Blog

  • প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

    প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

    বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (মহানন্দা সেতু) টোল মুক্ত করার দাবির আড়ালে মহানগরে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কুৎসিত স্লোগান ও হত্যার হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে আজ জেলা শহরে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা গত ০২/০৭/২০২৬ ইং বৃহস্পতিবার নামসর্বস্ব ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচির নামে মহাসড়ক প্রায় ৬ ঘণ্টা অবরোধ করে রাখার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করে কোনো দাবি আদায় হতে পারে না। রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল সাধারণ মানুষকে জিম্মি করে এই জনভোগান্তি সৃষ্টি করেছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
    সমাবেশে নেতৃবৃন্দ অত্যন্ত ক্ষোভের সাথে উল্লেখ করেন, উক্ত কর্মসূচিতে দেশের স্থপতি ও জনগণের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন স্লোগান দেওয়া হয়েছে এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটি গণতান্ত্রিক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং একটি চরম ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ড। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই রাষ্ট্রবিরোধী এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
    সমাবেশে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন: জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল, জেলা অটো সিএনজি বাইক সমিতির সাধারণ সম্পাদক সাইনুল ইসলামসহ অন্যরা।
    সমাবেশে বক্তারা স্ব-স্ব ইউনিটের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ধরনের অপশক্তি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে। জনস্বার্থ বিঘ্নিতকারী এবং দেশের শীর্ষ নেতৃত্বের সম্মানহানি করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।

  • খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১

    খাগড়াছড়ির জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১

    খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় স্মৃতিস্তম্ভটির বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

    শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ও সংশ্লিষ্টরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তা নিয়ন্ত্রণে আনেন। এতে স্মৃতিস্তম্ভটি অক্ষত থাকলেও পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    ঘটনার পরপরই পুলিশ অভিযান চালায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু জানান, অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শালবন হরিনাথ পাড়ার মো. হাসানুলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালানো হলেও তাকে পাওয়া যায়নি। পরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. রনি নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

    খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, “জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের বিষয়টি আমার জানা আছে। একটি গ্রুপ এ ধরনের নাশকতার চেষ্টা করেছিল। তবে তারা সফল হতে পারেনি এবং স্মৃতিস্তম্ভের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।”

    তিনি আরও জানান, ঘটনার পর স্মৃতিস্তম্ভ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। কারা এবং কী উদ্দেশ্যে এ অগ্নিসংযোগের চেষ্টা করেছে, তা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

  • সরিষাবাড়ীতে ত্রানের সেই ব্রিজের দুইপাশে রাস্তা নির্মাণ সম্পন্ন 

    সরিষাবাড়ীতে ত্রানের সেই ব্রিজের দুইপাশে রাস্তা নির্মাণ সম্পন্ন 

    গুলজার হোসেন সরিষাবাড়ী প্রতিনিধি ঃ
    জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের ঘুইঞ্চার চর কুলপাল খালের ওপর ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে ব্রিজের দুই পাশে একটু দেরিতে হলেও মাটির রাস্তা নির্মাণ সম্পন্ন হয়েছে। ব্রিজটি নির্মাণের দীর্ঘ দেড় থেকে দুই বছর পর এ সংযোগ সড়ক তৈরি হলো।

    সরিষাবাড়ীতে “রাস্তা ছাড়াই এক কোটি চৌদ্দ লাখ টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণ’ শিরোনামে একটি সংবাদ গণমাধ্যমে প্রকাশের পরপরই জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের মাননীয় সংসদ মোঃ ফরিদুল কবির তালুকদার শামীম (এমপি’র) নির্দেশনায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তাৎক্ষণিক পদক্ষেপে ব্রিজের দুইপাশে রাস্তার কাজটি সম্পন্ন করা হয়।

