“আসছে বছর আবার হবে” — ভক্তদের এমন আকুতি, ঢাকের বিদায়ী সুর, শঙ্খ-উলুধ্বনি আর সিঁদুর খেলার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ হলো বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা।
বুধবার (২১ অক্টোবর) শুভ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ৫ দিনব্যাপী এই মহোৎসবের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটে।
দশমীর সকাল থেকেই উপজেলার প্রতিটি মণ্ডপে মণ্ডপে বেজে ওঠে বিদায়ের করুণ সুর। সকালে দেবীর দশমী বিহিত পূজা, দর্পণ বিসর্জন শেষে শুরু হয় সিঁদুর খেলা। বিবাহিত নারীরা দেবীর পায়ে সিঁদুর ছুঁয়ে একে অপরকে সিঁদুর পরিয়ে দেন — যার মধ্য দিয়ে সূচিত হয় স্বামী-সন্তানের মঙ্গল ও পরিবারের কল্যাণ কামনা।
দুপুর গড়াতেই কাঁসর-ঘণ্টা, ঢাক-ঢোল বাজিয়ে, ট্রাকে করে প্রতিমা নিয়ে ভক্তরা ছুটে যান বিসর্জন ঘাটের দিকে।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সূত্রে জানা গেছে, এ বছর নাসিরনগর উপজেলায় মোট ১৪২টি সার্বজনীন ও পারিবারিক মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। যা নাসিরনগরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। প্রতিটি মণ্ডপেই ছিল আলোকসজ্জা, প্রতিমার নান্দনিক কারুকার্য ও ভক্তদের উপচে পড়া ভিড়।
বিসর্জনকে কেন্দ্র করে উপজেলার বলভদ্র নদী, লংগন নদী ও বিভিন্ন ইউনিয়নের নির্ধারিত পুকুর পাড়ে হাজার হাজার মানুষের ঢল নামে। হিন্দু-মুসলিম নির্বিশেষে সব ধর্মের মানুষের উপস্থিতিতে বিসর্জন ঘাটগুলো পরিণত হয় অসাম্প্রদায়িক মিলনমেলায়। ভক্তরা অশ্রুসিক্ত নয়নে দেবীকে বিদায় জানান এবং আগামী বছর আবারও মা দুর্গার আগমনের প্রার্থনা করেন।
হিন্দু শাস্ত্রমতে, বিজয়া দশমী হলো অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির বিজয়ের দিন। এই দিনে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে মর্ত্য থেকে কৈলাসে ফিরে যান। এই উৎসব মানুষকে হিংসা, লোভ ও ক্রোধ পরিহার করে শান্তি ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়।
প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে প্রতিটি ঘাটে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এরফান উদ্দিন জানান, “এ বছর নাসিরনগরে ১৪২টি মণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রশাসন, পুলিশ, পূজা কমিটি ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতায় শুরু থেকে বিসর্জন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কয়েকটি স্থায়ী মন্দির ছাড়া প্রায় সব প্রতিমাই সুশৃঙ্খলভাবে বিসর্জন দেওয়া হয়েছে।”
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, বিসর্জন উপলক্ষে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।
শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলেন, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা সত্যিই প্রশংসনীয়।
Blog
-

বিষাদের সুরে নাসিরনগরে শেষ হলো শারদীয় দুর্গোৎসব, ১৪২ মণ্ডপে প্রতিমা বিসর্জন
-

জাতীয় দল নির্বাচন নিয়ে ফুঁসে উঠলেন ইমরুল কায়েস: “স্বজনপ্রীতি ও আবেগ বাদ দিয়ে মেধার মূল্যায়ন করুন”
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দলের মাঠের পারফরম্যান্স নিয়ে চারদিকে চলছে নানা সমালোচনা। জাতীয় দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পেছনে দল গঠন প্রক্রিয়ার ত্রুটিকেই মূল কারণ হিসেবে দেখছেন জাতীয় দলের সাবেক সফল ব্যাটার ইমরুল কায়েস। তার মতে, একাদশ গঠনে কোনো ধরনের আবেগ বা স্বজনপ্রীতির স্থান থাকা কিছুতেই উচিত নয়।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ পোস্টে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং দল নির্বাচন প্রক্রিয়ার কঠোর সমালোচনা করেন তিনি।
