Blog

  • পার্বতীপুরে মা-মেয়ে হত্যা: বিচার চেয়ে সংবাদ সম্মেলনে স্বজনরা

    পার্বতীপুরে মা-মেয়ে হত্যা: বিচার চেয়ে সংবাদ সম্মেলনে স্বজনরা

    দিনাজপুরের পার্বতীপুরে মা ও মেয়ে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতদের পরিবার। শনিবার (১৮ জুলাই) দুপুরে পার্বতীপুরের রামচন্দ্রপুর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার তাদের ওপর নেমে আসা নৃশংসতার বর্ণনা দেন এবং সুষ্ঠু বিচারের দাবি জানান।
    গত ১৩ জুলাই পার্বতীপুরের মোস্তাফাপুর ইউনিয়নের ছোট চণ্ডীপুর এলাকায় ছবি রানী (৩৮) এবং তার ১৫ বছর বয়সী মেয়ে পল্লবী রানীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নিহতের স্বামী রিপেন চন্দ্র রায় এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। এছাড়া হত্যাকাণ্ডে গৌতম চন্দ্র রায়, বিপুল চন্দ্র রায় এবং রিপেনের কথিত পরকীয়া প্রেমিকা নমিতা রানী সরাসরি সম্পৃক্ত রয়েছেন বলে স্বজনরা দাবি করেন।
    হত্যাকাণ্ডের শিকার পরিবারের সদস্যরা জানান, পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের জেরে মা-মেয়েকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে পরিবারটি চরম মানসিক ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে।
    সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়:
    ১. হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
    ২. ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা।
    ৩. দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে এমন জঘন্য ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।
    পরিবারের সদস্যরা আরও বলেন, ‘আমরা আমাদের প্রিয়জন হারানোর বেদনা নিয়ে ন্যায়বিচারের অপেক্ষায় আছি। সঠিক তথ্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তির আওতায় আনতে আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি গণমাধ্যমের জোরালো ভূমিকা কামনা করছি।’
    উল্লেখ্য, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ও স্বজনরা দ্রুত এই মামলার বিচার কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

  • ​প্রেমের টানে সুদূর চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা তরুণ!

    ​প্রেমের টানে সুদূর চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা তরুণ!

    সাধন সাহা জয়
    ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

    ​ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় এক তরুণীকে বিয়ে করেছেন সং হানজাও (৪০) নামের এক চীনা নাগরিক। এই বিয়ে নিয়ে কসবা তথা পুরো জেলায় চলছে ব্যাপক আলোচনা।

    ​জানা গেছে, কসবা উপজেলার কুটি ইউনিয়নের বাইসার গ্রামের আবদুল আলিমের মেয়ে কলেজছাত্রী আয়েশা সুলতানার (২১) সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ও একটি চীনা ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় চীনের হেনান প্রদেশের বাসিন্দা সং হানজাওয়ের। দীর্ঘ দুই মাস অনলাইনের নিয়মিত কথোপকথনের মধ্য দিয়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তারা বিয়ের সিদ্ধান্ত নেন।

    ​পারিবারিক সূত্র জানায়, প্রেমের টানে সং হানজাও বাংলাদেশে আসার পর ইসলাম ধর্ম গ্রহণ করেন। গত ১৪ জুন এফিডেভিটের মাধ্যমে ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের বিয়ে সম্পন্ন হয়। বিষয়টি সম্প্রতি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    ​অনেকেই এই বিয়ে নিয়ে কৌতূহল প্রকাশ করছেন। বিশেষ করে সাম্প্রতিক সময়ে অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে নানা ধরনের প্রতারণা, মানবপাচার ও শোষণের খবর সংবাদমাধ্যমে উঠে আসায় সচেতন মহলে কিছুটা সতর্কতাও দেখা দিয়েছে। তবে তরুণীর পরিবারের দাবি, সম্পূর্ণ পারিবারিক সম্মতি ও আইনি প্রক্রিয়া মেনেই এই বিয়ে হয়েছে।

    ​এ বিষয়ে আয়েশা সুলতানা বলেন, “শুরু থেকেই আমাদের সম্পর্কের বিষয়টি দুই পরিবার জানত।

