Blog

  • ‘তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না’

    ‘তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না’

    ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিজেকে ‘জুলাই যোদ্ধা’ হিসেবে পরিচয় দেওয়া মোহাম্মদ শাহিন মালু বলেছেন, দেশের মানুষ যদি দেশকে ভালোবাসে, তাহলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, এ নিয়ে কোনো কথা চলবে না।

    শনিবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ আহত পরিবারের প্রতিনিধি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।শাহিন মালু বলেন, ‘আমরা আজ বিদেশের মাটিতে কাজ করতে যাই। তারেক রহমানকে ১০ বছর সময় দেন, বিদেশ থেকে মানুষ আমাদের দেশে এসে কাজ করবে।’

    এ সময় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই-আগস্টের আন্দোলনে বিএনপিপন্থী আহত ও নিহতদের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করত। তিনি দাবি করেন, বিএনপিকে ভালোবাসতে গিয়ে তিনি সব হারিয়েছেন। ‘১৭ বছর কষ্ট করেছি, তারপরও দলের দিকেই তাকিয়ে আছি। আমাদের ভালো কিছু দেওয়া হয় না। কিন্তু হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম কোটি কোটি টাকার মালিক হয়েছেন,’ বলেন তিনি। নিজের হাঁটার ক্রাচ দেখিয়ে শাহিন মালু বলেন, ‘আমরা এখনো এই ক্রাচের ওপর ভর করেই চলছি।’জিয়া পরিবার দেশের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বলেও মন্তব্য করেন তিনি। শাহিন মালু বলেন, ‘দেশকে ভালোবাসতে গিয়ে জিয়া পরিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের মানুষকে ভালো রাখতে গিয়ে তারেক রহমান ১৭ বছর দেশে ফিরতে পারেননি। আমি শুধু একটি কথাই বলব, দেশ যদি ভালো চান, তাহলে তারেক রহমানের দিকে তাকাতে হবে।’

    সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতা এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, খাগড়াছড়িতে ছাত্রলীগ নেতা আটক

    জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা, খাগড়াছড়িতে ছাত্রলীগ নেতা আটক

    খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি নুরুল আলম রনিকে আটক করেছে পুলিশ।
    শনিবার (৪ জুলাই) সকালে খাগড়াছড়ি শহরের নিজ বাসা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন।

    ওসি জানান, শুক্রবার গভীর রাতে (রাত ১১টা থেকে ১২টার মধ্যে) দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ব্যক্তি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে এসে অকটেন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। পরে তারা ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

    তিনি আরও জানান, ভিডিওতে শহরের শালবাগান এলাকার বাসিন্দা হাসানুলকে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলায় দুজনের নাম উল্লেখসহ আরও ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হবে বলে জানিয়েছে পুলিশ।

  • ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’: জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

    ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম…’: জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

    শনিবার (৪ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন। জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং তাদের আত্মত্যাগকে সম্মান জানাতে এই সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের আবেগঘন বক্তব্যের পর নিজের পরিবার ও দেশের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে কথা বলেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রী জানান, জুলাই অভ্যুত্থানের প্রতিটি আত্মত্যাগের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হবে। তবে তিনি প্রতিশোধের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিয়মতান্ত্রিক বিচারের ওপর জোর দেন। তিনি বলেন, ‘যারা হত্যা ও নির্যাতনের জন্য দায়ী, তাদের অবশ্যই বিচার করা হবে। কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে বিচারের নামে আমরা যেন কোনো অবিচার না করি। স্বৈরাচারী সরকার যেভাবে বিচার ব্যবস্থা ব্যবহার করে মানুষের ওপর অবিচার করেছে, আমরা যেন সেই পথ অনুসরণ না করি।’শহীদদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, ‘যে শহীদ হয়েছে, সে যদি ওপর থেকে দেখে যে তার হত্যার বিচার করতে গিয়ে আমরা অন্য কারো ওপর অন্যায়-অবিচারের আশ্রয় নিচ্ছি, তাহলে সেই শহীদ কষ্ট পাবে। আইন অনুযায়ী হত্যাকারীদের সঠিক বিচার করা হবে, প্রয়োজনে বিচার প্রক্রিয়ার জন্য সময় নেয়া হবে।’

    দেশে দীর্ঘমেয়াদি জাতীয় ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিকে বিভক্ত করে দেশকে কোনোভাবেই সামনের দিকে এগিয়ে নেয়া যায় না। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই গণ-অভ্যুত্থানে প্রত্যেকের ত্যাগের মূল্যায়ন করা হবে, তবে তার মানে এই নয় যে কাউকে বঞ্চিত করে তা করা হবে।’

    তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানে যে অর্জন এসেছে তা কোনো একক ব্যক্তি বা একক দলের নয়; এ অর্জন দেশের প্রতিটি শান্তিপ্রিয়, প্রতিটি গণতান্ত্রিক মানুষের। জুলাইয়ে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের লক্ষ্য ছিল এ দেশের ব্যবস্থার পরিবর্তন, মানুষের ভাগ্য পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্যেই আমাদের সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’উপস্থিত শহীদ পরিবার ও সাধারণ মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ জুলাই শহীদদের সত্যিকারের সম্মান করতে হলে আমাদের কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। দেশকে যদি আমরা সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারি, তবেই ভবিষ্যতে আপনারা গর্ব করে বলতে পারবেন যে নিজেদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আপনারা দেশের ভাগ্য পরিবর্তন করতে পেরেছেন। সবার কাছে আমার এটাই প্রত্যাশা।’

    জাতীয় সংসদের প্রধান হুইপ নুরুল ইসলাম মনির সভাপতিত্বে এই স্মরণ সভায় জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং বিভিন্ন দেশের কূটনীতিকরা।

  • আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, শিগগির দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের দাফন হয়ে গেছে, শিগগির দল হিসেবে বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। রাজনৈতিকভাবে নিপাত ও নির্মূল হয়েছে। দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।

    শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, এই জুলাইয়ের চেতনা নিয়ে যেন আমরা কেউ ব্যবসা না করি। যারা জুলাইয়ের চেতনা নিয়ে বিভিন্নভাবে রাজনৈতিক সংগঠন করে রাজনৈতিক খাতে ফায়দা নেওয়ার জন্য চেতনা বিক্রি করছে, তাদের পরিণতি কিন্তু ভবিষ্যতে দেখা যাবে। যারা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করত, তারা চেতনা বিক্রি করতে করতে আজকে দিল্লি যেয়ে বসে আছে।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বাংলাদেশ রক্তে রঞ্জিত হয়েছে। শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা ৫ আগস্ট বিজয় অর্জন করেছি। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে যদি হিসাব করা হয়, তাহলে শহীদদের মধ্যে সবচেয়ে বড় অংশ জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী।

    তিনি বলেন, জাতিসংঘের প্রতিবেদনে ১ হাজার ৪০০ জন নিহতের কথা উল্লেখ থাকলেও বিভিন্ন গণমাধ্যম ও জরিপে ৭০০ থেকে ৮০০ জনের তথ্য পাওয়া যায়। অনেক শহীদের তথ্য সংরক্ষণ করা সম্ভব হয়নি বলেও দাবি করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক শহীদের হাসপাতালের নথিপত্র পর্যন্ত গায়েব করে দেওয়া হয়েছে। অনেককে ওয়ারিশবিহীন লাশ হিসেবে দাফন করা হয়েছে। আজও অনেক পরিবার তাদের স্বজনের কবরের সন্ধান জানে না।

    তিনি অভিযোগ করেন, এত বড় গণহত্যার পরও শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই। বরং তারা জুলাই যোদ্ধাদের অপরাধী হিসেবে আখ্যা দিচ্ছে, বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্র হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না।

    আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে। রাজনৈতিকভাবে নিপাত ও নির্মূল হয়েছে। দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না।

    তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি আমরা করেছি, জনগণও করেছে। তদন্ত এগিয়ে চলছে। ইনশাআল্লাহ খুব শিগগিরই রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় নেওয়া হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান ও সংশ্লিষ্ট আইন সংশোধনের মাধ্যমে রাজনৈতিক দল ও সংগঠনের বিচার করার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসবিরোধী আইন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-সংক্রান্ত আইনি কাঠামোতে রাজনৈতিক দলের বিচার করার বিধান রয়েছে। তাই সবাইকে ধৈর্য ধরতে হবে।

    বিচার কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, জুলাই আন্দোলন-সংক্রান্ত পাঁচটি হত্যা, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ইতোমধ্যে হয়েছে। আরও ২৭টি মামলা বিচারাধীন এবং ৭২টি মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

    তিনি জানান, শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্যসহ কয়েকজনকে বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছে। গণহত্যা মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া তৎকালীন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা, চানখারপুল হত্যা মামলা এবং রামপুরার একটি হত্যা মামলাসহ বিভিন্ন মামলার রায়ের কথাও তুলে ধরেন তিনি।

    শহীদদের পরিবারের প্রতি সরকারের দায়বদ্ধতার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বিচার কার্যক্রম এগিয়ে নিচ্ছে এবং সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে কাজ করছে।

  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

    শনিবার (৪ জুলাই) বিকাল ৫টায় বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।দুপুরে দলের দফতর শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা

    তবে সংবাদ সম্মেলনের বিষয়বস্তু সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক দলের একটি সূত্র জানিয়েছে, দলের কয়েকজন শীর্ষ নেতাকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদনের বিষয়ে দলের অবস্থান তুলে ধরতেই এ সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে।

  • গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৬০

    গত ২৪ ঘণ্টায় ঢাকায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৬০

    রাজধানীতে নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে ৬০টি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি।

    গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪৭ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৫ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৮ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৪৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৮৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৬ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৭ জন, উত্তরা বিভাগে ৫০ জন, গোয়েন্দা কর্তৃক ৫ জন এবং সিটিটিসি কর্তৃক দুজনকে গ্রেপ্তার করা হয়।এ সময় তাদের হেফাজত থেকে ৭ কেজি ৪৮৮ গ্রাম গাঁজা, ৬ হাজার ৭৪৬ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ৫ বোতল ফেন্সিডিল, একটি প্রাইভেটকার, একটি এ্যাম্বুলেন্স, একটি মোটরসাইকেল, ৫টি মোবাইল, একটি ভেনিটি ব্যাগ, মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ২৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

  • ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য: এবি পার্টির ফুয়াদকে উকিল নোটিস

    ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে মন্তব্য: এবি পার্টির ফুয়াদকে উকিল নোটিস

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে ‘অবমাননাকর’ বক্তব্যের অভিযোগে আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে আইনি নোটিস পাঠানো হয়েছে।

    তাকে বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে সেই নোটিসে।

    সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী তনয় কুমার সাহা বৃহস্পতিবার ইমেইলে এবি পার্টির এই নেতাকে নোটিস পাঠিয়েছেন।এছাড়া রোববার ডাকযোগে নোটিসটি পাঠাবেন বলেছেন তিনি।

    আসাদুজ্জামান ফুয়াদ ছাড়াও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এই নোটিসের কপি পাঠানো হয়েছে।

    নোটিস পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে হাই কোর্টে রিট মামলা করা হবে, বলা হয়েছে নোটিসে।এতে বলা হয়েছে, গত ১ জুলাই ডাকসু কার্যালয়ে ‘বাঙালি মুসলমানের জাগরণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়’ শীর্ষক এক আলোচনা সভায় আসাদুজ্জামান ফুয়াদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও শিক্ষকদের বিরুদ্ধে ‘অবমাননাকর ও বিদ্বেষপূর্ণ’ মন্তব্য করেন।

    তিনি গত ৫০ থেকে ৭০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন। জাতীয় ক্ষতির জন্য তাদের দায়ী করে পরিকল্পিতভাবে তারা দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করছেন বলে মন্তব্য করেন।

    এছাড়া শিক্ষকদের লক্ষ্য করে বিভাজন সৃষ্টিকারী গালিগালাজ করার কথাও নোটিসে বলা হয়েছে।

    নোটিসে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতি আসাদুজ্জামান ফুয়াদের বিরুদ্ধে যথাযথ আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। তাকে তার বক্তব্য নিঃশর্তভাবে প্রত্যাহার করে ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জনসমক্ষে ক্ষমা চাইতে বলা হয়েছে।

    এছাড়া বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক খ্যাতি ও সুনাম ক্ষুণ্ণ করার দায়ে দৃষ্টান্তমূলক ক্ষতিপূরণ হিসেবে ১০০ কোটি টাকা সরাসরি ‘ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা তহবিলে’ জমা দিতে বলা হয়েছে।

  • জীবননগরে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

    জীবননগরে চারটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি, সেচ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

    চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠে রাতের আঁধারে চারটি বৈদ্যুতিক সেচ পাম্পের ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার কৃষকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। চলতি মৌসুমে সেচ কার্যক্রম চলমান থাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় বিপাকে পড়েছেন কৃষকরা। এদিকে ট্রান্সফরমার চুরির ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    ভোর রাতে সীমান্ত ইউনিয়নের যাদবপুর মাঠ এলাকায় এ চুরির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যাদবপুর গ্রামের মৃত আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে আবু জাফরের সেচ পাম্প থেকে তিনটি ট্রান্সফরমার এবং একই ইউনিয়নের কয়া গ্রামের আনার আলীর সেচ পাম্প থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়েছে।

    ভুক্তভোগীরা জানান, প্রতিদিনের মতো তারা সেচ পাম্পের কাজ শেষে বাড়ি ফিরে যান। শুক্রবার সকালে মাঠে গিয়ে দেখেন সেচ পাম্পের ট্রান্সফরমারগুলো নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তারা নিশ্চিত হন, রাতের আঁধারে দুর্বৃত্তরা ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে।

    ক্ষতিগ্রস্ত কৃষক আবু জাফর বলেন, আমার সেচ পাম্পের তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে গেছে। এখন জমিতে পানি দেওয়া নিয়ে বড় সমস্যায় পড়ে গেছি। এই সময়ে সেচ বন্ধ থাকলে ফসলের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ট্রান্সফরমার উদ্ধার ও চোরদের শনাক্ত করার দাবি জানাচ্ছি।