    বৃহস্পতিবার (২জুলাই) বিকালে কুলপাল ব্রিজে গিয়ে দেখা যায়, ব্রিজটির দুইপাশের জমি থেকে মাটি কেটে এ রাস্তা নির্মাণ করা হয়েছে। ব্রিজটির একপাশে প্রায় ১২/১৩’শ ফিট ও  অন্যপাশে ৫/৬’শ ফিট মাটির রাস্তা নির্মাণ করা হয়েছে বলে জানা যায়।

    উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানা গেছে, গণমাধ্যমে ব্রিজের সংবাদ প্রকাশ হওয়ায় রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় এমপির নির্দেশনায় নতুন করে এই রাস্তা নির্মাণ করা হয়।

    এলাকাবাসী বলছেন, ব্রিজের দুইপাশে রাস্তা হওয়ায় উপজেলার-৪নং আওনা ইউনিয়নের কুলপাল এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটে এবং মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হয়েছে। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়।

    বি. দ্রষ্টব্য- ২০২১-২০২২ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সেতু-কালভার্ট নির্মাণ প্রকল্পের অধীনে আওনা কুলপাল খালের উপর গার্ডার ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজটি দৈর্ঘ্য ১৫ মি.। এটি নির্মাণে চুক্তি মূল্য ছিল ১ কোটি ১৪ লাখ টাকা।

  • পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    পরিবেশ রক্ষায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে সৌর বিদ্যুতের ওপর বিশেষ মনোনিবেশ করেছে।

    তিনি বলেন, সরকার আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে দশ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

    আজ শনিবার সকালে যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও জিলা স্কুলের ১০ তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে যশোর শিক্ষা বোর্ডের উদ্যোগে এ দিন এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

    প্রতিমন্ত্রী বলেন, ‘অতীতে আমাদের বিদ্যুৎকেন্দ্রগুলো ডিজেল ও ফার্নেস অয়েল-নির্ভর ছিল। পরবর্তীতে তা গ্যাস ও কয়লাভিত্তিক হয়েছে। কিন্তু এগুলো প্রকৃতির ক্ষতি সাধন করছে। তাই সরকার এখন পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝুঁকছে।’

    তিনি আরও জানান, সরকার চলতি বাজেটে ইলেকট্রিক বাইকে ২০৩১ সাল পর্যন্ত শুল্ক-কর ছাড় দিয়েছে। একই সঙ্গে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে নীতিমালা গ্রহণ করা হয়েছে। পর্যায়ক্রমে সিটি করপোরেশন ও পৌরসভাগুলোর বর্জ্যকে বিদ্যুৎ উৎপাদনের উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হবে।

    শিক্ষকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মূল উদ্দেশ্য হলো প্রযুক্তির সমন্বয়ে পাঠদানকে আনন্দময় করে তোলা। শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহী করে তুলতে শিক্ষকদের আধুনিক ও আনন্দদায়ক শিক্ষাদান পদ্ধতির ওপর জোর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

    শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘লেখাপড়া শেষ করে তোমাদের মেধা ও যোগ্যতাকে বাংলাদেশ পুনর্গঠনে কাজে লাগাতে হবে। তোমরা কেউ যেন ভুল পথে পা না বাড়াও, সে বিষয়ে সতর্ক থাকবে। অনেক সময় বন্ধুরা অ্যাডভেঞ্চারের নামে প্রলুব্ধ করতে পারে, সেখান থেকে তোমাদের নিজেদের নিয়ন্ত্রণ করতে হবে। ’

    যশোর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে, সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন প্রকল্পের আওতায় ১৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর যশোর জিলা স্কুলে ১০ তলা একাডেমিক ভবনটি নির্মাণ করছে।

    ভবনটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী ভবনের নির্মাণস্থল পরিদর্শন করেন। পরে তিনি জিলা স্কুল মাঠে যশোর শিক্ষা বোর্ড আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন।

    অনুষ্ঠান দু’টিতে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ফারুকে আযম মু. আব্দুস ছালাম, জেলা বিএনপি’র সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, নগর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ প্রমুখ।

  • চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী

    বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী।

    শনিবার (৪ জুলাই) ভোর পৌনে ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট শেষে সন্ধ্যায় ব্যালট বাক্স সিলগালা করে গণনা শুরু করে নির্বাচন কমিশন। দীর্ঘ সময় ধরে ভোট গণনা শেষে শনিবার ভোরে ফলাফল ঘোষণা করা হয়।

    বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৫৭৩ জন ভোটারের মধ্যে ৪৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে ১৭টি ব্যালট বাতিল ঘোষণা করা হয় বলে জানায় নির্বাচন কমিশন।

    ঘোষিত ফলাফলে সভাপতি পদে শিবা সানু পেয়েছেন ২৪৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান পেয়েছেন ১৭৩ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন জয় চৌধুরী। তার প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট।

    এছাড়া সহ-সভাপতি পদে ইলিয়াস কোবরা ২১৬ ভোট (নির্বাচিত), ডিএ তায়েব ২৬০ ভোট (নির্বাচিত), নূতন ২০৪ ভোট এবং রোজিনা পেয়েছেন ১৫২ ভোট। সহ-সাধারণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত, এই পদে রিনা খান পেয়েছেন ১৫০ ভোট।

    সাংগঠিক সম্পাদক পদে চুন্নু পেয়েছেন ১৮২ ভোট এবং সনি রহমান ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পারভেজ চৌধুরী আবির, তিনি পেয়েছেন ২৭২ ভোট, এই পদে পপি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর , এই পদে রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট। সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক পদে ইউসুফ খান ৭২ ভোট এবং মুশফিকুল জামিল পেয়েছেন ১১৮ ভোট, তবে এই পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

    কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন কামরুজ্জামান কমল, তিনি পেয়েছেন ২২১ ভোট। একই পদে জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট।

    এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত ১১ জন হলেন- আলী রাজ ,কাবিলা, কায়েস আরজু, জেসমিন, নাসরিন, ফরহাদ, শিপন মিত্র, রাকা, চিকন আলী, শিরিন শিলা এবং সুশান্ত। এবারের নির্বাচনকে ঘিরে গত কয়েক সপ্তাহ ধরেই বিএফডিসিতে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি পূর্ণাঙ্গ প্যানেলের মধ্যে ছিল মূল প্রতিদ্বন্দ্বিতা। একদিকে ছিলেন আরমান–মুক্তি পরিষদ, অন্যদিকে শিবা শানু–জয় চৌধুরী পরিষদ। নির্বাচনের আগে প্রচার-প্রচারণা, প্যানেল পরিচিতি অনুষ্ঠান এবং ভোটারদের সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে সরগরম ছিল চলচ্চিত্রাঙ্গন।

  • কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে পাকুন্দিয়ায় মানববন্ধন

    কিশোরগঞ্জ ইকোনমিক জোন দ্রুত চালুর দাবিতে পাকুন্দিয়ায় মানববন্ধন

    কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়ায় নির্মাণাধীন কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা ঐতিহ্যবাহী কালিয়াচাপড়া চিনি কলের স্থানে গড়ে ওঠা এ প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

    শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় কালিয়াচাপড়া গেটসংলগ্ন এলাকায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচি থেকে আগামী শনিবার একই স্থানে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, কালিয়াচাপড়া চিনি কল একসময় এ অঞ্চলের অর্থনীতি ও কর্মসংস্থানের অন্যতম প্রধান ভিত্তি ছিল। কারখানাটি বন্ধ হয়ে যাওয়ার পর হাজারো মানুষ কর্মসংস্থান হারান এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতা নেমে আসে। পরে চিনি কলের জায়গায় কিশোরগঞ্জ ইকোনমিক জোন (KEZ) প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও প্রকল্পটির কাজ পূর্ণাঙ্গভাবে শেষ হয়নি। ফলে শিল্পায়ন ও কর্মসংস্থানের যে প্রত্যাশা ছিল, তা এখনো বাস্তবে

