Blog

  • আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য সাতদিন ছুটি দিয়েছি: ট্রাম্প

    আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনের জন্য সাতদিন ছুটি দিয়েছি: ট্রাম্প

    ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও শেষ বিদায়ের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়েছে। ছয় দিনের এই কর্মসূচি স্থানীয় সময় শনিবার সকালে শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

    এদিকে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “খামেনির দাফন অনুষ্ঠানের জন্য তেহরানকে এক সপ্তাহের সময় দেওয়া হয়েছে।”

    শুক্রবার রাতে মাউন্ট রাশমোরে যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী উদযাপনের উদ্বোধনী ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব, কমিউনিজমের হুমকি এবং বিশ্বে তার দেশের সামরিক শক্তি নিয়ে দীর্ঘক্ষণ দম্ভ প্রকাশ করেন।

    এ সময় তিনি বলেন, “আমরা একদিনে ভেনিজুয়েলাকে হারিয়েছি এবং ইরানকে একেবারে ধরাশায়ী করেছি। তারা এখন এতটাই মীমাংসা করতে চায় যে, তারা মীমাংসার জন্য মরিয়া হয়ে আছে।”

    তিনি আরও যোগ করেন, “আমরা ভালো মানুষ বলেই দাফন অনুষ্ঠানের জন্য এক সপ্তাহের ছুটি দিয়েছি।”

    এর আগে আয়াতুল্লাহ আলী খামেনির কফিন শুক্রবার প্রকাশ্যে আনা হয়। ওইদিন বিভিন্ন দেশ থেকে আসা নেতারা ইরানের নিহত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শনিবার ও রবিবার তার কফিন থাকবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে প্রতিশোধের প্রতীক লাল পতাকা হাতে ইতোমধ্যেই জড়ো হয়েছেন বহু মানুষ।

    তেহরানের কার্যক্রম শেষে খামেনির মরদেহ নিয়ে যাওয়া হবে পর্যায়ক্রমে কোমে এবং ইরাকের নাজাফ হয়ে কারবালায়। পরে সেখান থেকে ইরানের মাশহাদ শহরে নিয়ে এসে ইমাম রেজার মাজারে দাফন করা হবে তাকে।

  • মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

    মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

    মালদ্বীপে মেজবাহ উদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে রাজধানী মালের সিট্রন বাই লেমনগ্রাস কোম্পানির স্টাফ কোয়ার্টার থেকে স্থানীয় প্রশাসন তার মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন একই প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশি কবির আহমেদ।

    তিনি জানান, মেজবাহ উদ্দিন কোম্পানির স্টাফ কোয়ার্টারে অন্যান্য সহকর্মীদের সঙ্গে থাকতেন। রাতের দিকে সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়।

    মেজবাহ ফেনী জেলার সোনাগাজী উপজেলার ভোরের বাজার এলাকার মাহাদিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোজিবুল হক (সুরুজ মিয়া)।

    নিহতের মামা মো. জহিরুল ইসলাম বলেন, জীবিকার সন্ধানে চলতি বছরের ফেব্রুয়ারিতে মেজবাহ মালদ্বীপে যান। মেজবাহ কিছু ব্যক্তিগত ও মানসিক চাপের মধ্যে ছিলেন। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন এবং মালদ্বীপ পুলিশের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন।

  • বিশ্বের সবচেয়ে বড় রোডিও শো ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’ এ বাংলাদেশের পতাকা

    বিশ্বের সবচেয়ে বড় রোডিও শো ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’ এ বাংলাদেশের পতাকা

    কানাডার অ্যালবার্টার ক্যালগেরি শহরে চলছে বিশ্বের সবচেয়ে বড় রোডিও শো ‘ক্যালগেরি স্ট্যাম্পিড’। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটক আর প্রবাসী বাঙালিদের প্রাণের স্পন্দন আর পর্যটকদের আনাগোনায় মুখর পুরো ক্যালগেরি শহর।

