Blog

  • বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে  এইচএসসি ও সমমানের  পরীক্ষা, এবার সিলেট বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা।

    বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা, এবার সিলেট বোর্ডে বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যা।

    দীর্ঘ প্রস্তুতি, নির্ঘুম রাত, অসংখ্য অনুশীলন আর স্বপ্নকে সঙ্গে নিয়ে পরীক্ষার হলে বসতে যাচ্ছে সিলেট বিভাগের হাজারো শিক্ষার্থী। শিক্ষা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (২ জুলাই)। প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শুরু হবে এ বছরের এইচএসসি পরীক্ষা, যা ঘিরে ইতোমধ্যে সিলেট বিভাগজুড়ে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রশাসনিক, নিরাপত্তা ও পরীক্ষা ব্যবস্থাপনার প্রস্তুতি।
    সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৫৭৩ জন, যা শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বৃদ্ধির ইতিবাচক চিত্র তুলে ধরে।

    বোর্ড সূত্রে জানা গেছে, অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে ৫২ হাজার ৫৪০ জন নিয়মিত, আর বাকিরা অনিয়মিত, মানোন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেবেন।
    পরিসংখ্যান বলছে, গত বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ৬৯ হাজার ১৭২ জন। তাদের মধ্যে ২৭ হাজার ৭৬৪ জন ছাত্র এবং ৪১ হাজার ৪০৮ জন ছাত্রী ছিলেন। এক বছরের ব্যবধানে পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় শিক্ষা সংশ্লিষ্টদের মধ্যেও আশাবাদ তৈরি হয়েছে।
    এবার সিলেট বিভাগের চার জেলার ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবেন। তাদের জন্য নির্ধারণ করা হয়েছে ৯৬টি পরীক্ষাকেন্দ্র, যেখানে কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণ করা হবে।
    জেলাভিত্তিক তথ্যে দেখা যায়, সিলেট জেলার ১৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩১ হাজার ২১৫ জন পরীক্ষার্থী ৩৮টি কেন্দ্রে পরীক্ষা দেবেন। সুনামগঞ্জ জেলার ৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৩ হাজার ৮৭০ জন পরীক্ষার্থী ২২টি কেন্দ্রে অংশ নেবেন।
    অন্যদিকে মৌলভীবাজার জেলার ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী ১৬টি কেন্দ্রে এবং হবিগঞ্জ জেলার ৫৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ হাজার ৯২১ জন পরীক্ষার্থী ২০টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

    সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াছমীন জানিয়েছেন, সিলেট বিভাগের চার জেলার ৩৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৭২ হাজার ৭৪৫ জন পরীক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ২৯ হাজার ২১৭ জন ছাত্র এবং ৪৩ হাজার ৫২৮ জন ছাত্রী। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভাগের ৯৬টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
    তিনি বলেন, “পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক ও নিরাপত্তামূলক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সার্বক্ষণিক সমন্বয়ের মাধ্যমে কাজ করছেন।”
    বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।
    পরীক্ষা ঘিরে শিক্ষার্থীদের মধ্যেও বিরাজ করছে আত্মবিশ্বাস ও প্রত্যাশার মিশ্র অনুভূতি। শেষ মুহূর্তের প্রস্তুতি গুছিয়ে এখন ভালো ফলাফলের আশায় দিন গুনছেন তারা।
    ইছরাব আলী হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান বিন মর্তুজা বলেন, “দীর্ঘদিনের প্রস্তুতির পর এখন বেশ আত্মবিশ্বাসী। সিলেবাসের সব বিষয়ই শেষ করেছি এবং নিয়মিত পুনরাবৃত্তি করছি। আশা করছি, পরীক্ষা ভালো হবে। আল্লাহর ওপর ভরসা রেখে ভালো ফলের প্রত্যাশা করছি।”

    অন্যদিকে সরকারি মোহাম্মদ চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাফিসা নুজহাত বলেন, “পরীক্ষা নিয়ে আত্মবিশ্বাস থাকলেও মনে একটু ভয় কাজ করছে। কারণ এই পরীক্ষার ফলাফলই আমাদের উচ্চশিক্ষার পথ অনেকটাই নির্ধারণ করবে। চেষ্টা করেছি পুরো সিলেবাস শেষ করে নিয়মিত রিভিশন দিতে। এখন আল্লাহর ওপর ভরসা রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছি। আশা করি, প্রশ্নের উত্তরগুলো ঠিকভাবে লিখতে পারব এবং ভালো ফল অর্জন করতে পারব। সবার কাছে দোয়া চাই।”

    প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলবে।
    পরীক্ষা হবে তিন ঘণ্টাব্যাপী। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক অংশ অনুষ্ঠিত হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।
    পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়েছে। তবে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ড।

    এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে সিলেট মহানগরের ২৫টি পরীক্ষাকেন্দ্র ঘিরে বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী ৮ আগস্ট পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে।
    এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত সংশ্লিষ্ট কেন্দ্রের ২০০ গজ এলাকার মধ্যে সব ধরনের জনসমাবেশ, মিছিল, উচ্চশব্দ সৃষ্টি এবং মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে।
    এছাড়া অস্ত্র, লাঠিসোঁটা বা বিস্ফোরক দ্রব্য বহন, বহিরাগত ব্যক্তিদের অবাধ চলাচল এবং অননুমোদিত ব্যক্তিদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
    গণবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন সময় সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা হিসেবে বিবেচনা করা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী সরকারি নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
    প্রশাসনের পক্ষ থেকে পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য, শৃঙ্খলা ও সহযোগিতামূলক মনোভাব বজায় রেখে পরীক্ষা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

  • কাঁঠালিয়ায় জাতীয় ফল মেলার উদ্বোধন

    কাঁঠালিয়ায় জাতীয় ফল মেলার উদ্বোধন

    করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘জাতীয় ফল মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৩০ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কাঁঠালিয়ার যৌথ উদ্যোগে এই মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

    উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফাতেমা ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মকবুল হোসেন।

    আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের পুষ্টি চাহিদা পূরণ, অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষায় দেশীয় ফল চাষের গুরুত্বের ওপর বিশেষ আলোকপাত করেন।

    তারা বলেন, বর্তমান সরকারের দূরদর্শী কৃষি নীতির কারণে দেশে ফলের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বারো মাস ফল চাষ ও তা সঠিক উপায়ে সংরক্ষণের মাধ্যমে কৃষকরা যেমন লাভবান হতে পারেন, তেমনই দেশের মানুষের পুষ্টির অভাব দূর করা সম্ভব। তরুণ প্রজন্মকে দেশীয় ফল চাষে উদ্বুদ্ধ করতে এবং ফল সংরক্ষণের আধুনিক প্রযুক্তি ছড়িয়ে দিতে এই মেলার আয়োজন বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

    মেলা প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন নার্সারি ও কৃষি উদ্যোক্তাদের পক্ষ থেকে দেশী-বিদেশী বিভিন্ন জাতের ফলের প্রদর্শনী ও চারা বিক্রয়ের স্টল স্থাপন করা হয়েছে। মেলাটি স্থানীয় সাধারণ মানুষ ও ফল চাষীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

  • কটিয়াদীতে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান গ্রেপ্তার

    কটিয়াদীতে যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান গ্রেপ্তার

    কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চান্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    আজ মঙ্গলবার (৩০ জুন) ভোররাতে চান্দপুর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    ​কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চেয়ারম্যান মাহফুজের বিরুদ্ধে আদালতের দুটি গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই পুলিশ এই অভিযান পরিচালনা করে।

    ​স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত সশস্ত্র হামলার ঘটনায় মাহফুজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। এছাড়া দীর্ঘদিন ধরে মাদক কারবার ও এলাকায় আধিপত্য বিস্তারসহ নানাবিধ বিতর্কে তার নাম জড়িয়ে রয়েছে।

    ​ক্ষমতার দাপট ও রাজনৈতিক বিরোধ
    ​এলাকাবাসী জানান, মাহফুজ একসময় সাবেক সংসদ সদস্য নুর মোহাম্মদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন। তবে সময়ের ব্যবধানে তাদের মধ্যে তীব্র রাজনৈতিক বিরোধের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় নিজস্ব বলয় তৈরি ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে একধরনের আতঙ্ক সৃষ্টি করে রেখেছিলেন এই ইউপি চেয়ারম্যান।

    গ্রেপ্তারকৃত মাহফুজ বা তার পরিবারের পক্ষ থেকে এই অভিযোগগুলোর বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজই তাকে আদালতে সোপর্দ করা হবে।