ফেসবুক পোস্টে ইমরুল কায়েস স্পষ্টভাবে উল্লেখ করেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ক্রিকেট বোর্ডের উচিত সম্পূর্ণভাবে মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে নিরপেক্ষ ও স্বচ্ছতার সাথে সেরা সম্ভাব্য একাদশ নির্বাচন করা।”
জাতীয় দল কোনো ব্যক্তিবিশেষের দল নয়, বরং এটি পুরো দেশের প্রতিনিধিত্ব করে—এমনটি স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও যোগ করেন, “ক্রিকেট একটি পুরো জাতির প্রতিনিধিত্ব করে এবং জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আবেগপ্রবণ সিদ্ধান্ত বা স্বজনপ্রীতির কোনো স্থান থাকা উচিত নয়।”
পোস্টের শেষ পর্যায়ে নিজের চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করে এই অভিজ্ঞ ক্রিকেটার বলেন, “যথেষ্ট হয়েছে। এখন সময় এসেছে যোগ্যতা, ন্যায়বিচার এবং দেশের স্বার্থকে অন্য সবকিছুর ঊর্ধ্বে স্থান দেওয়ার।”
ক্রিকেট বিশ্লেষকদের মতে, ইমরুল কায়েসের এই কড়া বার্তা দেশের ক্রিকেটের কাঠামোগত দুর্বলতা এবং টিম সিলেকশনের স্বচ্ছতা নিয়ে নতুন করে ভাবার খোরাক জোগাবে।
-

লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে বাস থেকে নামিয়ে মারধর, ছাত্রদল নেতাসহ মামলা
লক্ষ্মীপুরে যুবলীগের এক নেতাকে বাস থেকে জোরপূর্বক নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা ছাত্রদলের এক যুগ্ম আহ্বায়কসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী যুবলীগ নেতার নাম মেজবাহ উদ্দিন ওরফে হেলাল; তিনি রামগতি উপজেলা যুবলীগের সভাপতি এবং আ স ম আবদুর রব সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক ভিপি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২১ অক্টোবর) বিকেলে ঢাকা থেকে ইকোনো পরিবহনের একটি বাসে করে বাড়ি ফিরছিলেন মেজবাহ উদ্দিন। বাসটি লক্ষ্মীপুর শহরের ঝুমুর মোড়ে পৌঁছালে ১০-১২ জন দুর্বৃত্ত তাঁকে জোর করে নামিয়ে নেন। পরে তাঁকে উত্তর তেমুহনী এলাকার লক্ষ্মীপুর বালিকা বিদ্যানিকেতনের মাঠে নিয়ে মারধর করা হয়।
খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টহল দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রাত ১২টা ৫ মিনিটের দিকে ওই মাঠ থেকে মেজবাহ উদ্দিনকে উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে মো. জামাল হোসেন (৩২) নামের এক ছাত্রদল নেতাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি সহযোগীরা পালিয়ে যান। গ্রেপ্তার জামাল হোসেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পৌরসভার দক্ষিণ মজুপুর এলাকার আবু সাঈদের ছেলে।
এ ঘটনায় বুধবার বিকেলে মেজবাহ উদ্দিন বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জামাল হোসেনকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদ পারভেজ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুরো বিষয়টি জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত করছে। এছাড়া অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অন্যদিকে, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, “ঘটনাটি আমরা শুনেছি এবং বিষয়টি খতিয়ে দেখছি। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
-

সৌদি থেকে দেশে ফিরলেন ওমরাহযাত্রীরা, নিখোঁজ মুফতি আলী কাসেমী
