Blog

  • ৮০ কোটি টাকার বিআইডব্লিউটিএ টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    ৮০ কোটি টাকার বিআইডব্লিউটিএ টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

    বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন চাঁদপুর যাত্রী টার্মিনাল নির্মাণ প্রকল্পের একটি বড় টেন্ডারকে কেন্দ্র করে গুরুতর অনিয়ম, পূর্বনির্ধারিত মূল্যায়ন এবং সরকারি অর্থের অপচয়ের অভিযোগ উঠেছে।
    টেন্ডারে অংশ নেওয়া কুমিল্লা ডকইয়ার্ড বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে দেওয়া এক লিখিত অভিযোগে দাবি করেছে, প্রকৃত মূল্যায়ন ছাড়াই মাত্র এক কার্যদিবসের মধ্যে কার্যাদেশ প্রদান করা হয়েছে এবং সর্বনিম্ন দরদাতাকে উপেক্ষা করে অধিক দরদাতাকে কাজ দেওয়া হয়েছে।

    অভিযোগ অনুযায়ী, টেন্ডার নং ১২৯৪৯৯৩ (BRWTP-W3-LOT-02A)-এর দরপত্র খোলা হয় ২৫ জুন ২০২৬ বিকেল ৪টায়। অভিযোগকারীর ভাষ্য, পরদিনই কার্যাদেশ চূড়ান্ত করা হয়। অথচ ৮০ কোটিরও বেশি টাকার একটি অবকাঠামো প্রকল্পের প্রশাসনিক, কারিগরি ও আর্থিক মূল্যায়ন, যোগ্যতা যাচাই এবং অনুমোদন সম্পন্ন করতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে।

    অভিযোগকারী যৌথ উদ্যোগের দাবি, এত অল্প সময়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন বাস্তবে সম্ভব নয়। তাদের অভিযোগ, কার্যাদেশের সিদ্ধান্ত আগে থেকেই নির্ধারিত ছিল এবং মূল্যায়ন প্রক্রিয়া ছিল কেবল আনুষ্ঠানিকতা।
    টেন্ডার ওপেনিং রিপোর্টের তথ্য উল্লেখ করে অভিযোগে বলা হয়েছে, টিবিইএএল-টিসিএসবিএল-টিইসি যৌথ-এর মূল্যায়িত দর ছিল ৭৬ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ১১ টাকা, যেখানে মায়ার-কবিরস সিন্ডিকেটের মূল্যায়িত দর ছিল ৮০ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ প্রায় ৩ কোটি ৯০ লাখ টাকা বেশি দর থাকা সত্ত্বেও তাদের কার্যাদেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ।

    অভিযোগকারী প্রতিষ্ঠানের মতে, সরকারি ক্রয়বিধি অনুযায়ী কারিগরি দিক থেকে যোগ্য সর্বনিম্ন দরদাতাকেই কার্যাদেশ দেওয়ার কথা। সেই নীতি অনুসরণ করা হলে সরকার ও বিশ্বব্যাংকের অর্থে উল্লেখযোগ্য সাশ্রয় সম্ভব ছিল। চিঠিতে আরও অভিযোগ করা হয়েছে, কার্যাদেশপ্রাপ্ত প্রতিষ্ঠানের অতীত প্রকল্প বাস্তবায়ন নিয়েও প্রশ্ন রয়েছে। অভিযোগকারী দাবি করেছে, পূর্বে বিআইডব্লিউটিএর একাধিক প্রকল্পে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় সময় বাড়াতে হয়েছে। তা সত্ত্বেও একই প্রতিষ্ঠানের নেতৃত্বাধীন যৌথ উদ্যোগকে আবারও বড় প্রকল্প দেওয়া হয়েছে।

  • কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

    কুমিল্লার বুড়িচংয়ে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

    কুমিল্লার বুড়িচং উপজেলায় মাদক ব্যবসার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মো. গোলাম কিবরিয়ার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বুড়িচং থানায় ৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযোগে নাম উল্লেখ করা ব্যক্তিরা হলেন বুড়িচং উপজেলার কথিত মাদক ব্যবসায়ী হালিম মিয়ার ছেলে খোকন মিয়া, দুধ ব্যবসায়ী খসরু এবং লিটন।
    লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. গোলাম কিবরিয়া বুড়িচং প্রেসক্লাবের সদস্য, অনলাইন গণমাধ্যম ‘চ্যানেল এইচডি২৪’-এর সম্পাদক এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সদস্য। গত ৩০ জুন উপজেলার বারেশ্বর এলাকার কথিত মাদক ব্যবসা নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন তিনি।
    অভিযোগ অনুযায়ী, ওই সংবাদের জের ধরে শনিবার (৪ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে বারেশ্বর চৌরাস্তা এলাকায় সংবাদ সংগ্রহে গেলে আগে থেকে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা তাঁর পথরোধ করে। একপর্যায়ে সংবাদ প্রকাশের বিষয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁকে গালিগালাজ করা হয় এবং শার্টের কলার ধরে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়।
    এতে খোকন, খসরু, লিটনসহ অন্যরা তাঁকে মাটিতে ফেলে মারধর করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। হামলায় তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে এবং মাথায় গুরুতর জখম হয়। এ সময় তাঁর পরিহিত শার্ট ছিঁড়ে যায় বলেও অভিযোগ করা হয়েছে।
    এছাড়া হামলাকারীরা তাঁর মানিব্যাগে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং প্রায় ৩৭ হাজার ৫০০ টাকা মূল্যের একটি ভিভো (Vivo) ব্র্যান্ডের স্মার্টফোন ভাঙচুর করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
    পরে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিককে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
    সাংবাদিক গোলাম কিবরিয়া দাবি করেন, এ ঘটনার পর তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
    এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, সাংবাদিক কিবরিয়ার হামলার একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ

    বীরগঞ্জে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ

    রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৩০টি বেসরকারি এতিমখানার মাঝে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
    রবিবার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।

    এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক দীপংকর বমন, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামরুল হাসান এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল জব্বারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এতিমখানার প্রতিনিধিরা।

  • বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব

    বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পে লুটপাটের মহোৎসব

    নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ সিন্ডিকেটে জিম্মি নৌপথ

    দেশের নদ-নদীর নাব্যতা রক্ষা এবং নৌপথ সচল রাখার গুরুদায়িত্ব যাদের ওপর, সেই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগ এখন দুর্নীতির অতল গহ্বরে নিমজ্জিত। নদী খননের নামে প্রতি বছর শত শত কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হলেও বাস্তবে তার সুফল মিলছে না। অভিযোগ উঠেছে, ড্রেজিং প্রকল্পের সিংহভাগ অর্থই চলে যাচ্ছে এক শক্তিশালী সিন্ডিকেটের পকেটে, যার নেপথ্যে কলকাঠি নাড়ছেন ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ। বিশেষ করে ভোলা লাহারা বরগুন আমতলী পটুয়াখালী বরিশাল সদর নৌ-পথে ড্রেজিংয়ের নামে নজিরবিহীন অনিয়মের চিত্র ফুটে উঠেছে। ড্রেজার সচল না থাকলেও জ্বালানি তেলের বিল তোলা, খননকৃত বালু পুনরায় নদীতেই ফেলা এবং বেসরকারি ড্রেজার ভাড়ার নামে এক মহালুটপাট চলছে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগে। এতে সরকারি কোষাগারের অর্থ যেমন অপচয় হচ্ছে, তেমনি নির্বাহী প্রকৌশলীর অদক্ষতা ও তদারকির অভাবে নৌপথগুলো অচিরেই ভরাট হয়ে নৌ-যোগাযোগ ব্যবস্থা ধ্বংসের মুখে পড়ছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে এসব তথ্য। অনুসন্ধানে জানা গেছে, বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের দুর্নীতির সবচেয়ে বড় খাত হলো ‘জ্বালানি তেল চুরি’ এবং ‘বেসরকারি ড্রেজার ভাড়া’, যা নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ প্রত্যক্ষ আসকারায় মহোৎসবে পরিণত হয়েছে। নিয়ম অনুযায়ী একটি ড্রেজার দিনে কত ঘণ্টা চলল এবং কতটুকু মাটি খনন করল তার সুনির্দিষ্ট লগবই থাকার কথা থাকলেও সেকশনে দেখা গেছে ড্রেজার বন্ধ রেখেও ভুয়া লগবইয়ের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার লিটার ডিজেল চুরির হিসাব দেখানো হচ্ছে।
    সংশ্লিষ্টরা বলছেন, নির্বাহী প্রকৌশলী হিসেবে মামুন উর রশিদ চরম অদক্ষতার সুযোগ নিয়ে একটি অসাধু চক্র দীর্ঘকাল ধরে এই চুরির সিন্ডিকেট সক্রিয় রেখেছে। এছাড়া খননকৃত বালু বা পলি মাটি নদীর পাড় থেকে অন্তত ৫০০ মিটার দূরে ফেলার নিয়ম থাকলেও অধিকাংশ ক্ষেত্রে তা মাঝ নদীতেই ফেলা হচ্ছে। নির্বাহী প্রকৌশলী কারিগরি তদারকি না থাকায় জোয়ারের টানে সেই মাটি পুনরায় খননকৃত স্থানেই ফিরে আসছে, যা একই স্থানে বারবার ড্রেজিং দেখিয়ে বিল উত্তোলনের একটি অন্তহীন সুযোগ করে দিচ্ছে।
    অভিযোগের তিলক পড়েছে বিআইডব্লিউটিএ’র নিজস্ব ড্রেজার বহর থাকার পরও রহস্যজনক কারণে বেসরকারি ড্রেজার ভাড়ার ওপর অধিক গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে। অভিযোগ আছে, ক্ষমতাসীন রাজনৈতিক ছত্রছায়ায় থাকা কিছু ঠিকাদারি প্রতিষ্ঠান এবং নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ মধ্যে এক ধরণের অলিখিত কমিশন চুক্তি রয়েছে। সরকারি ড্রেজার সামান্য ত্রুটির অজুহাতে বছরের পর বছর অচল করে রাখা হয়, যাতে বেসরকারি ড্রেজার ভাড়ার পথ সুগম হয়। গত কয়েক বছরে বিভিন্ন নৌপথ খননে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যে পরিমাণ অর্থ পরিশোধ করা হয়েছে, তা দিয়ে একাধিক নতুন ড্রেজার কেনা সম্ভব ছিল। কিন্তু কমিশনের লোভে সেই পথে হাঁটছেন না সংশ্লিষ্টরা। এমনকি অনেক ক্ষেত্রে বেসরকারি ড্রেজার বাস্তবে কাজ না করলেও ভুয়া ‘কিউবিক মিটার’ দেখিয়ে কোটি কোটি টাকার বিল পাস করিয়ে নেওয়া হচ্ছে। এই সিন্ডিকেটের পেছনে প্রধান প্রকৌশলীসহ ড্রেজিং বিভাগের বেশ কয়েকজন প্রভাবশালী প্রকৌশলীর নাম মুখে মুখে ফিরছে, যারা দীর্ঘদিন একই পদে থেকে এই দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন।
