Blog

  • অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

    অবহেলা-দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

    যেখানে অবহেলা ও দুর্নীতির অভিযোগ পাওয়া যাবে সেখানে বদলি নয়, চাকরিচ্যুতি করার কথা বলেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

    তিনি বলেছেন, ‌‘যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত; ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি-ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দেব না।’

    শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি।

    প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এ বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যাতে জনগণের উন্নয়ন করা যায়; বিশ্ব মানচিত্রে দেশকে মাথা উঁচু করে দাঁড় করানো যায়।’

    এবারের বাজেটকে আদর্শের বাজেট বলে অভিহিত করে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে।

    নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

    এ সময় নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

  • মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

    মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

    সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। নিহত হানিফ মিয়া (২৫) উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামের হিরণ মিয়ার ছেলে। বাংলাদেশ সময় শুক্রবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

    পরিবারের সদস্যরা জানান, প্রায় ছয় বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে যান হানিফ। সেখানে তিনি মক্কার একটি হাসপাতালে ক্লিনারের কাজ করতেন। কয়েক দিন আগে তার দাদি মারা যাওয়ার পর তার নামে ওমরা আদায় করতে যান। ওমরা শেষে তিন বাংলাদেশি সহকর্মীকে সঙ্গে নিয়ে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

    হানিফের চাচা বেলাল হোসেন দীলিপ বলেন, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এরপর সবাই গাড়ি থেকে নেমে সড়কে দাঁড়ালে পেছন দিক থেকে আসা আরেকটি গাড়ি তাদের দিকে ধেয়ে আসে। তিনজন সড়কের আইল্যান্ডে উঠে প্রাণে বাঁচলেও হানিফ ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই আমরা মৃত্যুর খবর পাই। এমন মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

    পরিবার সূত্রে জানা গেছে, দুই ভাই ও চার বোনের মধ্যে হানিফ ছিলেন বড়। এক মাস পর দেশে ফিরে তার বিয়ের কথা ছিল। এজন্য পরিবারের সদস্যরা পাত্রীও দেখছিলেন। কিন্তু সেই অপেক্ষা এখন পরিণত হয়েছে গভীর শোকে।

    হানিফের স্বজনরা জানান, তার কর্মস্থলের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এখন সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ সবার সহযোগিতায় দ্রুত তার মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

  • চাঁদপুরে ৬০ দিন ধরে গ্যাস লিক, জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে পথচারী-শিক্ষার্থীরা

    চাঁদপুরে ৬০ দিন ধরে গ্যাস লিক, জীবনের ঝুঁকি নিয়ে ছুটছে পথচারী-শিক্ষার্থীরা

    জীবন বাঁচাতে যে প্রাকৃতিক সম্পদ অপরিহার্য, সেই গ্যাসই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নবকলস এলাকার বাসিন্দাদের জন্য। পাইপলাইনের লিকেজ দিয়ে টানা প্রায় ৬০ দিন ধরে অবিরত গ্যাস বেরিয়ে যাচ্ছে, অথচ কর্তৃপক্ষের নেই কোনো মাথাব্যথা। এই অবহেলায় একদিকে যেমন মূল্যবান সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে বড় ধরনের বিস্ফোরণ বা দুর্ঘটনার আশঙ্কায় প্রতিনিয়ত আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের।

    ​সর্বশেষ শুক্রবার (৩ জুলাই, ২০২৬) সরেজমিনে গিয়ে দেখা যায়, নবকলস এলাকার জনগুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকার পাশ দিয়ে যাওয়া বাখরাবাদ গ্যাসের একটি পাইপলাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাইপটির একটি অংশ পানির নিচে থাকায় সেখান থেকে অবিরত বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে, যা স্পষ্টভাবে দৃশ্যমান।

    ​স্থানীয়রা জানান, পাইপলাইনটির এই করুণ দশা প্রায় দুই মাস ধরে। বিশেষ করে ওই সড়কের কয়েক গজের মধ্যেই মতলব সরকারি কলেজ অবস্থিত। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ওই পথ দিয়ে চলাচল করছে। যেকোনো মুহূর্তে ছোট একটি স্ফুলিঙ্গ বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে বলে স্থানীয়রা আশঙ্কা করছেন।

    ​এলাকাবাসী রাসেল প্রধান ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রায় দুই মাস ধরে গ্যাস বেরিয়ে যাচ্ছে। পানির নিচে বুদবুদ করে যে গ্যাস বের হচ্ছে, তা যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানোর পরও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।”

