Blog

  • সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক

    সাংবাদিক দেখে দৌঁড়ে পালালেন অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে থাকা চিকিৎসক

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চলছিল অফিস টাইম। থাকার কথা ছিল জেলা সিভিল সার্জন কার্যালয়ে। অথচ সরকারি দপ্তর ফাঁকি দিয়ে চিকিৎসা দিচ্ছিলেন প্রাইভেট হাসপাতালে। এমন অবস্থায় কয়েকজন সাংবাদিক ও ক্যামেরা দেখা মাত্রই দৌড়ে পালিয়ে গেলেন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া সেই চিকিৎসক৷ হাতেনাতে ধরা খেয়ে এমন দৌড়ে পালানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের আরামবাগ এলাকার চাঁপাই এ্যাপোলো হাসপাতালে এ ঘটনা ঘটে। অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়া অবস্থায় ধরা খেয়ে এমন দৌড়ে পালানোর ভিডিও ফাইরাল হওয়ায় পর শুরু হয়েছে তীব্র সমালোচনা। অভিযুক্ত চিকিৎসক মো. ইনজামাম উল হক। তিনি চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) হিসেবে কর্মরত রয়েছেন।

    জানা যায়, বৃহস্পতিবার (০২ জুলাই) দুপুরে চাঁপাই এ্যাপোলো হাসপাতালে গিয়ে ডা. মো. ইনজামাম উল হক চিকিৎসা দিচ্ছিলেন। এমনকি ভাইরাল হওয়া ভিডিও-তে দেখা যাচ্ছে, এক রোগীর আলট্রাসনোগ্রাম করছিলেন তিনি। এসময় কয়েকজন সাংবাদিক তাকে সেখানে গিয়ে দেখতে পান এবং ভিডিও ধারন করেন। চিকিৎসা দেয়া অবস্থায় সাংবাদিক ও ক্যামেরা দেখতে পেয়েই চেয়ার থেকে উঠেই ভৌঁ দৌড় দেন ডা. ইনজামাম উল হক। বেরিয়ে যান হাসপাতাল থেকে।

    স্থানীয় বাসিন্দা ও প্রতক্ষ্যদর্শী মিনার আহমেদ, সাকির আলী জানান, হঠাৎ করেই হাসপাতাল থেকে ডাক্তারকে দৌড়ে বেরিয়ে আসতে দেখতে পায়। তার পেছন পেছন কয়েকজন সাংবাদিকও ক্যামেরা নিয়ে আসে। এরপর রাস্তায় দাঁড়িয়ে ওই চিকিৎসকও নিজের মুঠোফোন বের করে সেখানে নামাজ পড়তে এসেছেন বলে দাবি করে ফেসবুকে লাইভ করতে থাকেন। পরে জানা গেল, তিনি (ডা. ইনজামাম উল হক) অফিস ফাঁকি দিয়ে প্রাইভেট হাসপাতালে এসে চিকিৎসা দিচ্ছিলেন।

    চিকিৎসকের দৌড়ে পালানোর ভিডিও ফাইরাল হওয়ায় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আমিনুল ইসলাম নামের এক যুবক লিখেছেন, জনগণের টাকায় সরকারি দপ্তরে চাকুরি করে সেখানে নিয়মিত থাকেন না। অথচ অফিস টাইমে তাকে পাওয়া যায় প্রাইভেট হাসপাতালে। বিষয়টি খুবই দুঃখজনক। এভাবেই এসব চিকিৎসককে রুখে দিতে হবে। তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

    চাঁপাই এ্যাপোলো হাসপাতালের চেয়ারম্যান মো. সালাউদ্দিন ও তত্বাবধায়ক শ্রী বিশ্বজিৎ মুঠোফোনে সময় সংবাদকে জানান, দুপুরের বিরতিতে সিভিল সার্জন অফিস থেকে চিকিৎসা দেয়ার জন্য চাঁপাই এ্যাপোলো হাসপাতালে এসেছিলেন ডা. ইনজামাম উল হক। শ্রী বিশ্বজিৎ আরও জানান, একটি সিন্ডিকেট প্রত্যেক চিকিৎসকদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র শুরু করেছে। এরই অংশ হিসেবে গতকাল এই সিন ক্রিয়েট করা হয়েছে। এটি নিছকই সাংবাদিকদের সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছে।

    এনিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর) ডা. মো. ইনজামাম উল হক। এমনকি হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিলেও উত্তর দেননি তিনি। এদিকে, রাত ১২টার দিকে ডা. মো. ইনজামাম উল হক তার ফেসবুক আইডিতে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আজ চারজন সাংবাদিক ও ডা. মো: ইনজামাম উল হক এর মধ্যে উদ্ভূত যে পরিস্থিতি নিয়ে ভূল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিলো, তার সুষ্ঠু সমাধান হয়েছে। নেতিবাচক মন্তব্য থেকে বিরত থাকুন।

    এবিষয়ে সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দিন মুঠোফোনে সময় সংবাদকে বলেন, ডা. ইনজামাম উল হক সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আমার সাথে বিভিন্ন দাপ্তরিক কাজে অফিসেই ছিল। কিন্তু অফিস টাইমে প্রাইভেট হাসপাতালে গিয়ে চিকিৎসা দেয়ার বিষয়টি আমার জানা নেই। এনিয়ে কোন অভিযোগও পাওয়া যায়নি। তিনি আরও বলেন, অফিস চলাকালীন সময়ে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেয়ার কোন সুযোগ নেই। এমন কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • পোনাবালীয়া ইউনিয়ন আধুনিক উন্নত ও মানবিক গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিনের গণসংযোগ

    পোনাবালীয়া ইউনিয়ন আধুনিক উন্নত ও মানবিক গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী এ্যাড. মুবিনের গণসংযোগ

    ঝালকাঠি সদর উপজেলার ৭ নং পোনাবালিয়া ইউনিয়ন আধুনিক উন্নত মানবিক গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মো. মিজানুর রহমান মুবিনের গণসংযোগে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

    ঝালকাঠী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মুবিন আজ শুক্রবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

    গণসংযোগকালে তিনি গ্রামে শৈশব কৈশোর পার করে বেড়ে ওঠায় দেখা গ্রামের মানুষের দুঃখ দুর্দশা ও সমস্যার অভিজ্ঞতা ব্যক্ত করে সকলকে নিয়ে সমাধানের উদ্যোগ নিয়ে কথা বলেন। আধুনিক উন্নত ও মানবিক ইউনিয়ন গড়তে সকলের দোয়া সমর্থন এবং সহোযোগিতা প্রত্যাশা করেন। তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পাশাপাশি স্থানীয় হাট-বাজার, ব্যবসা প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

    এসময় ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন স্থানীয়রা।

    ইউপি চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মো.মিজানুর রহমান মুবিন বলেন, পোনাবালিয়া ইউনিয়ন এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে। জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হলে একটি আধুনিক, উন্নত, মানবিক এবং পরিবেশবান্ধব ইউনিয়ন গঠনে কাজ করবেন তিনি।

    তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সেবার উন্নয়নের পাশাপাশি ইভটিজিং, নারী নির্যাতন এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখা হবে।

    নবীন ও প্রবীণদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং সম্প্রীতির সমাজ গঠনের অঙ্গীকার নিয়ে এগিয়ে যেতে চান।

    স্থানীয়দের ভাষ্য, গ্রামে বেড়ে ওঠা ছেলে এ্যাড. মুবিন সে আমাদের সমস্যা সহজেই উপলদ্ধি করতে পারছেন। নিরহংকার, মানবিক তথা জনবান্ধব নেতৃত্ব হিসেবে এ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনকে সাদরে গ্রহণ করছেন পোনাবলীয়া ইউনিয়ন বাসী

  • ঘাটাইলে কাঠ ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুই নারী গ্রেপ্তার

    ঘাটাইলে কাঠ ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও চাঁদাবাজির অভিযোগে দুই নারী গ্রেপ্তার

    টাঙ্গাইলের ঘাটাইলে এক কাঠ ব্যবসায়ীকে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে আটকে রেখে মারধর, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া এবং বিকাশে টাকা আদায়ের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঘাটাইল থানার সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আদালতে প্রেরণ করে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়েছে।

