Blog

  • উলিপুরে ১৫০ গবাদি পশুকে ভ্যাকসিনেশন ও ফ্রি মেডিকেল সেবা প্রদান

    উলিপুরে ১৫০ গবাদি পশুকে ভ্যাকসিনেশন ও ফ্রি মেডিকেল সেবা প্রদান

    কুড়িগ্রামের উলিপুর উপজেলায় প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও খামারিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৫০টি গবাদি পশুকে ভ্যাকসিনেশন এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।

    বুধবার দুপুরে উপজেলার তবকপুর ইউনিয়নের উমানন্দ এলাকায় আয়োজিত এ ক্যাম্পে গরু, ছাগলসহ বিভিন্ন গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় রোগ নির্ণয়, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, ওষুধ বিতরণ এবং সংক্রামক রোগ প্রতিরোধে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এতে এলাকার খামারি ও পশুপালকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং তাদের পশুর স্বাস্থ্য বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।

    মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ হাবিবুর রহমান। আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোছাঃ রেবা বেগম ও ভেটেরিনারি সার্জন ডাঃ সামছুন নাহার।

    সংশ্লিষ্টরা জানান, গবাদি পশুর বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং খামারিদের আর্থিক ক্ষতি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নিয়মিত টিকাদান ও সময়মতো চিকিৎসা নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাত আরও সমৃদ্ধ হবে।

    ক্যাম্পে সেবা গ্রহণকারী খামারিরা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে চিকিৎসা ও ভ্যাকসিন প্রদানের ফলে তারা উপকৃত হয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান তারা।

    স্থানীয় সচেতন মহলের মতে, গ্রামীণ পর্যায়ে নিয়মিত ভেটেরিনারি সেবা ও ভ্যাকসিনেশন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে প্রাণিসম্পদের রোগবালাই নিয়ন্ত্রণ, নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদন এবং খামারিদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।

  • ফারির বিল সীমান্তে বিজিবির অভিযান: ২০ বস্তা ইউরিয়া সার উদ্ধার, আটক ১

    ফারির বিল সীমান্তে বিজিবির অভিযান: ২০ বস্তা ইউরিয়া সার উদ্ধার, আটক ১

    কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার উদ্ধার এবং এক পাচারকারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
    বিজিবি জানায়, গত ৩০ জুন রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-১৮ এর উত্তর-পূর্ব দিকে ফারির বিল এলাকায় অবস্থান নেয়। রাত ১১টার দিকে কয়েকজন ব্যক্তিকে পানি দিয়ে ভাসিয়ে ইউরিয়া সারের বস্তা আনার চেষ্টা করতে দেখা যায়। এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা বস্তা ফেলে পালিয়ে যায়।
    পালানোর সময় মো. জসিম উদ্দিন (১৯) নামে একজনকে আটক করতে সক্ষম হয় বিজিবি। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার মীর কাসেমের ছেলে।
    পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ২০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়। দীর্ঘ তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি বলে জানিয়েছে বিজিবি।
    আটক ব্যক্তি ও জব্দকৃত ইউরিয়া সারের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
    উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, সীমান্ত দিয়ে সার, জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি চোরাকারবারিদের চিহ্নিত করে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও অব্যাহত রয়েছে।
    বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও সার পাচার রোধে বাহিনীর কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত সুরক্ষা ও পাচার প্রতিরোধে স্থানীয় জনগণকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

  • একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা

    একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা

    দেশজুড়ে বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার প্রথমবারের মতো সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    প্রশ্নফাঁস ও নকল ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোনো অনিয়ম ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে সারা দেশের পরীক্ষাও স্থগিত করা হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষাও সম্পন্ন হবে।

    আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড জানিয়েছে, সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

    আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই। যদি প্রশ্নফাঁসের মতো কোনো ঘটনা ঘটে, তাহলে সেদিনের পরীক্ষা সারা দেশে স্থগিত করে নতুন প্রশ্নে পুনরায় পরীক্ষা নেওয়া হবে।

