Blog

  • হজ শেষে দেশে ফিরেছেন ৭৭ হাজারের বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫৫

    হজ শেষে দেশে ফিরেছেন ৭৭ হাজারের বেশি হাজি, মৃত্যু বেড়ে ৫৫

    পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে বাংলাদেশি হাজিদের ফিরতি কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১১টি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭৭ হাজারের বেশি হাজি। এদিকে হজ পালন করতে গিয়ে মারা যাওয়া বাংলাদেশির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জনে।

    মঙ্গলবার (৩০ জুন) প্রকাশিত হজ বুলেটিন অনুযায়ী, সোমবার (২৯ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে মোট ২১১টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৭৭ হাজার ৬৯ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৬১০ জন দেশে ফিরেছেন।

    চলতি বছর হজ পালনকালে মোট ৫৫ জন বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৭ জন এবং জেদ্দায় একজন মারা যান। তবে মিনা ও মুজদালিফায় কোনো বাংলাদেশি হাজির মৃত্যুর ঘটনা ঘটেনি।

    ফিরতি ফ্লাইট পরিচালনার হিসাবে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১১টি ফ্লাইটে ৩৪ হাজার ১২২ জন, সৌদিয়া এয়ারলাইনস ৭০টি ফ্লাইটে ২৫ হাজার ৩৭৭ জন এবং ফ্লাইনাস ৩০টি ফ্লাইটে ১১ হাজার ৪৩ জন হাজিকে দেশে ফিরিয়েছে। এছাড়া অন্যান্য এয়ারলাইনসের মাধ্যমে আরও ৬ হাজার ৫২৭ জন হাজি দেশে ফিরেছেন।

    হজ বুলেটিনে জানানো হয়েছে, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাসেবা নিয়েছেন ৪১৫ জন বাংলাদেশি হাজি। বর্তমানে ৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সৌদি মেডিক্যাল সেন্টারগুলো ৬৭ হাজার ১৪০ জন হাজিকে স্বাস্থ্যসেবা দিয়েছে এবং মক্কা ও মদিনার আইটি হেল্প ডেস্ক ২৮ হাজার ৪৫২ জন হাজিকে তথ্য ও অন্যান্য সেবা প্রদান করেছে।

    চলতি বছরের হজযাত্রা উপলক্ষে ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করে এবং ২১ মে শেষ হয় প্রাক-হজ ফ্লাইট পরিচালনা। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার পর ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

    হজ অফিসের তথ্য অনুযায়ী, এ বছর বাংলাদেশের জন্য মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা বরাদ্দ ছিল। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালনের সুযোগ পান।

  • টাঙ্গাইলের ধনবাড়ীতে ইউএনও সাথী’র উন্নয়নমূলক কাজ পরিদর্শন

    টাঙ্গাইলের ধনবাড়ীতে ইউএনও সাথী’র উন্নয়নমূলক কাজ পরিদর্শন

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মিজ্ নূরজাহান আক্তার সাথী। তিনি ধনবাড়ীর বীরতারা, বানিয়াজান,বলিভদ্র,মুশুদ্দি,পাইস্কা,যদুনাথপুর ও ধোপাখালী ইউনিয়নসহ ধনবাড়ী পৌরসভার বিভিন্ন গ্রামে-গঞ্জে হঠাৎ ছুটে চলছেন সরকারের উন্নয়নমূলক কাজ দেখাশুনা করতে। তার এমন কর্মকান্ডে উপজেলা জুড়ে তিনি নীতিবান আর্দশবান একজন মানবিক ইউএনও হিসেবে খ্যাতি দিয়েছেন সাধারণ জনগন। এমন একজন ন্যায় সৎ নীতিবান নারী উপজেলা নির্বাহী অফিসার পেয়ে খুশি উপজেলাবাসী।

    উপজেলার বীরতারার কৃষক ছানায়োর হোসেন, হাবিবুর রহমান, শিক্ষক শিরিন খানমসহ আরো অনেকে জানান, বর্তমান ইউএনও সাথী স্যার উপজেলাজুড়ে উন্নয়ন,শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ নানা দিকে সার্বক্ষণিক নজর দিয়ে যাচ্ছে। সেই সাথে তার নির্দেশনায় ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিকের চৌকসতায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুরো উপজেলা জুড়ে আইন-শৃংঙ্খলা পরিস্থিস্তির উন্নয়ন ঘটছে।

    ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, মাননীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী মহোদয় ও উপজেলা পরিষদের সকল উন্নয়নমূলক কাজ নিয়মিত পরিদর্শন করে যাচ্ছি। কাজে কোন প্রকার দূর্নীতি ছাড় দেওয়া হবে না। ধনবাড়ী উপজেলাবাসীর উন্নয়ন নিরাপত্তাসহ সকল কাজে এ উপজেলার সকল জনগণের সহযোগীতায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। সামনের দিনেও উপজেলাবাসীর সহযোগীতা নিয়ে এই ধনবাড়ী সকল দিকের নানা কাজ সঠিক ভাবে করতে চাই।

  • কাঁঠালিয়ায় মৎস্য অফিসের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ

    কাঁঠালিয়ায় মৎস্য অফিসের অভিযান: বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও পোনামাছ রক্ষায় উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া ও মশাবুনিয়া গ্রামের বিভিন্ন ধানক্ষেত ও খালে এই অভিযান পরিচালনা করা হয়।

    সোমবার (২৯ জুন) বিকেলে কাঁঠালিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে একটি ঝটিকা অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী মেজিস্ট্রেট সুমি রানী বল ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।

    ​অভিযানকালে সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে মাছের বংশবৃদ্ধি ধ্বংসকারী বেশ কয়েকটি নিষিদ্ধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ জাল স্থাপনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

    ​জব্দকৃত চায়না দুয়ারী ও বেহুন্দি জালগুলো পরবর্তীতে উপজেলা পরিষদ মাঠে নিয়ে আসা হয়। পরে স্থানীয় প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী মেজিস্ট্রেট সুমি রানী বল এর উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনার মাধ্যমে জব্দকৃত সমস্ত অবৈধ চায়না দুয়ারী ও বেহুন্দি জাল আগুনে পুড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করা হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষাধিক টাকা।

    ​অভিযান শেষে কাঁঠালিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার বলেন, ​”চায়না দুরারী ও বেহুন্দি জালের মতো নিষিদ্ধ জালগুলো আমাদের দেশীয় প্রজাতির মাছের পোনা ও ডিম্বাণু ধ্বংস করে দিচ্ছে। মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কাঁঠালিয়া উপজেলার নদীগুলোকে ক্ষতিকর জালমুক্ত করতে আমাদের এই বিশেষ অভিযান ও মোবাইল কোর্টের তৎপরতা নিয়মিত অব্যাহত থাকবে।”

    ​মৎস্য সম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করতে স্থানীয় জেলে সমাজ ও সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে উপজেলা প্রশাসন।

  • পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

    পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

    পাকিস্তানের সঙ্গে ২০২৫ সালের মে মাসের সংঘাতের সময় নিহত ভারতীয় সেনাসদস্যদের তথ্য গোপন করার অভিযোগ উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে। এ অভিযোগ তুলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে প্রধান বিরোধী দল কংগ্রেস। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ারও দাবি জানিয়েছে দলটি।

    সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাত চলাকালে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এ হতাহতের তথ্য নিয়ে সংসদকে বিভ্রান্ত করার অভিযোগ এনে রাজনাথ সিংয়ের পদত্যাগ দাবি করেছে কংগ্রেস। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদিকে প্রকাশ্য ক্ষমা প্রার্থনারও আহ্বান জানিয়েছে তারা।

    মোদি সরকারের দাবি অনুযায়ী, ওই সংঘাতে মোট ছয়জন সেনাসদস্য নিহত হন। তাদের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর পাঁচজন এবং ভারতীয় বিমানবাহিনীর একজন সদস্য ছিলেন।

    এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সেনাসদস্যবিষয়ক বিভাগের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরী এবং অবসরপ্রাপ্ত উইং কমান্ডার অনূমা আচার্য অভিযোগ করেন, নিহত ছয় সেনাসদস্যের মৃত্যুর তথ্য গোপন রেখে সরকার তাদের প্রাপ্য রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মান থেকে বঞ্চিত করেছে।

    উইং কমান্ডার অনূমা আচার্যের দাবি, অতীতের সরকারগুলো দায়িত্ব পালনকালে প্রাণ হারানো প্রতিটি সেনাসদস্যকে প্রকাশ্যে সম্মান জানিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে।

    তিনি বলেন, ‘মোদি সরকার সেনাবাহিনী ও সেনাসদস্যদের রাজনৈতিকভাবে ব্যবহার করছে। তারা বারবার দেশ ও সেনাসদস্যদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’

    অবসরপ্রাপ্ত কর্নেল রোহিত চৌধুরীর অভিযোগ, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি ভোটের সময় সেনাবাহিনীর নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। তার ভাষ্য, ‘প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সংসদে বলেছিলেন, কোনও সেনাসদস্য নিহত হননি। তখন বিজেপির সংসদ সদস্যরা হাততালি দিয়েছিলেন। রাজনাথ সিং দেশের সেনাবাহিনী ও সেনাসদস্যদের অপমান করেছেন। আমরা তার পদত্যাগ দাবি করছি।’

    এ সময় তিনি প্রশ্ন তোলেন, নিহত সেনাসদস্যদের নাম প্রকাশ করতে সরকারের ১৩ মাস সময় লাগল কেন। কংগ্রেসের পক্ষ থেকে তিনি আরও জানান, প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে সংসদে বিশেষ অধিকার লঙ্ঘনের অভিযোগ আনার জন্য দলীয় নেতৃত্বকে অনুরোধ জানানো হবে।

  • ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে

    ভবনের নির্মাণ কাজের ধীরগতির কারণে কারিগরি ও বাণিজ্যিক কলেজগুলোর শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে

    নেত্রকোণা মোহনগঞ্জ উপজেলা কারিগরি ও বাণিজ্যিক কলেজ, এসব অবকাঠামোগত সমস্যার ফলে শিক্ষার্থীরা আধুনিক ল্যাব, ওয়ার্কশপ এবং পর্যাপ্ত ক্লাসরুমের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই ধরনের নির্মাণ বিলম্বের হার বৃদ্ধি পাওয়ায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জন বাঁধাগ্রস্ত হচ্ছে।সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, সীমিত সুযোগ-সুবিধা নিয়েও নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে, আবার কোথাও প্রতিষ্ঠানে ভবন না থাকার কারণে শ্রেণী কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে দাবি শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় সচেতন
    মহলের।এদিকে,মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক
    কলেজে সুনামের সাথে প্রাতিষ্ঠানিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। ২০০৪ সালে কারিগরি ও স্টাফের কলেজটি সিমিত কিছু ছাত্র-ছাত্রী নিয়ে প্রতিষ্ঠানে কার্যক্রম শুরু করেন।বর্তমানে কলেজটিতে প্রতিষ্ঠানটিতে ১৬ জন স্টাফের মধ্যে ১১ জন এমপিওভুক্ত। দুটি ট্রেডে ২৩৬ জন শিক্ষার্থী রয়েছে এবং নিয়মিত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে নতুন ভবনের কাজের ধীরগতির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানান, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহম্মদ।

    ঠিকাদার রফিকুল ইসলাম খান পাঠান (চন্দন) মোহনগঞ্জ কারিগরি ও বাণিজ্যিক কলেজ ৪ তলায় ভবন এর কাজ হস্তান্তর করেন ঠিকাদার রুবেল আহমেদ নিকট।ভবন সম্পর্কে জানতে চাইলে উনাকে একাধিক বার ফোন দিলে তিনি রিসিপ করেনি।

  • গোপালগঞ্জে টুংঙ্গীপাড়ায়  ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই

    গোপালগঞ্জে টুংঙ্গীপাড়ায় ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই

    এস আই কান্নার কন্ঠে বলেন- বিদয়ের কালে রেখে যাই গুরু ব্যথা ভরা আঁখি জলে

    ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে অবসরে গেলেন এসআই
    ফুল দিয়ে সাজানো গাড়িতে চড়িয়ে দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানালেন পুলিশ সদস্যরা।

    বাংলাদেশ পুলিশে ৩৭ বছরের কর্মজীবন শেষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ছবির উদ্দিন শিকদার অবসরে গেছেন। আজ সোমবার দুপুরে টুঙ্গিপাড়া থানার পুলিশ সদস্যরা তার বিদায় সংবর্ধনার আয়োজন করেন। পরে ফুল দিয়ে সাজানো ওসির গাড়িতে করে তাকে টুঙ্গিপাড়া থেকে নিজ বাড়ি কোটালীপাড়ায় পৌঁছে দেওয়া হয়।

    এসআই ছবির উদ্দিন শিকদারকে পুষ্পবর্ষণের মধ্য দিয়ে থানা থেকে সংবর্ধনা স্থলে নিয়ে আসেন পুলিশ সদস্যরা। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ এবং টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে তাকে বিদায় জানান।

    অবসরে যাওয়া এসআই ছবির উদ্দিন শিকদার গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কেডি গোপালপুর ইউনিয়নের বহলতলী গ্রামের মরহুম ছাদেক আলী সিকদারের ছেলে। ১৯৮৯ সালের ১২ এপ্রিল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনে যোগদানের মাধ্যমে বাংলাদেশ পুলিশে তার চাকরিজীবন শুরু হয়। দীর্ঘ ৩৭ বছরের চাকরিজীবনে তিনি দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শেষে টুঙ্গিপাড়া থানা থেকে অবসরে গেলেন।

