Blog

  • গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ

    গণপূর্তে বিদায়ী সংবর্ধনার নামে ৫০ লাখ টাকার চাঁদা আদায়ের অভিযোগ

    গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুদ্দোহাকে বিদায়ী সংবর্ধনা দিতে গিয়ে বিসিএস পাবলিক ওয়ার্কস অ্যাসোসিয়েশনের ব্যানারে ব্যাপক অর্থ সংগ্রহের অভিযোগ উঠেছে। অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দাবি করেছেন, বিদায়ী অনুষ্ঠান আয়োজনের নামে সারাদেশের বিভিন্ন সার্কেল থেকে নির্ধারিত হারে অর্থ আদায় করা হয়েছে, যার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা। অভিযোগ রয়েছে, চাঁদা দিতে অনীহা প্রকাশ করা কয়েকজন নির্বাহী প্রকৌশলীকে অপছন্দনীয় কর্মস্থলে বদলির হুমকিও দেওয়া হয়েছে।

    গণপূর্ত অধিদপ্তরের একাধিক সূত্র জানায়, ঢাকা অঞ্চলের প্রতিটি সার্কেল থেকে ২ লাখ টাকা এবং ঢাকার বাইরের প্রতিটি সার্কেল থেকে ১ লাখ টাকা করে সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। এই অর্থ সংগ্রহের পুরো প্রক্রিয়ায় বিসিএস পাবলিক ওয়ার্কস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও ঢাকা সার্কেল-৪-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মনিরুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

    নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্বাহী প্রকৌশলী বলেন, “বিভিন্ন অজুহাতে আমাদের কাছ থেকে নিয়মিত অর্থ সংগ্রহ করা এখন প্রায় রেওয়াজে পরিণত হয়েছে। এসব অর্থের জোগান দিতে গিয়ে অনেক সময় প্রশাসনিক ও আর্থিক অনিয়মের চাপ তৈরি হয়।”
    আরেকজন প্রকৌশলী বলেন, “এর আগে গণপূর্ত বিভাগের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা অবসরে গেছেন। কিন্তু তাদের বিদায়ের জন্য কখনও এভাবে বাধ্যতামূলক অর্থ সংগ্রহ করা হয়নি। তাহলে এবার কেন ব্যতিক্রম?

    অভিযোগ রয়েছে, বিদায়ী অনুষ্ঠানকে জাঁকজমকপূর্ণ করতে কুষ্টিয়া থেকে ২৫টি খাসি আনা হয়। এছাড়া শামসুদ্দোহাকে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের মূল্যবান উপহারও দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এসব ব্যয়ের উৎস নিয়েও প্রশ্ন তুলেছেন অনেক প্রকৌশলী।

    অভিযোগকারী কর্মকর্তাদের ভাষ্য, সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তাদের কাছ থেকে চাপ সৃষ্টি করে অর্থ আদায় করা হলে তা প্রশাসনিক শৃঙ্খলা ও সুশাসনের পরিপন্থী। তাদের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অর্থ সংগ্রহের বৈধতা, ব্যয়ের হিসাব এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা উচিত।

    এদিকে, অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামসুদ্দোহা এবং বিসিএস পাবলিক ওয়ার্কস অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মনিরুজ্জামানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    উল্লেখ্য, উপরে বর্ণিত অভিযোগগুলো অভিযোগকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট সূত্রের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযোগগুলোর স্বাধীন ও আনুষ্ঠানিক সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

    যদি অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায় বা কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা প্রদান করে, তবে তা যথাযথ গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

  • হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

    হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তার সঙ্গে সাক্ষাৎ না করার অনুরোধ জানানো হয়েছে।

    বুধবার বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

    তিনি বলেন, নজরুল ইসলাম খান গত ২৫ জুন সিঙ্গাপুর থেকে ঢাকায় ফেরেন। পরে গতকাল তাকে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

    সকালে তাকে হাসপাতালে দেখতে যান সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

    শায়রুল কবির খান বলেন, নজরুল ইসলাম খানের শারীরিক অবস্থার কারণে তার কাছে সাক্ষাৎপ্রার্থীদের না যাওয়ার জন্য চিকিৎসকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

  • সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির।

    সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির।

    প্রকাশ: ১৩:৫১, বুধবার, ০১ জুলাই, ২০২৬
    সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির
    বিশ্বনাথে সুবিধাভোগীদের মাঝে অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্ঠা হুমায়ুন কবির।

    প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্ঠা হুমায়ুন কবির বলেছেন, ‘সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক। এই সরকার জনগণের সরকার। বছরের প্রথম থেকেই উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন কার্যক্রম দৃশ্যমান রয়েছে।

