Blog

  • মধুপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে  ধর্ষণ চেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত।

    মধুপুরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত।

    আঃ আজিজ চৌধুরী
    মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

    টাঙ্গাইলের মধুপুরে চাচা কর্তৃক তৃতীয় শ্রেনীর ছাত্রিকে ধর্ষণ চেষ্ঠার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মধুপুর উপজেলার মহিষমারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানব বন্ধন করে স্কুলের শিক্ষার্থীরা। জানা যায়, সোমবার (২৯ জুন) সকাল ১০টার দিকে মধুপুর উপজেলার ২নং মহিষমারা ইউনিয়নের মধ্যপাড়ার ইয়াকুবের ছেলে শাহআলম (৪০) তার আপন চাচাতো ভাইয়ের তৃতীয় শ্রেনীতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের চেষ্টা করে।
    জানা যায়, লম্পট শাহআলম চাচাতো ভাইয়ের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেখে ভাতিজী
    জানালার পাশে বসে ফোন দেখছে।
    শাহআলম (চাচা) জানালা দিয়ে জিজ্ঞেস করে তোদের বাড়ির মানুষ কোথায়,সে বলে জানিনা।
    এ কথা শুলে শাহালম ঐ ঘরের দিকে যাচ্ছে দেখে ছোট মেয়েটি ভয়ে দৌড়ে ঘর থেকে বের হবে এমন সময় শাহালম দরজার সামনে দাড়ায়।
    জোড় করে তাকে ধর্ষণের চেষ্ঠা চালায়। এ সময় শিশু টির চিৎকার করলে সবাই এগিয়ে আসলে লম্পট শাহআলম দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার। লম্পট শাহআলমের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্কুলের শিক্ষার্থীরা। মধুপুর থানার ওসি একে এম ফজলুল হক জানান ভুক্তভোগীর অভিযোগ পেয়েছি তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১

    দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১

    রাজশাহীর দুর্গাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের ছেলে, তার স্ত্রী ও শ্বশুরবাড়ির পরিবারের সদস্যদের বিরুদ্ধে। হামলায় তার একটি হাত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

    আহত সেনাসদস্য মো. আহাদ আলী, রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৪ নম্বর দেলুয়াবাড়ি ইউনিয়নের যুগিশো (উত্তরপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে নিজ এলাকায় একটি কীটনাশকের দোকান পরিচালনা করছেন।

    ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ জুন সকাল আনুমানিক ৯টার দিকে নিজের জমির ওপর দিয়ে অন্য একজনকে চলাচলের জন্য রাস্তা করে দিতে শ্রমিক দিয়ে কাজ শুরু করেন আহাদ আলী। এ সময় অভিযুক্ত পাখি এসে কাজে বাধা দিলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির পরিস্থিতি সৃষ্টি হলে পরিবারের সদস্যরা বিষয়টি সাময়িকভাবে মীমাংসা করেন।

    এর পরদিন দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার পথরোধ করে কয়েকজন মিলে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি হামলা চালায় বলে অভিযোগ। এতে তার একটি হাত ভেঙে যায় এবং পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

    হাসপাতালে চিকিৎসাধীন আহাদ আলী বলেন, “আমি চিৎকার করছিলাম, অনেকেই এগিয়ে এসেছিল। কিন্তু হামলাকারীদের হাতে লাঠিসোঁটা থাকায় ভয়ে কেউ আমাকে রক্ষা করতে পারেনি। মারতে মারতে আমি অজ্ঞান হয়ে গেলে তারা পালিয়ে যায়।”

    কারা হামলায় অংশ নিয়েছে জানতে চাইলে তিনি দাবি করেন, হামলাকারীদের সবাইকে তিনি চিনতে পেরেছেন। তাদের মধ্যে রয়েছেন তার চাচাতো ভাইয়ের ছেলে পাখি, পাখির স্ত্রী জেসমিন, শ্বশুর ইয়াদ আলী, শাশুড়ি তহমিনা ও শ্যালক সোহাগ।

    তিনি বলেন, “দেশের জন্য সেনাবাহিনীতে চাকরি করেছি, একাধিকবার শান্তিরক্ষা মিশনেও অংশ নিয়েছি। অবসরের পর শান্তিতে থাকার কথা ছিল, অথচ এখন নিজের জমি নিয়ে হামলার শিকার হলাম। জমির সব বৈধ কাগজপত্র আমার কাছে রয়েছে। তারপরও যদি এমন হামলার শিকার হতে হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?”

    এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।
    এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, “রাতে অভিযোগ পেয়েছি। তবে বাদী উপস্থিত না থাকায় মামলা হয়নি। আগামীকাল মামলা দায়ের হলে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

  • পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

    পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

    চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া ঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ বিদেশি বিয়ার, মদ ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।
    মঙ্গলবার (৩০ জুন) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা।
    অভিযান চলাকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
    কোস্ট গার্ড জানায়, জব্দকৃত অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিগারেটের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সরিষাবাড়ীতে সরকারি ম্যাপের রাস্তা বন্ধ করে ওয়াল নির্মাণের অভিযোগ ভিত্তিহীন। বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহবান এলাকাবাসীর।

    সরিষাবাড়ীতে সরকারি ম্যাপের রাস্তা বন্ধ করে ওয়াল নির্মাণের অভিযোগ ভিত্তিহীন। বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার আহবান এলাকাবাসীর।

    জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৭নং কামরাবাদ ইউনিয়নের বীর বড়বাড়ীয়া গ্রামের মানুষের চলাচলের একটি রাস্তা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মাধ্যমে প্রচারিত “২০০ বছরের সরকারি ম্যাপের রাস্তা বন্ধ করে ১টি পরিবারকে অবরুদ্ধ রাখা হয়েছে” শীর্ষক অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সংশ্লিষ্ট পক্ষ এবং এলাকাবাসী।
    তাদের দাবি, প্রচারিত সংবাদে যেসব তথ্য উপস্থাপন করা হয়েছে, তার সঙ্গে প্রকৃত ঘটনার কোনো মিল নেই। সেখানে যে রাস্তাকে “দুই শত বছরের সরকারি ম্যাপের জনসাধারণের চলাচলের রাস্তা” হিসেবে উল্লেখ করা হয়েছে, বাস্তবে সেটি সরকারি রেকর্ডভুক্ত জনসাধারণের রাস্তা কি না, সে বিষয়ে কোনো প্রমাণের তথ্য উপস্থাপন করা হয়নি। একই সঙ্গে ১টি পরিবার অবরুদ্ধ অবস্থায় রয়েছে—এমন দাবিরও কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই বলে তারা জানিয়েছেন।

    সংশ্লিষ্ট পক্ষ আরও অভিযোগ করেন, একতরফা তথ্যের ভিত্তিতে ব্যক্তি ও পরিবারের সম্মান ক্ষুণ্ন করার উদ্দেশ্যে সংবাদটি প্রকাশ করা হয়েছে। এতে কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হলেও তাদের বক্তব্য নেওয়া হয়নি, যা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী।

    তাদের মতে, জমি ও চলাচলের রাস্তা নিয়ে কোনো বিরোধ থাকলে সেটি সংশ্লিষ্ট প্রশাসন ও আদালতের মাধ্যমে নিষ্পত্তিযোগ্য বিষয়। যাচাই-বাছাই ছাড়া কোনো পক্ষের বক্তব্যকে সত্য হিসেবে প্রচার করলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং সামাজিক বিরোধ আরও বৃদ্ধি পেতে পারে।

    এ বিষয়ে সংশ্লিষ্টরা প্রশাসনের প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে বলেন, প্রকৃত ঘটনা উদঘাটনের মাধ্যমে যে কোনো বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্যের অবসান হওয়া প্রয়োজন। একই সঙ্গে তারা গণমাধ্যমকে সব পক্ষের বক্তব্য নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বলেন, আমি সরেজমিনে গিয়েছিলাম, সীমানার প্রাচীর যেখানে দিয়েছে সেটা সরকারি ম্যাপের কোনো রাস্তা না। তবে জনগণের চলাচলের বিঘ্ন ঘটিয়ে কেউ সীমানার প্রাচীর নির্মাণ করতে পারে না। আমি সমাধানের জন্য উভয় পক্ষকে ডেকেছি, যদি না আসে তাহলে আমি আমার মত করে ব্যবস্থা নিব।

  • পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩

    পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩

    কক্সবাজারে পৃথক অভিযানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বাংলাদেশ কোস্ট গার্ড বিপুল পরিমাণ ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ করেছে। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
    মঙ্গলবার (৩০ জুন ২০২৬) রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এবং বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
    প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় ২ লাখ টাকা মূল্যের ১০০ বস্তা ইউরিয়া সার জব্দ করে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। অভিযানে একটি মিনি ট্রাকও জব্দ করা হয় এবং ট্রাকচালক মো. সৈয়দ করিম (২৮) ও তার সহযোগী মো. জাহেদ (২৫)-কে আটক করা হয়।
    বিজিবি জানায়, রামু ও উখিয়া উপজেলা কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তিরা ইউরিয়া সারের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, সারগুলো কুতুপালং এলাকায় মজুদ রেখে পর্যায়ক্রমে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে পাচারের পরিকল্পনা ছিল।
    অন্যদিকে, একই দিন সকাল ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি ইজিবাইক তল্লাশি করে প্রায় ২৭ হাজার টাকা মূল্যের ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার এবং একজন মাদক কারবারিকে আটক করা হয়।
    কোস্ট গার্ড জানায়, জব্দকৃত দেশীয় মদ ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
    রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এবং বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি

    বিপিসির আহম্মদুল্লাহর ঢাকায় বহুতল ভবন, গ্রামে বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি

    ঢাকায় বহুতল ভবন, একাধিক ফ্ল্যাট ও প্লট এবং গ্রামে ডুপ্লেক্স বাড়িসহ শতকোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। নিজের বৈধ আয়ের সঙ্গে সামঞ্জস্য না থাকায় আইনি জটিলতা এড়াতে স্ত্রী, মা-বাবা ও শ্বশুরের নামে করেছেন এসব সম্পদ। মো. আহম্মদুল্লাহ নামের এই কর্মকর্তা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উপব্যবস্থাপক। একই সঙ্গে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের একান্ত সচিবও (পিএস) ছিলেন তিনি।

    সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর মিরপুরে এক হাজার ১৬০ বর্গফুটের একটি ফ্ল্যাট রয়েছে আহম্মদুল্লাহর। ফ্ল্যাটটির অবস্থান পল্লবী সেকশন ৬-এর ৮ নম্বর রোডের সি-ব্লকের ৫ নম্বর বাড়ির দ্বিতীয় তলায়। এ ছাড়া আদাবরে একটি প্লট এবং মোহাম্মদপুরে আরও একটি ফ্ল্যাট রয়েছে তার।

    বিপিসি চেয়ারম্যানের পিএস থাকাকালে তিনি স্ত্রী নুসরাত জেবিন সিনথীর নামে কেরানীগঞ্জ (দক্ষিণ) থানার কোন্ডা ইউনিয়নের আইন্তা মৌজায় সাড়ে তিন কাঠা জমি কেনেন। এটি ছিল বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের ২৮৭ নম্বর প্লট। দলিল নম্বর ১০১৯৭, খতিয়ান নম্বর ২২৪৩। ওই প্লটে ৮ তলা ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়েছে।কেরানীগঞ্জ (দক্ষিণ) থানার কোন্ডা ইউনিয়নের আইন্তা মৌজায় সাড়ে তিন কাঠা জমির মালিক আহম্মদুল্লাহর স্ত্রী নুসরাত জেবিন সিনথী।

    প্লটটির বাজারমূল্য শতকোটি টাকার কাছাকাছি হলেও দলিলে মাত্র ৩০ লাখ ৯৬ হাজার টাকা দেখানো হয়েছে। ২০২১ সালের ১১ নভেম্বর জমিটি জ্বালানি তেল পরিবহন ব্যবসায়ী আবুল বশর আবুর কাছ থেকে সিনথীর নামে দলিল করা হয়।

    নিজের নামে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পের সাড়ে তিন কাঠা জমি থাকার কথা স্বীকার করেছেন নুসরাত জেবিন সিনথী। তবে তার দাবি, সেখানে ৮ তলা ভবন নির্মাণে তাকে ব্যাংক থেকে ঋণ নিতে হয়েছে।বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে নির্মাণাধীন নুসরাত জেবিন সিনথীর আট তলা ভবন।