    গ্রেপ্তারকৃতরা হলেন, সালমা আক্তার (২২) ও ছালেহা খাতুন (২৪)। তারা ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নের তালতলা দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

    আদালতে দাখিল করা পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৫ জুন দুপুরে এক কাঠ ব্যবসায়ী কাঠ কিনতে বের হলে অভিযুক্ত রফিক তাকে শ্বশুরবাড়িতে দুপুরের খাবারের দাওয়াত দিয়ে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর গ্রেপ্তারকৃত দুই নারীসহ অন্যান্য আসামিরা ভুক্তভোগীকে মারধর করে তার কাছ থেকে একটি ওয়ানপ্লাস মোবাইল ফোন, একটি ব্রেসলেট এবং নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

    এ সময় আরও টাকা আদায়ের জন্য ভুক্তভোগীকে প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে তার বড় ভাইকে ফোন করানো হয়। পরে দুইটি বিকাশ নম্বরে মোট ২৪ হাজার ৭৩০ টাকা পাঠানো হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

    অভিযোগে আরও বলা হয়, পরে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে রেখে এক নারী আসামির সঙ্গে আপত্তিকর ছবি তুলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। বিষয়টি কাউকে জানালে হত্যার পর লাশ গুম করে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে স্থানীয়দের সহায়তায় তিনি উদ্ধার হয়ে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

    মামলার তদন্ত কর্মকর্তা সাব-ইন্সপেক্টর মো. আব্দুল মতিন আদালতে দাখিল করা প্রতিবেদনে জানান, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত, অন্যান্য আসামিকে গ্রেপ্তার এবং আলামত উদ্ধারের স্বার্থে তাদের জেলহাজতে রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে তারা পলাতক হতে পারেন এবং তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    এ ঘটনায় ঘাটাইল থানায় দণ্ডবিধির ৩৪২, ৩২৩, ৩৮৫, ৩৮৬, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

  • ধনবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    ধনবাড়ীতে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

    মো. পলাশ ইসলাম
    ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. অঙ্কন মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।

    বৃহস্পতিবার (৩ জুলাই) ধনবাড়ী থানা সূত্রে জানা যায়, টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকারের নির্দেশনায় এবং মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের তত্ত্বাবধানে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিকের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

    পুলিশ জানায়, বুধবার (২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় রাত্রীকালীন টহল ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দড়িচন্দ্রবাড়ী চরপাড়া এলাকায় আক্তার হোসেনের মুদি দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে মো. অঙ্কন মিয়াকে আটক করা হয়।

    পরে তার দেহ তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

    গ্রেপ্তারকৃত অঙ্কন মিয়া উপজেলার ঝোপনা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা এবং তিনি হামেদ আলীর ছেলে।

    এ ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৩, তারিখ ৩ জুলাই ২০২৬।

    ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুস সালাম সিদ্দিক বলেন, “মাদকের বিরুদ্ধে ধনবাড়ী থানা পুলিশের অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আমরা কোনো ধরনের ছাড় দিচ্ছি না। মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

    তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ মাদক সংক্রান্ত কোনো তথ্য জানলে তা পুলিশকে অবহিত করার আহ্বান জানান তিনি।

  • বুড়িচংয়ের আধুনিক হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ!!!

    বুড়িচংয়ের আধুনিক হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ!!!

    গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
    কুমিল্লা প্রতিনিধি।

    কুমিল্লার বুড়িচং পৌরসভা সদরে অবস্থিত আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসকের ভুল চিকিৎসায় ও চরম অবহেলায় খাদিজা আক্তার নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।গত ২ দিন আগে সিজারিয়ান অপারেশনের সময় ভুল চিকিৎসার কারনে গৃহবধুর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজের আই সি ইউ তে হস্তান্তর করা হয়। পরবর্তীতে কুমিল্লা মেডিকেল হসপিটাল থেকে মুন হসপিটাল এ আনার পরে গতকাল রাত ২ ঘঠিকায় খাদিজা আক্তারের মৃত্যু হয়। মৃত গৃহবধূ খাদিজা আক্তার ব্রাহ্মণপাড়া উপজেলার বড়দোশিয়া গ্রামের মোঃ শরিফুল ইসলাম এর স্ত্রী।