প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সৌদি ও বাংলাদেশ সরকারের যৌথ পদক্ষেপে সৌদিতে হামলার শিকার ওমরাহ কাফেলার একটি দল দেশে ফিরেছে। আটকেপড়া এসব হজযাত্রীকে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষ থেকে সংবর্ধনা ও মেহমানদারি করানো হয়।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমরাহ কাফেলায় মোট ৪৫ জন সদস্য ছিলেন। হামলার ওই ঘটনায় ৩৩ জন দেশে ফিরলেও আহত অবস্থায় আরও ৭ জন বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এই হামলায় বাংলাদেশি আলেম মুফতি নাসরুল্লাহ বদর (রহ.) ইন্তেকাল করেছেন। তার মরদেহ পবিত্র জান্নাতুল বাকিতে দাফনের বিষয়ে বর্তমানে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে।
এদিকে হামলার পরপরই ফেসবুক লাইভে এসে ঘটনার বিবরণ দিয়েছিলেন ওমরাহযাত্রী মুফতি মুহাম্মদ আলী কাসেমী। দেশে ফেরা যাত্রীদের অভিযোগ, এর কিছুক্ষণ পরই মক্কার একটি হোটেল থেকে গোয়েন্দা সংস্থার সদস্যরা তাকে তুলে নিয়ে যান। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। ওমরাহযাত্রী ও সংশ্লিষ্টরা অবিলম্বে আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ এবং নিখোঁজ মুফতি মুহাম্মদ আলী কাসেমীর সন্ধান ও মুক্তির জন্য সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা করেছেন।
দেশে ফেরা ওমরাহযাত্রীদের বিমানবন্দরে স্বাগত জানান ধর্মমন্ত্রীর একান্ত সচিব সাদেক হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের হজ পরিচালক লোকমান হোসেন, মুফতি আ ফ ম আকরাম হোসাইন, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা সানাউল্লাহ খান, হাফেজ মাওলানা তোফায়েল আহমদ ও মাওলানা গাজী আহমদ আব্দুল্লাহ মুসাসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমেদ জানান, “ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ আমাদের ওপর সৌদি ফেরত হজযাত্রীদের দেখাশোনার দায়িত্ব দিয়েছিলেন। আমরা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের সার্বিক তত্ত্বাবধান করেছি। এছাড়া মন্ত্রীর পক্ষ থেকে তাদের রাতের খাবারের আয়োজন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে।”
-

শতবর্ষের ঐতিহ্যে মুখরিত কোটালীপাড়া: বিজয়া দশমীতে ঘাঘর নদীতে হলো বর্ণিল নৌকা বাইচ
বিজয়া দশমীর আনন্দকে সর্বজনীন উৎসবে রূপান্তর করে গোপালগঞ্জের কোটালীপাড়ায় অনুষ্ঠিত হলো শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ। প্রতিবছরের মতো এবারও কোনো ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক আয়োজন ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে ঘাঘর নদীর বুকে বসেছিল এই গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী মেলা ও নৌকা বাইচ।
বুধবার দুপুর ২টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলা এই প্রতিযোগিতা দেখতে ঘাঘর নদীর দুই পাড়ে উপচে পড়া ভিড় জমান কয়েক হাজার মানুষ। কোটালীপাড়া ছাড়াও আশপাশের জেলা যেমন মাদারীপুর, বাগেরহাট এবং বরিশাল থেকে অসংখ্য দর্শক ঐতিহ্যবাহী এই বাইচ উপভোগ করতে আসেন। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার মোট ১৪টি বাচারী নৌকা অংশ নেয়।
কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার এই ঐতিহ্যের পেছনের ইতিহাস তুলে ধরে জানান, কথিত আছে প্রায় ১৫০ বছর আগে যশোরের বিঘাপতির জমিদার খাজনা আদায়ের সুবিধার্থে দুর্গা পূজার বিজয়া দশমীর দিন ঘাঘর নদীতে মেলা ও নৌকা বাইচের সূচনা করেছিলেন। সেই থেকেই কোনো আনুষ্ঠানিক কমিটি বা আয়োজন ছাড়াই প্রাকৃতিকভাবেই প্রতিবছর দুর্গোৎসবে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে কোটালীপাড়ার সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী বলেন, “নদী-খাল-বিল বেষ্টিত কোটালীপাড়ার বিভিন্ন স্থানে শত বছর ধরে বিশ্বকর্মা, দুর্গা ও লক্ষ্মী পূজায় নৌকা বাইচ হয়ে আসছে। এই বাইচের জন্য আলাদা কোনো আয়োজনের প্রয়োজন হয় না, এমনকি বিজয়ী বা অংশগ্রহণকারীদের কোনো পুরস্কারও দেওয়া হয় না—এটি কোটালীপাড়ার একটি সম্পূর্ণ ব্যতিক্রমী ও স্বতঃস্ফূর্ত আয়োজন। আগামী দিনে এই লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে টিকিয়ে রাখতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