    পারিবারিক সম্মতিতেই আমরা বিয়ের সিদ্ধান্ত নিয়েছি। এখানে কোনো ধরনের প্রতারণা বা জোরজবরদস্তির সুযোগ নেই।”

    ​কনের বাবা আবদুল আলিম বলেন, “সং হানজাও ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং আমাদের সংস্কৃতির প্রতি সম্মান প্রদর্শন করেছেন। তিনি মুসলিম রীতিনীতি মেনে চলার অঙ্গীকার করেছেন।

    আমাদের মেয়ের সুখই আমাদের কাছে প্রধান। তাই আমরা তাকে সানন্দে জামাই হিসেবে গ্রহণ করেছি।”
    ​বর্তমানে নবদম্পতি পারিবারিকভাবে সুন্দর সময় কাটাচ্ছেন বলে জানা গেছে।

  • হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন

    হরিভদ্রা নদী খননেও মিলছে না সুফল: ডুমুরিয়ায় পলি অপসারণের দাবিতে ইউএনও-র কাছে গণআবেদন

    শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা):

    খুলনার ডুমুরিয়া উপজেলার হরিভদ্রা নদী খনন কার্যক্রম শেষ হলেও তার প্রত্যাশিত সুফল পাচ্ছেন না নদীপাড়ের হাজার হাজার বাসিন্দা। খনন-পরবর্তী অব্যবস্থাপনা এবং নদীর একপাশে ক্রস বাঁধ দেওয়ার ফলে উল্টো পলি জমে নদী ভরাট হয়ে গেছে। এই তীব্র সংকট থেকে মুক্তি পেতে এবং দ্রুত পলি অপসারণের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী।

    খননের উদ্দেশ্য ব্যাহত: ক্রস বাঁধের খেসারত
    সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, হরিভদ্রা নদী খননের মূল উদ্দেশ্য ছিল অঞ্চলের পানি নিষ্কাশন সক্ষমতা বৃদ্ধি, স্থায়ী জলাবদ্ধতা দূর করা এবং কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা। তবে খনন কাজ শেষ হওয়ার পর খর্ণিয়া পাশে একটি ক্রস বাঁধ দেওয়া হয়। এই বাঁধের কারণে নদীর প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে বিপুল পরিমাণ পলি এসে জমেছে।

    উজান থেকে আসা পলি অপসারণ না করায় নদীর স্বাভাবিক পানি প্রবাহ পুরোপুরি ব্যাহত হচ্ছে। ফলে সামান্য বৃষ্টিতেই আশপাশের এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে এবং আসন্ন বর্ষা মৌসুমে ফসলি জমি প্লাবিত হওয়ার চরম আশঙ্কা দেখা দিয়েছে।

    প্লাবনের ঝুঁকিতে একাধিক অঞ্চল
    স্থানীয় বাসিন্দারা জানান, দ্রুত এই পলি অপসারণ করা না হলে বর্ষা মৌসুমে ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া, রুদাঘরা, ধামালিয়া, আটলিয়া, শোভনা এবং পার্শ্ববর্তী কেশবপুর ও মনিরামপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হবে। এতে করে এই অঞ্চলের শত শত কৃষক ও সাধারণ মানুষ ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়বেন।