    ঐতিহ্যবাহী ক্যালগেরি স্ট্যাম্পিড প্রথম শুরু হয় ১৯১২ সালে। এটি কাউবয় খ্যাত ক্যালগেরির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের আইকনিক। এ বছর ৩ জুলাই থেকে শুরু হয়ে ১০ দিনের স্ট্যাম্পিড চলবে ১৩ জুলাই পর্যন্ত। বড় বাজেটের জমকালো এই উৎসবে এই প্রথমবারের মতো বাংলাদেশ ক্যালগারি স্ট্যাম্পিড প্যারেডে প্রতিনিধিত্ব করছে।

    বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র উদ্যোগে প্রচুরসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, শহীদ মিনার, সাভারের জাতীয় স্মৃতিসৌধ, এবং রয়েল বেঙ্গল টাইগারকে চারুকলা প্রদর্শনীর মধ্যে দিয়ে তুলে ধরেন। এ সময় বাংলাদেশের জাতীয় পতাকা বিশ্বের দরবারে লক্ষাধিক দর্শকদের নজর কাড়ে।

    বাংলাদেশ কানাডা অ্যাসোসিয়েশন অফ ক্যালগেরি’র আয়োজকরা জানান, বাংলাদেশের রয়েছে নিজস্ব সংস্কৃতির বলয়। আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে তুলে ধরার পাশাপাশি আমাদের নতুন প্রজন্ম কে বিদেশি সংস্কৃতির সঙ্গে একীভূত করতেই এই উদ্যোগ। আমাদের নতুন প্রজন্ম যুগের পর যুগ আমাদের সংস্কৃতি কে ধরে রাখবে এটাই আমাদের প্রত্যাশা।

  • বারহাট্টায়  আমার গ্রাম আমার শহর প্রকল্পের টয়লেট নির্মাণে অনিয়মের অভিযোগ, হাত দিয়ে টানলেই উঠে আসছে সিমেন্ট ও প্লাস্টার

    বারহাট্টায় আমার গ্রাম আমার শহর প্রকল্পের টয়লেট নির্মাণে অনিয়মের অভিযোগ, হাত দিয়ে টানলেই উঠে আসছে সিমেন্ট ও প্লাস্টার

    ওমর ফারুক আহম্মদ (নেত্রকোণা) প্রতিনিধিঃ
    নেত্রকোণার বারহাট্টায় আমার গ্রাম আমার শহর প্রকল্পের টয়লেট নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, অপর্যাপ্ত সিমেন্ট, ত্রুটিপূর্ণ ঢালাই এবং দুর্বল কাঠামোর কারণে উদ্বোধনের আগেই অনেক টয়লেটে ফাটল ও প্লাস্টার খসে পড়ছে। টয়লেটের পিলারে রডের খাঁচা তৈরির পরিবর্তে কোথাও একটি মাত্র রড ব্যবহার করারও অভিযোগ উঠেছে।রডের পরিবর্তে জিআই তার ব্যবহার, নিম্নমানের কাঠ ও অল্প টিন ব্যবহারের কারণে অনেক টয়লেটের ছাউনি দিয়ে শুরু থেকেই পানি পড়ছে।

    সরেজমিনে পরিদর্শনে গেলে দেখা যায়, বেশ কয়েকটি টয়লেটের দেয়াল ও ঢালাইয়ের অংশ হাতের চাপেই ভেঙ্গে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীর বিটবালু ব্যবহার এবং প্রয়োজনের তুলনায় কম সিমেন্ট দেওয়ায় এমনটা হচ্ছে । অনেক উপকারভোগী বাধ্য হয়ে নিজেদের অর্থে অতিরিক্ত দুই থেকে তিন বস্তা সিমেন্ট কিনে দিলেও কাঙ্ক্ষিত মান নিশ্চিত না হওয়ার অভিযোগ উঠেছে।

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বারহাট্টা উপজেলা শাখা সূত্রে জানা যায়,আমার গ্রাম আমার শহর প্রকল্পের আওতায় সাহতা ইউনিয়নের ডেমুড়া গ্রামে মোট ১৯০ টি টয়লেট নির্মাণের কাজ চলমান রয়েছে। প্রতিটি টয়লেট নির্মাণে ৪৪ হাজার ৯৭৯ টাকা করে ব্যয় ধরে মোট ব্যয়ের পরিমাণ ৮৫ লক্ষ ৪৫ হাজার ৯১০ টাকা।প্রকল্পটি ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনও অনেক উপকারভোগীর বাড়িতে নির্মাণসামগ্রীই পৌঁছায়নি।