    এ বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। যা গত বছরের তুলনায় ১৯ হাজার ৪৭২ জন বেশি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন। মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে পরীক্ষায় অংশ নেবেন আরও ২ লাখ ৮৬৯ জন শিক্ষার্থী।

    দেশের মোট ২ হাজার ৯৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১৪৫টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, যার ৪০টিই রাজধানী ঢাকায়। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় প্রশ্নপত্র বিতরণ, উত্তরপত্র সংরক্ষণ, অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার, পরীক্ষাকেন্দ্রের শৌচাগার তল্লাশিসহ মোট ৩৫টি নির্দেশনা জারি করেছে শিক্ষা কর্তৃপক্ষ।

    এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সতর্ক করে বলেছেন- কোনো কেন্দ্রে নকলের ঘটনা ধরা পড়লে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    শিক্ষাবিদদের মতে, সব শিক্ষা বোর্ডে একই মানদণ্ডে উত্তরপত্র মূল্যায়ন নিশ্চিত করা এবং প্রশ্নফাঁস প্রতিরোধ করাই এবার পরীক্ষা পরিচালনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

  • রাজবাড়ীতে পেঁয়াজের দামে ধস, লোকসানের শঙ্কায় কৃষকের চোখে হতাশা

    রাজবাড়ীতে পেঁয়াজের দামে ধস, লোকসানের শঙ্কায় কৃষকের চোখে হতাশা

    মাঠজুড়ে সবুজের সমারোহ। পরিশ্রমের প্রতিদান হিসেবে এবার রাজবাড়ীতে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। বাজারে পেঁয়াজের দামে ধস নামায় এখন চরম হতাশায় দিন কাটাচ্ছেন জেলার হাজারো কৃষক। উৎপাদন খরচ বেড়ে গেলেও ন্যায্য মূল্য না পাওয়ায় অনেকেই লোকসানের মুখে পড়েছেন।

    মঙ্গলবার (৩০ জুন) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর হাটে গিয়ে পেঁয়াজের করুন দৃশ্য চোখে পড়ে।

    জেলার রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি, কালুখালী ও গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, এবার অনুকূল আবহাওয়া ও পরিচর্যার কারণে পেঁয়াজের ফলন ভালো হয়েছে। তবে একসঙ্গে বাজারে বিপুল পরিমাণ পেঁয়াজ ওঠায় দাম দ্রুত কমে গেছে। বর্তমানে স্থানীয় হাট-বাজারে প্রতি কেজি পেঁয়াজ ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ কৃষকদের দাবি, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ সব মিলিয়ে উৎপাদন খরচ বিবেচনায় কমপক্ষে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দাম না পেলে লাভ তো দূরের কথা, খরচই ওঠে না।

    স্থানীয় কৃষক মোঃ মোতাহার হোসেন বলেন, “এবার পেঁয়াজের ভালো ফলন হলেও বাজারে ন্যায্য দাম না থাকায় আমরা চরম লোকসানের মুখে পড়েছি। উৎপাদন খরচই উঠছে না। ঋণ করে চাষ করেছি, এখন সেই টাকা পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে।”

    কৃষক মোঃ কামরুল ইসলাম বলেন, “বীজ, সার, কীটনাশক ও শ্রমিকের খরচ অনেক বেড়েছে। কিন্তু বাজারে পেঁয়াজের দাম এত কম যে বিক্রি করে লাভ তো দূরের কথা, খরচই তুলতে পারছি না। সরকার যদি ন্যায্যমূল্য নিশ্চিত করত, তাহলে কৃষকরা কিছুটা স্বস্তি পেত।”

    কৃষক সুজন শেখ বলেন, “আমরা অনেক আশা নিয়ে পেঁয়াজের আবাদ করেছিলাম। কিন্তু বর্তমান বাজারদরে পেঁয়াজ বিক্রি করে পরিবার চালানোই কঠিন হয়ে গেছে। কৃষকদের স্বার্থে দ্রুত বাজার স্থিতিশীল করা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।”

    রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কৃষক আব্দুল করিম বলেন, “এবার ফলন খুব ভালো হয়েছে। ভেবেছিলাম লাভ হবে। কিন্তু এখন যে দামে বিক্রি করছি, তাতে ঋণের টাকাও শোধ করতে কষ্ট হবে।”

    পাংশা উপজেলার কৃষক রফিকুল ইসলাম বলেন, “এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করতে প্রচুর টাকা খরচ হয়েছে। এখন বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। কারণ বেশি দিন সংরক্ষণ করার মতো ব্যবস্থা নেই।”

    বালিয়াকান্দির কৃষক মোঃ কাউছার হোসেন বলেন, “কৃষকের ঘাম ঝরিয়ে উৎপাদিত ফসলের ন্যায্য দাম না থাকলে কৃষি করে টিকে থাকা কঠিন হয়ে যাবে।”

    স্থানীয় পাইকারি ব্যবসায়ীরা জানান, জেলার পাশাপাশি দেশের অন্যান্য এলাকা থেকেও বাজারে প্রচুর পেঁয়াজ আসছে। ফলে সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কমেছে। বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় আপাতত মূল্য বৃদ্ধির সম্ভাবনাও কম।

    কৃষি সংশ্লিষ্টরা বলছেন, কৃষকদের জন্য আধুনিক সংরক্ষণাগার, সহজ ঋণ সুবিধা এবং কার্যকর বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এ ধরনের সংকট অনেকটাই কমানো সম্ভব। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণ ও কৃষকের কাছ থেকে সরাসরি পণ্য সংগ্রহের উদ্যোগ বাড়ানোরও পরামর্শ দিয়েছেন তারা।

    জেলার পেঁয়াজ চাষিদের দাবি, সরকার দ্রুত ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক। তা না হলে লোকসানের কারণে আগামী মৌসুমে অনেক কৃষক পেঁয়াজ চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। এতে ভবিষ্যতে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি বাজারেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।

  • ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

    ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ৩ কোটি ৪৫ লাখ টাকার প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার, গ্রেপ্তার ২

    ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাচীন কালো রঙের কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩। এ ঘটনায় মূর্তিটি ভারতে পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি ৪৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।
    সোমবার (২৯ জুন) বিকেলে হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের কিশমত ভৈষা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তাররা হলেন উপজেলার কিশমত ভৈষা গ্রামের হাসান আহাম্মদ (২৬) এবং নন্দগাঁও এলাকার নাজমুল (৬৪)।

    র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাসান আহাম্মদের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার গোয়ালঘর থেকে দ্বিখণ্ডিত অবস্থায় একটি প্রাচীন কালো কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

    র‌্যাবের তথ্য অনুযায়ী, উদ্ধার করা মূর্তিটির ওজন প্রায় ১১৫ কেজি। মূর্তির মাথার অংশের দৈর্ঘ্য ৩২ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি এবং নিচের অংশের দৈর্ঘ্য ১৬ ইঞ্চি ও প্রস্থ ২২ ইঞ্চি।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, পরস্পরের যোগসাজশে মূল্যবান কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিটি ভারতে পাচারের পরিকল্পনা ছিল। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

    পলাশবাড়ী ২ দফা দাবিতে ২১টি সাব পোস্ট অফিস কর্মচারীদের কর্মসূচি, দাবি না মানলে ৬ জুলাই থেকে পূর্ণ কর্ম বিরতির হুঁশিয়ারি

    আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে উপজেলার ২১টি শাখা ডাকঘরের পোস্টমাস্টার, বিলিকারী ও ডাক বহনকারীরা কর্মসূচি পালন করেছেন। এ সময় দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৬ জুলাই থেকে দেশব্যাপী পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালনের ঘোষণা দেন তারা।

    মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন জাহিদ ইসলাম।

    এসময় বক্তব্য রাখেন লালদিঘি মেলা শাখা ডাকঘরের পোস্টমাস্টার শাহিন মিয়া, আমলাগাছী শাখা পোস্টমাস্টার শাহিন সরকার, মহিপুর বাজারের ডাক বহনকারী শারমিন আক্তার, রথের বাজার শাখা পোস্টমাস্টার, গীদারী শাখা পোস্টমাস্টার আবু জাহিদ, গোবিন্দগঞ্জের উত্তর ছয়ঘরিয়া শাখা পোস্টমাস্টার জিন্নাত এবং মহিপুর বাজার শাখা পোস্টমাস্টার কোহিনুর আক্তারসহ উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা।

    বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সাব পোস্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন বৈষম্য ও সমস্যার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। তাদের ন্যায্য দুই দফা দাবি বাস্তবায়নের জন্য ইতোমধ্যে কেন্দ্রীয়ভাবে ডাক অধিদপ্তরের সামনে আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। গত ১৭ ও ১৮ জুন ডাক অধিদপ্তরের সামনে আন্দোলনের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দাবিগুলো বাস্তবায়নের জন্য সময় দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
    তারা জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুলাই ২০২৬ (সোমবার) থেকে দেশের সব শাখা ডাকঘরে পূর্ণ কর্মবিরতি (ধর্মঘট) পালন করা হবে। এরপরও দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি আরও কঠোর করা হবে।

    আন্দোলনকারীরা বলেন, ডাক বিভাগের তৃণমূল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা দেশের ডাকসেবা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দীর্ঘদিন ধরে তাদের যৌক্তিক দাবিগুলো উপেক্ষিত হচ্ছে। তাই দ্রুত দুই দফা দাবি বাস্তবায়নের মাধ্যমে তাদের কর্মপরিবেশ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তারা।

    কর্মসূচিতে পলাশবাড়ী উপজেলার ২১টি শাখা ডাকঘরের পোস্টমাস্টার, বিলিকারী ও ডাক বহনকারীরা অংশগ্রহণ করেন। সভা শেষে

    কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা

  • ৩২ বছরের কর্মময় জীবনের অবসান, ধর্মপুরে হাফিজুল করিমকে বিদায় সংবর্ধনা

    ৩২ বছরের কর্মময় জীবনের অবসান, ধর্মপুরে হাফিজুল করিমকে বিদায় সংবর্ধনা

    নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্বচর শুল্লুকিয়া এ আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুল করিমের অবসরজনিত বিদায় সংবর্ধনা জাঁকজমকপূর্ণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
    দীর্ঘ ৩২ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে তিনি ২০২৬ সালের ৩০ জুন আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেন। ১৯৯৪ সালের ১ জানুয়ারি তিনি উক্ত বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেন। দীর্ঘ এই সময়ে সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি শিক্ষকতা জীবনের সফল সমাপ্তি টানেন।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এস এম এহসান কবীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মহিউদ্দিন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ধর্মপুর ইউনিয়ন পরিষদ।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর ওয়াপদা কারামতিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবউদ্দিন।
    অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আরমান রাজু পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।
    বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন রাফিয়া সুলতানা। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সৌরভ হাসান, আরমান হোসেন, মো. সবুজ এবং জামাল উদ্দিন জিয়া (ইউনিয়ন যুবদল)।
    শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. বেলাল উদ্দিন ও উর্মী জাহান রুনা। এছাড়াও বাংলা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উত্তর ওয়াপদা কারামতিয়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষকসহ আমন্ত্রিত শিক্ষকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
    বক্তারা তাদের বক্তব্যে মোহাম্মদ হাফিজুল করিমের সততা, দায়িত্বশীলতা, শিক্ষার মানোন্নয়নে অসামান্য অবদান এবং শিক্ষার্থীদের প্রতি তাঁর গভীর আন্তরিকতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তাঁর কর্মময় জীবন, আদর্শ ও নিষ্ঠা আগামী প্রজন্মের শিক্ষকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আজিজ।
    সবশেষে বিদায়ী প্রধান শিক্ষক মোহাম্মদ হাফিজুল করিম আবেগঘন বক্তব্যে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

  • হরিপুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে

    হরিপুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে

    জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৬ উদ্বোধন করা হয়েছে।
    মঙ্গলবার বিকেল ৩ টায় হরিপুর উপজেলা পরিষদের সামনে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে মেলার উদ্বোধন করেন হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর।
    উপজেলা কৃষি অফিসার শাহিনুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন উপজেলা বিএনপি’র সভাপতি জামাল উদ্দিন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় প্রদর্শিত বিভিন্ন প্রযুক্তি কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মানুষ কুমার । এছাড়া বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল বাইন, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি

  • বন্যার্তের দ্বারে নৌকা নিয়ে চেয়ারম্যান: তিলাই ইউনিয়নে মানবিকতার অনন্য নজির

    বন্যার্তের দ্বারে নৌকা নিয়ে চেয়ারম্যান: তিলাই ইউনিয়নে মানবিকতার অনন্য নজির

    সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নসহ বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহ বন্যার কবলে পড়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এই ক্রান্তিলগ্নে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল জাম্মান কামরুল যেভাবে প্রতিকূল পরিবেশ উপেক্ষা করে নৌকায় চাউল নিয়ে পানিবন্দী মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন, তা স্থানীয় জনমনে ব্যাপক প্রশংসিত হচ্ছে।

    ### নৌকায় ত্রাণ বিতরণ: দুর্গম পথে মানবিকতা

    ইউনিয়নের ১, ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের প্রায় ৪০০টি পরিবার বর্তমানে পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এ সকল ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় ত্রাণ পৌঁছে দিতে চেয়ারম্যান নিজেই নৌকা নিয়ে মাঠে নেমেছেন। এই মহতী উদ্যোগে চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর *ইউপি সদস্যবৃন্দ, **জিয়া সাইবার ফোর্স-এর আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। এছাড়া এই মানবিক কার্যক্রমের সংবাদ সংগ্রহের জন্য স্থানীয় সাংবাদিক **হাসান মাহমুদ জয়* ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল সহায়তা প্রদান করা হয়, যার মোট পরিমাণ ৪ টন।

    উপজেলা প্রশাসনের বরাদ্দ ও স্বচ্ছতার অঙ্গীকার

    ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যার্তদের জরুরি ত্রাণ হিসেবে উপজেলায় মোট ৩০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি ইউনিয়নে এই চাল সুষমভাবে বণ্টন করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা পর্যায়ে বিভিন্ন ইউনিয়নে বরাদ্দের চিত্রটি নিম্নরূপ:

    শিলখুড়ি ইউনিয়ন ** ৫.৫ টন
    আন্ধারিঝাড় ইউনিয়ন:** ৫ টন
    তিলাই ইউনিয়ন:** ৪ টন
    পাইকেরছড়া ইউনিয়ন:** ৪ টন
    চর ভূরুঙ্গামারী ইউনিয়ন:** ৪ টন
    বঙ্গ সোনাহাট ইউনিয়ন:** ৩ টন
    ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন:** ৩ টন
    বলদিয়া ইউনিয়ন:** ১.৫ টন

    উপজেলা প্রশাসন স্পষ্ট করে জানিয়েছে, ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে হবে। যাতে সরকারি সহায়তার চাল প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের হাতেই পৌঁছায়, সেজন্য প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং স্থানীয় সচেতন মহলের প্রতি সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

    তিলাই ইউনিয়ন চেয়ারম্যানের প্রতিশ্রুতি

    ত্রাণ বিতরণকালে তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল জাম্মান কামরুল তার বক্তব্যে বলেন:

    > “বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় আমার এলাকার মানুষ ঘরবাড়ি হারিয়ে চরম সংকটে রয়েছেন। তাদের কষ্ট লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি আজ নৌকা নিয়ে প্রতিটি বাড়ি ঘুরে দেখছি যাতে কেউ ত্রাণ থেকে বঞ্চিত না হয়। এই কাজে আমার সাথে থাকা সকল ইউপি সদস্য, স্বেচ্ছাসেবক এবং সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই। আমি আপনাদের নিশ্চিত করছি, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে। ত্রাণ বিতরণে কোনো প্রকার অনিয়ম নজরে এলে সরাসরি আমাদের অবহিত করুন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”

    তিলাই ইউনিয়নসহ পুরো উপজেলায় চলমান এই ত্রাণ বিতরণ কার্যক্রমের মাধ্যমে সরকারি সহায়তার সুফল প্রকৃত ভুক্তভোগীদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।

  • ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড়

    ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের এলএ শাখা-৫ এর কর্মচারী মিজানের বিপুল অবৈধ সম্পদের পাহাড়

    পোশাকে-আশাকে সাধারণ আর দশটা সরকারি কর্মচারীর মতোই মনে হয় তাঁকে। পদমর্যাদায় তিনি ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের (ডিসি অফিস) ভূমি অধিগ্রহণ অনুবিভাগের শাখা-৫-এর একজন তৃতীয় শ্রেণীর অফিস সহকারী। তবে এই অতি সাধারণ অবয়বের আড়ালে লুকিয়ে আছে এক ভিন্ন রূপ। ভূমি অধিগ্রহণের মতো স্পর্শকাতর শাখায় দায়িত্ব পালনের সুবাদে তৈরি করেছেন এক শক্তিশালী সিন্ডিকেট। ঘুষ, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি গড়ে তুলেছেন শত কোটি টাকার অবৈধ সম্পদের এক বিশাল পাহাড়। এই ‘মহাপ্রভাবশালী’ কর্মচারীর নাম মিজানুর রহমান ওরফে মিজান।
    অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ও চন্দ্রিমা মডেল টাউন এলাকায় মিজানের নামে-বেনামে একাধিক বিলাসবহুল সুউচ্চ আবাসিক ভবন রয়েছে। সরকারের একজন সামান্য বেতনভুক্ত কর্মচারী হয়েও কীভাবে তিনি একের পর এক বহুতল ভবন নির্মাণ করলেন, তা নিয়ে এলাকায় রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে। তাঁর মালিকানাধীন ও নির্মিত উল্লেখযোগ্য কয়েকটি ভবনের বিবরণ নিচে দেওয়া হলো:
    * **কলেজ পার্ক (১০ তলা):** ঢাকা উদ্যানের ২ নম্বর রোডের ২৫ ও ২৭ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত এই রাজকীয় অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে সপরিবারে বসবাস করেন মিজান। কোটি টাকা খরচ করে ইন্টেরিয়র ডিজাইন করা এই ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় দুই কোটি টাকারও বেশি।
    * **আদর্শ নিবাস (১০ তলা):** ঢাকা উদ্যানের ডি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ ও ১৬ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত এই বহুতল ভবনটি মিজানের মালিকানাধীন অন্যতম বড় প্রজেক্ট।
    * **ঢাকা উদ্যান সিটি সেন্টার (১২ তলা):** ঢাকা উদ্যানের এ ব্লকের ২ নম্বর রোডের ৫৮ নম্বর হোল্ডিংয়ে নির্মিত হয়েছে এই সুউচ্চ ভবনটি।