    স্থানীয় ইউপি সদস্য মোল্লা আবুল কাশেমসহ একাধিক ভুক্তভোগী বলেন:
    “নদী খননের পর খর্ণিয়া পাশে ক্রস বাঁধ দেওয়ায় অপর পিঠে বিপুল পরিমাণ পলি জমে নদী ভরাট হয়ে গেছে। সম্প্রতি ভারী বর্ষায় নদী উপচে পানি লোকালয়ে ঢুকতে শুরু করলে এই বাঁধ কেটে দেওয়া হয়। কিন্তু বাঁধ কাটা হলেও জমে থাকা পলির কারণে পানি ঠিকমতো সরছে না। বর্তমানে পলি কাটার জন্য মাত্র একটি ড্রেজার মেশিন বসানো হয়েছে, যা এই বিশাল সংকটের তুলনায় একেবারেই অপ্রতুল। আমরা এখানে আরও অধিক সংখ্যক ড্রেজার মেশিন বসানোর জোর দাবি জানাচ্ছি।”
    প্রশাসনের বক্তব্য ও আশ্বাসের বাণী
    জনদুর্ভোগ লাঘবে এবং দ্রুত নদী সচল করতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের এই আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা ইতিবাচক পদক্ষেপের আশ্বাস দিয়েছেন:
    ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মিজ সবিতা সরকার বলেন:
    “এলাকাবাসীর পক্ষ থেকে গণস্বাক্ষরিত আবেদনটি আমরা হাতে পেয়েছি। হরিভদ্রা নদীতে ক্রস বাঁধ এবং পরবর্তী সময়ে জমে থাকা পলির কারণে স্থানীয় বাসিন্দারা যে জলাবদ্ধতার আশঙ্কায় দিন কাটাচ্ছেন, তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। আমি ইতিমধ্যেই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি। জনদুর্ভোগ লাঘবে এবং বর্ষা মৌসুমে যাতে খর্ণিয়া, রুদাঘরাসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত না হয়, সেজন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।”

    পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন বলেন:
    “হরিভদ্রা নদীর খনন কাজ শেষ হলেও ক্রস বাঁধের কারণে কিছু অংশে পলি জমে পানি প্রবাহে সাময়িক বাধা সৃষ্টি হয়েছে, তা আমাদের নজরে এসেছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে পানি নিষ্কাশন সচল করতে ইতিমধ্যেই একটি ড্রেজার মেশিন দিয়ে পলি অপসারণের কাজ শুরু করা হয়েছে। তবে কাজের গতি বাড়াতে এবং উদ্ভূত পরিস্থিতি দ্রুত সামাল দিতে সেখানে আরও ড্রেজার মেশিন যুক্ত করার বিষয়টি আমরা সক্রিয়ভাবে বিবেচনা করছি। আশা করি দ্রুতই নদীটির স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা সম্ভব হবে।”

    হরিভদ্রা নদী এই অঞ্চলের কৃষিজীবী মানুষের লাইফলাইন। সরকারের কোটি টাকা ব্যয়ে নদী খননের পর যদি ভুল পরিকল্পনার কারণে পলি জট তৈরি হয়, তবে তার দায় সাধারণ জনগণের ওপর বর্তায় না। ড্রেজার মেশিনের সংখ্যা বাড়িয়ে জরুরি ভিত্তিতে এই পাঁচ কিলোমিটারের পলি অপসারণ করা না হলে, সরকারের এই উন্নয়ন প্রকল্প ভেস্তে যাওয়ার পাশাপাশি কয়েক হাজার পরিবার গৃহহীন ও ফসলহীন হওয়ার ঝুঁকিতে পড়বে। এখন দেখার বিষয়, প্রশাসনের এই আশ্বাস কত দ্রুত মাঠপর্যায়ে বাস্তবায়িত হয়।
    শেখ মাহতাব হোসেন।

  • কুড়িগ্রামে জেন্নাত হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

    কুড়িগ্রামে জেন্নাত হত্যার আসামিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

    কুড়িগ্রামের রাজারহাটের ডাংঘাট বটতলী এলাকায় ওষুধ ব্যবসায়ী জাহেদুল ইসলাম জেন্নাতকে প্রকাশ্যে কুপিয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    রোববার দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে নিহত জেন্নাতের পরিবারসহ স্থানীয়রা।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত জাহেদুল ইসলাম জেন্নাত এর বাবা আব্দুস সাত্তার, বড় ভাই জয়নাল আবেদীন, ছেলে শাকিবুলসহ অনান্য স্বজন ও প্রতিবেশিরা।

    জেন্নাত হত্যাকান্ডে জড়িত প্রধান আসামীসহ সকল আসামীদের গ্রেফতার করে দ্রুত দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান বক্তারা।