-

নম্বর ক্লোন ও ‘জিনের বাদশা’ সেজে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের দুই সদস্য গ্রেপ্তার
কখনো পরিচিত ব্যক্তির মোবাইল নম্বর ক্লোন করে কম দামে চাল বিক্রির প্রলোভন, আবার কখনো গভীর রাতে নারীকণ্ঠে ‘জিনের বাদশা’ বা তান্ত্রিক-কবিরাজ সেজে ভয়ভীতি দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎকারী একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সন্ধান মিলেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘ তদন্তের পর এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফরিদপুর।
বুধবার (২১ অক্টোবর) ফরিদপুর পিবিআই কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পিবিআই।
ফরিদপুর পিবিআইয়ের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, রাজবাড়ী সদর উপজেলার বিনোদপুর এলাকার চাল ব্যবসায়ী রশিদুল ইসলাম এই চক্রের প্রতারণার শিকার হন। গত ২০২৪ সালের ২৫ মার্চ তার পরিচিত ‘বিজয় বাবু’ নামের এক ব্যক্তির মোবাইল নম্বর ক্লোন করে ফোন দেওয়া হয়। ফোনকলে বাজারদরের চেয়ে অনেক কম দামে ৩৩ টন চাল দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
এরপর জরুরি কথা বলে বিকাশ ও নগদের মাধ্যমে বিভিন্ন নম্বরে কয়েক দফায় মোট ৩ লাখ ৭৫ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারকরা। নির্দিষ্ট সময়ে চাল হাতে না পেয়ে এবং প্রকৃত বিজয় বাবুর সঙ্গে যোগাযোগ করে রশিদুল ইসলাম বুঝতে পারেন তিনি বড় ধরনের প্রতারণার শিকার হয়েছেন।
দীর্ঘ আট মাস পর মামলার মোড় ঘোরে পিবিআইয়ের হাতে:
এ ঘটনায় প্রথমে স্থানীয় থানায় মামলা হলেও দীর্ঘ আট মাসেও কোনো রহস্য উদ্ঘাটন হয়নি। পরবর্তীতে বাদীর নারাজির পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই ফরিদপুরকে দায়িত্ব দেন। পুলিশ সুপার মো. রবিউল ইসলামের দিকনির্দেশনা এবং উপপরিদর্শক মাজিদুল হক খানের নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও আর্থিক লেনদেন বিশ্লেষণ করে দীর্ঘ এক বছর পর মামলার জট খোলে। এরপর ভোলা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।পিবিআই সূত্র জানায়, এই চক্রের সদস্যরা সম্পূর্ণ ভুয়া পরিচয়ে সিম নিবন্ধন করত এবং প্রতারণার কাজ শেষে সেগুলো ফেলে দিত। তাদের প্রধান কৌশলগুলোর মধ্যে ছিল—
ব্যবসায়ীদের মোবাইল নম্বর ক্লোন করে কম দামে পণ্য বিক্রির ফাঁদ পাতা।
গভীর রাতে নারীকণ্ঠে ‘জিনের বাদশা’ সেজে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানো।
তান্ত্রিক বা কবিরাজ পরিচয়ে গোপন রোগ নিরাময়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া।
প্রায় পাঁচ সদস্যের এই চক্রের কাজগুলো ছিল সুনির্দিষ্ট। কেউ ফোনে মানুষকে ফাঁদে ফেলত, কেউ এমএফএস (মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস) অ্যাকাউন্ট নম্বর সরবরাহ করত, আবার কেউ মাঠপর্যায় থেকে টাকা তুলে জমা করত।
পুলিশ সুপার মো. রবিউল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আদালতে জবানবন্দিতে প্রতারণার নানা চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এ ধরনের লোভনীয় প্রস্তাব, সন্দেহজনক ফোনকল কিংবা কোনো ধরনের প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
-

