Blog

  • ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

    ফুটপাতে ঘুমন্ত নারীকে ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল

    কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ফুটপাতে ঘুমিয়ে থাকা এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার পর অভিযুক্তকে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।
    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ জুন ভোররাতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজার এলাকায় একটি কনফেকশনারি দোকানের সামনে ফুটপাতে এ ঘটনা ঘটে। তবে শনিবার (৪ জুলাই) সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

    পুলিশের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৪টা ৮ মিনিটের দিকে সাদা শার্ট ও লুঙ্গি পরিহিত এক ব্যক্তি ফুটপাতে ঘুমিয়ে থাকা এক মধ্যবয়সী নারীর কাছে গিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ওই ব্যক্তি দ্রুত স্থান ত্যাগ করেন। কিছুক্ষণ পরে বাজারের এক পাহারাদার ঘটনাস্থলে এসে ওই নারীকে দেখতে পান।
    ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারসংলগ্ন দুর্গাপুর এলাকার দুলা মিয়ার ছেলে খোকনকে (৫০) অভিযুক্ত হিসেবে শনাক্ত করেছে। স্থানীয়দের দাবি, খোকন এলাকায় জুয়া পরিচালনার সঙ্গে জড়িত এবং চিহ্নিত জুয়াড়ি হিসেবে পরিচিত। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, ‘ভাইরাল সিসিটিভি ফুটেজ পুলিশের নজরে এসেছে। ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।

  • পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই : মা‌র্কিন রাষ্ট্রদূত

    পারস্পরিক সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় করতে চাই : মা‌র্কিন রাষ্ট্রদূত

    বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সংস্কৃতি ভাগাভাগি করে দুই দেশের মানুষে-মানুষে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার কথা জা‌নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।শনিবার (৪ জুলাই) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

    ক্রিস্টেনসেন বলেন, আজ থেকে ২৫০ বছর আগে, আমাদের ৫৬ জন ফাউন্ডিং ফাদার স্বাধীনতা ও স্বায়ত্তশাসনের জন্য নিজেদের সবকিছু বাজি রেখেছিলেন। আমরা বিশ্বাস করি, আমেরিকার এই ইতিহাস বিশ্বের বহু মানুষকে অনুপ্রাণিত করেছে— যার মধ্যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের নিজস্ব স্বাধীনতা সংগ্রামও রয়েছে।

    তিনি বলেন, আমরা চাই আমাদের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে। একইসঙ্গে বাংলাদেশের মানুষ ও সংস্কৃতিকে আমরা আরও ভালোভাবে জানতে চাই। এজন্য দেশজুড়ে আমেরিকা সপ্তাহ উদযাপন করা হ‌চ্ছে।অনুষ্ঠানে বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে একটি প্রশ্ন করা হলে মা‌র্কিন রাষ্ট্রদূত এদিন শুধু যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস ও দেশটির ইতিহাস নিয়ে প্রশ্ন করার অনু‌রোধ জানান।

    যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষ্যে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে মার্কিন দূতাবাস আয়োজিত ‘আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক’ অনুষ্ঠান ঘুরে দেখেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

  • বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ নিলে ঠিকাদারের টেন্ডার বাতিল: আবদুস সালাম

    বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ নিলে ঠিকাদারের টেন্ডার বাতিল: আবদুস সালাম

    বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়ম করলে ঠিকাদারদের টেন্ডার বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।শনিবার সকালে রাজধানীর শান্তিনগর বাজারে ‘ক্লিনিং ডে’ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। মো. আবদুস সালাম বলেন, বাসাবাড়ি থেকে নিয়মিত বর্জ্য অপসারণ না করা এবং অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে তাদের টেন্ডার দেওয়া হবে না।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আরও বলেন, মার্কেট ও হকারদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। নগরকে পরিচ্ছন্ন রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রশাসক জানান, দক্ষিণ সিটির বিভিন্ন ওয়ার্ডে পরিচালিত জরিপে প্রায় ৬৫ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। তাই মশক নিয়ন্ত্রণে নতুন ওষুধ ও লার্ভানাশক ট্যাবলেট ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে যেসব স্থানে নিয়মিত পৌঁছানো কঠিন।

    একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিতে হাসপাতালগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়ার কথা জানান তিনি।

    এ সময় পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানো এবং পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক।

  • জুয়া প্রতিরোধ আইনে দেশের প্রথম মামলা জীবননগর থানায়

    জুয়া প্রতিরোধ আইনে দেশের প্রথম মামলা জীবননগর থানায়

    সদ্য কার্যকর হওয়া ‘জুয়া প্রতিরোধ আইন-২০২৬’ এর আওতায় প্রথম মামলা দায়ের হয়েছে চুয়াডাঙ্গার জীবননগর থানায়। শনিবার (৪ জুলাই) দায়ের হওয়া এ মামলায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সংশ্লিষ্টদের দাবি, নতুন আইনে এটিই দেশের প্রথম মামলা থানা-পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) রাত ১০টা ৪০ মিনিটে জীবননগর থানার রাত্রীকালীন টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, জীবননগর-দর্শনা মহাসড়কের আধুনিক সিনেমা হলের সামনে একটি চায়ের দোকানে ক্যারাম বোর্ডের মাধ্যমে জুয়া খেলা চলছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপপরিদর্শক (এসআই) পবিত্র কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

    পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিরা পালিয়ে যায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে অভিযানে ব্যবহৃত চায়ের দোকান থেকে দুটি ক্যারাম বোর্ড জব্দ করা হয়। মামলায় আসামি করা হয়েছে— দেলোয়ার হোসেন, মাসুম, মাহবুব আলম, জামাত আলী, লালন, জব্বার, রুবেল, সামাউল, জাফর হোসেন, ফারুক, রাজু আহম্মেদ সুইট, নজরুল ইসলাম, শিকদার ও মিন্টুকে। এছাড়া আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

    এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি দেলোয়ার হোসেনের চায়ের দোকানটি জুয়া খেলার স্থান হিসেবে ব্যবহৃত হতো। সেখানে ক্যারাম বোর্ডের মাধ্যমে বাজি ধরে জুয়া খেলার সুযোগ দেওয়া হতো। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬ এর ১৫, ১৮, ১৯ ও ২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ জানান, গত ১ জুলাই থেকে নতুন জুয়া প্রতিরোধ আইন-২০২৬ কার্যকর হয়েছে। এই আইনে অনলাইন বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো, ম্যাচ-ফিক্সিং এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া খেলা বন্ধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।

    ওসি সোলায়মান সেখ বলেন, ‘আইন কার্যকর হওয়ার পর চুয়াডাঙ্গার পুলিশ সুপারের নির্দেশনায় প্রতিদিন অভিযান পরিচালনা করা হচ্ছে। জীবননগর থানায় আজ যে মামলাটি হয়েছে, আমার জানামতে এটি এই আইনে দেশের প্রথম মামলা। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কোনও আপস নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    মাদক কারবারি যত প্রভাবশালীই হোক, কোনও আপস নয়: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, মাদক কারবারি যত প্রভাবশালীই হোক না কেন তার জায়গা সমাজে হবে না। মাদক কারবারি যদি আমার আত্মীয় কিংবা দলের কোনও সদস্য হয়ে থাকে তার সঙ্গে কোনও আপস করা হবে না।

    তিনি বলেছেন, দলের ভাবমূর্তির স্বার্থে কে কত বড় নেতা এটি দেখার সুযোগ নেই। যিনি অন্যায় করবেন তার সঙ্গে তারেক রহমানের বিএনপির কোনও সম্পৃক্ততা নেই এবং আগামীতেও থাকবে না।শনিবার দুপুরে যশোর সদর উপজেলার চুড়ামনকাটির একটি সড়কের নির্মাণকাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