    অভিযোগ রয়েছে, আধুনিক মেডিকেল হসপিটালের প্রায়ই ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হয়। এই হাসপাতালের মালিক ডা.সানজিদা ও ডা. জাবেদের বিরুদ্ধে অভিযোগের পাহাড়।গত কয়েকদিন আগে এক নবজাতকের মৃত্যু হওয়ায় ৩ লাখ টাকায় সেটি ধামাচাপা দেওয়া হয়।এর আগে এক রোগীর পেটে সিজারিয়ান কেঁচি রেখে সেলাই করা হয়। প্রায়ই এই হসপিটালে রোগীর মৃত্যু নিয়ে রয়েছে বিস্তার অভিযোগ।কথিত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাব্বির আহমেদ এবং তার ভাই ডা. জাবেদ এই হসপিটালের পরিচালক। তারা তাদের ক্ষমতার দাপট দেখিয়ে এই হসপিটালে ব্যবসা পরিচলনা করে আসছে।বারবার ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু হলেও তাদের স্বজনরা তাদের ভয়ে কোন ধরনের প্রতিকার পান না।চিকিৎসকের এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ রোগীর পরিবার।

    লিলু ম্যনশন বাড়ির মালিক তানিম জানান তারা এই হাসপাতাল ডা. সানজিদা ও ডা. জাবেদের নিকট ভাড়া দিয়েছেন। হাসপাতালের পরিচালনায় রয়েছেন সমন্বয়ক সাব্বির আহমেদ। তবে প্রায়ই এই হসপিটালে রোগী মৃত্যুর ঘটনা ঘটে। কিছুদিন আগে এক রোগী মারা যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ৮ লক্ষ টাকার বিনিময়ে দফারফা করেন। কোন অঘটন ঘটলেই মিডিয়া এবং রোগীর আত্মীয়-স্বজন প্রায় তাদের দোষারোপ করেন। তিনি জানান আমরা হাসপাতালের কর্তৃপক্ষকে লিখিতভাবে স্ট্যাম্প করে ভাড়া দিয়েছে। এই হাসপাতালের সাথে আমাদের কোন সম্পৃক্ততা নেই।

    আধুনিক হাসপাতালের চিকিৎসকের চরম গাফিলতি ও অপচিকিৎসার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন ভুক্তভোগীর স্বজনেরা। তবে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমানে ভুক্তভোগী গৃহবধূর শারীরিক অবস্থা অবনতির দিকে যাওয়ায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।

    হাসপাতালটির বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হল, তারা ট্রেনিংরত ডাক্তার (কম বেতনে) ও নার্স, ডিপ্লোমা করা চিকিৎসক দিয়ে সিজার করায়। হাসপাতালটির আয়তন ছোট এবং পরিবেশ সুবিধার নয়। তবে রোগী যাওয়ার অন্যতম কারণ হল- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দালাল চক্র এবং হাসপাতালের কমিশন বাণিজ্য।

  • বাজিতপুরে সরকারি খালের পাড়ের রাস্তা দখলের অভিযোগ, দুর্ভোগে শতাধিক পরিবার

    বাজিতপুরে সরকারি খালের পাড়ের রাস্তা দখলের অভিযোগ, দুর্ভোগে শতাধিক পরিবার

    কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শুভারামপুর গ্রামে সরকারি সিলম খালি খালের পাড়ের রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা দখলের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে রাস্তা দখল হয়ে থাকায় শতাধিক হিন্দু ও মুসলিম পরিবারের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। সংকীর্ণ বিকল্প পথ ব্যবহার করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমনকি মরদেহ দাফন কিংবা সনাতন ধর্মাবলম্বীদের সৎকারের জন্য বহন করতেও চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

    স্থানীয়দের অভিযোগ, মৃত একমত আলীর পরিবার ও মো. জালাল মিয়া সরকারি সিলম খালি খালের বিভিন্ন অংশ দখল করে রাখায় খালের পাড়ের রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ফলে এলাকাবাসী নিজেদের ব্যক্তিগত জমি থেকে কিছু অংশ ছেড়ে দিয়ে একটি সরু পথ তৈরি করে যাতায়াত করছেন। তবে পথটি এতটাই সংকীর্ণ যে স্বাভাবিকভাবে মানুষ চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।