    উল্লেখ্য, রাস্তা ও জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ১৪ জুলাই দুপুরে বটতলী বাজারের ওষুধ ব্যবসায়ী জাহেদুল ইসলাম জেন্নাতের সাথে প্রতিবেশি লিয়াকত সরকার লিমনের কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে দুপক্ষে সংঘর্ষ শুরু হলে জেন্নাতকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। পরদিন নিহতের বড় ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে রাজারহাট থানায় ২৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। ঘটনার পর পুলিশ ১৩ জনকে গ্রেফতার করলেও মুল আসামীসহ বাকিদের গ্রেফতার করতে পারেনি।

  • কাউন্সিলর নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা ও দাবি পূরণে নিরলসভাবে কাজ করে যাবো’

    কাউন্সিলর নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা ও দাবি পূরণে নিরলসভাবে কাজ করে যাবো’

    গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
    কুমিল্লা প্রতিনিধি।

    কুমিল্লার নবগঠিত বুড়িচং পৌরসভার আসন্ন কাউন্সিলর নির্বাচনকে ঘিরে পূর্ণমতি ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক আগামী কাউন্সিলর নির্বাচনের প্রতিদ্বন্দ্বী করবেন বলে শোনা যাচ্ছে। বিএনপি’র এই ত্যাগী নেতা বুড়িচং সদর ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।দায়িত্ব পালন করেন সাহেবাবাদ ডিগ্রি কলেজ শাখা ছাত্র সংসদের সাবেক সদস্য হিসেবে। বিএনপি’র দুঃসময়ে ছাত্রজীবনে রাজনৈতিক অঙ্গনে ও মামলা হামলা শিকার হন।শিক্ষা জীবনের মাঝামাঝি সময়ে যোগদান করেন বাংলাদেশ নৌবাহিনী তে। পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করায় পেয়েছেন সম্মানজনক
    নৌবাহিনী পদক।কর্তব্যনিষ্ঠা,সাহসিকতা, এবং বিচক্ষণ চৌকস কর্মকর্তা হওয়ার সুবাদে কাজ করেছেন ডিজিএফআই তে।মো এনামুল হক অতীতে ছাত্র রাজনীতি তে সক্রিয় থাকার কারণে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ। বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত এই নেতা ছাত্র জীবনে ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত থাকার কারনে ক্ষমতাচ্যুত
    আওয়ামী লীগ সরকারের রোষানলে পরে স্বেচ্ছায় নৌবাহিনীর চাকরি থেকে অবসর গ্রহণ করেন। বিএনপির দুঃসময়ে তিনি দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন এবং বিভিন্ন সংকটে সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন।

    ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মো এনামুল হক নিজ এলাকায় পূর্ণমতি ৪নং ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে আরও সক্রিয় ভূমিকা পালন করছেন।সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে বুড়িচং পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। ২০২৬ সালের ১২ ই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কুমিল্লার- ৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি কে বিজয়ী করার লক্ষ্যে দিনরাত নেতাকর্মীদের নিয়ে মাঠ চষে বেড়িয়েছেন। পাড়া মহল্লায় উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চেয়েছেন।এবং কেন্দ্রে গিয়ে প্রার্থীকে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন।এবং প্রাপ্তিকে বিজয়ী করতে অক্লান্ত পরিশ্রম করেছেন।পাশাপাশি তিনি ৪নং ওয়ার্ডের যুবসমাজ কে নিয়ে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মাদকবিরোধী অভিযান পরিচালনার কারণে তিনি যুব সমাজের কাছে আইকন হিসেবে পরিচিতি পেয়েছে। এবং অসহায় ও দরিদ্র মানুষ কেন সহায়তায়, শীতবস্ত্র বিতরণ, মেধাবী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য উপহার প্রদান, এবং নিজস্ব অর্থায়নে ৪ নং ওয়ার্ডের পাড়া- মহল্লায় ২০টি সোলার লাইট প্রতিস্থাপন করেন।এছাড়া মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধেও তাকে সামনের সারিতে দেখা গিয়েছে।