    ডেমুরা গ্রামের উপকারভোগী রফিকুল ইসলাম জানান, ঠিকাদার প্রতিষ্ঠানকে নিজের টাকায় সিমেন্ট কিনে দিতে হয়েছে। এরপরও নির্মাণকাজ সন্তোষজনক হয়নি।

    স্থানীয় বাসিন্দা শামসুজ্জামান কানন বলেন, এলাকার প্রায় সব টয়লেটের কাজই নিম্নমানের হয়েছে। উদ্বোধনের আগেই অনেকগুলোতে ফাটল দেখা দিয়েছে। আমরা বারবার আপত্তি জানিয়েও কোনো প্রতিকার পাইনি।

    এ বিষয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মো. বিদ্যুৎ মিয়া বলেন, আমরা সর্বাবস্থায় কাজের তদারকি করছি। অনিয়মের কোনো সুযোগ নেই।

  • পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন কলি রানী

    পা দিয়ে লিখে পরীক্ষা দিচ্ছেন কলি রানী

    তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট কলি রানী। জন্ম থেকে শারীরিক প্রতিবন্ধী। তৃতীয় শ্রেণিতে পড়ার সময় কলির বাবা মারা যান। তবে ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবল সঙ্গী করে পা দিয়ে লিখে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন রংপুরের কাউনিয়া কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী কলি রানী।

    জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি। বৃহস্পতিবার কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রে অন্য পরীক্ষার্থীদের সঙ্গে বসে পা দিয়ে লিখে পরীক্ষা দিয়েছেন কলি। এর আগে পা দিয়ে লিখে কৃতিত্বের সঙ্গে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। শুধু পড়ালেখাই নয়, গানেও রয়েছে তাঁর অসাধারণ দক্ষতা। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে তিনি একাধিক পুরস্কার অর্জন করেছেন। কাউনিয়া উপজেলার গদাই গ্রামের মৃত মনোরঞ্জন রায়ের মেয়ে কলি।

    কলির মা রুপালি রানী জানান, তাঁর মেয়ে জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। পারিবারিক সহযোগিতা, সহপাঠীদের উৎসাহ, শিক্ষকদের অনুপ্রেরণা, আর নিজের অদম্য ইচ্ছাশক্তি পুঁজি করে পড়ালেখা চালিয়ে যাচ্ছে কলি। কলি রানী জানান, তিনি লেখাপড়া শেষ করে বিসিএস ক্যাডার হয়ে মানুষের সেবা করতে চান। কাউনিয়া মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও কেন্দ্রসচিব রফিকুল ইসলাম বলেন, ‘শারীরিক প্রতিবন্ধী হিসেবে আলাদা কক্ষে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও কলি রানীর ইচ্ছায় সবার সঙ্গে বসে সে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। বোর্ডের নিয়ম অনুযায়ী তাকে ৩০ মিনিট সময় বেশি দেওয়া হচ্ছে।’

  • সাংবাদিক দেখে চিকিৎসকের দৌড় ভিডিও ভাইরাল

    সাংবাদিক দেখে চিকিৎসকের দৌড় ভিডিও ভাইরাল

    চাঁপাইনবাবগঞ্জে সরকারি অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে রোগী দেখার সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে এক চিকিৎসকের দৌড়ে চলে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার জেলা শহরের আরামবাগ এলাকার চাঁপাই অ্যাপোলো হাসপাতালে ঘটে।

    জানা গেছে, অভিযুক্ত চিকিৎসক ডা. মো. ইনজামাম উল হক জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর)। ভাইরাল ভিডিওতে তাকে এক রোগীর আলট্রাসনোগ্রাম করার সময় সাংবাদিকদের দেখে দ্রুত হাসপাতাল ত্যাগ করতে দেখা যায়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। চাঁপাই অ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান মো. সালাউদ্দিন দাবি করেন, দুপুরের বিরতিতে চিকিৎসা দিতে হাসপাতালে এসেছিলেন ওই চিকিৎসক। তবে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ডা. ইনজামাম উল হকের বক্তব্য পাওয়া যায়নি। পরে তিনি ফেসবুকে বিষয়টি ‘ভুল বোঝাবুঝি’ উল্লেখ করে নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। জেলা সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, ওইদিন দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংশ্লিষ্ট চিকিৎসক দাপ্তরিক কাজে তার সঙ্গে ছিলেন। অফিস চলাকালে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা

    চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা

    অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কের জনপদে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। কখনো স্বার্থে আঘাত কিংবা তুচ্ছ ঘটনা বা আধিপত্য বিস্তার নিয়ে কথায় কথায় প্রকাশ্যে আনা হচ্ছে আগ্নেয়াস্ত্র। ট্রিগার চেপে কেড়ে নেওয়া হচ্ছে তরতাজা প্রাণ। প্রকাশ্যে একের পর এক রোমহর্ষক ঘটনা ঘটলেও সিংহভাগ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে থাকছে অস্ত্রধারীরা।

    অনুসন্ধানে দেখা যায়, চট্টগ্রামের বেশির ভাগ এলাকায় চলছে প্রকাশ্য অস্ত্রের মহড়া। পাড়ার মোড়ে আড্ডায়, চাঁদাবাজির ভাগ-বাঁটোয়ারা, টেন্ডারবাজি, কিশোর গ্যাংয়ের বিরোধ কিংবা রাজনৈতিক মাঠে পেশিশক্তির মহড়া-সবখানেই এখন অস্ত্রের দাপট। একসময় কেবল দেশীয় অস্ত্রের ব্যবহার থাকলেও এখন সন্ত্রাসীদের হাতে শোভা পাচ্ছে অত্যাধুনিক বিদেশি পিস্তল ও রিভলবার। এলাকাভিত্তিক আধিপত্য বিস্তার করতে গিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ওপর বিনা দ্বিধায় গুলি চালাচ্ছে। অস্ত্রের এসব মহড়ার নেপথ্যে ঘুরেফিরে আসছে চট্টগ্রাম নগরী ও জেলার অন্তত ২০ জন সন্ত্রাসী ও তাদের বাহিনীর নাম। এসব দুর্ধর্ষ সন্ত্রাসীর পেছনে রয়েছে কিছু অসাধু রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিদের অদৃশ্য ছায়া। এই গডফাদাররাই মূলত নিজেদের স্বার্থ হাসিল, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল এবং অবৈধ টাকার পাহাড় গড়তে এই অস্ত্রধারীদের পুষছে।

    আরও জানা যায়, চট্টগ্রামে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের সিংহভাগ উৎসই হচ্ছে বাংলাদেশ-ভারত-মিয়ানমারের কুখ্যাত ব্ল্যাক ট্রায়াঙ্গেল। কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির কিছু দুর্গম সীমান্ত এলাকা ব্যবহার করে প্রতিবেশী দেশ থেকে অবৈধ অস্ত্রের চালান ঢুকছে। সিন্ডিকেটগুলো অত্যন্ত সুকৌশলে এই অস্ত্রগুলো সমতলে নিয়ে আসছে। এসব অবৈধ অস্ত্র কেনাবেচার সিংহভাগ লেনদেন হচ্ছে হুন্ডি এবং ডার্ক ওয়েবভিত্তিক যোগাযোগের মাধ্যমে। ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়ানো তাদের জন্য সহজ হচ্ছে।

    গত ২২ জুন নগরীর কালুরঘাট ভারী শিল্প এলাকায় চাঁদার দাবিতে অস্ত্রের মহড়া দেয় সন্ত্রাসীরা। ১৩ জুন রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা মাসুদুল হক চৌধুরীকে। ৮ মে বায়েজিদে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় হাসান রাজু নামের এক ব্যক্তিকে। ১০ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে ২৮ ফেব্রুয়ারি পুলিশ পাহারার মধ্যেই সাবেক এমপি ও চট্টগ্রামের শীর্ষ ব্যবসায়ী মুজিবুর রহমানের নগরীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। এর আগে ২ জানুয়ারি মুজিবুরের বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ২৫ ফেব্রুয়ারি রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় আবদুল মজিদ নামের এক ব্যক্তিকে। ১১ ফেব্রুয়ারি রাউজান উপজেলার কদলপুরে চাঁদার দাবিতে এক প্রবাসীর বাসা লক্ষ্য করে গুলি করেছে সন্ত্রাসীরা। গত বছরের ১৬ ডিসেম্বর বায়েজিদ থানা এলাকায় চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদল নেতা আহমেদ রেজার বাড়ি লক্ষ্য করে গুলি করে সন্ত্রাসীরা। ২০ আগস্ট চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় চাঁদা না পেয়ে জাহাঙ্গীর আলম নামের এক আবাসন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা।