    আশাকরি সকলে সহযোগিতা করবেন। ’
    আজ বুধবার (১ জুলাই) সকাল ১০টায় সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সুবিধাভোগীদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৬ আসনের এমপি এমরান আহমদ চৌধুরী।

    বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবদলের সভাপতি রুমেল আলীর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, বিশ্বনাথ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্বাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আবদুর রব, সাবেক সাংগঠনিক সম্পাদক ও লামাকাজি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, অলংকারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমীন আজাদ, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ পুরাণবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ, বিএনপি নেতা মুসলিম আলী, জয়নাল মিয়া, বাদশা মিয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম সাজু, বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক দিলোয়ার হোসেন সজিবসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ।

  • পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

    পটুয়াখালীতে আমতলীর শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

    পটুয়াখালী সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বাজারঘোনা এলাকায় মঙ্গলবার রাতে ফারুক ডাক্তারের বাড়ির সামনে মো. রিপন কাজী (৩৫) নামে আমতলীর এক শ্রমিক দল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের পরিবারের দাবি, পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

    নিহত রিপন কাজী বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামের মিজানুর রহমান কাজীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন এবং গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    নিহতের চাচাতো ভাই রাজীব কাজী অভিযোগ করে বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তিনি ও রিপন কাজী মোটরসাইকেলে করে পাশের পটুয়াখালী জেলার মরিচবুনিয়া ইউনিয়নের গগনখা বাজারে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ বাজারঘোনা এলাকার ফারুক ডাক্তারের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা রিপনের চাচাতো ভাই রাসেল কাজী, রিফাত কাজী, সোহাগ কাজী ও রাহাত কাজীর নেতৃত্বে ৮-১০ জন যুবক তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো রামদা, দা ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়।

    তিনি আরও বলেন, হামলার সময় প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি খালে ঝাঁপ দেন। পরে সেখান থেকে উঠে এসে দেখেন, রিপন কাজী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

    খবর পেয়ে পটুয়াখালী সদর থানা ও আমতলী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    নিহতের মা আমেনা বেগম অভিযোগ করে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে রাসেল কাজী, রিফাত কাজী, সোহাগ কাজী ও রাহাত কাজীর নেতৃত্বে ৮-১০ জন যুবক তার ছেলেকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

    আমতলী উপজেলা শ্রমিক দলের সভাপতি তারিকুল ইসলাম সোহাগ বলেন, রিপন কাজী গুলিশাখালী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

    এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, নিহত রিপন কাজী আমতলী থানার বাসিন্দা হওয়ায় আমতলী থানার পুলিশের একটি দল পটুয়াখালী সদর থানা পুলিশকে তদন্তে সহায়তা করছে।

  • বিকেলে প্রথম বৈঠকে বসছে দুদকের সার্চ কমিটি

    বিকেলে প্রথম বৈঠকে বসছে দুদকের সার্চ কমিটি

    দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির প্রথম বৈঠক আজ বুধবার (১ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    সুপ্রিম কোর্টে আপিল বিভাগের বিচারপতি ও সার্চ কমিটির সভাপতি মো. রেজাউল হকের সভাপতিত্বে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।এর আগে, গত ২২ জুন দুদকের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে সার্চ কমিটি গঠন করা হয়ে। নিয়ম অনুযায়ী, সার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি চূড়ান্ত নিয়োগ দিবেন।

    সার্চ কমিটির সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব।

  • বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের!

    বিশ্বকাপ শেষ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের!

    সুখের সময় দুঃখের সংবাদ। জাপানের বিপক্ষে দুর্দান্ত কামব্যাকের গল্পটা ঠিকমতো উপভোগ করা হয়নি ব্রাজিলের
    ২-১ গোলের জয়ে শেষ ষোলোর টিকিট পাওয়ার রাতেই যে লুকাস পাকেতা চোট পান।
    খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়া পাকেতাকে নিয়ে এবার দুঃসংবাদই হয়তো শুনেছে ব্রাজিল। যদিও চোট কতটা গুরুতর সেটা জানায়নি সেলেসাওরা। শুধু জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষার পর তার বাঁ পায়ের ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে।ব্রাজিল ফুটবল ফেডারেশন বিবৃতিতে লিখেছে, ‘মঙ্গলবার পরীক্ষায় পাকেতার বাম ঊরুর পেছনের মাংসপেশীতে চোট পাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে থাকবে। লক্ষ্য যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে তাকে মাঠে ফেরানো।’