    স্থানীয় এলাকার প্রান্তিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, মো এনামুল হক কে অনেকেই পরিবারের একজন সদস্যের মতো মনে করেন। তাদের ভাষ্য, যেকোনো সমস্যা বা প্রয়োজনে তার কাছে গেলে তিনি আন্তরিকতার সঙ্গে বিষয়টি শুনে সমাধানের চেষ্টা করেন। স্থানীয় তৃণমূলের নেতাকর্মী ও উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে থানা,ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে কোনো আইনি বা নাগরিক সমস্যার দ্রুত সঠিক দিকনির্দেশনা পাওয়া যায়।এসব কারণে আসন্ন বুড়িচং পৌরসভার নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে তাকে একজন শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে তৃণমূলের নেতাকর্মীদের ধারণা বর্তমান বিএনপি সরকারের আমলে এলাকার উন্নয়নের লক্ষ্যে বিএনপির একক প্রার্থীর বিকল্প নাই। বিএনপিকে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং একক প্রার্থী সমর্থন দিতে হবে। ফলে বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী আলোচনায় মো এনামুল হক তুলনামূলক ভাবে এগিয়ে রয়েছেন বলে মনে করছেন অনেক স্থানীয় বাসিন্দা।

    মো এনামুল হক বলেন, ৪নং ওয়ার্ডের সাধারণ ও প্রান্তিক জনগণের আশা-আকাঙ্খা ও দাবি পূরণে গণমানুষের বন্ধু হয়ে কাজ করে যাবো।আমি কাউন্সিলর হিসেবে নয়,জনগণের সুখ-দুঃখের বন্ধু হিসেবে, তাদের সেবক হিসেবে পাশে থাকতে চাই। ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ পেলে হতদরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়ন, প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন, নারী নির্যাতন, বাল্য বিবাহ, যৌতুক প্রথা রোধসহ মাদক ও সন্ত্রাসমুক্ত ওয়ার্ড উপহার দিতে অঙ্গীকারবদ্ধ।এলাকার মানুষের সমন্বয়ে সকলের পরামর্শে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা ও দাবি পূরণে নিরলসভাবে ওয়ার্ডের শিক্ষা, চিকিৎসা, কৃষি, যোগাযোগ ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, পয়নিস্কাসন ব্যবস্থাসহ উন্নয়ন ও সমৃদ্ধিতে কাজ করে যাবো। যদি ৪নং ওয়ার্ডবাসী আমাকে সুযোগ প্রদান করে এবং আমি জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে ভোটের মাধ্যমে কাউন্সিলর নির্বাচিত হতে পারি তাহলে পূর্ণমতি ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, বাসযোগ্য, মাদক মুক্ত দুর্নীতিমুক্ত, মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

    উপজেলা বিএনপির একাধিক নীতিনির্ধারকের সঙ্গে আলাপে জানা যায়, এলাকায় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও আন্দোলন- সংগ্রামে ভূমিকা—তিনটি মানদণ্ড প্রার্থী বাছাই করে জনপ্রিয়তা বিবেচনায় প্রার্থীকে সমর্থন দেওয়া হবে।তবে প্রার্থীদের কে ভোটারদের আস্থা অর্জন করে জয়ী হতে হবে। তবে দলের সিদ্ধান্তের বাইরে যাওয়ার কারো সুযোগ নেই। নির্বাচনের তফসিল ঘোষণা এবং আনুষ্ঠানিক প্রচারণা শুরুর পর রাজনৈতিক সমীকরণে নতুন পরিবর্তন আসতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।উল্লেখ্য এই ওয়ার্ডে বিএনপির আরো
    মনোনয়ন প্রত্যাশী একাধিক প্রার্থী আছে বলে গুঞ্জন রয়েছে।আনুষ্ঠানিক ভাবে তাদের এখনো প্রচার-প্রচারণা শুরু করতে দেখা যায় নি। তবে যুবদলের কয়েকজন নেতাকর্মী কাউন্সিলর প্রার্থী হিসেবে ব্যানার ফেস্টুন করে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই ওয়ার্ডের এখনো জামায়াত ও এনসিপির কোন কাউন্সিলর প্রার্থী কে মাঠে প্রচার-প্রচারণা করতে দেখা যায়নি।