    দুর্নীতির আরেকটি বড় ক্ষেত্র হলো ড্রেজার মেরামত। ড্রেজিং বহরে থাকা কোটি কোটি টাকা মূল্যের ড্রেজারগুলো নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ উদাসীনতা ও রক্ষণাবেক্ষণের অভাবে জং ধরছে। অথচ এই ড্রেজারগুলো মেরামতের নামে প্রতিবছর বরাদ্দ করা হচ্ছে বিপুল অর্থ। অভিযোগ উঠেছে, মেরামতের নামে যেসব যন্ত্রাংশ কেনা হয়, তার অধিকাংশের মান অত্যন্ত নিম্নমানের অথবা পুরনো যন্ত্রাংশ রং করে নতুন হিসেবে চালানো হয়। অনেক ক্ষেত্রে কোনো যন্ত্রাংশ না কিনেই কেবল ভুয়া ভাউচারের মাধ্যমে টাকা তুলে নেওয়া হচ্ছে। ড্রেজিং বিভাগের ভাণ্ডারে থাকা মূল্যবান তামা, পিতল ও ভারী যন্ত্রাংশ পাচার হওয়ার ঘটনাও নতুন নয়। নির্বাহী প্রকৌশলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি ড্রেজার মেরামতে যেখানে কয়েক লাখ টাকা লাগার কথা, সেখানে প্রাক্কলন বাড়িয়ে কোটি টাকা ব্যয় দেখানো হচ্ছে।
    নৌপথ সংশ্লিষ্টদের মতে, বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগ যেন এখন এক ‘আলাদিনের চেরাগ’। ভুক্তভোগী লঞ্চ মালিক সমিতির এক নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা প্রতি বছর নাব্যতা সংকটে কোটি কোটি টাকার ক্ষতির মুখে পড়ি। বিশেষ করে পদ্মা ও যমুনার সংযোগস্থলে জাহাজ আটকা পড়া নিত্যনৈমিত্তিক ঘটনা। ড্রেজার চলে কিন্তু গভীরতা বাড়ে না—এ এক অলৌকিক রহস্য। সরকার হাজার কোটি টাকা দিচ্ছে কিন্তু নির্বাহী প্রকৌশলীর অদক্ষতায় নদীগুলো দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের একজন উপ-সহকারী প্রকৌশলী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখানে দুর্নীতির একটি সুশৃঙ্খল চেইন রয়েছে। যদি কেউ প্রতিবাদ করতে চায়, তাকে দুর্গম এলাকায় বদলি করা হয় অথবা বিভাগীয় মামলার ভয় দেখানো হয়। জ্বালানি চুরির টাকা নিচ থেকে ওপর পর্যন্ত নির্বাহী প্রকৌশলীর দপ্তর পর্যন্ত বন্টন হয় বলে গুঞ্জন রয়েছে।
    এ বিষয়ে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, ড্রেজিং প্রকল্পে অনিয়মের কিছু অভিযোগ আমাদের নজরে এসেছে। আমরা একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করার প্রক্রিয়া চলছে। প্রধান প্রকৌশলীসহ দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, বিআইডব্লিউটিএ’র ড্রেজিং প্রকল্পের নথিপত্র তলব করার প্রক্রিয়া চলছে। মামুন উর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
    বিশিষ্ট নদী বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত বলেন, ড্রেজিং প্রকল্পটি এখন লুটপাটের প্রকল্পে পরিণত হয়েছে। প্রযুক্তিগত তদারকি ছাড়া নদী খনন কখনোই সফল হবে না। এখানে স্বচ্ছতা আনতে হলে ডিজিটাল ড্রেজিং মনিটরিং সিস্টেম চালু করা জরুরি। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে বলা হয়েছে, বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগে জবাবদিহিতা নিশ্চিত করতে একটি স্বাধীন অডিট প্রয়োজন। বিআইডব্লিউটিএ’র এই ব্যাপক অনিয়ম ও বিশেষ করে নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ দুর্নীতি নিয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা এখন সময়ের দাবি। নদী খননের নামে এই লুণ্ঠন বন্ধ না হলে অচিরেই দেশের মানচিত্র থেকে বিলীন হয়ে যাবে বহু নদী। ড্রেজিং বিভাগের যেসব কর্মকর্তা এই দুর্নীতির সাথে সরাসরি জড়িত, তাদের সম্পদের হিসাব নেওয়া এবং দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে নৌপথের নাব্যতা রক্ষা করা কেবল দিবাস্বপ্নেই রয়ে যাবে। অন্যথায়, ড্রেজিং প্রকল্পের শত শত কোটি টাকা কেবল বালুর নিচেই চাপা পড়বে।

  • ৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

    ৮ যুদ্ধ মিটমাট করেছি, তবু নোবেল পেলাম না: ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে রসিকতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বক্তব্যে তিনি দাবি করেন, নিজের কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে এখন পর্যন্ত অন্তত আটটি যুদ্ধ বন্ধ করতে ভূমিকা রেখেছেন। তবে এত কিছুর পরও নোবেল শান্তি পুরস্কার তার ভাগ্যে জোটেনি বলে মন্তব্য করেন তিনি।

    ইউএস-২৫০ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি অন্তত আটটি যুদ্ধ মিটিয়েছি, কিন্তু তারপরও আমাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি।’ তার এ মন্তব্যের পর উপস্থিত সমর্থকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

    বক্তৃতার বড় একটি অংশে ট্রাম্প তার প্রশাসনের পররাষ্ট্রনীতি, বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিরসনে নেওয়া উদ্যোগ এবং সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতার কথা তুলে ধরেন। তার দাবি, সময়োপযোগী সিদ্ধান্ত ও উদ্যোগের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বড় ধরনের সংঘাত এড়ানো সম্ভব হয়েছে।

    তবে বিশ্লেষকদের একটি অংশ ট্রাম্পের ‘আটটি যুদ্ধ থামানোর’ দাবিকে তার রাজনৈতিক বক্তব্যের অংশ এবং অতিরঞ্জিত মন্তব্য হিসেবে দেখছেন।

    এর আগেও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে আব্রাহাম অ্যাকর্ডসসহ বিভিন্ন কূটনৈতিক উদ্যোগের জন্য নিজেকে নোবেল শান্তি পুরস্কারের উপযুক্ত দাবি করেছিলেন ট্রাম্প। স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর মঞ্চেও তিনি একই প্রসঙ্গ হাস্যরসের সঙ্গে আবারও তুলে ধরেন।

    এদিকে, ট্রাম্পের এই বক্তব্য ও নোবেল প্রসঙ্গের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

  • ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার

    ব্যবসায়ীর অণ্ডকোষ চেপে চেক-স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার

    বরিশালে অগ্রণী হাউজিং (আবাসন) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে মারধর করে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    রোববার বেলা ২টার দিকে নগরের সদর রোডের টপ টেন নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম বেলা ৩টার দিকে সমকালকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় বিকেলে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

    জানা গেছে, গত ২৭ জুন সন্ধ্যার পর নগরের সদর রোডে অগ্রণী হাউজিংয়ের কার্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার আব্দুল আজিজ হাওলাদার শনিবার রাতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ঘটনাটি আলোচনায় আসে। এর আগে গত বৃহস্পতিবার তিনি আদালতে একটি নালিশি মামলা করেন।

    সিসিটিভি ফুটেজে দেখা যায়, আব্দুল আজিজের কক্ষে চার যুবক প্রবেশ করেন। তাদের মধ্যে মোস্তাফিজুর রহমান লিটু নামে একজন তাকে মারধর করেন। একপর্যায়ে তার অণ্ডকোষ চেপে ধরে দুটি চেকে এবং একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। মারধরের সময় আজিজ ‘বাচ্চু, বাচ্চু’ বলে চিৎকার করলে আরেক ব্যক্তি কক্ষে প্রবেশের চেষ্টা করেন। তবে লিটুর সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে ধাক্কা দিয়ে বের করে দেন। পরে চেক ও স্ট্যাম্প হস্তান্তরের ছবিও তোলা হয়।

    খোঁজ নিয়ে জানা গেছে, লিটুর বাড়ি অগ্রণী হাউজিংয়ের অদূরে কাটপট্টি সড়কে। তার বড় ভাই মাহবুবুর রহমান পিন্টু মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি। নগরীতে লিটু যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে প্রচলিত থাকলেও রোববার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর যুবদলের নেতারা দাবি করেন, লিটু যুবদলের কোনো ওয়ার্ড কমিটিরও সদস্য নন। দলীয় কোনো কর্মসূচিতেও তাকে কখনো দেখা যায়নি।

    ঘটনার শিকার আব্দুল আজিজ হাওলাদার জানান, লিটু একসময় অগ্রণী হাউজিংয়ের অংশীদার ছিলেন। তার বিনিয়োগের বিপরীতে জমি বুঝিয়ে দিয়ে বিক্রিও করা হয়েছে। এমনকি প্রতিষ্ঠানের কাছে তার কোনো পাওনা নেই-মর্মে লিখিত অঙ্গীকারনামাও রয়েছে। এরপরও লিটু তার কাছে এক কোটি টাকা দাবি করে আসছিলেন।