গোপালগঞ্জে কাশিয়ানিতে অবাধে ড্রেজার মেশিন চালাচ্ছে অসীম
গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বরইভিটা,শুক্তগ্রাম,দহিসারা,রাজপাট প্রভৃতি গ্রামে অসীম নামে এক ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন চালিয়ে যাচ্ছে তার মর্জিমাফিক। প্রশাসনের নাকের ডগায় নিষিদ্ধ ড্রেজার মেশিন চালিয়ে বালু ব্যবসা করায় অত্র এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় যে কোনো সময় সংশ্লিষ্ট এলাকায় ভুমি ধ্বস শুরু হতে পারে বলে মানুষের মনে ভীতির সঞ্চার হয়েছে।
আজ বুধবার(২১ অক্টোবর) সরেজমিন বরইভিটা গ্রামে গিয়ে দেখা গেছে বরইভিটা দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাহামুদুর রহমান খানের বাড়ীর সামনে অসীম নামে ওই ব্যক্তি অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বাঝলু উত্তোলন করছে।
অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার কারন মোবাইল ফোনে জানতে চাইলে অসীম বলেন,আমি এলাকায় নতুন না যে আমাকে কারো অনুমতি নিয়ে ড্রেজার মেশিন চালাতে হবে। আপনাদের কাছে কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আপনারা সাংবাদিকরা সরকার না। আমি মেশিন চালাবো আপনারা পারলে ঠেকাবেন।
এ ব্যাপারে কাশিয়ানি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পাপিয়া সুলতানা লিজার সাথে আলাপ করা হলে তিনি বলেন, অবৈধ ড্রেজার মেশিন ব্যবসায়ী অসীম সম্পর্কে আগেও অভিযোগ পেয়েছি। এ খুব চতুর লোক। তবে তাকে ড্রেজার মেশিনসহ হাতনাতে আটকের প্রচেষ্টা চলছে। -

নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের পুকুর থেকে রত্না দাস (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রত্না দাস ওই গ্রামের কুড়েরহাটির সুশীল দাসের স্ত্রী। তিনি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মহল্লাল দাসের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হন রত্না দাস। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে পরদিন রবিবার (১৮ অক্টোবর) তার স্বামী সুশীল দাস নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বুধবার বিকালে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে হাত-পা বাঁধা অবস্থায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশ ও পরিবারকে খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে এসে মরদেহটি রত্না দাসের বলে শনাক্ত করেন।
নিহতের পরিবারের অভিযোগ, ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করার পর দুর্বৃত্তরা ঘরে থাকা রশি দিয়ে হাত-পা বেঁধে তাকে পুকুরে ফেলে হত্যা করেছে। ঘটনার সময় তিনি ঘরে একা ছিলেন।
নিহতের দেবর বলরাম দাস বলেন, “আমার বৌদি ঘরে একা ঘুমাতেন। দুর্বৃত্তরা সবকিছু লুট করে নিয়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে।”
নিহতের মামা বিনোদ দাস বলেন, “আমার ভাগ্নিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”
এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী সুশীল দাসের মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানিয়েছে পরিবার।
ভলাকুট ইউপি চেয়ারম্যান মো. রুবেল মিয়া জানান, খবর পেয়ে তিনি পুলিশকে বিষয়টি অবহিত করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলছে, জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। -

ভিসামুক্ত নীতি ও পর্যটন প্রসারে চীন ভ্রমণে বিদেশি নাগরিকদের রেকর্ড বৃদ্ধি
অর্থনীতিকে চাঙা করতে এবং বিদেশি পর্যটক আকর্ষণে নেওয়া বিভিন্ন শিথিল ভিসানীতির সুফল পেতে শুরু করেছে চীন। চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে দেশটিতে সীমান্ত পারাপারের ঘটনা ঘটেছে মোট ১৯ কোটি ২০ লাখ।
