Blog

  • রাজবাড়ীর পাংশায় প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি

    রাজবাড়ীর পাংশায় প্রথম শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, হাসপাতালে ভর্তি

    রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্রা ইউনিয়নে প্রথম শ্রেণির এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

    মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

    অভিযুক্ত ব্যক্তির নাম লুৎফর রহমান (৬০)। তিনি পেশায় একজন ঝালমুড়ি বিক্রেতা এবং ভুক্তভোগী পরিবারের প্রতিবেশী।

    পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি পাশের বাড়ির লুৎফর রহমানের কাছে ঝালমুড়ি কিনতে যায়। এ সময় লুৎফর রহমান শিশুটিকে ফুসলিয়ে তার ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। পরবর্তীতে শিশুটি একা একা নিজ বাড়িতে ফিরে আসে এবং শরীরের বিভিন্ন স্থানে তীব্র ব্যথা অনুভব করতে থাকে। তার শারীরিক অবস্থা দেখে মায়ের সন্দেহ হলে তিনি বারবার জিজ্ঞাসা করার পর শিশুটি ঘটনার বিস্তারিত খুলে বলে। শিশুটির বুকে ও পেটে ক্ষতের চিহ্ন রয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

    ভুক্তভোগী শিশুটির ফুফু জানান, “লুৎফর রহমান আমাদের বাড়ি থেকে ২-৩টি বাড়ি পরেই থাকেন। মেয়েটি তার কাছে ঝালমুড়ি কিনতে গেলে সে তাকে ঘরে নিয়ে এই অপকর্মের চেষ্টা করে। প্রথমে ভয়ে মেয়েটি কিছু বলতে চায়নি, পরে ওর মা বারবার জিজ্ঞাসা করায় সব বলে দেয়। আমরা তাকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। গতকাল রাত সাড়ে ১২টার দিকে আমরা সদর হাসপাতালে এসে ভর্তি হয়েছি।”

    তিনি আরও জানান, বিষয়টি ইতিমধ্যে পাংশা মডেল থানার ওসিকে মৌখিকভাবে অবগত করা হয়েছে এবং আজ বুধবার (১ জুলাই) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হবে।

    এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুল ইসলাম জানান, “ঘটনাটি ভুক্তভোগী পরিবার মৌখিকভাবে আমাদের জানিয়েছে। তারা বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে অবস্থান করছেন। থানায় লিখিত অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে তদন্তপূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

    বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার

    ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বিজয়নগর থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে থানার এসআই রাজীব কুমার সাহার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বামুটিয়া গ্রামের একটি বসতঘরের শয়নকক্ষ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

    অভিযানকালে ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. আব্দুল মোতালেব (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি বামুটিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরে এসআই আলী রেজা মামুন উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত গাঁজা জব্দ করেন।

    এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১ জুলাই) মামলাটি রুজু করা হয়।

    পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

  • পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা

    পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা

    পানি সরবরাহ ব্যবস্থার প্রকৌশলবিষয়ক এই প্রশিক্ষণে এমন কর্মকর্তাদের পাঠানো হয়েছে, যাঁদের দৈনন্দিন দায়িত্বের সঙ্গে প্রশিক্ষণের বিষয়বস্তুর সরাসরি সম্পর্ক নেই।
    চট্টগ্রাম নগরীতে প্রতিদিন প্রায় ১১ কোটি লিটার পানির ঘাটতি থাকলেও পানি সরবরাহ ব্যবস্থার প্রকৌশল বিষয়ে ৫৪ দিনের প্রশিক্ষণে জাপান গেছেন চট্টগ্রাম ওয়াসার দুই কর্মকর্তা। তবে তাঁদের কেউই পানি উৎপাদন বা সরবরাহ ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত নন। একজন ক্রয় শাখা ও অন্যজন স্টোর বিভাগের নির্বাহী প্রকৌশলী হওয়ায় বিষয়টি নিয়ে ওয়াসার ভেতরে প্রশ্ন উঠেছে। পানি সরবরাহ ব্যবস্থার সামগ্রিক প্রকৌশল একটি সমন্বিত পরিবেশ প্রকৌশল ব্যবস্থা। এর আওতায় উৎস থেকে পানি সংগ্রহ, শোধন, পাইপলাইন নকশা ও পরিচালনা, বিতরণ ব্যবস্থা, রক্ষণাবেক্ষণ, পানির গুণগত মান নিয়ন্ত্রণ, লিকেজ ও অপচয় কমানো এবং প্রকল্প পরিকল্পনা ও ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
    চট্টগ্রাম ওয়াসার অফিস আদেশ অনুযায়ী, ‘কমপ্রিহেনসিভ ইঞ্জিনিয়ারিং অন ওয়াটার সাপ্লাই সিস্টেমস’ শীর্ষক প্রশিক্ষণ গত ১৬ জুন শুরু হয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে। যাতায়াতের সময় এর বাইরে।
    অফিস আদেশে বলা হয়েছে, প্রশিক্ষণকাল সরকারি দায়িত্ব হিসেবে গণ্য হবে এবং এ সময় কর্মকর্তারা স্থানীয় মুদ্রায় বেতন, সম্মানী ও অন্যান্য ভাতা পাবেন। সফর ও প্রশিক্ষণের ব্যয় বহন করছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।
    প্রশিক্ষণে অংশ নেওয়া কেয়া চৌধুরী দীর্ঘদিন ধরে ক্রয় শাখার নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর কর্মকর্তা এস এম রুবাইয়াতুল কাদের ভান্ডার বিভাগের নির্বাহী প্রকৌশলী। তাঁদের কারোরই দৈনন্দিন দায়িত্ব পানি উৎপাদন বা সরবরাহ ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়।
    ওয়াসার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, পানি সরবরাহ ব্যবস্থার প্রকৌশলবিষয়ক প্রশিক্ষণে সংশ্লিষ্ট প্রকৌশলীদের বাদ দিয়ে অন্য কর্মকর্তাদের পাঠানো হয়েছে, যা নিয়ে প্রশ্ন রয়েছে।
    এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মোহাম্মদ জানে আলম বলেন, জাইকা ও স্থানীয় সরকার বিভাগ মনোনয়ন দিয়ে থাকে এবং সারা দেশ থেকেই কর্মকর্তারা এ ধরনের প্রশিক্ষণে অংশ নেন। তাঁর প্রশ্ন, ‘চট্টগ্রাম থেকে গেলে সমস্যা কোথায়?’
    এর আগে ‘পানির ব্যবহার ও স্যানিটেশন ব্যবস্থা’ বিষয়ে ১৪ দিনের প্রশিক্ষণে চীনে যান ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম ও নির্বাহী প্রকৌশলী এস এম রবিউল হোসেন। তবে দক্ষিণ কোরিয়ার অর্থায়নে বাস্তবায়নাধীন সুয়ারেজ প্রকল্পের সঙ্গে সরাসরি সম্পৃক্ত প্রকৌশলীদের বাদ দেওয়ায় ওই সফর নিয়েও প্রশ্ন ওঠে।
    চট্টগ্রাম ওয়াসা সূত্রে জানা গেছে, বর্তমানে জাইকার অর্থায়নে সংস্থাটির চারটি প্রকল্প চলমান রয়েছে। এর মধ্যে কর্ণফুলী পানি সরবরাহ প্রকল্পের আওতায় দৈনিক ২৮ কোটি লিটার পানি উৎপাদন হচ্ছে।
    অন্যদিকে নগরীতে দৈনিক পানির চাহিদা প্রায় ৬৫ কোটি লিটার হলেও উৎপাদন হচ্ছে মাত্র ৪৫ থেকে ৪৬ কোটি লিটার। ঘাটতি পূরণে ওয়াসা নিজস্ব অর্থায়নে ৪৫টি গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে, যেখান থেকে দৈনিক সাড়ে ৪ কোটি লিটার পানি উৎপাদনের আশা করা হচ্ছে।

  • ইরানের প্রেসিডেন্টকে মোদির ফোন, হরমুজ নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

    ইরানের প্রেসিডেন্টকে মোদির ফোন, হরমুজ নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

    পশ্চিম এশিয়ার চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, চলমান সংকট এবং অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে বিস্তারিত মতবিনিময় হয়েছে।

    আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান শান্তি উদ্যোগের অগ্রগতিকে স্বাগত জানান মোদি। তিনি আশা প্রকাশ করেন, এ প্রচেষ্টা অব্যাহত থাকলে পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ আরও সুগম হবে।

