Blog

  • পোরশায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চোরাচালান রোধে কঠোর হুঁশিয়ারি

    পোরশায় আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চোরাচালান রোধে কঠোর হুঁশিয়ারি

    নওগাঁর পোরশায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান রোধ এবং উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম।
    ​
    সভায় ইউএনও রাকিবুল ইসলাম বলেন, “উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য স্থানীয় প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং মাদকের বিষয়ে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

    ​পোরশা একটি সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক, চোরাচালান রোধ এবং অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ প্রশাসনকে আরও তৎপর ও কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

    ​সভায় উপজেলার বাল্যবিয়ে প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং করার বিষয়েও বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
    ​
    ​সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোসা. নাবিলা ফেরদাউস, পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দীন, কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ এবং ভেটেরিনারি সার্জন ডা. আব্দুল আজিজ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ সভায় অংশ নেন।

  • স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ  ভুঁইয়া একাডেমি  এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

    স্বরূপে ফিরেছে ফরিদ আহমেদ ভুঁইয়া একাডেমি এইচ এসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত

    দীর্ঘ ১৩ দিন বন্ধ থাকার পর স্বরূপে ফিরেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ফরিদ আহমদ ভূঁইয়া একাডেমি। আজ মঙ্গলবার (৩০ জুন) একাডেমি মিলনায়তনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল্লা আল শামস রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী, ভোলাকোট ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম মজুমদার, ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলু ওয়ার্ড বিএনপির সভাপতি মনির হোসেন জসী,অভিভাবক, ও শিক্ষার্থীবৃন্দ।
    উল্লেখ্য যে গত ১৫ই জুন একাডেমির অষ্টম শ্রেণীর আবাসিক শিক্ষার্থী মেহেদী হাসানের মৃতদেহ উদ্ধারের পর, প্রশাসন বিদ্যালয়টি বন্ধ ঘোষণা করে।আগামী ২ জুলাই এইচএসসি পরীক্ষার জন্য প্রশাসন বিশেষ বিবেচনায় বিদ্যালয়টি খোলার অনুমতি দেয়।

  • তালতলীতে ক্ষমতার দাপটে সরকারি রাস্তা কেটে নিশ্চিহ্ন, দুর্ভোগে দুই গ্রামের দেড় হাজার মানুষ।

    তালতলীতে ক্ষমতার দাপটে সরকারি রাস্তা কেটে নিশ্চিহ্ন, দুর্ভোগে দুই গ্রামের দেড় হাজার মানুষ।

    বরগুনার তালতলীতে ক্ষমতার দাপট দেখিয়ে সরকারি রাস্তা কেটে নিশ্চিহ্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার মৌরভী গ্রামের তৈয়বুর রহমান দফাদারের ছেলে বাবুল দফাদারের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন স্থানীয়রা।
    স্থানীয়দের অভিযোগ, রাস্তা কেটে ফেলায় মৌরভী ও মোয়াপাড়া গ্রামের প্রায় দেড় হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বন্ধ হয়ে গেছে স্বাভাবিক চলাচল। বর্ষা মৌসুমে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। এতে স্কুল-মাদ্রাসাগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
    স্থানীয়রা জানান, মৌরভী গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মক্তব এবং মোয়াপাড়া গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় ও সুবহানপাড়া গ্রামে একটি দাখিল মাদ্রাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ দুই গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ওই সড়কটি ব্যবহার করে আসছেন।
    ভুক্তভোগী আব্দুস সোবাহান, নবী হোসেন, হুমায়রা বেগম ও আসমা বেগম বলেন, আমাদের সন্তানরা নিয়মিত এই রাস্তা দিয়ে স্কুল-মাদ্রাসায় যাতায়াত করে। রাস্তা কেটে ফেলায় তাদের লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
    মাওলানা এবাদুল হক বলেন, মৌরভী ও মোয়াপাড়া গ্রামের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই রাস্তা। এটি বন্ধ হয়ে যাওয়ায় হাট-বাজারসহ বিভিন্ন কাজে যেতে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হবে।
    জানা গেছে, তালতলী উপজেলার ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের মোয়াপাড়া-মৌরভী সংযোগ ব্রিজ থেকে মৌরভী দফাদার বাড়ি পর্যন্ত সড়কটি ২০২৪-২৫ অর্থবছরে কাবিটা প্রকল্পের আওতায় ২ লাখ টাকা বরাদ্দ দিয়ে মাটির সংস্কার করা হয়।
    স্থানীয়দের অভিযোগ, গত ২৮ জুন রবিবার দিবাগত রাতে বাবুল দফাদার তার লোকজন নিয়ে বাড়ির সামনের মসজিদ থেকে উত্তর দিকে প্রায় ৪০০ ফুট রাস্তা কেটে কৃষিজমির সঙ্গে মিশিয়ে দেন। এ ঘটনায় স্থানীয় মজিবুর রহমান তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।
    অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চুর কাছে পাঠান।
    এদিকে রাস্তা কেটে দেওয়ার প্রতিবাদে দুই গ্রামের শত শত নারী-পুরুষ ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। পরে ২৯ জুন সোমবার তারা রাস্তার পাশে অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত রাস্তা পুনর্নির্মাণের দাবি জানান।
    এ বিষয়ে ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিক জমাদ্দার বলেন, ইউনিয়ন পরিষদের বরাদ্দ দিয়ে রাস্তাটির মাটির সংস্কার করা হয়েছিল। কিন্তু বাবুল দফাদার গং ক্ষমতার দাপটে তাদের বাড়ির সামনের প্রায় ৪০০ ফুট রাস্তা কেটে ফেলেছে। এতে দুই গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন।
    ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান বাচ্চু বলেন, ওই রাস্তার জন্য ইউপি সদস্য শফিক জমাদ্দারের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
    অভিযোগের বিষয়ে বাবুল দফাদারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।
    তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, “লিখিত অভিযোগ পেয়ে ইউপি চেয়ারম্যানকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। রাস্তাটি যদি ইউনিয়ন পরিষদের অর্থায়নে করা হয়ে থাকে, তাহলে সিবিসি হিসেবে ইউপি সদস্যকে মামলা করার নির্দেশ দিয়েছি।

  • মো. আতাহার আলী খান দুইবার বরখাস্ত, তবুও ডিএসসিসির রাজস্ব কর্মকর্তা হিসাবে বহাল

    মো. আতাহার আলী খান দুইবার বরখাস্ত, তবুও ডিএসসিসির রাজস্ব কর্মকর্তা হিসাবে বহাল

    খোঁজ নিয়ে জানা যায়, আতাহার আলী খানের চাকরিজীবন শুরু হয় ২০০৬ সালের ১৮ অক্টোবর এক নজিরবিহীন প্রক্রিয়ায়। হাইকোর্টের স্থগিতাদেশ উপেক্ষা করে মাত্র এক দিনের মধ্যে পরীক্ষা, ভাইভা ও নিয়োগ সম্পন্ন করে তাকে রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ দেয়া হয়। শিক্ষাগত যোগ্যতার সনদ জালিয়াতির অভিযোগে ২০১২ সালে তাকে প্রথমবার বরখাস্ত করা হয়। এরপর ২০১৯ সালে আদালতের রায়ের মাধ্যমে পুনর্বহাল হলেও ২০২০ সালের ২০ মে ততকালীন মেয়রের শুদ্ধি অভিযানে তাকে দ্বিতীয়বার চাকরিচ্যুত করা হয়।

    জালিয়াতি, সনদ কারসাজি, দোকান বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগে দুই দফায় চাকরিচ্যুত হওয়ার পরও মো. আতাহার আলী খান এখনো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) রাজস্ব কর্মকর্তা (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করছেন। আদালতের মামলা, দুদকের চার্জশিট অনুমোদন এবং একাধিক প্রশাসনিক সিদ্ধান্তের পরও তার পুনর্বহাল ও গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়ার ঘটনায় কর্পোরেশনের ভেতরে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে।

    অফিসিয়াল দলিল অনুসারে, ২০২৫ সালের মার্চ মাসে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রভাবশালীদের মাধ্যমে তিনি আবারো পুনর্বহাল হন। ওই বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার বিভাগ তাকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বদলি করলেও তিনি যোগদান না করে আদালতে রিট করে স্থগিতাদেশ আনেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাকে ছাড়পত্র দিলেও অফিসে যোগ দিয়ে তিনি নথিপত্রে স্বাক্ষর করতে থাকেন। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি। দুই দফায় চাকরিচ্যুত মো. আতাহার আলী খানকে রাজস্ব কর্মকর্তা (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়।

    অভিযোগ অনুসারে, তার বি.কম ও এম.কম সনদের সেশন একই (১৯৯৫-৯৬)। পরীক্ষা নিয়ন্ত্রকের স্বাক্ষরবিহীন সনদ ব্যবহারের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া নিজ পদের অপব্যবহার করে চন্দ্রিমা সুপার মার্কেটের ৮১ নম্বর দোকান ও গুলিস্তান ট্রেড সেন্টারের ১৬০০ নম্বর দোকানসহ পরিবারের সদস্যদের নামে একাধিক দোকান বরাদ্দ নেওয়ার বিষয়টি ডিএসসিসির অফিসিয়াল চিঠিতে উল্লেখ করা হয়েছে।

    ২০১০ সালের মামলা নং ৬৪ এবং বিশেষ জজ আদালত-২ এ চলমান মামলা নং ০২/২০২১ ছাড়াও দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি তার বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন প্রদান করে। দুদকের দলিলে তার বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন, দণ্ডবিধি ও মানিলন্ডারিং আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ ধরনের ঘটনা প্রসঙ্গে বলেছে, সরকারি ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগে বারবার বরখাস্ত ব্যক্তির রহস্যময় পুনর্বহাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও প্রভাবশালীদের ছত্রছায়ার স্পষ্ট প্রমাণ। এ ধরনের ঘটনা জনগণের আস্থা নষ্ট করে এবং সুশাসনের পথে বড় অন্তরায়। দুদকের চলমান তদন্তকে আরো জোরদার করতে হবে এবং দায়ী সকল ব্যক্তির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

    এ বিষয়ে অভিযুক্ত ডিএসসিসির রাজস্ব কর্মকর্তা আতাহার আলীর বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, আমার সবকিছুই ঠিক আছে। আমি আইনি প্রক্রিয়ায়ই এখানে বহাল আছি।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, অভিযোগের বিষয়ে আমরাও শুনেছি। তবে এ বিষয়ে আদালতে মামলা থাকায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।

  • ‎লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত ‎

    ‎লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলে বার্ষিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত ‎

    খাজা রাশেদ, লালমনিরহাট।।  শিশুদের সৃজনশীলতা, কল্পনাশক্তি ও শিল্পবোধ বিকাশের লক্ষ্যে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বর্ণাঢ্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষা উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেবার-ক্যাসটেল-এর সৌজন্যে আয়োজিত এ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
    ‎
    ‎মঙ্গলবার (৩০ জুন) শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অফিস কক্ষে বিভিন্ন গ্রুপে সেরা নির্বাচিত ১৬ জন শিক্ষার্থীর হাতে ফেবার-ক্যাসটেলের পক্ষ থেকে সনদপত্র, পুরষ্কার ও সম্মাননা পত্র তুলে দেওয়া হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
    ‎
    ‎প্রতিযোগিতায় বিদ্যালয়ের প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক শাখার চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। শিক্ষার্থীরা নিজেদের কল্পনা, অনুভূতি ও সৃজনশীল ভাবনাকে রঙ-তুলির মাধ্যমে কাগজে ফুটিয়ে তোলে। বিদ্যালয় চত্বরজুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।
    ‎
    ‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি আমিনুর ইসলাম, প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ, ফেবার-ক্যাসটেলের পিপিই উম্মে আসমা খাতুন কণা, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তারা।
    ‎
    ‎অনুষ্ঠানে বক্তারা বলেন, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিত্রাঙ্কনের মতো সৃজনশীল আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে।
    ‎
    ‎বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হবে বলেও তিনি জানান।
    ‎
    ‎অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের উচ্ছ্বাস এবং অভিভাবকদের সন্তুষ্টি পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিশুদের সৃজনশীল বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে।

  • উন্নয়নে জোর: নতুন কোনো কর ছাড়াই কটিয়াদী পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট

    উন্নয়নে জোর: নতুন কোনো কর ছাড়াই কটিয়াদী পৌরসভার ২৪ কোটি টাকার বাজেট

    কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব ও উন্নয়ন তহবিল মিলে ২৪ কোটি ১২ লক্ষ ৫৫ হাজার ৬৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

    সোমবার (২৯ জুন) পৌরসভা মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা।

    প্রস্তাবিত এই বাজেটে পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন ও স্মার্ট পৌরসভা গড়ার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
    বাজেট ঘোষনায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক লাবনী আক্তার তারানা।

    এবারের বাজেটে ​সংযুক্ত দাপ্তরিক নথিপত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই প্রস্তাবিত বাজেটে মোট উদ্বৃত্ত ধরা হয়েছে ৪,৫৬,০৭,৮৭৫.৩৬ টাকা (৪ কোটি ৫৬ লক্ষ ৭ হাজার ৮৭৫ টাকা ৩৬ পয়সা)।​রাজস্ব ও উন্নয়ন খাতের বিস্তারিত বিবরণ:​১. রাজস্ব খাত:​রাজস্ব আয়: ৭,৮৬,০০,৩৯৮.৬৫ টাকা (৭ কোটি ৮৬ লক্ষ ৩৯৮ টাকা ৬৫ পয়সা)। ​রাজস্ব ব্যয়:৫,৩৫,৪৭ ,২৯০.০০ টাকা (৫ কোটি ৩৫ লক্ষ ৪৭ হাজার ২৯০ টাকা)।​রাজস্ব উদ্বৃত্ত: ২,৪৯,৫৩,১০৮.৬৫ টাকা (২ কোটি ৪৯ লক্ষ ৫৩ হাজার ১০৮ টাকা ৬৫ পয়সা)। ​২. উন্নয়ন খাত:​উন্নয়ন আয়: ১৬,২৬,৫৪,৭৬৬.৭১ টাকা (১৬ কোটি ২৬ লক্ষ ৫৪ হাজার ৭৬৬ টাকা ৭১ পয়সা)।​উন্নয়ন ব্যয়: ১৪,২০,০০,০০০.০০ টাকা (১৪ কোটি ২০ লক্ষ টাকা)।​উন্নয়ন উদ্বৃত্ত ২,০৬,৫৪,৭৬৬, ৭১ টাকা (২ কোটি ৬ লক্ষ ৫৪ হাজার ৭৬৬ টাকা ৭১ পয়সা)।

    ​পৌর কর্তৃপক্ষ জানান, এই বাজেটটি সম্পূর্ণ জনকল্যাণমুখী এবং এলাকার সার্বিক অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে প্রণয়ন করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই এই বাজেট ঘোষণা করায় স্থানীয় নাগরিক ও ব্যবসায়ী মহলে বেশ ইতিবাচক সাড়া দেখা গেছে।

    এ সময় উপস্থিত ছিলেন কটিয়াদি পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন,সহকারী প্রকৌশলী মহিউদ্দিন আহম্মদ,পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার,উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান স্বপন,জসিম উদ্দিন মেনু,উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুল আলম মাসুদসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা।