    এলাকাবাসী জানান, সম্প্রতি ওই সরু পথের পাশ ঘেঁষেও পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। এতে বিকল্প পথটিও আরও সংকুচিত হয়ে পড়ছে। তাদের ভাষ্য, কোনো ব্যক্তি মারা গেলে মরদেহ বহনের জন্য অনেক সময় অন্যের বাড়ির ওপর দিয়ে যেতে বাধ্য হতে হয়, যা দীর্ঘদিনের জনদুর্ভোগের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

    স্থানীয়দের মতে, সরকারি সিলম খালি খালটি সিলিমের কান্দি খালের সঙ্গে সংযুক্ত। খালের পাড়ের রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা দ্রুত দখলমুক্ত করা হলে এলাকাবাসীর বহু বছরের ভোগান্তির অবসান হবে।

    দিঘীরপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ফারুক মিয়া বলেন, “অভিযোগের বিষয়টি আমার জানা আছে। সরকারি সিলম খালি খালের পাড়ে রেকর্ডভুক্ত চলাচলের রাস্তা রয়েছে। সেটি উদ্ধার করা গেলে এলাকাবাসীর চলাচলের দীর্ঘদিনের সমস্যা দূর হবে।”

    অভিযোগের বিষয়ে মো. জালাল মিয়া বলেন, “সরকারি খালের পাড়ে যদি রেকর্ডভুক্ত কোনো রাস্তা থাকে, তাহলে সেটি কেউ দখল করে রাখতে পারে না।”

    অভিযোগে নাম আসা মৃত একমত আলীর স্ত্রী আছিয়া বেগম বলেন, “যদি সরকারি খাস জায়গা হয়ে থাকে এবং আমরা দখল করে থাকি, তাহলে প্রয়োজন হলে জায়গাটি ছেড়ে দেব।”

    এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

    এদিকে স্থানীয়রা সরকারি সিলম খালি খালের পাড়ের রেকর্ডভুক্ত রাস্তা দ্রুত উদ্ধার করে জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • উল্লাপাড়ায় ৩ হাজার ৪৯০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ-সার, কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

    উল্লাপাড়ায় ৩ হাজার ৪৯০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ-সার, কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

    মোঃ সুজন আহমেদ
    সিরাজগন্জ জেলা প্রতিনিধি

    কৃষি উৎপাদন বৃদ্ধি এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ৩ হাজার ৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
    বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ রায়হানুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়। এছাড়া ১ হাজার ১০০ জন কৃষককে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন শাক-সবজির বীজ, ১০০ জন কৃষককে ৩০০ গ্রাম গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ এবং ৯০ জন কৃষককে ৩০০ গ্রাম কাঁচা মরিচের বীজ দেওয়া হয়। এসব কৃষকের প্রত্যেককে ১৫ কেজি ডিএপি ও ১৫ কেজি এমওপি সারও প্রদান করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “আমি কৃষকের সন্তান। এই পরিচয় দিতে আমি গর্ববোধ করি। কৃষির সঙ্গে আমাদের জীবন ও জীবিকা নিবিড়ভাবে জড়িত। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকের উৎপাদন ব্যয় কমাতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের এসব সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় করতে হবে।”
    বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি উপজেলার কৃষির বর্তমান অবস্থা, চলমান কৃষি উন্নয়ন কার্যক্রম এবং কৃষি প্রণোদনা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
    অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম, সাবেক আমির আব্দুস সামাদ, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদ, অফিস সম্পাদক আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কৃষকদের হাতে প্রতীকীভাবে বীজ ও সারের প্যাকেট তুলে দেন

  • বাঙ্গালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ফজলুর রহমানের দোয়া ও সমর্থন কামনা

    বাঙ্গালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ফজলুর রহমানের দোয়া ও সমর্থন কামনা

    মোঃ সুজন আহমেদ
    সিরাজগন্জ জেলা প্রতিনিধি:

    আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে স্থানীয় সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন ফজলুর রহমান।
    সম্প্রতি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগকালে তিনি বলেন, জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন, জনদুর্ভোগ নিরসন এবং আধুনিক ও বাসযোগ্য ওয়ার্ড গড়ে তুলতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।
    তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ আমাকে তাদের সেবক হিসেবে নির্বাচিত করলে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করব। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তুলতে অভিভাবক, যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করব। ইনশাআল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডকে একটি শান্তিপূর্ণ, উন্নত ও আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
    ফজলুর রহমান জানান, অতীতেও তিনি জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করেছেন। স্থানীয়দের মতে, তাঁর পূর্ববর্তী দায়িত্ব পালনের অভিজ্ঞতা, জনসম্পৃক্ততা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবারও অনেক ভোটার তাঁকে সদস্য (মেম্বার) হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।
    সবশেষে ফজলুর রহমান বাঙ্গালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করেন

  • জনশক্তি রপ্তানিতে ধস, ছয় মাসে কমেছে ২৮ শতাংশ

    জনশক্তি রপ্তানিতে ধস, ছয় মাসে কমেছে ২৮ শতাংশ

    লতি বছরের প্রথম ছয় মাসে দেশের জনশক্তি রপ্তানি খাতে বড় ধাক্কা লেগেছে। এ সময়ে জনশক্তি রপ্তানি কমেছে প্রায় ২৮ শতাংশ।

    মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির কারণে কর্মীদের বিদেশ গমনে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় জনশক্তি রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে ধারণা করছেন খাতসংশ্লিষ্টরা।
    প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি-জুন ছয় মাস সময়ে কাজের জন্য বিদেশে গিয়েছিলেন ৫ লাখ ১৩ হাজার ৩৭ জন।
    অথচ চলতি ২০২৬ সালের একই সময়ে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৬৫ হাজার ৬৬৭ জনে। আলোচ্য সময়ে আগের থেকে বিদেশে কাজের জন্য ১ লাখ ৪৭ হাজার ৩৭০ জন কর্মী কম গেছেন।এ সময়ে শুধু সৌদি আরবেই কর্মী যাওয়ার সংখ্যা কমেছে ১ লাখ ৫০ হাজার ৫১৯ জন।

    খাতসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের জনশক্তি রপ্তানির প্রধান বাজার মধ্যপ্রাচ্য।ফলে সেখানে কোনো ধরনের অস্থিরতা বা সংঘাত দেখা দিলে এর বড় প্রভাব পড়ে দেশের বৈদেশিক কর্মসংস্থানে। এবারও তার ব্যতিক্রম হয়নি।
    চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক সামরিক উত্তেজনা সৃষ্টি হলে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বিমান চলাচল ব্যাহত হয়। সে সময় বাংলাদেশ থেকে অনেক কর্মী টিকেট কেটে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেও বিদেশে যেতে পারেননি। পরে আকাশপথ ধীরে ধীরে স্বাভাবিক হলেও কর্মী পাঠানোর পুরোপুরি গতি ফিরে আসেনি।

    জনশক্তি রপ্তানি খাতের ব্যবসায়ীরা জানান, যুদ্ধ পরিস্থিতির প্রভাব শুধু তাৎক্ষণিক নয়, দীর্ঘমেয়াদেও এর নেতিবাচক প্রভাব থাকতে পারে।

    পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, জানুয়ারি-জুন মেয়াদের ঘাটতির বড় অংশই তৈরি হয়েছে সংঘাত শুরুর পরবর্তী সময়ে। চলতি বছরের মার্চ-জুন—এই চার মাসে দেশ থেকে বিদেশে গেছেন ২ লাখ ৪ হাজার ৯৪১ জন কর্মী। অথচ আগের বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৩ লাখ ৫২ হাজার ৭৪৭ জন। অর্থাৎ, এই চার মাসেই জনশক্তি রপ্তানি কমেছে ১ লাখ ৪৭ হাজার ৮০৬ জন।

    সংঘাত চলাকালে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে কর্মী পাঠানোর কার্যক্রম ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়। এ সময় সংঘাতে ছয়জন প্রবাসী বাংলাদেশি নিহত হন।

    মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের প্রধান শ্রমবাজার দীর্ঘ সময় কার্যত স্থবির থাকায় জনশক্তি রপ্তানি উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সহসভাপতি মোহাম্মদ আবু জাফর।