  • প্রশাসনের নাম ভাঙিয়ে ইয়াবা গডফাদার, আবারও আলোচনায়

    প্রশাসনের নাম ভাঙিয়ে ইয়াবা গডফাদার, আবারও আলোচনায়

    কক্সবাজার-টেকনাফ সীমান্তে ইয়াবা কারবার নিয়ে নতুন করে আলোচনায় এসেছে কথিত সরোয়ার সিন্ডিকেট। স্থানীয় বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে, প্রশাসনের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
    স্থানীয় সূত্রের দাবি, প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠতার পরিচয় দিয়ে কিছু ব্যক্তি নিজেদের প্রভাবশালী হিসেবে উপস্থাপন করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। এর সুযোগ নিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
    এদিকে, সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে একের পর এক ইয়াবা উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তার হলেও, কথিত গডফাদারদের বিরুদ্ধে আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
    স্থানীয় বাসিন্দারা বলেন, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে শুধু বাহক নয়, বরং মাদক ব্যবসার মূল পরিকল্পনাকারী ও অর্থদাতাদের আইনের আওতায় আনা জরুরি। একই সঙ্গে প্রশাসনের নাম ব্যবহার করে কেউ যেন ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়েও কঠোর নজরদারির দাবি জানান তারা।
    তবে এ বিষয়ে অভিযুক্ত সরোয়ারের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

  • ঘাটারচরে শহীদ রিয়াজের স্মরণে আমান উল্লাহ আমান এমপি

    ঘাটারচরে শহীদ রিয়াজের স্মরণে আমান উল্লাহ আমান এমপি

    ঐতিহাসিক জুলাই বিপ্লবের বীর শহীদ রিয়াজ হোসেনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার (১৯ জুলাই, ২০২৬) বিকেলে কেরাণীগঞ্জের ঘাটারচর এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান, শহীদ রিয়াজের বাসভবনে গিয়ে তার পরিবার ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
    সেখানে তিনি শহীদ রিয়াজের শোকসন্তপ্ত বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের জড়িয়ে ধরে সান্ত্বনা দেন এবং তাদের সঙ্গে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে সার্বিক খোঁজখবর নেন।
    শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করে এমপি আমান উল্লাহ আমান বলেন, “জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় বীর। শহীদ রিয়াজের মতো তরুণদের তাজা রক্ত ও অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়েই আজ এ দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, মানুষ ফিরে পেয়েছে তার অধিকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দেশের প্রতিটি শহীদ পরিবারের পাশে থাকার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।”
    তিনি আবেগাপ্লুত কণ্ঠে আরও বলেন, “শহীদদের রক্তের এই ঋণ শোধ করার ক্ষমতা আমাদের কারো নেই। তবে শহীদ রিয়াজের পরিবারসহ সকল বিপ্লবীর পরিবারকে যে কোনো ধরনের রাষ্ট্রীয় ও সামাজিক সহযোগিতা নিশ্চিত করতে এই সরকার সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তাদের যে কোনো প্রয়োজনে আমরা পাশে আছি এবং থাকব।”
    শহীদ রিয়াজের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর এই স্মরণসভাকে কেন্দ্র করে পুরো ঘাটারচর এলাকায় এক শোকাবহ ও স্মরণীয় পরিবেশের সৃষ্টি হয়। বীর শহীদকে স্মরণ করতে স্থানীয় সাধারণ মানুষ ও সহযোদ্ধাদের ঢল নামে।
    উক্ত কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই বিপ্লবের সহযোদ্ধা, সমাজসেবক এবং কেরাণীগঞ্জের সর্বস্তরের বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

  • টাঙ্গাইলের ধনবাড়ীতে  ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    টাঙ্গাইলের ধনবাড়ীতে ৯০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