  • ভোলাহাটে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

    ভোলাহাটে বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল জব্দ

    ​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।​আজ মঙ্গলবার (৩০ জুন ২০২৬) ভোরে বিজিবির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট ইউনিয়নের চামুচা গ্রামস্থ মাগুড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় মোবাইলগুলো উদ্ধার করে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।​তিনি জানান, চোরাচালানের বিরুদ্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এই অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, বিগত তিন মাসে এই ব্যাটালিয়ন সীমান্তে মোট ১৩৩টি চোরাই মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত মোবাইলগুলো কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

  • বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধে পোকার অভিযোগ, শিক্ষা অফিসের প্রতিবেদনে নেই উল্লেখ

    বাজিতপুরে স্কুল ফিডিংয়ের দুধে পোকার অভিযোগ, শিক্ষা অফিসের প্রতিবেদনে নেই উল্লেখ

    কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা UHT দুধের প্যাকেটে পোকা, নষ্ট ও নিম্নমানের দুধ পাওয়ার অভিযোগ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে অভিভাবক ও সচেতন মহলে। তবে এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবেদনে দুধের প্যাকেটে পোকা পাওয়ার অভিযোগের কোনো উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

    জানা গেছে, গত ১১ জুন থেকে ২২ জুন পর্যন্ত বাজিতপুর উপজেলার ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাণ গ্রুপের নরসিংদী ডিপোর মাধ্যমে UHT দুধ সরবরাহ করা হয়। সরবরাহের পর হুমায়ুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয় থেকে দুধের মান নিয়ে অভিযোগ ওঠে।

    সোমবার (২৯ জুন) ৪ নম্বর হুমায়ুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি-সংক্রান্ত কাজে গিয়ে এক অভিভাবক বিদ্যালয়ে সংরক্ষিত দুধের প্যাকেট দেখতে পান। তার দাবি, কয়েকটি প্যাকেটে ধুলাবালি ও ময়লা জমে ছিল। এছাড়া কিছু প্যাকেটের গায়ে ১০ থেকে ১৫টি পর্যন্ত পোকা চলাফেরা করতে দেখা যায়। পরে তিনি বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান।

    একই ধরনের অভিযোগ উপজেলার মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকেও পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ও ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

    উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোকে নষ্ট ও নিম্নমানের দুধ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ না করে আলাদাভাবে সংরক্ষণ করতে নির্দেশ দেওয়া হয়। সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করলে তারা ছবি, ভিডিও ও নষ্ট দুধ প্রমাণ হিসেবে সংরক্ষণ করতে বলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হুমায়ুনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুধের প্যাকেটগুলো বিতরণের জন্য রাখা হয়নি; বরং অভিযোগের প্রমাণ হিসেবে সংরক্ষণ করা হয়েছিল। পরে ক্ষতিপূরণ হিসেবে কয়েকটি বিদ্যালয়ে নতুন দুধ সরবরাহ করা হয়েছে।

    তবে পুরো প্রতিবেদনে কোথাও দুধের প্যাকেটে পোকা পাওয়ার অভিযোগের উল্লেখ নেই। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং কয়েকজন অভিভাবকের বক্তব্যে এমন অভিযোগ উঠে এসেছে। এতে প্রশ্ন দেখা দিয়েছে, পোকা পাওয়ার অভিযোগটি তদন্ত করা হয়েছে কি না, হয়ে থাকলে তার ফলাফল প্রতিবেদনে কেন প্রতিফলিত হয়নি এবং বিষয়টি পরীক্ষাগারে পরীক্ষা করা হয়েছে কি না।

    এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ বলেন, “এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।” তবে দুধের প্যাকেটে পোকা পাওয়ার অভিযোগ সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।

    স্থানীয় অভিভাবক ও সচেতন নাগরিকদের দাবি, সরকারি অর্থায়নে পরিচালিত স্কুল ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। তাই দুধে পোকা পাওয়ার অভিযোগসহ সব অভিযোগের নিরপেক্ষ, স্বচ্ছ ও বৈজ্ঞানিক তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