    আদাবরের প্লটটি প্রথমে আহম্মদুল্লাহ তার শ্বশুর অলিউল হকের নামে কেনেন। পরে শ্বশুর সেটি মেয়ে নুসরাত জেবিন সিনথীর নামে দলিল করে দেন।

    বরিশালের ঝালকাঠী সদর উপজেলার দিবাকরকাঠী গ্রামে আহম্মদুল্লাহ একটি ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করেছেন। ওই এলাকায় তার ১০ একরের বেশি জমি রয়েছে। এ ছাড়া বরিশাল শহরে একটি ফ্ল্যাট এবং উজিরপুর কলেজের পাশেও জমি কিনেছেন তিনি।ক্তিগত গাড়িতে সরকারি লোগো ব্যবহার করেন আহম্মদুল্লাহর স্ত্রী।

    ঢাকা মেট্রো-গ ৪৩-৪৭৬৯ নম্বরের একটি গাড়ি ব্যবহার করেন আহম্মদুল্লাহর স্ত্রী। ব্যক্তিগত গাড়ি হলেও সেটির সামনে সরকারি লোগো লাগানো হয়েছে। আর আহম্মদুল্লাহ ব্যবহার করতেন বিপিসির চেয়ারম্যান ও পরিচালকদের বরাদ্দ গাড়ি (জিপ ও কার)।

    সূত্র জানায়, প্রতি মাসে আহম্মদুল্লাহর পল্লবীর বাসায় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গাড়িতে করে উপহারসামগ্রী পৌঁছে দেন। এত মানুষের আনাগোনা প্রতিবেশীদেরও বিস্মিত করে। তার ছেলে ঢাকার একটি নামকরা ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী।

    ফাইল আটকে কমিশন

    বিপিসির অধীনে আটটি অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স, এলপি গ্যাস লিমিটেড, পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল লিমিটেড।

    এসব প্রতিষ্ঠানের যে কোনো কেনাকাটায় চেয়ারম্যানের অনুমোদন লাগে। সেই অনুমোদনের ফাইল প্রথমে যায় চেয়ারম্যানের পিএস আহম্মদুল্লাহর কাছে। এ সুযোগ কাজে লাগিয়ে তিনি ফাইল আটকে রেখে সংশ্লিষ্টদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। মাসোহারা পেতেন চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজে জ্বালানি সরবরাহকারী (বাংকার) ১০ ডিলারের কাছ থেকে।

    বেসরকারি রিফাইনারি পারটেক্স পেট্রো লিমিটেড, পেট্রোম্যাক্স রিফাইনারি লিমিটেড, সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড, অ্যাকোয়া রিফাইনারি লিমিটেড ও বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানি লিমিটেড বিপিসির কাছ থেকে শত শত কোটি টাকার বিল নেয়।

    সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেড একাই মাসে ৩০০ থেকে ৫০০ কোটি টাকার বিল তোলে। বিল দ্রুত পাস করাতে আহম্মদুল্লাহ নিয়মিত মাসোহারা পেতেন এসব কোম্পানির কাছ থেকেও।

    এ ছাড়া বিটুমিন বিতরণ ও বিদেশি জাহাজের এলসি পেমেন্টের ফাইলেও টাকা ছাড়া চেয়ারম্যানের টেবিলে ফাইল না রাখার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

    মাদারীপুরের শিবচরে এ. এইচ. কে. ফিলিং স্টেশন অনুমোদনের ফাইল আটকে রেখে প্রায় ছয় লাখ টাকা নেওয়া হয়। লেনদেন হয় সোনারগাঁও হোটেলে।

    নিয়োগে অনিয়ম

    আহম্মদুল্লাহ ২০১৯ সালে বিপিসিতে সরাসরি ষষ্ঠ গ্রেডে নিয়োগ পান। চাকরির আবেদনে স্থায়ী ঠিকানা বরিশালের ঝালকাঠী গোপন করে ঢাকার ঠিকানা ব্যবহার করেছেন তিনি।

    ২০১৮ সালে মো. সামছুর রহমান বিপিসির চেয়ারম্যান হওয়ার পর আহম্মদুল্লাহকে পিএস হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    বিপিসির বিধিমালা অনুযায়ী চেয়ারম্যানের একান্ত সহকারীর পদটি সহকারী ব্যবস্থাপক (নবম গ্রেড) সমমানের। অথচ ষষ্ঠ গ্রেডের উপব্যবস্থাপক হয়েও আহম্মদুল্লাহ টানা সাড়ে ছয় বছর পদটি ধরে রাখেন।

    ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে আহম্মদুল্লাহ বিপিসিতে বরিশালের লোকজনকে নিয়োগ ও পদোন্নতি দিয়ে নিজের প্রভাববলয় তৈরি করেন। সরেজমিন দেখা গেছে, বিপিসির ঢাকার কেন্দ্রীয় অফিসে পিয়ন থেকে পিএ, নিরাপত্তা প্রহরী, রিসিপশনিস্ট ও গাড়িচালক; প্রতিটি পদেই বরিশাল অঞ্চলের লোকজনের আধিক্য।

    প্রতিষ্ঠানের ঢাকা অফিস ও রেস্ট হাউসের কেনাকাটার দায়িত্বে থাকা উপব্যবস্থাপক মো. আশিক শাহরিয়ারের বাড়ি বরিশালে।

    চেয়ারম্যানের প্রটোকল অফিসার ও রেস্ট হাউসের ইনচার্জ মো. মনিরুজ্জামান, চেয়ারম্যানের পিএ নুসরাত ইসলাম, পরিচালক (অপারেশন্স) বদরুননেসা, নিরাপত্তা প্রহরী রাকিব মিয়া, রিসিপশনিস্ট ইব্রাহিম, চেয়ারম্যানের গাড়িচালক মো. রাসেল, পিএসের গাড়িচালক মো. মনির এবং রেস্ট হাউসের মাহমুদ, শাহজাহান, আনোয়ার, শাহাদাত; সবার বাড়ি বরিশালে।

    এক দিনেই বাতিল বদলির আদেশ
    ২০২১ সালে বিপিসির চেয়ারম্যান হিসেবে যোগ দেন এ বি এম আজাদ। আহম্মদুল্লাহর সিন্ডিকেট ও অপকর্মের বিষয়ে জানতে পেরে তিনি তাকে প্রধান কার্যালয় থেকে চট্টগ্রামে বদলি করেন। কিন্তু সিন্ডিকেটের চাপে এক দিনের মাথায় সেই আদেশ বাতিল করতে বাধ্য হন চেয়ারম্যান। আহম্মদুল্লাহ আবার পিএস পদে ফিরে আসেন।

    আহম্মদুল্লাহর অন্যায়ের প্রতিবাদ করায় বিপিসির ঢাকা রেস্ট হাউসের ইনচার্জ মো. শফিউল ইসলাম চাকরি হারান। পরে ওই পদে বরিশালের মো. মনিরুজ্জামানকে বসানো হয়।

    ঝুঁকিপূর্ণ ব্যাংকে এফডিআর
    আহম্মদুল্লাহর বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে গত ১ মার্চ জ্বালানিমন্ত্রীর কাছে আবেদন করেন বিপিসি চেয়ারম্যানের সাবেক পিএস কে এম রিয়াজ রহমান। এতে বলা হয়, আহম্মদুল্লাহ প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকে স্বজনদের চাকরির ব্যবস্থা করতেন। এই ব্যক্তিগত সুবিধার বিনিময়ে তিনি বিপিসির এফডিআর ও এসএনডি হিসাবের জন্য এসব ব্যাংককে বিশেষ সুবিধা দিতেন।

    তার সাড়ে ছয় বছরের দায়িত্বকালে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ ব্যাংকে এসএনডি ও এফডিআর করা হয়েছে। এতে তিনি ব্যক্তিগতভাবে লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে বিপিসি। এ ছাড়া জ্বালানি কোম্পানিগুলোর বার্ষিক পাঁচ শতাংশ মুনাফা অনুমোদন, ডিপো ইনচার্জদের বদলির হুমকি দিয়ে মাসোহারা আদায়, তদন্ত রিপোর্টে জালিয়াতি এবং ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত নিয়োগ-বাণিজ্যে মূলহোতা হিসেবে তার নাম উঠে এসেছে।