    তবে বৈঠকে ভারতের প্রধান গুরুত্ব ছিল বাণিজ্যিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে। মোদি স্পষ্ট করে বলেন, ভারতসহ বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে হরমুজ প্রণালীতে অবাধ নৌচলাচল নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ভারতের এই অবস্থানের পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক স্বার্থ। দেশটির প্রয়োজনীয় অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ এবং মোট গ্যাসের প্রায় অর্ধেকই হরমুজ প্রণালী হয়ে আমদানি করা হয়। ফলে এই নৌপথে যেকোনো ধরনের বিঘ্ন ভারতের জ্বালানি নিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে। সেই কারণেই ইরানের সঙ্গে এ বিষয়ে কৌশলগত আলোচনা করেছে নয়াদিল্লি।

  • সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৬ জনের সাক্ষ্য

    সাবেক আইজিপি বেনজীরের দুর্নীতির মামলায় আরও ৬ জনের সাক্ষ্য

    জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন আরও ছয়জন।

    সাক্ষীরা হলেন- নারায়ণগঞ্জের জেলা রেজিস্ট্রার মো.আব্দুল হাফিজ, চাঁদপুর হাজীগঞ্জের সাব-রেজিস্ট্রার এস এম মোস্তাফিজুর রহমান, নওগাঁ মহাদেবপুরের সাব-রেজিস্টার মো. রফিকুল ইসলাম, ভোলা চরফ্যাশনের সাব- রেজিস্ট্রার কাওসার খান, বন অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম, বাড্ডার সাব-রেজিস্ট্রার জাহাঙ্গীর আলম।

    বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে তারা সাক্ষ্য দেন। এরপর আদালত মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৬ জুলাই দিন ধার্য করেছেন। মামলাটির ২৮ জন সাক্ষীর মধ্যে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হয়েছে।

    দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিলে বেনজীর আহমেদ ২০২৪ সালের ২৭ আগস্ট আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। হিসাবে তিনি ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের তথ্য দেন।

    তবে দুদক-এর তদন্তে বেনজীরের নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। অর্থাৎ তিনি ১ কোটি ৮৫ লাখ ৩১ হাজার ৬২২ টাকার স্থাবর সম্পদের তথ্য গোপন করেছেন।

    এছাড়া তার নামে ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদ থাকার প্রমাণ পেয়েছে দুদক, যা তার ঘোষণার তুলনায় ২ কোটি ৪০ লাখ ৪১ হাজার ২৯৮ টাকা বেশি।

    দুদক-এর হিসাবে, বেনজীর আহমেদ ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

    সম্পদ বিবরণীতে তথ্য গোপন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগ পাওয়ায় ২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ বেনজীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদক-এর উপ-পরিচালক হাফিজুল ইসলাম।

    মামলাটি তদন্ত শেষে ২০২৫ সালের ৩০ নভেম্বর বেনজীরের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদক-এর উপ-পরিচালক হাফিজুল ইসলাম।

    চার্জশিটে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারা, এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারা অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।

    গত ৩ মে বেনজীর আহমেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন।

  • সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার ১০ বছর পার হয়ে গেছে। এটি ছিল দেশের ইতিহাসের এক কালো অধ্যায়। এমন হামলা যেন আর না ঘটে। সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না। বাংলাদেশ কাউকেই শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে দেবে না।

    হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ১০ম বার্ষিকী উপলক্ষ্যে বুধবার নিহতদের স্মরণে ঢাকাস্থ ইতালি দূতাবাসের স্মরণসভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ বরাবরই শক্ত অবস্থানে। হলি আর্টিজানের ঘটনার পর হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে সন্ত্রাস দমনে কার্যক্রম জোরদারের মাধ্যমে বিশ্বব্যাপী জঙ্গিবাদ দমনে কাজ করেছে বাংলাদেশ।

    এসময় ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, প্যালেস্টাইনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা, নিহতদের স্বজন এবং হলি আর্টিজানে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফেরা জিম্মিরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলে ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। একইসঙ্গে মর্মান্তিক এ ঘটনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

  • আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

    আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

    দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সমজাতীয় সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদারে আজ (বুধবার) থেকে ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট পাঁচ হাজার অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক, আর্থিক ও বাস্তবায়ন কার্যক্রম সম্পন্ন করতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