    বিদায়বেলায় আবেগাপ্লুত কণ্ঠে ছবির উদ্দিন শিকদার বলেন,`বিদায় বেলায় যে সংবর্ধনা ও ভালোবাসা পেয়েছি সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আমাকে ভালোবাসা দিয়ে তারা কাঁদিয়ে দিয়েছে। কর্মজীবনে সবার মনের মধ্যে যে জায়গা করে নিতে পেরেছি, সেজন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ওসি স্যারের একান্ত প্রচেষ্টা ও ভালোবাসার কারণেই বিদায় বেলায় এতটা সম্মান পেয়েছি।’

    টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, `এসআই ছবির উদ্দিন শিকদার আমাদের পরিবারের একজন সিনিয়র সদস্য ছিলেন। আজকে আমাদের থানা থেকে তিনি চলে যাচ্ছেন। আসলে বিদায় বেলায় ওইভাবে কিছু বলার থাকে না। দীর্ঘ ৩৭টি বছর পরিশ্রম করেছেন, বাকি জীবন পরিবার-পরিজন নিয়ে সুখ-শান্তিতে থাকুক, সেই প্রত্যাশা করি।

    গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ূন রশীদ বলেন, `এসআই ছবির উদ্দিন শিকদারের চাকরিজীবনের শেষ দিনে টুঙ্গিপাড়া থানার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। চাকরিজীবনে তিনি সততার সঙ্গে জনগণের জন্য কাজ করেছেন। তাই তার প্রতি গোপালগঞ্জ জেলা পুলিশ কৃতজ্ঞ।

  • তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

    তথ্য-প্রযুক্তির সহায়তায় গাজীপুর থেকে রাণীশংকৈলের ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

    দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানায় দায়ের করা একটি ধর্ষণ মামলার পলাতক আসামি সামিউল ইসলামকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
    গ্রেফতার হওয়া সামিউল ইসলাম রাণীশংকৈল উপজেলার ১নং ধর্মগড় ইউনিয়নের কাউন্সিল ঝাড়বাড়ি এলাকার এন্তাজুল ইসলামের ছেলে।
    পুলিশ সূত্রে জানা যায়, ধর্ষণ মামলাটি দায়ের হওয়ার পর থেকেই সামিউল ইসলাম এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান। এরপর তাকে গ্রেফতারে রাণীশংকৈল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন স্থানে অনুসন্ধান ও নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান গাজীপুরে নিশ্চিত হওয়া গেলে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
    রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “আদালতের নির্দেশনা ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।”
    তিনি আরও বলেন, “কোনো অপরাধী আত্মগোপনে থেকে আইনের হাত এড়াতে পারবে না। যেখানেই অবস্থান করুক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

  • বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

    বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

    দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে কোনো ধরনের সরকারি সুবিধা পাননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

    সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে তিনি এ কথা জানান।

    স্পিকার বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি। এটুকুই। প্রাপ্তিযোগ অন্য কিছু হয়নি।

    তিনি বিরোধীদলীয় নেতার বাজেট-বিষয়ক বক্তব্যের প্রশংসা করে বলেন, তিনি প্রায় এক ঘণ্টা বক্তব্যে দেশের বিভিন্ন সমস্যা ও বাজেটের নানা দিক তুলে ধরেছেন।

    হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই চেয়ারে বসার কারণে আমার জন্মভূমি, আমার নির্বাচনি এলাকা ভোলার সমস্যাগুলো এখানে বলতে পারি না। তিনি (বিরোধী দলীয় নেতা) সেগুলো জাতির সামনে তুলে ধরেছেন। আশা করি, অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী বিষয়গুলো বিবেচনায় নেবেন।

  • মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় মঙ্গলবার

    মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় মঙ্গলবার

    জুলাই গণ-অভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে রায় ঘোষণার দিন মঙ্গলবার ধার্য করা হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-২ গত ২২জুন এ তারিখ নির্ধারণ করেন।এর আগে গত ১৪ মে উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য অপেক্ষা মান রেখেছিলেন ট্রাইবুনাল। ইনু বর্তমানে কারাগারে আছেন। তিনি এই মামলার একমাত্র আসামী।মামলা সুত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনা এবং আন্দোলনকারীদের উস্কানী দেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ২০২৫ সালের ২৫ মার্চ মামলার তদন্ত শুরু হয়। ওই বছর ১১ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়।পরে গত বছরের ২ নভেম্বর এ মামলায় অভিযোগ (চার্জ) গঠন করে তার বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে ইনুর বিরুদ্ধে আটটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে, নিজের নির্বাচনী এলাকা কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আন্দোলনকারীদের ওপর হামলায় উসকানি দেওয়া, শেখ হাসিনার সঙ্গে থেকে আন্দোলনকারীদের দমনে গুলির নির্দেশ দেওয়া, কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে আন্দোলনকারীদের গুলির নির্দেশ দেওয়া ইত্যাদি। এ মামলায় প্রসিকিউশন পক্ষে দশজন এবং আসামিপক্ষে দুইজন সাফাই সাক্ষী দেন। চলতি বছর ১৩ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে ১৩ মে শেষ হয়।জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় নিহতদের মধ্যে রয়েছেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। 

  • হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে, সংবাদ সম্মেলনে বিচার দাবি

    হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে, সংবাদ সম্মেলনে বিচার দাবি

    ঝালকাঠির রাজাপুরে এক হিন্দু পরিবারের জমি জোরপূর্বক দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. রিয়া আকতারের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার দাবি করেছে।

    সোমবার (২৯ জুন) দুপুরে রাজাপুর উপজেলার রয়েল ক্যাফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অমূল্য চন্দ্র হালদারের মেয়ে অনামিকা হালদার। এ সময় উপস্থিত ছিলেন জমির মালিক অমূল্য চন্দ্র হালদার, তার স্ত্রী রিনা হালদার, ছেলে রাজিব হালদার, মেয়ে অনামিকা হালদার ও সমীর চন্দ্র মালাকার।

    লিখিত বক্তব্যে অনামিকা হালদার বলেন, ২০২২ সালে তারা ৪৭ নম্বর রাজাপুর মৌজার ৫ দশমিক ১১ শতাংশ জমি বড়ইয়া ইউনিয়নের উত্তমপুর গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে মোসা. রিয়া আকতারের কাছে ২২ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। একই মৌজার আরও ৩ দশমিক ৭৫ শতাংশ জমি রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের অধীর মালাকারের ছেলে সমীর চন্দ্র মালাকারের কাছে ১৭ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়।

    তাদের দাবি, জমি বিক্রির পর একাধিকবার মাপজোক করে ক্রেতাদের কাছে বুঝিয়ে দেওয়া হয় এবং তারা দীর্ঘদিন সঠিক মাপ অনুযায়ী জমি ভোগদখল করে আসছিলেন। তবে ২০২৪ সালের শেষের দিকে মোসা. রিয়া আকতার বিক্রিকৃত ৫ দশমিক ১১ শতাংশ জমির পরিবর্তে ৬ দশমিক ১১ শতাংশ জমি রেকর্ড করে নেন। এ ঘটনায় বরিশাল আদালতে একটি মামলা চলমান রয়েছে বলেও জানান তারা।

    সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রিয়া আকতার ও তার স্বামী মো. রফিক হাওলাদার উপজেলা পরিষদে চাকুরী করে যার জন্য ক্ষমতার শক্তিতে স্থানীয় লোকজন নিয়ে গত ২৮ জুন রবিবার সকালে তাদের জমির সীমানা বেড়া ও টিন ভেঙে জোরপূর্বক দখল করে নেন। এ সময় তাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।

    অমূল্য হালদার বলেন, ঘটনার সময় রাজাপুর থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখল কার্যক্রমে বাধা দেয়। তবে এখন পর্যন্ত তারা কোনো প্রতিকার পাননি। বরং অভিযুক্তদের পক্ষ থেকে এখনও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

    সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, “আমরা হিন্দুধর্মাবলম্বী হওয়ায় আমাদের দুর্বল মনে করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে। আমরা আমাদের জমি ফেরত চাই এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।”

    এ বিষয়ে অভিযুক্ত মোসা. রিয়া আকতার জমি দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, আমার কাছে জমি বিক্রি করে মাপজোক দিয়ে বুঝিয়ে দেওয়া হয়নি। বলে আমাকে মেপে নিতে পরে আমি আমিন দ্বারা মাপজোক দিয়ে সীমানায় পিলার বসিয়েছি। সংবাদ সম্মেলনে তারা আমার বিরুদ্ধ যা বলছে সব মিথ্যা।

    এবিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুজন বিশ্বাস বলেন, ঘটনা আমার জানা নেই তবে খোঁজ নিয়ে দেখতাছি। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    ছবি ক্যাপশন:-১ অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের উপ-ছাত্রী বিষয়ক সম্পাদক মোসা. রিয়া আকতার।

    ছবি ক্যাপশন:-২ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী অমূল্য চন্দ্র হালদারের মেয়ে অনামিকা হালদার।