    বিপিসির উপব্যবস্থাপক (হিসাব) মো. ইসতিয়াক হোসেন স্বাক্ষরিত প্রত্যয়নপত্রে দেখা গেছে, ২০২৪-২৫ অর্থবছরে আপ্যায়ন, টিএ/ডিএ ও জ্বালানি বিল বাবদ আহম্মদুল্লাহকে পাঁচ লাখ ৫৯ হাজার টাকা দেওয়া হয়েছে।

    মেঘনা পেট্রোলিয়ামে বদলি

    আহম্মদুল্লাহর সিন্ডিকেট ও দুর্নীতির বিষয়ে জানতে পেরে গত ১৩ মে তাকে সহায়ক সংস্থা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে (এমপিএল) সংযুক্ত করেন বিপিসির বর্তমান চেয়ারম্যান মো. রেজানুর রহমান। তবে পুরোনো সিন্ডিকেটের মাধ্যমে আবারও পিএস পদে ফিরতে মরিয়া আহম্মদুল্লাহ।

    আহম্মদুল্লাহকে মেঘনা পেট্রোলিয়ামে সংযুক্ত করার অফিস আদেশ

    নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, আহম্মদুল্লাহকে সরানোর পর থেকে বিপিসির ঢাকা কেন্দ্রীয় অফিসে তার সিন্ডিকেটের লোকজন কাজে অসহযোগিতা শুরু করে।

    বিপিসির বক্তব্য

    আহম্মদুল্লাহর বিষয়ে জানতে চাইলে বিপিসির সচিব শাহিনা সুলতানা বলেন, আমি এখানে জয়েন করার পর থেকে এখন পর্যন্ত কেউ তার বিষয়ে অভিযোগ করেনি। দুদকেরও কোনো চিঠি আমরা পাইনি।

    বিপিসির বিভিন্ন কাজে আহম্মদুল্লাহর সিন্ডিকেটের অসহযোগিতার বিষয়ে তিনি বলেন, আমি চেয়ারম্যান স্যারের সঙ্গে কাজ করি। পুরো ডিপার্টমেন্টে কোথায় কী হচ্ছে তা জানা আমার পক্ষে সম্ভব নয়।

    আহম্মদুল্লাহর সাড়ে ছয় বছরে বিপিসির পক্ষে কোন কোন ব্যাংকে এফডিআর ও এসএনডি করা হয়েছে? এতে প্রতিষ্ঠানের কেমন ক্ষতি হয়েছে? এমন প্রশ্নে বিষয়টি সম্পর্কে জানতে তথ্য অধিকার আইনে আবেদনের পরামর্শ দেন শাহিনা সুলতানা।

    বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমানকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। আর অভিযুক্ত আহাম্মদুল্লাহর ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

  • আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ: পরিবারের দাবি এটি গভীর ষড়যন্ত্র।

    আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকিংয়ের ক্যাশিয়ারের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ: পরিবারের দাবি এটি গভীর ষড়যন্ত্র।

    কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। ​পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে অবস্থিত আল আরাফাহ্ এজেন্ট ব্যাংকের পাখিমারা আউটলেটে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ওই শাখার ক্যাশিয়ার রিয়াদুল ইসলাম ইউসুফের বিরুদ্ধে। তবে এই অভিযোগকে একপাক্ষিক ও গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছেন তার পরিবার। এই ঘটনার আগ থেকে গত ২০/০৬/২০২৬ তারিখ রিয়াদুল ইসলাম ইউসুফ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন তার মা মোসাঃতহমিনা,তিনি আরো অভিযোগ করেন, আমার ছেলে নিখোঁজ হওয়ার পরে কলাপাড়া থানায় জিডি করতে গেলে পুলিশ তার জিডি গ্রহন করে নাই।
    ​
    কুয়াকাটা রিপোর্টর্স ইউনিটির কার্যলায় ৩০ জুন’২০২৬ (মঙ্গলবার) বিকাল ৪ টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোসাঃ তহমিনা দাবি করেন, তার ছেলে রিয়াদুল ইসলাম ইউসুফ প্রতিদিনের লেনদেন ও হিসাব ব্যাংকিং নিয়মানুযায়ী সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকের কাছে বুঝিয়ে দিতেন। তদন্ত শেষ হওয়ার আগেই শুধুমাত্র রিয়াদুল ইসলামকে এককভাবে দায়ী করা সঠিক নয় বলে তিনি মন্তব্য করেন।
    ​অভিযোগে আরও বলা হয়েছে ​ব্যাংক কর্তৃপক্ষ ও গ্রাহকদের উত্থাপিত সার্ভার সমস্যার দাবিটি মনগড়া ও ব্যাংকিং নিয়মবহির্ভূত।