    সম্প্রতি, মন্ত্রণালয়ের আনসার শাখা-২ থেকে জারি করা পৃথক দুটি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

    চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যসেবা কার্যক্রমকে আরও নিরাপদ, নির্বিঘ্ন ও জনবান্ধব করতে নবগঠিত পাঁচটি উপজেলাসহ দেশের ৫০০টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটিতে ১০ জন করে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হবে।

    যেসব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগে থেকেই আনসার সদস্য কর্মরত রয়েছেন, সেসব প্রতিষ্ঠানে বিদ্যমান সদস্যদের সমন্বয় করে প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১০ জন আনসার সদস্য নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালককে আজ থেকেই এ মোতায়েন কার্যকর করার পাশাপাশি বাস্তবায়ন শেষে প্রতিবেদন পাঠাতে বলেছে।

    চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, পাঁচ হাজার আনসার সদস্যের বেতন-ভাতা বাবদ বছরে ব্যয় হবে ১১৯ কোটি ৩৭ লাখ ৩৮ হাজার ৭৫০ টাকা। এ অর্থ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বরাদ্দের পরিবর্তে আনসার ও ভিডিপির নির্ধারিত বাজেট কোডে বরাদ্দ দেওয়ার জন্য অর্থ বিভাগে ইতোমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে।

    স্বাস্থ্যসেবা বিভাগের সম্মতির ভিত্তিতে আনসার সদস্যদের বেতন-ভাতা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পরিশোধ করা হবে বলেও জানানো হয়েছে।

    মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মনিরুল হাসান স্বাক্ষরিত চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্যসেবা বিভাগ এবং সংশ্লিষ্ট দফতরগুলোতে পাঠানো হয়েছে।

    সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ বাস্তবায়নের ফলে উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এর মাধ্যমে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হওয়ার পাশাপাশি রোগী ও তাদের স্বজনরাও আরও নিরাপদ পরিবেশে স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

  • প্রাইভেটে যাওয়ার পর থেকে চার স্কুলছাত্রী নিখোঁজ, বালিয়াডাঙ্গীতে উদ্বেগ

    প্রাইভেটে যাওয়ার পর থেকে চার স্কুলছাত্রী নিখোঁজ, বালিয়াডাঙ্গীতে উদ্বেগ

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় একই বিদ্যালয়ের চার ছাত্রী রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে না আসায় তাদের পরিবার চরম উদ্বেগে পড়েছে। এ ঘটনায় পৃথক চারটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বালিয়াডাঙ্গী থানায়।

    নিখোঁজরা হলেন— উপজেলার চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের মানিক চন্দ্রের মেয়ে খুশি (দশম শ্রেণি), বাঙ্কু দেবনাথের মেয়ে মল্লিকা (দশম শ্রেণি), রমেশ দেবনাথের মেয়ে ঋতু দেবনাথ (দশম শ্রেণি) এবং আকালু দেবনাথের মেয়ে সুজুতি রানী দেবনাথ (অষ্টম শ্রেণি)। তারা সবাই সাবাজপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

    স্বজনদের ভাষ্য, মঙ্গলবার সকাল ১০টার দিকে চারজন একসঙ্গে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন আত্মীয়স্বজন ও পরিচিতজনের বাড়িতে খোঁজ নেন। কোথাও তাদের সন্ধান না মেলায় শেষ পর্যন্ত থানায় সাধারণ ডায়েরি করা হয়।

    বিদ্যালয়ের শিক্ষক মঞ্জুর আলম বলেন, স্থানীয়ভাবে শোনা যাচ্ছে বিষয়টি প্রেমঘটিত হতে পারে। একটি ছেলের সঙ্গে দেখা করতে গিয়ে তারা নিখোঁজ হয়েছে বলেও আলোচনা রয়েছে। তবে এসব তথ্য এখনো নিশ্চিত নয়। প্রযুক্তির সহায়তায় প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের মোবাইল ফোনের অবস্থান ব্রাহ্মণবাড়িয়া জেলার দিকে শনাক্ত হয়েছে।

    নিখোঁজ শিক্ষার্থী ঋতু দেবনাথের বাবা রমেশ দেবনাথ বলেন, “আমার মেয়েসহ চারজনেরই কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা খুবই দুশ্চিন্তায় আছি। পুলিশকে জানিয়েছি, তারা বিষয়টি নিয়ে কাজ করছে।”

    বালিয়াডাঙ্গী থানার পুলিশ জানিয়েছে, চারটি জিডির ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সম্ভাব্য সব দিক বিবেচনায় রেখে শিক্ষার্থীদের সন্ধানে অভিযান চালানো হচ্ছে এবং তাদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • নরসিংদীর নাগরিয়াকান্দি বিনোদন পার্ক ও রেস্টুরেন্টে মোবাইল কোর্ট       অর্থ দন্ড, ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

    নরসিংদীর নাগরিয়াকান্দি বিনোদন পার্ক ও রেস্টুরেন্টে মোবাইল কোর্ট অর্থ দন্ড, ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড

    আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
    নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় ১ইং বুধবার আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,নরসিংদী সদর, কর্তৃক উপজেলার নাগরিয়াকান্দি বিনোদন পার্ক ও রেস্টুরেন্ট এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
    এসময় অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে সহযোগিতাসহ যুক্ত থাকার অপরাধে একটি রেস্টুরেন্টের মালিককে দণ্ডবিধি -১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় ১৫-দিনের বিনাশ্রম কারাদণ্ড ৩-হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং রেস্টুরেন্টটি সিলগালা করে দেওয়া হয়েছে।
    তাৎক্ষণিক অর্থদণ্ড আদায় করে আসামীকে সাজা পরোয়ানা দিয়ে পুলিশ ফোর্সের হেফাজতে কারাগারে প্রেরণ করা হয়েছে।
    প্রশাসন সূত্রে জানা যায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

    বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

    সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বড়ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যবসায়িদের হয়রানি ও দক্ষিণ বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বড়ছড়া কয়লা আমদানিকারক সমিতির সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ি হাজি মো সবুজ আলমের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে ব্যবসায়ি ও শ্রমিকদের মানববন্ধন পালিত হয়েছে।

    মঙ্গলবার (৩০ জুন ) বিকেল সাড়ে ৫ টায় বড়ছড়া ডিপো এলাকায় ব্যবসায়ি ও শ্রমিকদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে স্থানীয় শ্রমিক ও ব্যবসায়িদের বক্তব্যে বলেন, একটি কু-চক্রী মহলের প্ররোচণায় কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টিভিতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার এবং শ্রমিক-ব্যবসায়িদের উদ্দেশ্যমূলক হয়রানি করা হচ্ছে। ঐ কু-চক্রী মহল নিজেরাই ইজারাবিহীন শান্তিপুর বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আমতৈল গ্রামের সামন দিয়ে পুরানঘাটের ব্রীজের নদীর নিচ হয়ে একতা বাজারের সামন দিয়ে গাজিপুরের কাস্তাল,কামারকান্দি,আমবাড়ি সহ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করছে। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো সবুজ আলমের নির্বাচনী ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য গাজীপুরের একজন পেশাদার ব্যবসায়ির বালুভর্তি নৌকার ছবির সাথে চেয়ারম্যান সবুজ আলমের ছবি সংযুক্ত করে ব্যাপক অপপ্রচার চালিয়ে যাচ্ছে। হলহলিয়া গ্রামের নদী তীরবর্তী বিভিন্ন স্থানে শান্তিপুরের অবৈধ বালু স্তুপ করে রাখা হয়েছে। অবৈধ বালু জব্দ সহ আমরা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার আশুদৃষ্টি কামনা করছি। পাশাপাশি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ঐ কু-চক্রী মহলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জোর দাবি জানাই।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, সিরাজ মিয়া,নেকবর মিয়া,নবাব মিয়া,আব্দুল কদ্দুস,মোকলেছ মিয়া,মিলন মিয়া,আজম মিয়া,নান্দু মিয়া।

    মানববন্ধনে উপস্থিত ছিলেন, শ্রমিক ইব্রাহিম মিয়া,নুরু মিয়া,এনামুল হক,আলমগীর,শুক্রর আলী,জীবন আহমেদ,রফিকুল ইসলাম,রাজু মিয়া,রয়েল মিয়া,রতন মিয়া,আরিফুল মিয়া প্রমুখ।