    * **চন্দ্রিমা মডেল টাউনের প্রজেক্ট:** চন্দ্রিমা মডেল টাউনে তাঁর একচ্ছত্র মালিকানায় ও পার্টনারশিপে রয়েছে ‘এভিনিউ পার্ক’, ‘মাধবীলতা’ ও ‘প্রত্যাশা প্যালেস’সহ একাধিক বিলাসবহুল ভবন।
    এছাড়াও, বর্তমানে ঢাকা উদ্যানের ৩ নম্বর রোডের ৬ নম্বর বাড়িসহ আরও কয়েকটি ভবনের নির্মাণকাজ পুরোদমে চলছে। অনুসন্ধানে জানা গেছে, তাঁর একটি ভবনের নিচতলায় থাকা ১২টি দোকান থেকেই প্রতি মাসে মোটা অঙ্কের ভাড়া তোলেন মিজান।
    অভিযোগ রয়েছে, মিজান অত্যন্ত চতুরতার সাথে তাঁর এই অবৈধ সাম্রাজ্য পরিচালনা করেন। তিনি প্রথমে নিজে জমি কেনেন এবং ভবন নির্মাণ শুরু করেন। পরবর্তীতে আইনি জটিলতা এড়াতে এবং অবৈধ অর্থের উৎস আড়াল করতে তিনি বিভিন্ন ব্যক্তির কাছে ‘শেয়ার’ বিক্রি করেন এবং শেয়ারহোল্ডারদের নামেই ফ্ল্যাট রেজিস্ট্রি করে রাখেন।
    মিজানের নির্মাণাধীন একটি ভবনের দায়িত্বে থাকা কর্মকর্তা ইসমাইল জানান, “১০ তলা এই ভবনের সব ফ্ল্যাটই ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। এছাড়া মিজান স্যারের আরও সাত-আটটি বাড়ি আছে।”
    ভবনগুলোর নির্মাণকাজের বড় অংশ বাস্তবায়ন করেন আল-আমিন নামের এক ঠিকাদার। মিজানের ভবনে স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করা জাহাঙ্গীর জানান, তিনি নিজেই মিজানের ৮-৯টি ভবনে কাজ করেছেন এবং এখনও কিছু ভবনে কাজ চলমান রয়েছে। মিজানের বিশ্বস্ত সহযোগী রবিউল ইসলাম (হুজুর) জানান, ভবনগুলোতে অত্যন্ত ব্যয়বহুল ও উন্নত মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে, যা কোনো সাধারণ কর্মচারীর পক্ষে কল্পনা করাও অসম্ভব।
    অনুসন্ধানে মিজানের এই বিপুল অর্থবিত্তের পেছনে এক শক্তিশালী রাজনৈতিক যোগসূত্রের তথ্য মিলেছে। জানা গেছে, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভোলা-২ আসনের সাবেক বিতর্কিত এমপি আলী আজম মুকুলের সবচেয়ে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত লোক ছিলেন এই মিজান। সংশ্লিষ্টদের তীব্র ধারণা, সাবেক এমপি মুকুলের অবৈধ আয়ের একটি বড় অংশ মিজানের কাছেই গচ্ছিত রাখা হতো এবং সেই টাকা সাদা করতেই মিজানের মাধ্যমে আবাসন খাতে বিপুল বিনিয়োগ করা হয়েছে। মূলত এমপির রাজনৈতিক আশ্রয় ও ক্ষমতার দাপটেই মিজান ডিসি অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন।
    একজন সাধারণ অফিস সহকারী কীভাবে সরকারি বেতনের সম্বল নিয়ে রাজধানীর বুকে এমন শত কোটি টাকার সাম্রাজ্য গড়ে তুললেন, তা নিয়ে খোদ ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় ও স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্মচারীদের মুখে মুখে এখন মিজানের দুর্নীতির গল্প।
    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মিজানের এই লাগামহীন দুর্নীতি, অবৈধ সম্পদের পাহাড় এবং সাবেক এমপির অর্থ পাচারের নেটওয়ার্ক নিয়ে ইতোমধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট মহলে গভীর অনুসন্ধান শুরু হয়েছে। খুব শীঘ্রই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে আভাস পাওয়া গেছে। এদিকে মিজানের এই অবৈধ সম্পদের বিষয়ে জানতে তার সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।