    ​ব্যাংকের ভল্ট বা লকারের চাবি শাখা ব্যবস্থাপক ও ক্যাশিয়ার যৌথভাবে সংরক্ষণ করেন, তাই এককভাবে ক্যাশিয়ারের পক্ষে অর্থ আত্মসাৎ করা সম্ভব নয়।
    ​চেক পাশ করার ক্ষেত্রে শাখা ব্যবস্থাপকের অনুমোদন প্রয়োজন হয় এবং ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেও লেনদেন করা যায়, যা প্রমাণ করে যে এ ধরনের আর্থিক অনিয়মের পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

    এবিষয়ে পাখিমারা আল-আরাফা ইসলামী ব্যাংক আউটলেট শাখার এজেন্ট মোস্তাফিজুর রহমান আইয়ুব আলী শরীফ বলেন, এখানে ব্যাংকের দুইজন কর্মকর্তাই জড়িত তবে একজন নিখোঁজ থাকায় তার নামে থানায় জিডি করা হয়েছে পরবর্তীতে এই বিষয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    এবিষয়ে পাখিমারা শাখার অপারেশন ম্যানেজার রাহাত ইসলাম টাকা আত্মসাতের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমার উপরে আনিত অভিযোগের বিষয় কতৃপক্ষ যে ব্যবস্থা নিবে আমি তা মেনে নিব।
    ​রিয়াদুলের পরিবার দাবি করেছে, ঘটনার পূর্বে টথেকে রিয়াদুল ইসলাম ইউসুফের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তার নিরাপত্তা নিয়ে পরিবার চরম উদ্বিগ্ন। রিয়াদুল ইসলাম ইউসুফের মা বলেন প্রশাসনের কাছে আমার ছেলেকে খুঁজে বের করার জোর দাবি জানাচ্ছি।

  • এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    এইচএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    এইচএসসি পরীক্ষা ২০২৬-কে সামনে রেখে শিক্ষার্থীদের জন্য এক আবেগঘন বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের জনপ্রিয় শিক্ষক সিয়াম মাহমুদ শিমুল-এর প্রাইভেট ব্যাচের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় পরীক্ষার্থী শিক্ষার্থীরা। পরীক্ষা শুরুর প্রাক্কালে প্রিয় শিক্ষকের কাছ থেকে শেষ মুহূর্তের পরামর্শ, অনুপ্রেরণা ও দোয়া গ্রহণ করতেই শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মরণীয়।

    অনুষ্ঠানে শিক্ষক সিয়াম মাহমুদ শিমুল শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি পরীক্ষায় ভালো ফল অর্জনের কার্যকর কৌশল তুলে ধরার পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে একজন সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান। তাঁর বক্তব্যে আত্মবিশ্বাস, অধ্যবসায় ও সততার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে, যা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে।

    বক্তব্য শেষে সকল পরীক্ষার্থীর সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তিনি। এ সময় শিক্ষার্থীরা যেন আসন্ন এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে কাঙ্ক্ষিত ফলাফল—জিপিএ-৫ অর্জন করতে পারে, সেই প্রার্থনাও করা হয়।

    বিদায়ী মুহূর্তে শিক্ষার্থীদের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা জানান, শিমুল স্যারের সহজ ও সাবলীল পাঠদানের কৌশল তাদের আইসিটি বিষয়ে আত্মবিশ্বাসী করে তুলেছে। শুধু একজন শিক্ষক হিসেবেই নয়, একজন অভিভাবক ও পথপ্রদর্শক হিসেবে তাঁর আন্তরিকতা, স্নেহ ও অনুপ্রেরণা শিক্ষার্থীদের জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।

    অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ, শুভেচ্ছা বিনিময় এবং একে অপরের সফলতা কামনার মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে। আনন্দ, আবেগ ও শুভকামনায় ভরপুর এই আয়োজন শিক্ষার্থীদের জীবনের একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

  • জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন

    জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় সেনা সদস্যের যাবজ্জীবন

    জয়পুরহাটে শিশুকে ধর্ষণের মামলায় সিরাতুল ইসলাম মোস্তাকিম রনি নামে এক সেনা সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