    তিনি বাংলানিউজকে বলেন, চলমান আঞ্চলিক সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে সৌদি আরবে কর্মী পাঠানোর ওপর। যুদ্ধের কারণে দেশটিতে নতুন ভিসা ইস্যু উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এমনকি যেসব ভিসা ইস্যু হয়েছিল, তারও অনেকগুলো বাতিল করা হয়েছে।

    তিনি বলেন, ‘যুদ্ধের কারণেই জনশক্তি রপ্তানি কমেছে। পাশাপাশি বাংলাদেশের জন্য দুবাই ও ওমানের শ্রমবাজারও এখনো পুরোপুরি চালু হয়নি। সব মিলিয়ে বিদেশে কর্মী পাঠানো কমে গেছে।’

    সাম্প্রতিক সময়ে সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে যে ধীরগতি দেখা যাচ্ছে, তার ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।আবু জাফর বলেন, যুদ্ধের কারণে সৌদি আরবে ভিসা ইস্যু কমে যায়। অনেক ক্ষেত্রে অনুমোদিত ভিসাও বাতিল করা হয়।

    পরিস্থিতির উন্নতি প্রসঙ্গে তিনি বলেন, যুদ্ধ পুরোপুরি শেষ হয়ে স্থিতিশীলতা ফিরলে জনশক্তি রপ্তানিও স্বাভাবিক হবে। তবে বর্তমান পরিস্থিতিতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

    মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাত প্রসঙ্গে আবু জাফর বলেন, ইরানকে কেন্দ্র করে সৃষ্ট সামরিক উত্তেজনার প্রভাব মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও নিরাপত্তা পরিস্থিতিকে ঘিরে বিস্তৃত হয়েছে। এসব ঘটনার কারণে সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। এর নেতিবাচক প্রভাব পড়েছে শ্রমবাজারেও।

    আবু জাফর বলেন, এখন পর্যন্ত কেবল যুদ্ধবিরতির মতো একটি সমঝোতা হয়েছে। চূড়ান্ত শান্তি চুক্তি হয়নি। ফলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার পুরোপুরি স্বাভাবিক হয়েছে—এমনটি বলার সুযোগ এখনো নেই। তাই আগামী কয়েক মাসেও জনশক্তি রপ্তানিতে এর প্রভাব অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করেন তিনি।

  • মেডআই বাংলাদেশ লিমিটেড ও ডিআরইউর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন

    মেডআই বাংলাদেশ লিমিটেড ও ডিআরইউর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ঘরে বসেই চিকিৎসাসেবা পাবেন

    ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবং মেডআই বাংলাদেশ লিমিটেড (MedAI)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) ডিআরইউ শফিকুল কবির মিলনায়তনে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।চুক্তির আওতায় ডিআরইউর সদস্যরা এবং তাদের পরিবারের সদস্যরা ঘরে বসেই মেডআই প্ল্যাটফর্মের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন। এ উদ্যোগ সাংবাদিকদের জন্য সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম, মেডআই বাংলাদেশের ক্লিনিক্যাল টিমের হেড ডা. সুমাইয়া তাসনীম খান, হেড অব অপারেশন সুস্মিতা সাহা। এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, সাংগঠনিক সম্পাদক এমএম জসিম, দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য সুমন চৌধুরী, মেডআই’র ইন হাউজ ডক্টর জাকিয়া ফারহানা, বিজনেস এক্সিকিউটিভ মেহেদী হাসান প্রমুখ। অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “আমরা আজ একটি গুরুত্বপূর্ণ চুক্তি করলাম। তবে আমাদের দোয়া থাকবে, চিকিৎসকের কাছে যেন যেতে না হয়। সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। সবাই সুস্থ থাকুন, পুষ্টিকর খাবার গ্রহণ করুন এবং স্বাস্থ্য সচেতন জীবনযাপন করুন।”ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, সদস্যদের কল্যাণে নতুন নতুন সেবা যুক্ত করার ধারাবাহিকতায় এই সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এর মাধ্যমে সদস্য ও তাদের পরিবার সহজেই ঘরে বসে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবার এ উদ্যোগ সাংবাদিকদের ব্যস্ত কর্মজীবনে সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়ক হবে।