  • কৃষি ভর্তুকিতে অনিয়মের অভিযোগ, ইউএনওর নির্দেশে তালিকা স্থগিত

    কৃষি ভর্তুকিতে অনিয়মের অভিযোগ, ইউএনওর নির্দেশে তালিকা স্থগিত

    নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ-সহিলদেও ইউনিয়নে কৃষি ভর্তুকি বিতরণে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত ১৭ জুন ২০২৬ তারিখে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের অনুলিপি মাননীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তার কাছেও প্রেরণ করা হয়েছে।
    ‎
    ‎অভিযোগে বলা হয়, জয়পুর গ্রামের কামাল মিয়া—যিনি ইউনিয়ন বিএনপির কাউন্সিলর ছিলেন—তার পাশাপাশি ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি জহিরুল ইসলাম, যুবদল কর্মী মো. হুমায়ূন, ওয়ার্ড বিএনপির সভাপতি নান্নু মিয়া এবং সম্পাদক খোকন মিয়াসহ মোট ১৫ জনের বিরুদ্ধে ভুয়া কৃষক পরিচয়ে ভর্তুকি নেওয়ার অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তালিকাভুক্ত এই ১৫ জনের কারও জমি নেই এবং কৃষিকাজের সাথেও তাদের কোনো সম্পর্ক নেই।
    ‎
    ‎তবে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক খোকন মিয়া অভিযোগ অস্বীকার করে বলেন, “ওয়ার্ডের সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তালিকা তৈরি করে উপজেলা অফিসে পাঠানো হয়েছে। এতে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতির সঙ্গে আমি জড়িত নই।”
    ‎
    ‎এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফকরুল আলমগীর জানান, ৭নং ওয়ার্ডের ১৫ জনসহ ৫নং ইউনিয়নের প্রায় ১০০ জনের ভর্তুকির তালিকা ইউএনওর নির্দেশে স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে বিষয়টি সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

  • বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু,দায় কার? স্পিডব্রেকার নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী!

    বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু,দায় কার? স্পিডব্রেকার নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী!

    ​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ১নং ওয়ার্ডের আলমনগর এলাকায় বেপরোয়া গতির অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

    ​স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই দিন আগে আলমনগর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া অটোরিকশা শিশুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর জখম হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া ও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
    সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রাতে শিশুটির মৃত্যু হয়।

    ​এই মর্মান্তিক মৃত্যুর পর থেকেই স্থানীয় বাসিন্দাদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। এলাকাবাসীর অভিযোগ, জনগুরুত্বপূর্ণ এই সড়কটিতে কোনো গতিরোধক (স্পিডব্রেকার) না থাকায় প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে, যা আজ একটি প্রাণ কেড়ে নিল।
    ​স্পিডব্রেকার না থাকার কারণ নিয়ে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। স্থানীয় এক সচেতন নাগরিক জানান, জনগণের নিরাপত্তার কথা চিন্তা করে তিনি নিজ উদ্যোগে আলমনগর রোডের গোল মসজিদের সামনে একটি স্পিডব্রেকার নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু পৌরসভার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ার এসে তাকে কাজে বাধা দেন এবং নির্মিত স্পিডব্রেকারটি ভেঙে ফেলতে বাধ্য করেন।

    ​অভিযোগ রয়েছে, সে সময় পৌরসভার পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছিল— ‘স্পিডব্রেকারের কারণে যদি কোনো অন্তঃসত্ত্বা নারীর ক্ষতি হয়, তবে তার দায় কে নেবে?’
    ​এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শোকসন্তপ্ত এলাকাবাসীর মুখে। তাদের প্রশ্ন, “স্পিডব্রেকার না থাকায় অটোরিকশার ধাক্কায় নিষ্পাপ শিশুটি প্রাণ হারাল, এর দায়ভার এখন কে নেবে? পৌর প্রশাসন কি এই দায় এড়াতে পারবে?”