সম্প্রতি চীনের জাতীয় অভিবাসন প্রশাসনের প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে বুধবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট।
বিদেশি নাগরিকের আগমন: গত তিন মাসে চীনে ১ কোটি ১৬ লাখ বিদেশি নাগরিক প্রবেশ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৫.৬ শতাংশ বেশি।
ভিসামুক্ত প্রবেশ: এ সময়ে ভিসামুক্ত প্রবেশ বেড়েছে ২৪.১ শতাংশ। মোট বিদেশি আগমনের ৭৭.৫ শতাংশই হয়েছে ভিসামুক্ত সুবিধার আওতায়।
শীর্ষ উৎসদেশ: চীন ভ্রমণে এগিয়ে থাকা শীর্ষ তিনটি দেশ হলো— রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম। এছাড়া শীর্ষ তালিকায় রয়েছে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া।
চীনের অভিবাসন ব্যুরোর মুখপাত্র লু নিং জানিয়েছেন, দেশটির সম্প্রসারিত একতরফা ও স্বতন্ত্র উন্মুক্তকরণ নীতি আন্তসীমান্ত ভ্রমণ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি, বিভিন্ন দেশ চীনা নাগরিকদের ভিসামুক্ত প্রবেশের সুযোগ দেওয়ায় বিদেশ ভ্রমণের প্রবণতাও ঊর্ধ্বমুখী।
ভবিষ্যৎ লক্ষ্য ও পরিকল্পনা:
বিদেশি পর্যটক আকৃষ্ট করে অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করতে গত কয়েক বছরে বেশ কয়েকটি দেশের জন্য ভিসামুক্ত প্রবেশাধিকার চালু করেছে বেইজিং। এর অংশ হিসেবে ২০৩০ সালের মধ্যে বছরে ১৯ কোটি বিদেশি পর্যটক আকর্ষণের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীনের স্টেট কাউন্সিল। একই সঙ্গে বিদেশি পর্যটকদের বার্ষিক ব্যয় ১৫ হাজার কোটি মার্কিন ডলারের বেশি করার পরিকল্পনা রয়েছে দেশটির। -

কুয়েত এয়ারওয়েজের সাবেক কর্মকর্তা মজিবুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন
দুর্নীতি দমন কমিশনে (দুদক) দাখিল করা সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুয়েত এয়ারওয়েজের সাবেক এয়ারলাইন্স সিকিউরিটি মো. মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুদক।
দুদক সূত্রে জানা গেছে, অনুসন্ধানকারী কর্মকর্তা ও উপপরিচালক জেসমিন আক্তার খুব শীঘ্রই কমিশনের ঢাকা-১ কার্যালয়ে এই মামলা দায়ের করবেন।
দুদকের অনুসন্ধানে জানা যায়, মুজিবুর রহমান দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ২৮ লাখ ৭৭ হাজার টাকার স্থাবর এবং ১১ লাখ ৫৩ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট ৪০ লাখ ৩০ হাজার টাকার হিসাব দেখিয়েছিলেন।
তবে দুদক যাচাই-বাছাই করে তার নামে ৭১ লাখ ৯৯ হাজার টাকার স্থাবর এবং ১১ লাখ ৫৪ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট ৮৩ লাখ ৫৪ হাজার টাকার সম্পদের সন্ধান পায়। সে হিসাবে তিনি বিবরণীতে মোট ৪৩ লাখ ২৩ হাজার টাকার সম্পদ গোপন করেছেন, যা দুদককে মিথ্যা তথ্য দেওয়ার শামিল এবং দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
অনুসন্ধানে আরও দেখা যায়, মুজিবুর রহমানের পারিবারিক ব্যয় হয়েছে ৪১ লাখ ১৬ হাজার টাকা। ব্যয়সহ তার মোট অর্জিত সম্পদের মূল্য দাঁড়ায় ১ কোটি ২৪ লাখ টাকায়। বিপরীতে তার বৈধ ও গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৭৫ লাখ টাকা। সব মিলিয়ে তার নামে ৪৯ লাখ ৬৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ পাওয়া গেছে, যা দুর্নীতি দমন কমিশন আইন-২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
এর আগে গত ২২ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অভিযুক্ত মুজিবুর রহমানের স্ত্রী রাবেয়া বেগমের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই মামলায় প্রধান আসামি হিসেবে মো. মুজিবুর রহমানকেও অন্তর্ভুক্ত করা হয়েছে।