  • পঞ্চগড় তেঁতুলিয়া ইউএনও’র নামে মিথ্যা অপবাদে কমকর্তা-কর্মচারীদের মানববন্দন

    পঞ্চগড় তেঁতুলিয়া ইউএনও’র নামে মিথ্যা অপবাদে কমকর্তা-কর্মচারীদের মানববন্দন

    পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু এর বিরুদ্ধে উর্মি নামের এক নারীর ঘুষ দেয়ার মিথ্যা অভিযোগে তেতুলিয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে
    কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ মানববন্দন পালিত করেন।
    মঙ্গলবার ৩০ জুন তেতুলিয়া সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমের সামনে উপস্থিত হয়ে কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে প্রতিবাদ মানববন্দন পালিত করা হয়।

    এসময় উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন বলেন, আপনারা জানেন গত ২৯ তারিখ বিকালে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে একজন নারী তার দলবল নিয়ে মিথ্যা ঘুষের অভিনয়ে সরাসরি লাইফে ঘুষ প্রদানের অভিযোগ করেছে। আমাদের জানামতে উপজেলা নির্বাহী অফিসার এই কর্মকান্ডে জড়িত নন । আমরা অফিসাস ক্লাবের পক্ষে এর প্রতিবাদ জানাই এবং তদন্ত সাপেক্ষে অভিযুক্ত নারীর শাস্তি সহ নিরাপদ কর্মস্থলের দাবী করছি।

    উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক বলেন, এরকম মিথ্যা ও সাজানো অপবাদ একজন অফিসারের বিরুদ্ধে তুলে মান-সম্মান ক্ষুন্ন করা হয়েছে বিষয়টি খুব দুঃখজনক। আমরা তদন্ত সাপেক্ষে বিচার চাই।

    উপজেলা শিক্ষা অফিসার মো. শওকত আলী বলেন, উপজেলায় যে সকল কর্মকর্তা ও কর্মচারী চাকুরী করেন তাদের মুখে অত্র উপজেলার মানুষের সুনাম আছে। গত পরশু দিনের ঘটনা আমাদের আতংকিত করেছে। একজন নারীর কে বা কাহারো ষড়যন্ত্রে লিপ্ত হয়ে খুব সুপরিকল্পিতভাবে ইউএনও’র বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ মিথ্যা অপবাদ ছড়িয়েছে যা দুঃখজনক। আমরা কর্ম স্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা চাই।

    ২নং তিরনই হাট ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারে সংগে বিগত দু’বছর ধরে নানামুখী কাজ করেছি। কখনো খারাপ কিছু দেখিনি। কিন্তু একজন ভারসাম্যহীন ও ভবঘুরে উর্মি নামের একজন নারী কিভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেবার কথা তুলছে। আমার জানামতে ছেলের জন্য কোন দরখাস্ত উপজেলা পরিষদে করেনি। বিষয়টি বানোয়াট ও ভীত্তিহীন হওয়ায় তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি।

    উপজেলা সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ বাসেত বলেন, উপজেলা নির্বাহী অফিসার একজন ভালো ও ন্যায় পরায়ন মানুষ। বিগত দু’বছরে তার সংগে নানামুখী কাজকর্মে যতটুকু দেখিছি তিনি এধরনের কাজে কোন ভাবে সম্পৃক্ত নয়। উর্মির অভিযোগের বিষয়টি ষড়যন্ত্রমূলক কি না তা তদন্ত হওয়া দরকার।
    মানববন্দন প্রতিবাদ সভায় সে সময়ে উপস্থিতি ছিলেন

    উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক,
    তেতুলিয়া মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, তেতুলিয়া কৃষি অফিসার শাবরিনা আফরিন, তেতুলিয়া স্থানীয় সরকার প্রকৌশলী ( ইলজিইডি) মোঃ ইদ্রিস আলী, তেতুলিয়া প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ,জাহাগীর আলম, তেতুলিয়া সমবায় অফিসার মামুন কবির,
    তেতুলিয়া সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, জনস্বাস্থ্য প্রকৌশলী মিথুন চন্দ্র রায়, তিরনই হাট ইউপির চেয়ারম্যান আলমগির হোসাইন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুনর্নির্মাণে সহায়তা

    নানিয়ারচর জোনের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও গৃহ পুনর্নির্মাণে সহায়তা

    পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে নানিয়ারচর জোনের উদ্যোগে ‘সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় ক্রীড়া সামগ্রী বিতরণ এবং অসহায় পরিবারের গৃহ পুনর্নির্মাণে সহায়তা প্রদান করা হয়েছে।
    মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করার লক্ষ্যে বীরশ্রেষ্ঠ মুসী আব্দুর রউফ জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
    এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রীড়া সামগ্রী তুলে দেন। তিনি শিক্ষার্থীদের সুশিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের আহ্বান জানান।
    এদিকে, নানিয়ারচর জোনের আওতাধীন ইসলামপুর এলাকার বাসিন্দা মোছা. জাহানারা বেগমের জরাজীর্ণ বসতঘর পুনর্নির্মাণে সহায়তা হিসেবে ঢেউটিন প্রদান করা হয়। পাশাপাশি ঘর নির্মাণের জন্য প্রয়োজনীয় কাঠ, পেরেক, তারকাটা ও অন্যান্য নির্মাণসামগ্রী ক্রয়ের উদ্দেশ্যে আর্থিক অনুদান দেওয়া হয়। জোন কমান্ডার নিজ হাতে ভুক্তভোগীর কাছে এ সহায়তা তুলে দেন।
    বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা রক্ষার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন মানবিক সহায়তামূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

  • কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার

    কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার

    চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে দুটি লাইটার জাহাজের মুখোমুখি সংঘর্ষে একটি জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় সাহসী উদ্ধার অভিযান পরিচালনা করে ১২ জন ক্রুকেই জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
    মঙ্গলবার (৩০ জুন ২০২৬) সকালে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
    প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোররাত প্রায় ৩টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী নদীর ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এমভি বে হারবার-২ নামের একটি লাইটার জাহাজ ঢাকা অভিমুখে যাওয়ার সময় চলমান এমভি সামুদা-৬ নামের অপর একটি লাইটার জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে। এতে জাহাজটির হাল ফেটে পানি প্রবেশ করলে এটি একপাশে হেলে যায় এবং পরে বহিঃনোঙর বয়া নম্বর ২ ও ৩-এর মধ্যবর্তী স্থানে প্রায় সম্পূর্ণ নিমজ্জিত হয়।
    দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীন বিসিজি আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানে ডুবে যাওয়া জাহাজে থাকা ১২ জন ক্রুর মধ্যে ৮ জনকে ঘটনাস্থল থেকেই জীবিত উদ্ধার করা হয়। বাকি ৪ জন প্রবল স্রোতের টানে পারকির চর এলাকায় ভেসে গিয়ে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
    উদ্ধার হওয়া ক্রুদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি তাদের সংশ্লিষ্ট জাহাজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
    বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় জনগণের জানমাল রক্ষায় এবং যেকোনো জরুরি উদ্ধার কার্যক্রমে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • একাধিক অভিযোগের পরও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই গণপূর্তের কায়কোবাদের

    একাধিক অভিযোগের পরও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই গণপূর্তের কায়কোবাদের

    গত কয়েক বছরে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা মো. কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, টেন্ডার নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য, নিয়োগ-বদলি ও পদোন্নতিতে প্রভাব বিস্তার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাঁর বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে । এসব অভিযোগের দৃশ্যমান তদন্ত বা নিষ্পত্তির কোনো তথ্য প্রকাশ্যে না আসায় সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
    ই/এম সার্কেল-২–এর অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল অনুমোদন, প্রশাসনিক অনুমোদন, বিল পাস এবং টেন্ডার কার্যক্রমে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে কমিশন আদায় করা হতো। অভিযোগ অনুযায়ী, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং নিয়োগ, বদলি ও পদোন্নতির মতো প্রশাসনিক বিষয়ে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
    ২০২৪ সালের ৯ জুলাই দুদক চেয়ারম্যানের কাছে দায়ের করা একটি অভিযোগে বলা হয়, সাবেক প্রধান প্রকৌশলীর নাম ব্যবহার করে একটি সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়, কায়কোবাদের অধীন ই/এম বিভাগ-৪, ৫ ও ৭–এর বিভিন্ন নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ রয়েছে এবং এসব কার্যক্রমের দায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে তিনি এড়াতে পারেন না। একই অভিযোগে উল্লেখ করা হয়, কাজ পাওয়ার শুরু থেকে বিল উত্তোলন পর্যন্ত বিভিন্ন স্তরে মোট ২৫ থেকে ২৮ শতাংশ পর্যন্ত কমিশন দিতে হতো।
    ই/এম সার্কেল-২–এ যোগদানের পর কায়কোবাদ আরও প্রভাবশালী হয়ে ওঠেন। সেখানে বলা হয়, অধীনস্থ বিভাগের কাজ নির্দিষ্ট কমিশনের বিনিময়ে বণ্টন, প্রাক্কলন অনুমোদনে ঘুষ, দরপত্র ও টিইসি অনুমোদনের ক্ষেত্রেও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। একই সময়ে তাঁর পদোন্নতি নিয়ে প্রশাসনের ভেতরে আলোচনা এবং বিভিন্ন দপ্তর থেকে ছাড়পত্র সংগ্রহের চেষ্টার বিষয়ও উঠে আসে।
    তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের অভিযোগও করা হয়েছে। বিভিন্ন অভিযোগপত্রে রাজধানীর মোহাম্মদপুরে বিলাসবহুল ফ্ল্যাট, ধামরাইয়ে নির্মাণাধীন বহুতল ভবন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট, শেরপুরে আত্মীয়স্বজনের নামে-বেনামে কৃষিজমি ও অন্যান্য স্থাবর সম্পত্তি, পরিবারের ব্যবহারের জন্য দামি গাড়ি এবং বিদেশে অর্থপাচারের মাধ্যমে বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের অভিযোগ করা হয়েছে।
    সাবেক প্রধান প্রকৌশলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে দায়িত্ব পালনকালে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, মিরপুরের সরকারি আবাসন প্রকল্প এবং অন্যান্য উন্নয়নকাজের টেন্ডার নিয়েও অভিযোগ প্রকাশিত হয়েছে।
    অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা, দুর্ব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।
    অভিযোগের বিষয়ে কায়কোবাদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ, খুদে বার্তা পাঠানো এবং সরাসরি দপ্তরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

  • কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক  নির্যাতন প্রতিরোধ কমিটি অনুমোদন

    কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অনুমোদন

    ঢাকা, মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ খ্রী: সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের লক্ষ্যে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার ১১১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। আগামী ১ বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কমান্ড কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর এই কমিটি ১ বছরের জন্য অনুমোদন দেন।

    ঘোষিত কমিটিতে কুমিল্লা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপসকে সভাপতি, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার ও ডেইলি টাইমস নিউজের সম্পাদক আবু বকর সিদ্দিককে সাধারণ সম্পাদক এবং দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়কে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

    এছাড়া সহ-সভাপতি হিসেবে যথাক্রমে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি শরীফ প্রধান, দৈনিক নয়াদিগন্তের প্রতিনিধি ও বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, এনটিভি ও দেশ রূপান্তরের প্রতিনিধি মনোয়ার হোসেন, দৈনিক রূপসী বাংলার প্রতিনিধি ও কুমিল্লা প্রেসক্লাবের সদস্য মনির হোসেন, দৈনিক একুশে সংবাদের কুমিল্লা ব্যুরো প্রধান বাবর হোসেন এবং দৈনিক আমার প্রাণের বাংলাদেশের প্রতিনিধি আব্দুল আওয়াল সরকারকে মনোনীত করা হয়।

    যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রকাশক শরীফুল ইসলাম সুমন, আনন্দ টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি এম এ কাদের অপু, জিটিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি শাহিন আহমেদ এবং বৈশাখী টিভির দক্ষিণ জেলা প্রতিনিধি বিএম মহিন উদ্দিন মন্টুকে দায়িত্ব দেওয়া হয়।

    সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক বাংলার সেলিম আহমেদ, বাংলা টিভির আপেল মাহমুদ এবং দৈনিক আজকের পত্রিকার আনিসুর রহমান খানকে দায়িত্ব দেওয়া হয়।

    এছাড়া আইন বিষয়ক সম্পাদক হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জাফর আলী এবং সহ-আইন বিষয়ক সম্পাদক হিসেবে যথাক্রমে অ্যাডভোকেট তাহমিনা বেগম, অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, অ্যাডভোকেট জাকির হোসেন মিয়াজী, দৈনিক ইনকিলাবের এডভোকেট আলিম, অ্যাডভোকেট তাহমিনা আক্তার সালমা এবং অ্যাডভোকেট আলীমূল এহসান রাসেল, এডভোকেট আরিফুল ইসলাম, এডভোকেট নাজমুল হাসান খন্দকার, এডভোকেট ফরহাদ চৌধুরী, এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট রেজাউল করিম, এডভোকেট লিয়াকত আলী, এডভোকেট জাকির হোসেন নয়ন, এডভোকেট ইয়াসিন আরাফাত রাজিব, এডভোকেট জয়নাল মাজাহারী ও এডভোকেট আরিফুল ইসলাম শ্রাবণকে মনোনীত করা হয়।

    এডভোকেট জামাল সরকারকে মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে ও সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক হিসেবে আক্কাস, ইব্রাহিম, রুজিনা আক্তার ও শেলি আক্তারকে মনোনীত করা হয়।

    অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে বার্তা বাজারের আশিকুর রহমান মজুমদার, দপ্তর সম্পাদক হিসেবে কুমিল্লা প্রতিদিনের বাকী অনিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দৈনিক বাংলাদেশ সমাচারের সাফি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে ডেইলি টাইমস নিউজের কায়েস আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দৈনিক সমাজকণ্ঠের শাহনাজ আক্তার এনি, সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে সালমা আক্তার, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হিসেবে এম কে নুর আলম এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিসেবে বীর মুক্তিযোদ্ধা হাজী মো. ফরিদ উদ্দিন দায়িত্ব পান।

    নির্বাহী সদস্য হিসেবে যথাক্রমে দৈনিক সমকালের সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাবের আবুল কালাম আজাদ, দৈনিক যুগান্তরের আলী হোসেন বাবুল ও হারুনুর রশিদ, ফেস দ্য পিপলসের আ. আলিম, দৈনিক মানবজমিনের রাসেল সরকার, ইত্তেফাকের মামুনুর রশিদ সরকার, আলমগীর হোসেন বাচ্চু, আর টিভির আব্দুর রব লাভলু, দৈনিক জনকণ্ঠের প্রদীপ মজুমদার, দৈনিক ভোরের কলামের সোহেল রানা, কুমিল্লার সময়ের মনির হোসেন, দৈনিক জনতার মতামতের গোলাম কিবরিয়া, দৈনিক আজকের খবরের জাইফুল্লাহ খন্দকার, আব্দুল জলিল মজুমদার, দৈনিক সংবাদের আবু ইউসুফ, এমরান হোসেন রিটন, আব্দুল হালিম সৈকত, শাকিল আহমেদ, নুরুল ইসলাম শাহিন, জহিরুল ইসলাম গোল্ডেন, ইয়াসিন আরাফাত, গোলাম মহিউদ্দিন মুন্সি, শাহ সাহিন উদ্দিন, সালাউদ্দিন, মাছুম বিল্লাহ তুহিন, ইমরান হোসাইন, ইমরান, আবু সায়িদ, আনজান, রাসেল, দুলাল, ইবরাহীম খলিল, সাহাব উদ্দিন আহমেদ, জাহিদ হাছান, শফিউল আলম, আলেক হোসেন, কাজী সেলিম, এরশাদ রানা, এম এইচ শুভ, জহিরুল ইসলাম পাশা, সহিদুল ইসলাম, শহিদুল…

  • গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ আহত ২৫জন

    গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, নারী-শিশুসহ আহত ২৫জন

    গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের সোনাসুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিরোজপুর থেকে ঢাকাগামী সেবা গ্রিন লাইনের একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে নারী-শিশুসহ অন্তত ২৫ যাত্রী আহত হন।

    আহতদের মধ্যে ২০ জনকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ও গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) নৃপেন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল স্থানীয় লোকজনের সহায়তায় আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

  • মাদক ব্যবসায়ীর চোখ খুলবে সেদিনই, যেদিন তার সন্তান মাদক ধরবে : এসপি

    মাদক ব্যবসায়ীর চোখ খুলবে সেদিনই, যেদিন তার সন্তান মাদক ধরবে : এসপি

    মাদক ব্যবসার ভয়াবহতা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।

    তিনি বলেন, মাদক ব্যবসায়ীর চোখ খুলবে সেদিনই, যেদিন তার সন্তান মাদক ধরবে। তখনই সে বুঝবে এই কষ্ট কতটা।

    মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    নবাগত এসপি সাংবাদিকদের উদ্দেশে বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। যারা এই ঘৃণ্য ব্যবসার সাথে জড়িত, তারা সাময়িক লাভের জন্য সমাজের ক্ষতি করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মৌলভীবাজারে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার হবে। কোনো ছাড় দেওয়া হবে না।

    তিনি আরও বলেন, পুলিশ একা মাদক নির্মূল করতে পারবে না। এজন্য সমাজের সব শ্রেণির মানুষ, বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সত্য তুলে ধরুন, আমরাও মাঠে আছি।

    মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা, মাদক, চুরি-ছিনতাই ও সীমান্তবর্তী এলাকার পুশ-ইন ইস্যু নিয়ে কথা বলেন।

    নবাগত পুলিশ সুপার সব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি মাদক, জুয়া ও নারী নির্যাতনের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।