    ​এলাকাবাসী অতি দ্রুত নবীনগরের ঝুঁকিপূর্ণ সড়কগুলোতে প্রয়োজনীয় গতিরোধক স্থাপন এবং বেপরোয়া অটোরিকশা চালকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পৌর প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

  • নবীনগরে অগ্নিকাণ্ডে নিঃস্ব চিশতিয়া টেইলার্স: পাশে দাঁড়িয়ে আশার আলো দেখালেন এমপি এম এ মান্নান

    নবীনগরে অগ্নিকাণ্ডে নিঃস্ব চিশতিয়া টেইলার্স: পাশে দাঁড়িয়ে আশার আলো দেখালেন এমপি এম এ মান্নান

    ​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার তিল তিল করে গড়ে তোলা স্বপ্নের প্রতিষ্ঠান ‘চিশতিয়া টেইলার্স এন্ড ফেব্রিক্স’।

    গত ২ জুন রাতের এই ঘটনায় কেবল একটি দোকানই নয়, বরং একটি পরিবারের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকুও ছাই হয়ে গেছে।

    ​অগ্নিকাণ্ডের সেই ভয়াবহ স্মৃতি ও অপূরণীয় ক্ষয়ক্ষতির খবর পেয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা অ্যাডভোকেট এম এ মান্নান।

    আজ ৪ জুন শনিবার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হোসেন মিয়ার পাশে দাঁড়াতে তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন।

    ​পরিদর্শনকালে সংসদ সদস্য এম এ মান্নান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়ার সাথে কথা বলেন এবং তার দুঃসময়ে গভীর সমবেদনা প্রকাশ করেন।

    তিনি ব্যবসায়ীর পরিবারের প্রতি সান্ত্বনা জানান এবং সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। প্রিয় নেতার এই সহমর্মিতা ও পাশে দাঁড়ানোর উদ্যোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর মনে নতুন করে বেঁচে থাকার ও ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছে।

    ​এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা এমপি মহোদয়ের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলছেন, বিপদের দিনে জনগণের পাশে এসে দাঁড়ানোই একজন প্রকৃত জননেতার পরিচয়।

    ​ব্যবসায়ী মোহাম্মদ হোসেন মিয়া আবেগাপ্লুত কণ্ঠে জানান, এই ক্ষতি কাটিয়ে ওঠা তার একার পক্ষে অসম্ভব। তবে এমপি মহোদয়ের এই পাশে দাঁড়ানোর সাহস ও সহানুভূতি তাকে নতুন করে স্বপ্ন দেখার প্রেরণা দিচ্ছে।

    ​সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় সচেতন মহলে এই উদ্যোগের প্রশংসা করে অনেকেই মন্তব্য করছেন, সরকারি বা ব্যক্তিগত পর্যায় থেকে সামান্য সহযোগিতাও হোসেন মিয়ার মতো ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনরায় ব্যবসা শুরু করতে বড় সহায়তা করবে।

    ​অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সমাজের বিত্তবান ও সচেতন মহলকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

  • ভোলায় সমাজসেবার কম্পিউটার প্রশিক্ষণ তালিকা নিয়ে ক্ষোভ; উপপরিচালক রজত শুভ্র সরকারের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে বাদ দিয়ে হিন্দু সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ

    ভোলায় সমাজসেবার কম্পিউটার প্রশিক্ষণ তালিকা নিয়ে ক্ষোভ; উপপরিচালক রজত শুভ্র সরকারের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়কে বাদ দিয়ে হিন্দু সম্প্রদায়কে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ

    ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজিত কম্পিউটার বেসিক প্রশিক্ষণের প্রকাশিত অংশগ্রহণকারীদের তালিকা নিয়ে জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশিক্ষণার্থী নির্বাচনে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বৈষম্যের অভিযোগ তুলেছেন একাধিক আবেদনকারী ও স্থানীয় সচেতন মহল।