    ​এ বিষয়ে যোগাযোগ করা হলে চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি জানান, ঘটনাটি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। তবে শুক্রবার তিনি বিষয়টি জানার পর দ্রুত সময়ের মধ্যে পাইপলাইন মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

    ​এখন দেখার বিষয়, কর্তৃপক্ষ কত দ্রুত এই ঝুঁকি নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। এলাকাবাসী বলছেন, কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই যেন দ্রুত লাইনটি মেরামত করে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা হয়।

  • কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত

    কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত

    গাজীপুরের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ তিন জনকে হত্যার উদ্দেশ্যে হামলার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বালীগাঁও এলাকায় বুধবার (২ জুলাই) দুপুরে ইব্রাহিমের বাড়িতে ঘটেছে।
    সরেজমিনে ও অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২ জুলাই) দুপুরে কালীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড বালীগাঁও এলাকার নুরুল ইসলামের পুত্র ইব্রাহিম বাড়ীতে ঘরের দেয়ালে প্লাষ্টার করার সময় স্থাণীয় মো. আমির আলীর পুত্র সোহেল কাজে বাধা প্রদান করেন এবং ইব্রাহিম ও তার কাজে নিয়োজিত লোকদের গালিগালাজ করে। ইব্রাহিম প্রতিবাদ করলে আমির আলীর পুত্র সোহেল ও রতন, রতনের পুত্র লিমন, আমির আলীর স্ত্রী আম্বিয়া আখি, সোহেল এর স্ত্রী ছাবিকুন ও রতনের স্ত্রী সাথী মিলিয়া দেশীয় অস্ত্র সহ ইব্রাহিমের বাড়ীতে প্রবেশ করে গালিগালাজ সহ হুমকি দিতে থাকে। তাদের অশোভন আচরনের বিষয়টি নিয়ে গ্রামের লোকজন ডাকতে গেলে সোহেল গং ইব্রাহিম ও তার স্ত্রী আমেনা বেগমকে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে এবং স্ত্রী আমেনা বেগমের গলার নিচে, বুকে কামুড় দেয় এবং ডানহাত ভেঙ্গে ফেলে। ইব্রাহিমকে হত্যার উদ্দেশ্যে ধারালো ছেন দিয়ে তার কব্জির নিচে রক্তাক্ত জখম ও বামপায়ের হাটুর নিচে নিলা ফুলা জখম করেন। ছোট মেয়ে সুমাইয়াকে বাবা-মাকে বাচাতে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে টেনে হেচড়ে তাদের ঘরে নিয়ে যায়। এ সময় ইব্রাহিম ও তার স্ত্রী চিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা সরকারী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। যাহার রেজিঃ নং ৫০৫৯/১৫, ৫০৫৮/১৪ ও ৫০৬০/১৬। আমেনা বেগমের উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ বিষয়ে ইব্রাহিম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
    অভিযুক্ত সোহেল ও রতনের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। পরে তাদের মোবাইল ফোনে যোগাযোগ করলে তারা জানায়, তাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। আমরা কাউকে মারি নাই। আমাদের মিথ্যা ভাবে জরানো হয়েছে। তারা আমার মায়ের শরীরে আঘাত করেছে। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার বলেন, আমেনা বেগম নামের রোগীর ডানহাতের কব্জীর নিচে হাড় ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
    দুই পক্ষের অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই মো. কামরুল ইসলাম বলেন, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। সাধারণ একটা বিষয় নিয়ে ঘটনার জন্ম। তবে সোহেল গং হামলা না করে আইনের আশ্রয় নিতে পারতো। হামলায় আমেনা বেগমের ডান হাতে ভেঙ্গে গেছে। তিনি উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
    এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন বলেন, ইব্রাহীম ও সোহেলের ঘটনা সম্পর্কে আমি অবগত হয়েছি। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। আমি দু পক্ষকে শান্তি বজায় রাখতে নির্দেশ দিয়েছি।

  • সিলেট রেলস্টেশনের টিকিট কাউন্টারে অনিয়মের অভিযোগ: বৈধ টিকিট নিয়েও ঢাকায় হয়রানি, দ্বিতীয়বার ভাড়া আদায়ের দাবি

    সিলেট রেলস্টেশনের টিকিট কাউন্টারে অনিয়মের অভিযোগ: বৈধ টিকিট নিয়েও ঢাকায় হয়রানি, দ্বিতীয়বার ভাড়া আদায়ের দাবি

    সিলেট রেলওয়ে স্টেশনের টিকিট বিক্রি কার্যক্রমে অনিয়ম, দালাল চক্রের দৌরাত্ম্য এবং যাত্রী হয়রানির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, সিলেট স্টেশন থেকে কাউন্টারের মাধ্যমে বৈধভাবে টিকিট কেনার পরও ঢাকা রেলওয়ে স্টেশনে গিয়ে সেই টিকিটকে অবৈধ বলে দাবি করে পুনরায় ভাড়া আদায় করা হচ্ছে। এমন অভিযোগে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

    ভুক্তভোগীদের দাবি, কাউন্টার থেকে নির্ধারিত মূল্যে টিকিট কেনার পর ট্রেনে ভ্রমণ শেষে ঢাকা স্টেশনে টিকিট যাচাইয়ের সময় কিছু যাত্রীকে জানানো হয়, তাদের টিকিট সিস্টেমে বৈধ নয়। এরপর নতুন করে ভাড়া পরিশোধ করতে বলা হয়। এতে একদিকে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন যাত্রীরা, অন্যদিকে বৈধ টিকিট থাকা সত্ত্বেও হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ তাদের।

    এদিকে দীর্ঘদিন ধরেই সিলেট রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারকে ঘিরে নানা অনিয়মের অভিযোগ রয়েছে। যাত্রীদের ভাষ্য, বিশেষ করে ঈদ, ছুটি কিংবা অন্যান্য উৎসবের সময় কাউন্টারে টিকিট সংকট দেখানো হলেও কিছুক্ষণ পর অতিরিক্ত অর্থের বিনিময়ে একই গন্তব্যের টিকিট পাওয়া যায়। এ ঘটনায় সংঘবদ্ধ দালাল চক্রের সম্পৃক্ততার অভিযোগও তুলেছেন অনেক যাত্রী।

    স্টেশনে নিয়মিত যাতায়াতকারী কয়েকজন যাত্রীর অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও টিকিট না পেয়ে ফিরে যেতে হয়। অথচ স্টেশনের আশপাশে অবস্থানকারী কিছু ব্যক্তি অতিরিক্ত অর্থের বিনিময়ে সহজেই টিকিটের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেন। এতে সাধারণ যাত্রীরা প্রশ্ন তুলছেন—যদি কাউন্টারে টিকিট না থাকে, তাহলে দালালদের কাছে টিকিট আসে কীভাবে?

    সচেতন নাগরিকদের মতে, বিষয়টি শুধু টিকিট সংকটের নয়; বরং টিকিট বিক্রির পুরো ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহির প্রশ্নও সামনে এসেছে। তারা মনে করেন, কাউন্টারের প্রতিটি টিকিট বিক্রি ডিজিটালভাবে পর্যবেক্ষণ, সিসিটিভি নজরদারি জোরদার, দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান এবং অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

    এদিকে সিলেট থেকে ইস্যু করা টিকিট নিয়ে ঢাকায় যাত্রীদের হয়রানির অভিযোগ সত্য হলে এর পেছনে কারিগরি ত্রুটি, জাল টিকিট চক্র নাকি অন্য কোনো অনিয়ম রয়েছে—তা খতিয়ে দেখার দাবি উঠেছে। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগকে এ বিষয়ে দ্রুত তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা।

    এই সকল অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত স্টেশন ম্যানেজারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলে কল রিসিভ হয়নি,
    এতে তাদের আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
    তবে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে যাত্রী হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন যাত্রী ও সচেতন মহল।

  • মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের বিশেষ অঙ্গ কাটলেন যুবক

    মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের বিশেষ অঙ্গ কাটলেন যুবক

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে মাদক সেবনের পর নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন মো. সালাউদ্দিন (২২) নামে এক যুবক।

    শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকের নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

    গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
    স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের বাড়ি চাপাতলা গ্রামে হলেও পারিবারিক কারণে সালাউদ্দিন ও তার মা দীর্ঘদিন ধরে রুলি গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

    এলাকাবাসীর দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি মাদক সেবনের পর মানসিক ভারসাম্য হারিয়ে নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলেন।
    তবে এ বিষয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
    রুলি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে এলাকাবাসি ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।তিনি বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও ঘটনাটি সত্য।
    বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাসির হোসেন বলেন, স্থানীয়ভাবে বিষয়টি জেনেছি এবং খোঁজ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। তবে এর পেছনের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
    এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনও থানায় আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে।

  • ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

    ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

    ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে রুহিয়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

    নিহত হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দীনের স্ত্রী।

    স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি রুহিয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনটির ধাক্কায় গুরুতর আহত হন। এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই আশঙ্কাজনক অবস্থায় পড়ে থাকেন।

    খবর পেয়ে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

    তিনি আরও বলেন, রেললাইন পারাপারের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

  • গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফজলুর রহমান

    গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ফজলুর রহমান

    আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে গাজীপুর মহানগরের সহসভাপতিশনিবার (৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান তথ্যটি জানিয়েছেন। ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফজলুর রহমানকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।তিনি দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)-এর পক্ষে এ ঘোষণা দেন।

    দলীয় সূত্র জানা গেছে, মাওলানা ফজলুর রহমান বর্তমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    পাশাপাশি তিনি জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস হিসেবেও দায়িত্ব পালন করছেন।

  • দুর্নীতি-অবহেলায় বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    দুর্নীতি-অবহেলায় বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনামন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অবহেলার ক্ষেত্রে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।

    শনিবার দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেখানে অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুত। ট্রান্সফার বা বদলিতে আমি বিশ্বাস করি না। সততার সঙ্গে কাজ করতে হবে। দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এগুলোকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না।’ তিনি জানান, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলো সংস্কার করে নতুনভাবে সাজানো হবে এবং সেখানে আরও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোরও উন্নয়ন করা হবে।

    মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্য খাতে চলতি বছরই একটি বিপ্লবের সূচনা করতে চাই। জনগণের উন্নয়নের জন্য বিভিন্ন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমাদের এবারের বাজেট টাকার বাজেট নয়, আদর্শের বাজেট। প্রতিটি কর্মসূচি দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।’নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ অন্যান্য অতিথি ও নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা।

  • ফরম ফিলাপের নামে শিক্ষার্থীর টাকা আত্মসাৎ, আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক অমিত সরকার গ্রেপ্তার

    ফরম ফিলাপের নামে শিক্ষার্থীর টাকা আত্মসাৎ, আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক অমিত সরকার গ্রেপ্তার

    এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের নামে এক শিক্ষার্থীর কাছ থেকে টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ফরম পূরণ না করে অর্থ আত্মসাতের অভিযোগে নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের অফিস সহায়ক অমিত কুমার সরকারকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার (৪ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ মার্চ ২০২৬ তারিখে লালপুর উপজেলার বড়বড়িয়া গ্রামের মো. ইমামুল হকের মেয়ে ও আব্দুলপুর সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. ইসরাত জাহান সুচি এইচএসসি পরীক্ষার ফরম ফিলাপের জন্য ৩ হাজার ৫০০ টাকা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কলেজে যান। এ সময় কলেজের অফিস সহায়ক অমিত কুমার সরকার নিজেই এসব কাগজপত্র ও টাকা গ্রহণ করে আশ্বাস দেন যে, নির্ধারিত সময়ের মধ্যেই তার ফরম ফিলাপ সম্পন্ন করা হবে।

    পরবর্তীতে বিভিন্ন সময় ইসরাত জাহান সুচি ফরম ফিলাপের অগ্রগতি জানতে চাইলে অমিত সরকার তাকে বারবার আশ্বস্ত করেন যে কোনো সমস্যা নেই এবং সময়মতো সব সম্পন্ন হবে।

    গত ২৯ জুন কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণের খবর পেয়ে কলেজে যাওয়ার প্রস্তুতি নিলে অমিত সরকার ফোন করে জানান, কলেজের অধ্যক্ষ প্রবেশপত্র নিয়ে রাজশাহীতে অবস্থান করছেন, তাই পরদিন কলেজে যেতে হবে।

    এরপর ৩০ জুন ইসরাত ও তার বাবা কলেজে গেলে অমিত সরকার আবারও জানান, প্রবেশপত্রে সমস্যা হওয়ায় সেটি রাজশাহীতে পাঠানো হয়েছে এবং সংশোধন শেষে দেওয়া হবে। পরে ১ জুলাই আবারও তিনি ফোন করে জানান, প্রবেশপত্রের সমস্যা সমাধানে তিনি নিজেই রাজশাহী যাচ্ছেন।

    এতে সন্দেহের সৃষ্টি হলে একই দিন ইসরাত জাহান সুচির বাবা কলেজের অধ্যক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। অধ্যক্ষ কম্পিউটারে যাচাই করে জানান, ইসরাত জাহান সুচির কোনো ফরমই ফিলাপ করা হয়নি। এরপর বিষয়টি স্পষ্ট হলে লালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়।

    অভিযোগের ভিত্তিতে লালপুর থানা পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শুক্রবার (৩ জুলাই) রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকা থেকে অভিযুক্ত অমিত সরকারকে গ্রেপ্তার করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয় এবং তার বিরুদ্ধে অপরাধজনক বিশ্বাসভঙ্গ ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রুজু করা হয়। শনিবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে