গত ২০ অক্টোবর রাতে অঞ্জনার আমন্ত্রণে ওই মাদ্রাসার কক্ষে যান ইব্রাহীম। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন মালা। কিছু সময় পর ‘বাইরে যাওয়ার কথা’ বলে কক্ষের বাইরে থেকে দরজা আটকে দেন অঞ্জনা। এরপর শুরু হয় নাটকীয়া পরিস্থিতি—মালা রুমের ভেতর কান্নাকাটি শুরু করেন।

    কিছুক্ষণ পর অঞ্জনার স্বামী সুমনসহ ১০-১২ জন যুবক সেখানে প্রবেশ করেন। তারা ইব্রাহীমকে বেধড়ক মারধর করে সঙ্গে থাকা মোবাইল ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেন। পাশাপাশি আরও ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে তাকে টানা ১৮ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

    অবশেষে কৌশলে ইব্রাহীম তার আত্মীয় সোহেল মোল্লাকে ফোন করে টাকা নিয়ে ঘটনাস্থলে আসতে বলেন। সোহেলের সন্দেহ হলে বিষয়টি তিনি সদরপুর থানাকে জানান। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে মূল অভিযুক্ত সুমন ও তার সহযোগীরা পালিয়ে গেলেও দুই নারীকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

    এ ঘটনায় ভুক্তভোগী ইব্রাহীম খান বাদী হয়ে গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে অঞ্জনা আক্তার, তার স্বামী সুমন ও মালা আক্তারসহ চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনের বিরুদ্ধে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

    ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ্ জানান, এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং ঘটনাস্থল থেকে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি পলাতক আসামিদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

  • ঢাকার হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা ও লুটপাট: গ্রেপ্তার ৩

    ঢাকার হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা ও লুটপাট: গ্রেপ্তার ৩

    রাজধানী ঢাকার হাজারীবাগে এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা পুলিশ।

    বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।

    পুলিশ জানায়, এ ঘটনায় বুধবার রাতে ভুক্তভোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়। অভিযোগ পাওয়ার পরপরই মামলা রুজু করে পুলিশ। পরবর্তীতে হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। বাকি অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

    এর আগে গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাজারীবাগের শিকদার মেডিকেলের পেছনে মেন্ডী ডেন্টাল রোডে আকস্মিক হানা দেয় একদল দুর্বৃত্ত। প্রায় ২৩টি মোটরসাইকেলে করে আসা হেলমেট ও মাস্ক পরিহিত ৪৫ থেকে ৫০ জন যুবক ওই এলাকায় ত্রাস সৃষ্টি করে। টানা ১৮ মিনিট ধরে তারা এ জে আর কুরিয়ার সার্ভিসের ওয়্যারহাউজে তাণ্ডব চালায় এবং ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে পালিয়ে যায়।

  • গোপালগঞ্জে পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে কাজী মনির অব্যাহতি চেয়ে আবেদন

    গোপালগঞ্জে পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে কাজী মনির অব্যাহতি চেয়ে আবেদন

    গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন কাজী মনি (খাদিজা)। ব্যক্তিগত সমস্যার কথা বলে করা তাঁর এই আবেদনটি গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে প্রকাশ্যে আসে, যখন তিনি নিজের ফেসবুক আইডিতে অব্যাহতির চিঠিটি শেয়ার করেন।

    চিঠিতে কাজী মনি উল্লেখ করেছেন যে, কিছু অনিবার্য ব্যক্তিগত জটিলতার কারণে তাঁর পক্ষে সংগঠনের দায়িত্ব পালন করা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় তিনি পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর কাছে তাঁকে সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

    এ বিষয়ে কোটালীপাড়া পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাঁড়িয়ান জানান, বিষয়টি তিনি শুনেছেন, তবে ঠিক কী কারণে তিনি পদত্যাগ করতে চেয়েছেন তা তাঁর জানা নেই। অন্যদিকে, এবিষয়ে বক্তব্য জানার জন্য পৌর মহিলা দলের সভানেত্রী সালমা কাজীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।