    প্রকাশিত তালিকায় ২৫ জন প্রশিক্ষণার্থীর নাম রয়েছে। অভিযোগকারীদের দাবি, তালিকায় অন্তর্ভুক্ত প্রায় সবাই সনাতন ধর্মাবলম্বী এবং মুসলিম সম্প্রদায়ের আবেদনকারীদের বাছাই প্রক্রিয়ায় উপেক্ষা করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

    অভিযোগে আরও বলা হয়েছে, ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের তত্ত্বাবধানে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অভিযোগকারীদের প্রশ্ন, সরকারি প্রশিক্ষণ কর্মসূচিতে ধর্মীয় ভারসাম্য ও যোগ্যতার বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়েছে কি না।

    মীর তানু নামক একজন সচেতন নাগরিক ফেসবুকে লিখেন, ” মনে হচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভগ্নিপতি যেন, ভোলা জেলা সমাজকল্যাণ কর্মকর্তা হিসেবে ‘প্রাইজ পোস্টিং’ পেয়েছেন!

    সম্প্রতি কম্পিউটার বেসিক ট্রেনিংয়ের অংশগ্রহণকারীদের যে তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে প্রায় ৯০% নামই সনাতন ধর্মাবলম্বীদের। অভিযোগ উঠেছে, বেছে বেছে অনেক মুসলিম আবেদনকারীকে বাদ দেওয়া হয়েছে।

    খোঁজ নিয়ে জানা গেছে, সংশ্লিষ্ট জেলা সমাজকল্যাণ কর্মকর্তার নাম রজত শুভ্র সরকার, যিনি নিজেও সনাতন ধর্মাবলম্বী।

    যদি নিয়োগ বা নির্বাচন প্রক্রিয়ায় ধর্মীয় পরিচয় বিবেচনায় এনে বৈষম্য করা হয়ে থাকে, তাহলে সেটি অত্যন্ত উদ্বেগজনক এবং এর সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। সরকারি সুযোগ-সুবিধা বণ্টনে ধর্ম নয়, যোগ্যতাই একমাত্র বিবেচ্য হওয়া উচিত। ”

    তার ফেসবুক পোস্টের কমেন্টে অনেকে লিখেন, বাংলাদেশী বেশিরভাগ হিন্দুদেরকে বড় বড় অফিসার পোস্টে দেওয়া হয়েছে এজন্যই হিন্দু ছাড়া কোন মুসলমান চাকরি পাচ্ছে না এই হইলো বাংলাদেশের অবস্থা।

    এই লিস্ট দেখে বুঝা যাচ্ছে যে ভোলায় কোন মুসলিম নাই সব হিন্দু।

    বিষয়টি তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার নিশ্চিত করা দরকার।

    স্থানীয়দের দাবি, যদি প্রশিক্ষণার্থী নির্বাচনে ধর্মীয় পরিচয় বিবেচনায় এনে কোনো ধরনের বৈষম্য করা হয়ে থাকে, তবে বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তারা ঘটনার নিরপেক্ষ, স্বচ্ছ ও উচ্চপর্যায়ের তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্য উদঘাটন এবং প্রয়োজনে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

    এ সম্পর্কে জেলা প্রশাসক এবং উপপরিচালক রজত শুভ্র সরকারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    বিশ্লেষকদের মতে, সরকারি প্রশিক্ষণ, অনুদান বা অন্যান্য সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রে ধর্ম, বর্ণ বা রাজনৈতিক পরিচয় নয়; নির্ধারিত নীতিমালা, স্বচ্ছতা ও যোগ্যতাই একমাত্র বিবেচ্য হওয়া উচিত। তাই উদ্ভূত বিতর্ক নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যাখ্যা প্রদান এবং প্রয়োজনে তদন্তের উদ্যোগ নেওয়া জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।