    ব্রাজিল ফেডারেশন পাকেতার চোট নিয়ে বিস্তারিত না বললেও দেশটির সংবাদ মাধ্যম ও গ্লোবো জানিয়েছে, তিন সপ্তাহের মতো ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হতে পারে।সম্ভাবনা বলতে, ফাইনালে তাকে পাওয়া যেতে পারে। আগামী ১৯ জুলাই হতে যাওয়া ফাইনালে যদি ব্রাজিল ওঠে তবে।
    সেই ফেরাও নির্ভর করছে কত দ্রুততার সঙ্গে উন্নতি হয় পাকেতার। ২৮ বছর বয়সী মিডফিল্ডারের ফেরাটা অনিশ্চিত হলেও স্কোয়াড থেকে তাকে বাদ দিবে না ব্রাজিল। এমনটা জানিয়েছে ও গ্লোবো।তবে আগামী রবিবার শেষ ষোলোর ম্যাচে নরওয়ের বিপক্ষে যে খেলতে পারবেন না তা নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমটি।
    পাকেতার আগে চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন রাফিনিয়া। তারও আগে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু হয়েছে একের পর এক চোটের দুঃসংবাদে। চোটের কারণেই রদ্রিগো, এস্তেভাও ও এদের মিলিতাওয়ের মতো তারকাদের বিশ্বকাপে পায়নি ব্রাজিল।

  • অনুমোদন পেলো তিনটি নতুন উপজেলা ও একটি থানা

    অনুমোদন পেলো তিনটি নতুন উপজেলা ও একটি থানা

    প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দেওয়া হয়েছে।

    নতুন উপজেলা তিনটি হলো— চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, কুমিল্লার বাঙ্গরা এবং ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও। নতুন থানা হিসেবে অনুমোদন পেয়েছে চট্টগ্রামের হালদা থানা।বুধবার (১ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত নিকারের ১২১তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

    এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার অন্তর্ভুক্ত অংশগুলো ঢাকা জেলার আওতায় আনার সিদ্ধান্ত হয়েছে।

    নিকারের সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে ফটিকছড়ি উত্তর উপজেলা, কুমিল্লার মুরাদনগর উপজেলা বিভক্ত করে বাঙ্গরা উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করা হবে।

    এ ছাড়া চট্টগ্রারের হাটহাজারী থানা বিভক্ত করে হালদা থানা গঠন করা হয়েছে।

    বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

  • ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

    শ্রমিক ধর্মঘটের জেরে গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত ইসলাম গার্মেন্টস (ইউনিট-২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার (১ জুলাই) দুই হাজারের বেশি শ্রমিক-কর্মচারীর এই গার্মেন্টেসটি বন্ধ ঘোষণা করা হয়।কর্তৃপক্ষের দেওয়া এক নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ২৮ জুন সকাল থেকে শ্রমিকরা কারখানায় বে-আইনি ধর্মঘট করে কাজ বন্ধ করে দেয়। কর্তৃপক্ষ তাদের কাজে যোগদান করার জন্য অনুরোধ করলেও ৩০ জুন পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখে। পরে বাধ্য হয়ে ১ জুলাই থেকে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩ (১) ধারা মোতাবেক ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট ২) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

    পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গত ২৭ জুন রুবিনা বেগম (৫০) নামের এক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।তাকে কারখানার মেডিক্যাল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে কোনাবাড়ী ক্লিনিকে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিটিউট মেডিক্যালে রেফার করা হয়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।পরদিন সকালে ওই নারী শ্রমিকের মৃত্যুর খবর জানাজানি হলে কারখানার অন্য শ্রমিকরা কাজ বন্ধ করে দেয়।শ্রমিকদের দাবি, কারখানা কর্তৃপক্ষের অবহেলার কারণে রুবিনার মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েক দিন ধরে কারখানায় অসন্তোষ বিরাজ করছিল।
    মৃত রুবিনা বেগম সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার মেঘাই গ্রামের মৃত সুমার আলী সরকারের মেয়ে। তিনি জরুন এলাকায় ভাড়া বাসায় থেকে ইসলাম গার্মেন্টসে সুয়িং অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

  • পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিরাপত্তায় চালু হলো ‘বরকাউ পুলিশ ক্যাম্প’

    পূর্বাচল নতুন শহর প্রকল্পের নিরাপত্তায় চালু হলো ‘বরকাউ পুলিশ ক্যাম্প’

    রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে উদ্বোধন করা হয়েছে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’।বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সেক্টর-১, রোড নং-১০২, রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ড (প্লট নং-৪৪)-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

    ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইজিপি বলেন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে পুলিশের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে। পূর্বাচলকে পরিকল্পিত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে এই ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

    আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ডিএমপির সর্বমোট ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র এবং ২টি পুলিশ লাইনস স্থাপনের জন্য সরকার কর্তৃক নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও ৩টি ডিসি অফিস স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পূর্বাচল নতুন শহর প্রকল্পের বিভিন্ন সেক্টরে ৪১টি পুলিশ বক্স স্থাপনের প্রক্রিয়াও চলমান রয়েছে।তিনি বলেন, পূর্বাচল আবাসিক প্রকল্পের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলাকে গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থানাগুলো ও তদন্তকেন্দ্র স্থাপনের প্রশাসনিক অনুমোদন দেয়। পরে রাজউক পর্যায়ক্রমে বাংলাদেশ পুলিশের অনুকূলে ২৯.২১ একর জমি বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত দেয়। যার মধ্যে ১৮.৬৩ একর জমির দলিল রেজিস্ট্রেশন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি জমির রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন। আগামীতে পূর্বাচল নতুন শহর প্রকল্প ডিএমপির অধীনে নিয়ে এখানে ডিএমপির অন্যান্য বিভাগের মতো একটি স্বতন্ত্র বিভাগ সৃষ্টি করে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণের কার্যক্রম পরিচালিত হবে। পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য পুলিশের প্রায় ৬৫২৪ জন জনবল সৃষ্টির প্রস্তাব বিবেচনায় রাখা হয়েছে।

    তিনি আরও বলেন, পূর্বাচলে রাজউকের মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ডে বরকাউ পুলিশ ক্যাম্পের শুভ উদ্বোধন পূর্বাচলকে কেন্দ্র করে বর্তমান সরকারের সুদুরপ্রসারী চিন্তাভাবনার পরিচয় বহন করে। এর মাধ্যমে মেগাসিটি ঢাকার আয়তন ও কলেবর যেমন বাড়বে তেমনি নাগরিক সুযোগ-সুবিধাসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতিও একটি সুসংগঠিত কাঠামো পাবে। যা ফলশ্রুতিতে নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

    আইজিপি বলেন, পূর্বাচলে পুলিশ ক্যাম্প স্থাপন এই প্রকল্পের উন্নয়ন কার্যক্রমকে আরো বেগবান করবে। পুলিশের অবস্থান ও তৎপরতা জনমনে আস্থা ও নির্ভরতার জায়গা তৈরি করবে। প্রাথমিক পর্যায়ে পূর্বাচলে দুটি পুলিশ ক্যাম্প স্থাপিত হবে তার একটি বরকাউ পূর্বাচল পুলিশ ক্যাম্প, ১নং সেক্টরে; যেটি আমরা আজকে উদ্বোধন করা হয়েছে। অন্যটি প্রস্তাবিত পশি থানা এলাকায় ‘পশি পুলিশ ক্যাম্প’ যার নির্মাণ কাজ চলমান রয়েছে। আগামী দুই মাসের মধ্যে আমরা সেই ক্যাম্পটিও উদ্বোধন করতে সক্ষম হবো। ক্রমান্বয়ে অন্যান্য থানা ও তদন্তকেন্দ্র স্থাপিত হবে।অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • দিনাজপুর বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তায় উপজেলা যুবদলের আক্কাস আলী

    দিনাজপুর বীরগঞ্জে ভ্যান শ্রমিকের মেধাবী সন্তানকে সংবর্ধনা ও আর্থিক সহায়তায় উপজেলা যুবদলের আক্কাস আলী

    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের মাস্টারমোড় এলাকার ভ্যান শ্রমিক অশ্বিনী দেবনাথের মেধাবী ছেলে সঞ্জয় দেবনাথ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ অর্জন করায় তাকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

    এ উপলক্ষে উপজেলা যুবদলের অন্যতম সদস্য, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলী সঞ্জয় দেবনাথের বাড়িতে গিয়ে তাকে অভিনন্দন জানান।

    এ সময় তিনি বলেন, শ্রমজীবী পরিবারের সন্তান হয়েও সঞ্জয় দেবনাথের এই সাফল্য অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত। তিনি সঞ্জয়ের উজ্জ্বল ভবিষ্যৎ ও উচ্চশিক্ষায় আরও সাফল্য কামনা করেন।

    পরে সঞ্জয় দেবনাথের শিক্ষা কার্যক্রম নির্বিঘ্নে এগিয়ে নিতে আক্কাস আলী ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত এলাকাবাসী এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবানদেরও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।