    মঙ্গলবার (৩০ জুন) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রনি আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের টিপু সুলতানের ছেলে।

    মামলার বিবরণে জানা গেছে, পঞ্চম শ্রেণিতে পড়ুয়া ওই মেয়ের বাবা মালয়েশিয়া প্রবাসী। সেই সুবাদে সে মাকে নিয়ে আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের নানা বাড়িতে থাকতেন।

    গত ২০২২ সালের ১৪ জুন মেয়েটি বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। খেলাধুলা শেষে অন্য শিশুরা চলে গেলে সেনা সদস্য ওই মেয়েকে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে তার চাচার বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ঘটনাটি কাউকে না জানাতে হুমকি দেন।

    মেয়েটি বাড়িতে আসার পরদিন অসুস্থ হয়ে পড়লে তার পরিবারকে বিষয়টি খুলে বলে। পরবর্তীতে ৫ আগস্ট আক্কেলপুর থানায় মামলা করা হয়। এ মামলার শুনানি ও ৮ জনের সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

    জয়পুরহাট নারী ওই শিশু নির্যাতন আদালতের সরকারি কৌঁসুলি রিনাত ফেরদৌসী রিনি বলেন, এই রায়ের মাধ্যমে শিশু নির্যাতনের মতো অপরাধে কঠোর শাস্তির বার্তা আরও স্পষ্ট হলো।

    একই সঙ্গে এমন অপরাধ প্রতিরোধে দ্রুত বিচার ও আইনের কঠোর প্রয়োগ অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তিনি।

    মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, রিনাত ফেরদৌসী রিনি আর। আসামিপক্ষে আইনজীবী ছিলেন উজ্জ্বল হোসেন।

  • গাইবান্ধায় সাবেক স্ত্রীর অভিযোগ ঘিরে উত্তেজনা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

    গাইবান্ধায় সাবেক স্ত্রীর অভিযোগ ঘিরে উত্তেজনা, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নবজাতকের মৃত্যুর অভিযোগ

    গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডলের বিরুদ্ধে সাবেক স্ত্রীর করা গুরুতর অভিযোগকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে সাবেক স্ত্রী শাহানা বেগম বিদ্যালয়ে এসে অর্থ আত্মসাৎ ও নবজাতকের মৃত্যুর ঘটনার বিচার দাবি করলে বিদ্যালয় প্রাঙ্গণে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

    ভুক্তভোগীর অভিযোগ, ২০১৯ সালে সুন্দরগঞ্জ উপজেলার শাহানা বেগমের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোস্তম আলী মণ্ডল। বিয়ের পর গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় তারা বসবাস করেন। শাহানা বেগম দাবি করেন, তার পূর্বের স্বামীর সম্পত্তি বিক্রির প্রায় ১৭ লাখ ৫০ হাজার টাকা বিভিন্ন অজুহাতে রোস্তম আলী গ্রহণ করেন।

    তিনি আরও অভিযোগ করেন, চলতি বছরের জানুয়ারিতে তিনি অন্তঃসত্ত্বা হলে তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হয়। গত ১৮ জানুয়ারি সন্তান জন্মের পর নবজাতকের মৃত্যু হয়। শাহানা বেগমের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে তার সন্তানকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি।

    স্থানীয়দের দাবি, ২০২১ সালে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই রোস্তম আলী মণ্ডলের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও ব্যক্তিগত আচরণ নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে আসছিল।

    মঙ্গলবার সকালে শাহানা বেগম বিদ্যালয়ে উপস্থিত হয়ে বিচার দাবি করলে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে উত্তেজিত জনতা প্রধান শিক্ষককে তার কক্ষে অবরুদ্ধ করে পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে।

    খবর পেয়ে গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রধান শিক্ষক ও অভিযোগকারী শাহানা বেগমকে নিরাপত্তার স্বার্থে থানায় নিয়ে যাওয়া হয়।

    এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম বাবু সাংবাদিকদের বলেন, “অভিযোগগুলো গুরুতর। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এদিকে, অভিযুক্ত প্রধান শিক্ষক রোস্তম আলী মণ্ডলের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

    এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।