    তবে আইন প্রয়োগকারী সংস্থার দাবি, অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের সংখ্যা বিগত যেকোনো সময়ের চেয়ে বেড়েছে। পুলিশের পরিসংখ্যানমতে ২০২৬ সালের জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত চট্টগ্রাম অঞ্চলে (চট্টগ্রাম রেঞ্জ ও সিএমপি) ৩৫০টির মতো আগ্নেয়াস্ত্রসংক্রান্ত মামলা দায়ের হয়েছে থানাগুলোতে। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ৬২৪টি। ২০২৪ সালে ৫৪৮টি আগ্নেয়াস্ত্রসংক্রান্ত মামলা দায়ের করা হয়। এসব বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, ‘অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে। অনেকে গ্রেপ্তারও হয়েছেন। অভিযানের পরিসর আরও বিস্তৃত আকারে করার পরিকল্পনা চলছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আরও বড় সাফল্য দেখাতে পারব।’

  • দুপুর ১টার মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দুপুর ১টার মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

    দেশের কয়েকটি জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

    শনিবার (৪ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

    বার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

    জুলাই শহীদদের স্মরণে আজ সভায় থাকবেন প্রধানমন্ত্রী

    জুলাই শহীদদের স্মরণে আজ আয়োজিত স্মরণ সভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

    ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা কেন্দ্রীয় কমিটি’ যৌথভাবে এ সভা আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

  • কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?

    কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?

    গত ২৮ ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তার মৃত্যুর দীর্ঘ ৪ মাস পর অবশেষে শুরু হচ্ছে শেষকৃত্যের আনুষ্ঠানিকতা। ইসলাম ধর্মে দ্রুত দাফনের নিয়ম থাকলেও খামেনির দাফন কেন এতদিন দেরি হলো, তা নিয়ে জনমনে বড় প্রশ্ন দেখা দিয়েছে।

    অনেকে গুজব ছড়িয়েছিলেন যে তার লাশ সাময়িকভাবে কোথাও পুঁতে রাখা হয়েছিল। তবে ইরানি কর্মকর্তারা এই দাবি পুরোপুরি অস্বীকার করেছেন। তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধ অত্যন্ত ভয়াবহ ও বিপজ্জনক রূপ নেওয়ায় তখন শেষকৃত্য করা সম্ভব হয়নি। বর্তমানে দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় এই বিশাল জানাজার আয়োজন করা হচ্ছে।

    কর্মকর্তারা আরও জানান, ধর্মীয় ও আইনি নিয়ম মেনেই এতদিন তার মরদেহ সংরক্ষণ করা হয়েছিল। ইসলাম ধর্মে রাসায়নিক দিয়ে লাশ মমি বা তাজা রাখা নিষেধ। তাই খামেনির মরদেহ মমি না করে আধুনিক ফরেনসিক মর্গের হিমাগারে (ফ্রিজে) বরফ করে রাখা হয়েছিল। শিয়া ধর্মীয় আইন অনুযায়ী, বিশেষ জরুরি পরিস্থিতিতে লাশ ফ্রিজে রেখে দাফন দেরিতে করার সুযোগ রয়েছে।

    মৃত্যুর ৪ মাস পর এই জানাজাকে ইরান সরকার তাদের রাজনৈতিক শক্তির বড় পরীক্ষা হিসেবে দেখছে। তারা প্রায় ২ কোটি মানুষের সমাগম ঘটিয়ে বিশ্বকে নিজেদের ঐক্য দেখাতে চায়। শুক্রবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে খামেনি ও তার নিহত স্বজনদের লাশ রাখা হয়েছে। ৫টি শহরে শ্রদ্ধা জানানোর পর আগামী ৯ জুলাই মাশহাদ শহরে তাকে দাফন করা হবে।