    আজিজের অভিযোগ, ২৭ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিটু তার কার্যালয়ে ঢুকে মারধর করেন। পরে জোর করে ৭০ লাখ টাকার একটি চেক, একটি সাদা চেক এবং দুটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।

    তিনি আরও জানান, ঘটনার পরপরই সংশ্লিষ্ট ব্যাংককে বিষয়টি জানিয়ে চেকগুলোর বিষয়ে অভিযোগ করায় কোনো টাকা উত্তোলন করা সম্ভব হয়নি। গত বৃহস্পতিবার আদালত তার নালিশি মামলাটি এফআইআর হিসেবে গ্রহণের জন্য কোতোয়ালি মডেল থানার ওসিকে নির্দেশ দেন। সিসিটিভি ফুটেজ তিনিই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বলেও স্বীকার করেন তিনি।

    অভিযোগের বিষয়ে মোস্তাফিজুর রহমান লিটু বলেন, যারা ওই দিন কার্যালয়ে গিয়েছিলেন, তারা সবাই প্রতিষ্ঠানের পরিচালক। আব্দুল আজিজ পরিচালকদের টাকা আত্মসাৎ করেছেন। এ বিষয়ে পরিচালকেরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন।

    কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন উল ইসলাম বলেন, আব্দুল আজিজ শনিবার রাতে থানায় এসে আদালতে মামলা করার বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। আদালতের আদেশের কপি রোববার থানায় পৌঁছানোর কথা রয়েছে।

  • ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

    ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচলেন বিএনপি নেতা, ভিডিও ভাইরাল

    টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খন্দকার আমিনুল ইসলাম মিন্টুকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
    সোমবার (৫ জুলাই) উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ-সংক্রান্ত বহিষ্কারাদেশ জারি করা হয়।

    জানা যায়, বিশ্বকাপ ফুটবলে জাপানকে ২-১ গোলে হারিয়ে ব্রাজিলের জয়ের পর থ্রি-পিস পরে নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন মিন্টু। তার সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

    উপজেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলাবিরোধী ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ ওয়ার্ড বিএনপির সভাপতির পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

    এ বিষয়ে খন্দকার আমিনুল ইসলাম মিন্টুর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হারুন অর রশিদ।

  • নির্বাচনী তহবিলে ৭০ টাকা দেওয়া সেই রিনা স্নালকে নতুন ঘর উপহার দিলেন এমপি

    নির্বাচনী তহবিলে ৭০ টাকা দেওয়া সেই রিনা স্নালকে নতুন ঘর উপহার দিলেন এমপি

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো টাকা থেকে এক প্রার্থীর নির্বাচনী তহবিলে মাত্র ৭০ টাকা তুলে দিয়েছিলেন রিনা স্নাল (৭১)। তখন তাঁর এই ভালোবাসা নাড়া দিয়েছিল অনেককেই। নির্বাচনে বিজয়ী হয়ে সেই নিঃস্বার্থ ত্যাগের প্রতিদান দিতে ভোলেননি ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল। নিজের প্রথম মাসের পুরো সম্মানীর (ভাতা) টাকা দিয়ে রিনা স্নালকে একটি নতুন পাকা ঘর তৈরি করে দিয়েছেন তিনি।

    গতকাল শনিবার (৪ জুলাই) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের সীমান্তঘেঁষা নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে বৃদ্ধার হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য।

    স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতের মেঘালয় রাজ্য সীমানা সংলগ্ন নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনা স্নালের স্বামী কেন্দ্র তজু কয়েক বছর আগে মারা যান। স্বামীর জীবদ্দশায় বাঁশ ও বেতের কাজ করে কোনোমতে সংসার চলত তাঁদের। স্বামী মারা যাওয়ার পর রিনা স্নাল কিছুদিন দিনমজুরি করলেও বয়সের ভার ও নানা শারীরিক অসুস্থতার কারণে একপর্যায়ে ভিক্ষাবৃত্তিকে জীবিকার একমাত্র উপায় হিসেবে বেছে নিতে বাধ্য হন। তাঁর একমাত্র ছেলে শান্ত স্নাল বিয়ের পর থেকে আলাদা থাকেন এবং বর্তমানে সিরাজগঞ্জে দিনমজুরের কাজ করেন। ফলে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ভাঙা ঘরে একাকী ও অত্যন্ত কষ্টে দিন পার করছিলেন এই বৃদ্ধা।

    স্থানীয় বাসিন্দারা জানান, রিনা স্নালের দেখভাল করার মতো পরিবারে কেউ নেই। ভাঙা ঘরে ঝড়-বৃষ্টির মধ্যে তিনি চরম নিরাপত্তাহীনতায় থাকতেন। এখন একটি টেকসই নতুন ঘর পাওয়ায় তাঁর শেষ বয়সের নিরাপদ আশ্রয় নিশ্চিত হলো।

    এ বিষয়ে সংসদ সদস্য মো. সালমান ওমর রুবেল বলেন, নির্বাচনী প্রচারণার সময় রিনা স্নাল অভাবের মধ্যেও ভিক্ষা করে পাওয়া টাকা থেকে ৭০ টাকা আমার নির্বাচনী তহবিলে দান করেছিলেন। তাঁর সেই সামান্য টাকার মূল্য আমার কাছে কোটি টাকার চেয়েও বেশি ছিল। সেই অকৃত্রিম ভালোবাসা ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধা জানিয়েই আমার প্রথম মাসের সরকারি সম্মানীর অর্থ দিয়ে এই ঘরটি নির্মাণের উদ্যোগ নিই
    চাবি হাতে পেয়ে আবেগাপ্লুত রিনা স্নাল চোখের জল ধরে রাখতে পারেননি। তিনি বলেন, ভাঙা ঘরে অনেক কষ্ট করে রাত কাটাইছি। কখনো ভাবি নাই জীবনের এই শেষ বয়সে এমন একটা নতুন পাকা ঘরে থাকতে পারব। যারা আমার এই মাথা গোঁজার ব্যবস্থা করে দিল, ভগবান তাদের মঙ্গল করুক।

  • মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

    মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হলে আইনি প্রক্রিয়ায় আ. লীগকে নিষিদ্ধ করা হতে পারে’

    গণহত্যা ও নৃশংস হত্যাকাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত চলছে। অভিযোগ সুনির্দিষ্টভাবে প্রমাণিত হলে আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে।’ এ কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

    রোববার নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। একই সঙ্গে শেখ হাসিনাকে দেশে এসে আইনিভাবে তাঁর বিরুদ্ধে করা মামলা মোকাবিলা করার আহ্বান জানান চিফ প্রসিকিউটর।

    তিনি বলেন, ‘মতিঝিল শাপলা চত্বরে হত্যাযজ্ঞের ঘটনাসহ বেশ কয়েকটি সুনির্দিষ্ট মামলায় দলটির সভানেত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। দলগতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রমাণ পাওয়া গেলে সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা এবং ট্রাইব্যুনালের বিদ্যমান আইনে দলটির বিচার করা পুরোপুরি সম্ভব।’

    চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের পাশাপাশি দলগত অপরাধ প্রমাণিত হলে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী হিসেবেও তাঁকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

  • কোনো টালবাহানা ছাড়াই ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলতে হবে: সারজিস

    কোনো টালবাহানা ছাড়াই ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলতে হবে: সারজিস

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, কোনো প্রকার টালবাহানা ছাড়া ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ খুলে দিতে হবে।

    রোববার (৫ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ নিয়ে দেওয়া পোস্টে তিনি এ কথা বলেন।

    তিনি লেখেন, ‘কোনো প্রকার টালবাহানা ছাড়া ৫ আগস্টের মধ্যে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ খুলে দিতে হবে।’

    সারজিস আরও লেখেন, ‘বিএনপির কথার সাথে কাজের মিল দেখতে চাই।’

    এর আগে, গত বুধবার রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়ার আহ্বান জানান। নির্ধারিত সময়ের মধ্যে জাদুঘর খুলে দেওয়া না হলে জনগণ নিজেরাই সেখানে প্রবেশ করবে বলে হুশিয়ারি দেন তিনি।

    আর গত বৃহস্পতিবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমলাতান্ত্রিক জটিলতা ভেঙে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে জুলাই স্মৃতি জাদুঘর দ্রুততম সময়ের মধ্যে চালুর দাবি জানিয়েছে জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স ও শহীদ পরিবার।

    শুধু নামে চালু না করে জাদুঘরের কার্যক্রম পুরোপুরি কার্যকর করা এবং কোনো ষড়যন্ত্র যাতে এটি স্থবির করতে না পারে, সেজন্য প্রধানমন্ত্রীর সরাসরি দিকনির্দেশনা ও চূড়ান্ত সিদ্ধান্ত আহ্বান করা হয়েছে সংবাদ সম্মেলনে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্সের মুখপাত্র সাবরিনা আফরোজ সেবন্তি। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সৈকতের বোন।

    লিখিত বক্তব্যে বলা হয় পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী আগামী ৫ আগস্ট এই জুলাই স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার কথা ছিল। কিন্তু আমরা জানতে পারি, গত সপ্তাহের শেষে সংস্কৃতি সচিব কানিজ মওলা একটি সভায় জানিয়েছেন যে তিনি জাদুঘরের নিয়োগবিধিতে পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন। আমাদের প্রশ্ন, জনতার ভোটে নির্বাচিত জাতীয় সংসদ সর্বসম্মতভাবে জুলাই জাদুঘর আইন পাস করেছে, তাহলে এক আমলা হয়ে সেই আইনে পরিবর্তন আনার অনুমোদন তিনি কোথায় পেলেন?

    সংগঠনটি এই পরিবর্তন আনার পরামর্শকে ষড়যন্ত্র উল্লেখ করে এর পেছনে দুটি উদ্দেশ্য রয়েছে বলে উল্লেখ করে। তাদের ভাষ্য, জাদুঘরের চূড়ান্ত নিয়োগপ্রক্রিয়াকে কমপক্ষে আরও দুই মাস পিছিয়ে দেওয়া এবং স্বজনপ্রীতি ও দুর্নীতির মাধ্যমে অযোগ্য লোকদের সংবেদনশীল প্রজেক্টে নিয়োগ দেওয়ার পরিকল্পনা চলছে।

    লিখিত বক্তব্যে আরও বলা হয়, জাদুঘরটি চালাতে হলে যোগ্যতার ভিত্তিতে দক্ষ ও অভিজ্ঞ লোক লাগবে। যারা জাদুঘর গড়ে তোলার পেছনে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং রূপরেখা ও নকশা তৈরিতে কাজ করেছেন, তাদেরকেই সম্পৃক্ত রাখতে হবে। জাতীয় সংসদে বর্তমানে যে আইন পাস করা হয়েছে, সেই আইন মোতাবেকই যোগ্যতার ভিত্তিতে এই বিশেষায়িত নিয়োগ সম্পন্ন করতে হবে।

    সংগঠনটির অভিযোগ, ষড়যন্ত্রকারীরা শুধু জাদুঘর উদ্বোধনেই বিলম্ব করাচ্ছে না, বরং এটিকে প্রশাসনিক বা কাঠামোগতভাবে পুরোপুরি অকার্যকর করতে চাইছে। এ ছাড়া জাদুঘরকে প্রশাসনিক অসহযোগিতা করা, বাজেট ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ আটকে রেখে একে অচল করে দেওয়া, মানুষ যাতে সঠিক ইতিহাস না জানতে পারে এবং আন্তর্জাতিক মহলে এর মর্যাদা ক্ষুণ্ন হয়, সেই পরিকল্পনা চলছে।

    প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের সময়ে একাধিকবার উদ্বোধনের ঘোষণা দেওয়া হলেও শেষ পর্যন্ত খোলা হয়নি জুলাই স্মৃতি জাদুঘর।