  • মুন্সীগঞ্জে নদীতে ভাসমান ফিলিং স্টেশনে আগুন

    মুন্সীগঞ্জে নদীতে ভাসমান ফিলিং স্টেশনে আগুন

    মুন্সীগঞ্জের নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীর ওপর অবস্থিত একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক তৎপরতায় লে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

    মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টা ১৮ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে অগ্নিকাণ্ডের সংবাদ আসে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    তিনি জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ পরিবেশে ব্রিদিং অ্যাপারেটাস (Breathing Apparatus) ব্যবহার করে অভিযান পরিচালনা করেন এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

    এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে স্টেশনের কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

    ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনটি যদি জ্বালানি তেলের সংরক্ষণস্থলে ছড়িয়ে পড়ত, তাহলে বড় ধরনের বিস্ফোরণ ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের দ্রুত ও পেশাদার পদক্ষেপের কারণে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

  • এআইয়ের যুগে শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ ম্যাডোনার

    এআইয়ের যুগে শিল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ ম্যাডোনার

    কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), অ্যালগরিদম এবং সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর সংস্কৃতির কড়া সমালোচনা করেছেন পপসম্রাজ্ঞী ম্যাডোনা। তার মতে, প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা শিল্পের মৌলিক সৃজনশীলতাকেই ক্ষতিগ্রস্ত করছে।

    ফ্যাশন সাময়িকী ভোগ ইতালিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাডোনা বলেন, এআইয়ের ওপর নির্ভরশীলতা মূলত শিল্পকর্ম তৈরির বিপরীত। তার ভাষায়, অ্যালগরিদম ও কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে ঝুঁকি নেওয়া থেকে দূরে সরিয়ে দেয়, অথচ প্রকৃত শিল্পের জন্মই হয় নতুন কিছু করার সাহস থেকে।

    বর্তমান সময়ে শিল্পীদের কাজের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীর সংখ্যা বেশি গুরুত্ব পাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। ম্যাডোনা বলেন, একসময় চিত্রশিল্পী, সংগীতশিল্পী ও নৃত্যশিল্পীরা একসঙ্গে কাজ করে একে অপরকে অনুপ্রাণিত করতেন। কিন্তু এখন অনেক ক্ষেত্রেই রেকর্ড চুক্তি বা নতুন সুযোগ নির্ভর করছে কার ফলোয়ার কত- সেই হিসাবের ওপর।

    সংখ্যার এই প্রতিযোগিতার বিরুদ্ধে নিজের অবস্থানের কথা তুলে ধরে তিনি তার গান ‘Bring Your Love’ এর একটি লাইন স্মরণ করেন, যেখানে তিনি বলেন, সংখ্যা দিয়ে আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করো না। ক্যারিয়ারের শুরুতে কখনো চার্ট বা স্ট্রিমিং পরিসংখ্যান নিয়ে ভাবেননি বলেও জানান এই কিংবদন্তি শিল্পী।

    নতুন গান তৈরির সময় প্রযুক্তি থেকে নিজেকে দূরে রাখেন বলেও জানান ম্যাডোনা। তার মতে, সৃজনশীলতার জন্য নির্জনতা ও মানসিক স্থিরতা প্রয়োজন। তিনি বলেন, “আমি বিরতি নিতে এবং লোকচক্ষুর আড়ালে চলে যেতে পছন্দ করি। কল্পনাকে উজ্জীবিত করতে স্থিরতা দরকার। এমন কিছু দিন থাকা উচিত, যখন আপনি শুধু প্রকৃতি, নিজের সন্তান আর ঘোড়াগুলোর সঙ্গে সময় কাটাবেন।”

    প্রযুক্তি ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে ম্যাডোনা এর আগেও একাধিকবার কথা বলেছেন। তার ‘Confessions Too: The Film’ এর প্রিমিয়ারে ভক্তদের উদ্দেশে তিনি বলেছিলেন, ফোনগুলো নামিয়ে রাখুন, একে অপরের সঙ্গে সত্যিকারের সংযোগ তৈরি করুন।