
মাদক ব্যবসার ভয়াবহতা নিয়ে কঠোর বার্তা দিয়েছেন মৌলভীবাজারের নবাগত পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম।
তিনি বলেন, মাদক ব্যবসায়ীর চোখ খুলবে সেদিনই, যেদিন তার সন্তান মাদক ধরবে। তখনই সে বুঝবে এই কষ্ট কতটা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নবাগত এসপি সাংবাদিকদের উদ্দেশে বলেন, মাদক শুধু একজন মানুষকে ধ্বংস করে না, একটি পরিবার, একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। যারা এই ঘৃণ্য ব্যবসার সাথে জড়িত, তারা সাময়িক লাভের জন্য সমাজের ক্ষতি করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, মৌলভীবাজারে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান আরও জোরদার হবে। কোনো ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, পুলিশ একা মাদক নির্মূল করতে পারবে না। এজন্য সমাজের সব শ্রেণির মানুষ, বিশেষ করে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। আপনারা সত্য তুলে ধরুন, আমরাও মাঠে আছি।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা জেলার আইন-শৃঙ্খলা, মাদক, চুরি-ছিনতাই ও সীমান্তবর্তী এলাকার পুশ-ইন ইস্যু নিয়ে কথা বলেন।
নবাগত পুলিশ সুপার সব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। তিনি মাদক, জুয়া ও নারী নির্যাতনের বিরুদ্ধে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
নিজস্ব প্রতিবেদক 

