    আরেক কৃষক আনার আলী বলেন, আমরা কৃষিকাজ করেই জীবিকা চালাই। মাঠের সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হওয়ায় শুধু আমার না, আশপাশের অনেক কৃষকের জমিতে পানি দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ ধরনের চুরি বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

    স্থানীয় কৃষকদের দাবি, কৃষি মৌসুমে সেচ ব্যবস্থা সচল রাখা অত্যন্ত জরুরি। কিন্তু একের পর এক কৃষি সরঞ্জাম ও ট্রান্সফরমার চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি হওয়া ট্রান্সফরমার উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।

    এ বিষয়ে জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) সোলায়মান শেখ বলেন, ট্রান্সফরমার চুরির বিষয়টি উদ্বেগজনক। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • শহীদ পরিবারের কষ্ট আমি অনুভব করি: প্রধানমন্ত্রী

    শহীদ পরিবারের কষ্ট আমি অনুভব করি: প্রধানমন্ত্রী

    জুলাই শহীদ পরিবারের বেদনা, আহত যোদ্ধাদের শারীরিক যন্ত্রণা এবং দীর্ঘ আন্দোলনের ক্ষত তিনি গভীরভাবে অনুভব করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের কষ্ট শুধু ব্যক্তিগত নয়, এটি পুরো জাতির বেদনা।শনিবার (৪ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাইযোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’ এ প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    তারেক রহমান বলেন, এখানে উপস্থিত অনেক মা তাদের সন্তানকে হারিয়েছেন।কেউ দেখেছেন কীভাবে তার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে, কেউ দেখেছেন কীভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আবার অনেক ভাই নিজের ভাইকে হারিয়েছেন।
    এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।
    তিনি আরও বলেন, আপনাদের যে কষ্ট, সেই কষ্ট আমিও অনুভব করতে পারি।

    শারীরিকভাবে যারা নির্যাতিত হয়েছেন, যারা এখনো যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন, সেই কষ্টও আমি উপলব্ধি করতে পারি।
    প্রধানমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই অভ্যুত্থানে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। কেউ প্রাণ দিয়েছেন, কেউ স্থায়ীভাবে আহত হয়েছেন, আবার অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন।

    তিনি আরও বলেন, শুধু শারীরিক নয়, মানসিক নির্যাতনের ক্ষতও গভীর। এই যন্ত্রণা শুধু একজন ব্যক্তি নয়, একটি পরিবার, একটি সমাজ এবং শেষ পর্যন্ত পুরো জাতিকে বহন করতে হয়।

    তারেক রহমান বলেন, শহীদ পরিবার এবং আহত যোদ্ধাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন রাষ্ট্রের দায়িত্ব। একইসঙ্গে তাদের বিরুদ্ধে সংঘটিত অন্যায়ের বিচার নিশ্চিত করাও জরুরি।

    তিনি আরও বলেন, যারা অন্যায় করেছে, যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার অবশ্যই হবে। তবে আমরা চাই, বিচারের নামে যেন আরেকটি অবিচার না ঘটে। বিচার হতে হবে ন্যায়সংগত ও আইনের ভিত্তিতে।

    প্রধানমন্ত্রী বলেন, যাদের হারানো হয়েছে তারা আর কখনো ফিরে আসবেন না। কিন্তু তাদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না।

    তিনি আরও বলেন, আমাদের দায়িত্ব এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে মানুষের অধিকার নিশ্চিত হবে, ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারবে-এই পরিবর্তনের পেছনে শহীদদের আত্মত্যাগ রয়েছে।

    বক্তব্যের শেষে জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তাদের আত্মত্যাগের লক্ষ্য বাস্তবায়নই হবে তাদের প্রতি প্রকৃত সম্মান।

  • জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি

    জুলাই আন্দোলন নিয়ে কটাক্ষের অভিযোগে শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে জিডি

    জুলাই আন্দোলনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর মন্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

    শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর প্রতিনিধিরা শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এসআই স্বপন।
    অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন, এর স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগকে অবমাননা করে বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রচার চালিয়েছেন, যা জনমনে বিভ্রান্তি ও ক্ষোভের জন্ম দিয়েছে।

    লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অথচ এ আন্দোলনকে ঘিরে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এর তাৎপর্য খাটো করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।

    এ ছাড়া অভিযোগে বলা হয়েছে, শান্তা ফারজানা নামে অভিযুক্ত নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন। অভিযোগকারীদের ভাষ্য, ওই ভিডিও জনসাধারণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

    এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এর সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হবে। তদন্তে অভিযোগের প্রমাণ মিললে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।