    প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে। তারই ধারাবাহিকতায় গ্রামীণ জনপদের রাস্তাঘাট, ব্রিজ কালভার্টের কাজ শুরু হয়েছে। আপনারা ঠিকাদারের কাছ থেকে আপনাদের কাজ বুঝে নেবেন। ঠিকাদার আমার আত্মীয় কিংবা দলের লোক হোক সেটা আপনাদের দেখার বিষয় না। আপনারা তার কাছ থেকে সঠিক কাজটি আদায় করে নেবেন। তবে তার কাছ থেকে কেউ অন্যায্য এবং অনৈতিক সুবিধা নেওয়ারও চেষ্টা করবেন না।সড়ক উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী সড়কের পাশে বৃক্ষরোপণ করেন। পরে তিনি হৈবতপুর ইউনিয়নের সিরিজ খাল পুনঃখনন কাজের পরিদর্শন করেন।

    এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, এলজিইডির যশোরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি সেলিনা পারভীন শেলীসহ অন্যান্য নেতারা।

  • ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

    ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

    মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) মার্কিন প্রেসিডেন্টকে লেখা এক চিঠিতে তিনি তাকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর কার্যায়ের প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

    চিঠিতে তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মহান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশাবাদী যে, আপনার বাস্তববাদী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহানতার পথে এগিয়ে চলেছে।মার্কিন যুক্তরাষ্ট্র যখন এই গৌরবময় উপলক্ষটি সারা দেশে উদযাপন করছে, আমেরিকা ২৫০ আমেরিকান স্বপ্ন, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, নৈতিকতা এবং বাকি বিশ্বে আমেরিকার অবদান থেকে অনুপ্রেরণা নেওয়ার জন্য বিশ্বজুড়ে মানুষের সেবা করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।স্বাধীনতার পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের গণতান্ত্রিক ও উন্নয়ন যাত্রায় মূল্যবান বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে তারেক রহমান চিঠিতে লিখেছেন, গত পাঁচ দশক ধরে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা এবং মানুষে মানুষে বিস্তৃত যোগাযোগকে অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ও বহুমুখী অংশীদারত্বে পরিণত হয়েছে। বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে এ বছরের শুরু থেকে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে আমরা আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন ও উদারতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞতা জানাই।

    অভিন্ন স্বার্থের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্বকে আরও জোরদার ও গভীর করতে প্রধানমন্ত্রী ও তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন চিঠিতে। তিনি আরও লেখেন, এই আনন্দময় মুহূর্তে আমি আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অব্যাহত সাফল্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুভাবাপন্ন জনগণের দীর্ঘস্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করি।

  • হাতিরঝিলে সারিবদ্ধ ‘কালেমাখচিত’ পতাকা কারা টানিয়েছে জানে না পুলিশ, নেই নির্দেশনাও

    হাতিরঝিলে সারিবদ্ধ ‘কালেমাখচিত’ পতাকা কারা টানিয়েছে জানে না পুলিশ, নেই নির্দেশনাও

    রাজধানীর অন্যতম দর্শনীয় স্থান হাতিরঝিলের ব্রিজে সারিবদ্ধভাবে কালেমাখচিত সাদা পতাকা টানিয়ে দেওয়া হয়েছে। কে বা কারা টানিয়েছে এসব পতাকা, তা খতিয়ে দেখবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কর্মকর্তারা। তবে পতাকা টানানোই থাকবে নাকি নামিয়ে ফেলা হবে, সে নিয়ে করণীয় সম্পর্কে কোনো দিকনির্দেশনা নেই বলেও জানিয়েছে পুলিশ।

    সরেজমিন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাতিরঝিলের একটি আর্চ ব্রিজের রেলিং ও লোহার কাঠামোর বিভিন্ন স্থানে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে সাদা রঙের ছোট ছোট পতাকা বাঁধা দেখা যায়। প্রতিটি পতাকায় আরবি ভাষায় কালেমা তৈইয়্যেবা লেখা রয়েছে। ব্রিজের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একই ধরনের পতাকা সারিবদ্ধভাবে টানানো থাকায় পথচারী ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই ঘটনাস্থলে থেমে ছবি ও ভিডিও ধারণ করেন।

    হাতিরঝিলের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, আজ সকালে হাতিরঝিল এলাকার প্রায় সব ব্রিজ ও কিছু গাছের সঙ্গে কালেমা লেখা পতাকা টানানো দেখা যায়। তবে কে বা কারা টানিয়েছে তা জানা যায়নি। তাদের ধারণা, লোকসমাগম কম থাকা কোনো একসময়ে, অর্থাৎ গভীর রাত বা খুব ভোরে, পতাকাগুলো টানানো হয়ে থাকতে পারে।

    স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, তার বাসা মধুবাগ বাজারের পাশে। জানালা থেকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজসহ বড় একটি অংশ দেখা যায়। গত রাতে চোখে পড়ার মতো অনেক মাদ্রাসার ছাত্রদের দেখা গেছে। তখন মনে হচ্ছিল হাতিরঝিল এলাকায় ঘুরতে এসেছে। সকালে ঘুম থেকে উঠে দেখি সারিবদ্ধ সাদা পতাকা। এশিয়া পোস্টের প্রতিবেদকের সঙ্গে কথা বলার পর তিনি ধারণা করছেন, রাতে ওই সব মাদ্রাসার ছাত্ররা এই পতাকা টানিয়েছেন।হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, সকালে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম হাতিরঝিল এলাকায় কালিমার পতাকা টানানো হয়েছে। কে বা কারা টানিয়েছে, তা নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশের অপেক্ষায় আছি।

    হাতিরঝিলে টানানো পতাকা এখন কি ওখানেই থাকবে নাকি নামিয়ে ফেলা হবে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে, তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। তারা যে নির্দেশ দেন, সেভাবে থানার পুলিশ কার্যক্রম পরিচালনা করবে।

    ডিএমপির সূত্রে জানা গেছে, হাতিরঝিল এলাকায় কালেমাখচিত পতাকা টানানোর খবর সকালেই ডিএমপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গোয়েন্দা তথ্য হিসেবে পৌঁছে গেছে। সে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

    দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে কারা পতাকাগুলো টানিয়েছে এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা শনাক্তের চেষ্টা চলছে।এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, পতাকা টানানোর বিষয়ে আমরা মাত্র খবর পেলাম। এখন সরকারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি। যদি সিদ্ধান্ত নেওয়া হয়, পতাকা নামিয়ে ফেলার আমরা নামিয়ে দেব। তবে এখনও বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

    সম্প্রতি সময়ে দেশের নানা জায়গায় কালিমাখচিত পতাকা টানানোর ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়। বিষয়টি নিয়ে নানা মহল বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণও চলছে। জুনে বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার পর সারাদেশে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, ফ্রান্স, জার্মানিসহ পছন্দের দেশের পতাকা উড়ছে। অনেকে মনে করছেন, এর পাল্টা জবাব হিসেবে একটি পক্ষ দেশজুড়ে এই কালিমাখচিত এই পাতাকা টানাচ্ছে। এরপক্ষে দু-একজন ধর্মীয়ও বক্তাও সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য রাখছেন। তবে এ নিয়েও নানা ব্যাখ্যা রয়েছে। কেউ কেউ বলছেন, বিষয়টিকে একদম সরলভাবে দেখার সুযোগ নেই।

  • জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাগুরা জেলা শাখা কর্তৃক গণমিছিল অনুষ্ঠিত

    জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাগুরা জেলা শাখা কর্তৃক গণমিছিল অনুষ্ঠিত

    জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, মাগুরা জেলা শাখার উদ্যোগে এবং ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে আজ (০৪ জুলাই ২০২৬) আনুমানিক বিকেল ৪:৫০ মিনিটে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নোমানী ময়দান থেকে শুরু হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে করতে ভায়না মোড়ে পৌঁছে।

    গণমিছিলে উল্লেখযোগ্য ভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হুসাইন, সাবেক জেলা আমির ও কেন্দ্রীয় নির্বাহী টিমের সদস্য আব্দুল মতিন, মাগুরা জেলা আমির অধ্যক্ষ সাঈদ আহমদ, নায়েবে আমির অধ্যক্ষ মাহবুবুর রহমান, পৌর আমির ও জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আশরাফুল আলম, সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফারুক আহাম্মেদ, মাগুরা জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, খিলাফত আন্দোলনের মাগুরা জেলা আহ্বায়ক মনিরুল ইসলাম এবং নাগরিক ঐক্য পরিষদ (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য মোঃ রাসেল।

    এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গণমিছিলে অংশগ্রহণ করেন। মিছিলে আনুমানিক ৯০০ থেকে ১০০০ জন লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

    গণমিছিলটি আনুমানিক বিকাল ৫:০০ ঘটিকায় শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। সার্বিকভাবে কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি

  • প্রক্সি পরীক্ষা দিতে এসে প্রক্সি পরীক্ষার্থী এবং মূল পরীক্ষার্থী আটক এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান

    প্রক্সি পরীক্ষা দিতে এসে প্রক্সি পরীক্ষার্থী এবং মূল পরীক্ষার্থী আটক এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান

    পোরশা থানায় এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রক্সি পরীক্ষা দিতে এসে প্রক্সি পরীক্ষার্থী এবং মূল পরীক্ষার্থী আটক এবং ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা প্রদান
    পোরশায় ০৪/৭/২০২৬ তারিখে পোরশা থানায় অনুষ্ঠিত এইচএসসি(সমমান) পরীক্ষা কেন্দ্র পোরশা সরকারি কলেজের পরীক্ষার্থী মোঃ জাহিদ হাসান (২১) পিতা-মোঃ রেজাউল সরদার, গ্রাম বারিন্দা, থানা -পোরশা ,জেলা নওগাঁ এর স্থলে প্রক্সি পরীক্ষার্থী হিসাবে বিপ্লব বর্মন (২০) পিতা -সময় বর্মন, গ্রাম -দেওনাপাড়া , থানা -পোরশা জেলা নওগাঁ পরীক্ষা দেয়াকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ডিউটিরত শিক্ষক বিষয়টি অনুধাবন করতে পেরে কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে অবহিত করেন। অতঃপর প্রক্সি পরীক্ষার্থী কে আটক করো তো, মূল পরীক্ষার্থী কেও ডেকে আনা হয় এবং আটক করা হয়।

    অতঃপর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের উভয়কে আটক এবং পরীক্ষা থেকে বহিষ্কার করোতো ভ্রাম্যমান আদালত মামলা নং-৯৬,৯৭ তারিখ -০৪/০৭/২০২৬ ধারা-পাবলিক পরীক্ষা সমুহ(অপরাধ)আইন ১৯৮০ এর ধারা ১৩ এর ৩(ক) মোতাবেক ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড তৎসহ ১৭৫০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন । আসামিদ্বয় থানা হেফাজতে রয়েছে ।

  • কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালাল আসামি

    কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে হাতকড়াসহ পালাল আসামি

    ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশ ফাঁড়ি থেকে ফরিদ হোসেন (২৮) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামি হাতকড়াসহ পালিয়ে গেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার সাবদারপুরে এ ঘটনা ঘটে।

    ফরিদ উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের হোসেন আলীর ছেলে। ঘটনার পর থেকেই তাকে গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

    পুলিশ জানায়, রাত ৮টার দিকে কোটচাঁদপুরের সাবদারপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল কুদ্দুস ফোর্স নিয়ে ভোমরাডাঙ্গা এলাকায় অভিযান চালান। এ সময় স্থানীয় বাজারসংলগ্ন একটি স্কুলের পেছন থেকে ফরিদ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে সাবদারপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে রাখা হয়। তবে ওই রাতেই তিনি হাতকড়াসহ ফাঁড়ি থেকে পালিয়ে যান। ‍ফরিদ কোটচাঁদপুর থানার ওয়ারেন্টভুক্ত আসামি ছিল।

    এ বিষয়ে জানতে এএসআই আব্দুল কুদ্দুসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

    কোটচাঁদপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনসারুল্লাহ হক বলেন, ফরিদ হোসেন নামের এক আসামি হাতকড়াসহ পালিয়েছে বলে জানতে পেরেছি। তিনি কোন মামলার আসামি তা এই মুহূর্তে নিশ্চিত করে বলতে পারছি না। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।