    মোঃ জাকির খান টাঙ্গাইল।

    টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল মোঃ আরিফুল ইসলাম-এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ, ধনবাড়ী থানা মোঃ নূরুস সালাম সিদ্দিক এর সার্বিক দিক নির্দেশনায় এস আই (নিরস্ত্র)/ মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় আফিসার ও ফোর্সসহ ধনবাড়ী থানাধীন মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গতকাল ১৮/০৭/২৬ ইং তারিখ বিকাল ৪:৩০ ঘটিকার সময় ধনবাড়ী থানাধীন বলিভদ্র ইউনিয়নের অলিপুর সাকিনস্থ জনৈক শিহাব তালুকদার এর বাড়ির সামনে ঢালাই রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ শিহাব তালুকদার (৪৭), পিতা-মৃত ফজলু তালুকদার, ২। মোসাঃ তানজিনা বেগম (৪২), স্বামী-মোঃ শিহাব তালুকদার, উভয় সাং-অলিপুর, থানা-ধনবাড়ী, জেলা-টাঙ্গাইলদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজত হতে ৯০ (নব্বই) পিস ই*য়া*-বা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকের মূল্য অনুমান ২৭,০০০/-(সাতাশ হাজার) টাকা। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ধনবাড়ী থানার মামলা নং- ০৯, তারিখ- ১৮ জুলাই ২০২৬, ধারা-৩৬(১) সারণির ১০ (ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ ।

  • জুলাই বর্ষপূর্তি উপলক্ষে মণিরামপুরে ছাত্রশিবিরের মিছিল, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি

    জুলাই বর্ষপূর্তি উপলক্ষে মণিরামপুরে ছাত্রশিবিরের মিছিল, জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবি

    আব্দুল্লাহ আল মামুন, যশোর

    জুলাইয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে যশোরের মণিরামপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপজেলা শাখা। এ সময় সংগঠনটির নেতাকর্মীরা জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান।রোববার (১৯ জুলাই) বিকেলে মণিরামপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে মিছিলটি বের হয়। মিছিলটি মণিরামপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্লোগান দেয়। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
    কর্মসূচিতে বক্তারা বলেন, গণভোটের রায়ের আলোকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। এ দাবিতে তারা সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।মিছিলে মণিরামপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

  • ধনবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ মোটরসাইকেলের বর্ণাঢ্য শোডাউন, ফাইনাল ঘিরে উৎসবের আমেজ।

    ধনবাড়ীতে আর্জেন্টিনা সমর্থকদের ৩০০ মোটরসাইকেলের বর্ণাঢ্য শোডাউন, ফাইনাল ঘিরে উৎসবের আমেজ।

    মো: পলাশ ইসলাম
    ধনবাড়ী (টাঙ্গাইল)

    ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগ যখন আর্জেন্টিনাকে ঘিরে, তখন উন্মাদনার মাত্রা যেন কয়েকগুণ বেড়ে যায়। আসন্ন আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে দেখা গেল সেই উন্মাদনারই এক ব্যতিক্রমী চিত্র। তিন শতাধিক মোটরসাইকেলের বিশাল শোডাউনের মাধ্যমে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন স্থানীয় সমর্থকরা।

    রোববার বিকেলে ধনবাড়ী মেলার মাঠ থেকে শুরু হওয়া এই শোডাউনে অংশ নেন বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমীরা। আকাশি-সাদা জার্সি, পতাকা আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দীর্ঘ মোটরসাইকেল বহরের সঙ্গে ছিল ব্যান্ড পার্টি, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

    শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনপদ ঘুরে পুনরায় মেলার মাঠে এসে শেষ হয়। পথে পথে সাধারণ মানুষ দাঁড়িয়ে শোভাযাত্রা উপভোগ করেন এবং মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করেন।

    সমর্থকদের ভাষ্য, লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনার সাফল্য তাদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। ফাইনালে দলের জয়ের আশায় তারা একত্রিত হয়ে এই আয়োজন করেছেন।

    আয়োজকদের একজন বলেন, “ধনবাড়ীর হাজারো আর্জেন্টিনা সমর্থকের মিলনমেলায় পরিণত হয়েছে আজকের আয়োজন। আমরা চাই খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে পড়ুক।”

    শোডাউন শেষে অংশগ্রহণকারীদের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি ফাইনাল ম্যাচ উপলক্ষে বড় পর্দায় খেলা দেখার প্রস্তুতির কথাও জানান আয়োজকরা।

    সব মিলিয়ে, আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে ধনবাড়ীতে ফুটবলপ্রেমীদের এই ব্যতিক্রমী আয়োজন এখন স্থানীয়দের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দুটি দলের লড়াইয়ের আগে সমর্থকদের আবেগ-উচ্ছ্বাসই যেন মাঠের বাইরের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠেছে।