Blog

  • টাঙ্গাইলের ধনবাড়ীতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা

    টাঙ্গাইলের ধনবাড়ীতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা

    টাঙ্গাইলের ধনবাড়ীতে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় ধনবাড়ী উপজেলায় ২ জন মৎস্যচাষীকে গৃহস্থালি পুকুরে মাছচাষের জন্য মাছের পোনা, মৎস্য খাদ্য, সাইনবোর্ড, গাছের চারাসহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
    উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার, নূরজাহান আক্তার সাথী ধনবাড়ী উপজেলার মৎস্য অফিসার, উপজেলা কৃষি অফিসার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, ধনবাড়ী, টাঙ্গাইল ও প্রকল্পের সুফলভোগী এবং সাংবাদিকবৃন্দ

  • শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা

    শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা

    ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    তথ্য উপদেষ্টা বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে। সেই ক্ষেত্রে গণমাধ্যমগুলো আইন এবং রীতিনীতি মেনে প্রচার করবে এবং এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে আশা করছি।

    আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন তারা কোনো নামেই রাজনীতি করতে পারবে না জানিয়ে তিনি বলেন, যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকবে ততদিন তারা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।

    ‘রিফাইন্ড আওয়ামী লীগ’ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ থাকবে, ততদিন আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ বা অন্য কোনও নামে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মসূচি পালন করা যাবে না। সরকারের এই ধরনের কোনও পুনর্বাসন পরিকল্পনা নেই।

    উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিদ্বেষমূলক বক্তব্য ছড়ায়। এ বিষয়ে ওই বছরের ৫ ডিসেম্বর তার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    এরপর গত বছরের ১৭ নভেম্বর জাতীয় নিরাপত্তার স্বার্থে মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার না করতে গণমাধ্যমকে নির্দেশ দেয় জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

  • জিয়া পরিবারের কূটনৈতিক দর্শনের ধারাবাহিকতায় তারেক রহমানের নতুন অধ্যায়

    জিয়া পরিবারের কূটনৈতিক দর্শনের ধারাবাহিকতায় তারেক রহমানের নতুন অধ্যায়

    বিদেশ সফরের প্রকৃত সাফল্য দেশে ফিরে আসার দিন নির্ধারিত হয় না। সময়ই তার আসল বিচারক। কোনো সফরের মূল্য কেবল কতটি চুক্তি হলো, কতটি সমঝোতা স্মারক সই হলো বা কতটি ঘোষণা এলো, এসব দিয়ে নির্ধারণ করা যায় না।

    কূটনীতির অনেক অর্জন দৃশ্যমান হতে সময় লাগে। কখনও তা বাণিজ্যে প্রতিফলিত হয়, কখনও বিনিয়োগে, কখনও আন্তর্জাতিক আস্থায়, আবার কখনও একটি দেশের কৌশলগত অবস্থান আরও শক্তিশালী হওয়ার মধ্য দিয়ে প্রকাশ পায়।

    এই বাস্তবতায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনকে অগ্রাধিকার দেওয়া নিছক একটি কূটনৈতিক কর্মসূচি নয়। এর মধ্যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি সুস্পষ্ট দর্শনের প্রতিফলন রয়েছে। সেই দর্শনের ভিত্তি নির্মাণ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তী সময়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তা নতুন বাস্তবতায় সম্প্রসারিত করেন। আর আজকের পরিবর্তিত বিশ্বে তারেক রহমান সেই ধারাবাহিকতাকে নতুন অর্থনৈতিক ও কৌশলগত বাস্তবতার সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন, এমন ইঙ্গিতই মিলছে।

    অনেকেই প্রশ্ন করছেন, প্রথম বিদেশ সফরের জন্য কেন চীন ও মালয়েশিয়া? কেন অন্য কোনো দেশ নয়? এর উত্তর খুঁজতে হলে কয়েক দশক পেছনে তাকাতে হবে।

    স্বাধীনতার পর আন্তর্জাতিক রাজনীতি ছিল দুই পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতায় বিভক্ত। সেই বাস্তবতায় জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিকে কোনো একক শক্তির ওপর নির্ভরশীল না রেখে বহুমাত্রিক করার উদ্যোগ নেন। তাঁর কূটনৈতিক দর্শনের অন্যতম বৈশিষ্ট্য ছিল, বাংলাদেশের জাতীয় স্বার্থ যেখানে সবচেয়ে বেশি সুরক্ষিত হবে, সেখানেই সম্পর্ক আরও গভীর করা। এই নীতির অংশ হিসেবেই চীনের সঙ্গে সম্পর্ক নতুন গতি পায়। একই সময়ে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং মুসলিম বিশ্বের অর্থনৈতিকভাবে অগ্রসর দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণেও তিনি বিশেষ গুরুত্ব দেন।

    মালয়েশিয়া তখন দ্রুত শিল্পায়নের পথে এগোচ্ছে। চীনও ধীরে ধীরে অর্থনৈতিক সংস্কারের দিকে অগ্রসর হচ্ছে। প্রেসিডেন্ট জিয়া হয়তো আজকের বৈশ্বিক অর্থনীতির চিত্র দেখেননি। কিন্তু তিনি উপলব্ধি করেছিলেন ভবিষ্যতের বাংলাদেশকে কেবল রাজনৈতিক বন্ধুত্ব নয়, অর্থনৈতিক অংশীদারও খুঁজতে হবে।

    খালেদা জিয়ার সময় সেই নীতির বাস্তব প্রয়োগ আরও স্পষ্ট হয়ে ওঠে। চীনের সঙ্গে অবকাঠামো, প্রতিরক্ষা, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা বাড়তে থাকে। অন্যদিকে মালয়েশিয়া বাংলাদেশের অন্যতম বৃহৎ শ্রমবাজারে পরিণত হয়। হাজার হাজার বাংলাদেশির কর্মসংস্থানের মাধ্যমে দুই দেশের সম্পর্ক সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যায়। একই সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্যের নতুন ক্ষেত্রও উন্মুক্ত হতে থাকে।

    এই ধারাবাহিকতার মধ্যেই এসেছে তারেক রহমানের সাম্প্রতিক সফর। তবে এটিকে কেবল অতীতের পুনরাবৃত্তি বললে ভুল হবে। কারণ বিশ্ব এখন অনেক বদলে গেছে।

    আজকের পৃথিবীতে রাষ্ট্রগুলোর প্রতিযোগিতা শুধু কূটনৈতিক প্রভাব বিস্তারে নয়; বরং শিল্প, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, দক্ষ জনশক্তি, সরবরাহ শৃঙ্খল এবং বাজারে প্রবেশাধিকার নিয়েও। ফলে বাংলাদেশের কূটনীতিকেও নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে।

    এ কারণেই চীন সফরের গুরুত্ব শুধু নতুন সহযোগিতা ঘোষণায় সীমাবদ্ধ নয়। এর বড় তাৎপর্য হলো—বাংলাদেশ নিজেকে শুধু উন্নয়ন সহায়তা গ্রহণকারী রাষ্ট্র হিসেবে নয়, বরং উৎপাদন, শিল্পায়ন এবং আঞ্চলিক অর্থনীতির একটি সম্ভাবনাময় অংশীদার হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে। যদি এই প্রচেষ্টা বাস্তবে রূপ পায়, তাহলে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে নিম্নমূল্যের শ্রমনির্ভর উৎপাদন থেকে উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তিনির্ভর উৎপাদনের দিকে এগোতে পারে।

    একইভাবে মালয়েশিয়া সফরের তাৎপর্যও শুধু শ্রমবাজারে সীমাবদ্ধ নয়। বহু বছর ধরে দুই দেশের সম্পর্কের প্রধান আলোচ্য ছিল কর্মী পাঠানো। কিন্তু এখন আলোচনায় দক্ষ মানবসম্পদ, বিনিয়োগ, কৃষি, হালাল শিল্প, প্রযুক্তি এবং শিল্প সহযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে। এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের চরিত্রই বদলে যেতে পারে।

    এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এটি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির ভাষা পরিবর্তনের ইঙ্গিত দেয়। অতীতে উন্নয়ন সহযোগিতা বা অবকাঠামো নির্মাণ ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এখন গুরুত্ব পাচ্ছে বিনিয়োগ, বাজার, প্রযুক্তি, শিল্প স্থানান্তর এবং উৎপাদন। এই পরিবর্তন কেবল শব্দের পরিবর্তন নয়; এটি অর্থনৈতিক কৌশলেরও পরিবর্তন।

    অনেকে বিদেশ সফরের মূল্যায়ন করেন কতটি চুক্তি হলো, কত ডলারের প্রতিশ্রুতি এল বা কতটি সমঝোতা স্মারক সই হলো, সেগুলো দিয়ে। কিন্তু কূটনীতির ইতিহাস ভিন্ন কথা বলে। অনেক বড় ঘোষণাই বাস্তবায়নের অভাবে ইতিহাসে হারিয়ে গেছে। আবার অনেক ছোট উদ্যোগ সময়ের সঙ্গে একটি দেশের অর্থনীতিকে বদলে দিয়েছে। তাই সফরের প্রকৃত মূল্য নির্ভর করে ঘোষণার ওপর নয়, বাস্তবায়নের ওপর।

    চীন ও মালয়েশিয়া, দুটি দেশই বাংলাদেশের জন্য কেবল বন্ধু রাষ্ট্র নয়; তারা অর্থনৈতিক রূপান্তরের সম্ভাব্য অংশীদার। একটি বিশ্বের অন্যতম বৃহৎ উৎপাদনশীল অর্থনীতি, অন্যটি দক্ষিণ-পূর্ব এশিয়ার সফল শিল্পোন্নত রাষ্ট্র। বাংলাদেশের সামনে যখন মধ্যম আয়ের ফাঁদ এড়িয়ে উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখার চ্যালেঞ্জ, তখন এই দুই দেশের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক নতুন সুযোগ তৈরি করতে পারে।

    তবে এখানেই সবচেয়ে বড় প্রশ্নটি রয়ে যায়। এই সফর কি ইতিহাসে বিশেষ স্থান করে নেবে? এর উত্তর এখনই দেওয়া সম্ভব নয়। কারণ ইতিহাস তাৎক্ষণিক রায় দেয় না।

    জিয়াউর রহমান যে বহুমাত্রিক কূটনীতির ভিত্তি স্থাপন করেছিলেন এবং খালেদা জিয়া যে অর্থনৈতিক সহযোগিতা ও শ্রমবাজারভিত্তিক সম্পর্ককে আরও বিস্তৃত করেছিলেন, তারেক রহমানের চীন ও মালয়েশিয়া সফর সেই ধারাবাহিকতাকে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় নতুন মাত্রা দেওয়ার একটি প্রয়াস হিসেবে বিবেচিত হতে পারে। তবে এর প্রকৃত মূল্যায়ন হবে বাস্তবায়নের অগ্রগতির ভিত্তিতে।

    তবে চীন ও মালয়েশিয়া সফর বাংলাদেশের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে—এমন ইঙ্গিত মিলেছে। তবে সেই সম্ভাবনা কতটা বাস্তবে রূপ নেবে, তা নির্ভর করবে প্রতিশ্রুত উদ্যোগের বাস্তবায়ন, বিনিয়োগের প্রবাহ, বাণিজ্যের বিস্তার, প্রযুক্তি সহযোগিতার অগ্রগতি এবং দুই দেশের সঙ্গে সম্পর্ককে কতটা প্রাতিষ্ঠানিক ও টেকসই ভিত্তির ওপর দাঁড় করানো যায়, তার ওপর।

    চীন ও মালয়েশিয়া সফরকে তাই কেবল একটি কূটনৈতিক কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই। এটি বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতিকে নতুন বাস্তবতায় অভিযোজিত করার একটি প্রচেষ্টা এবং জিয়া পরিবারের বহুমাত্রিক পররাষ্ট্রনীতির ধারাবাহিকতার নতুন অধ্যায়। এখন প্রয়োজন ঘোষণাগুলোকে বাস্তবে রূপ দেওয়া। কারণ কূটনীতির সাফল্য ঘোষণায় নয়, বাস্তবায়নেই প্রতিষ্ঠিত হয়।

  • চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল

    চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের সম্ভাবনা রয়েছে : অ্যাটর্নি জেনারেল

    অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে চট্টগ্রাম-৪ আসনে। ফলে এ আসনে নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভোটাররা।

    মঙ্গলবার এই আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর শপথ নিয়ে আপিল বিভাগের রায়ের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন অ্যাটর্নি জেনারেল।

    এর আগে, ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনের বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি।

    প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ মঙ্গলবার এ রায় দেন। সংসদ নির্বাচনের আগে আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এলে নির্বাচন কমিশন আপিল শুনানির শেষ দিন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

    সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট হলে হাইকোর্টের আদেশে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকে। তবে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল থাকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে লিভ টু আপিল করেন একই আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ার সিদ্দিকী।

    জামায়াত প্রার্থীর করা লিভ টু আপিল মঞ্জুর করে গেল ৩ ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, যদি আসলাম চৌধুরী নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন, তবে আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল স্থগিত থাকবে।

  • অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

    অ্যাম্বুলেন্সে ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

    জুলাই আন্দোলনের সময় ওয়াসিমসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার অন্যতম আসামি চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

    মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তাকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়।

    মামলায় ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ের আদেশ দেবেন ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল।

    প্রসিকিউশন জানায়, অভিযোগ গঠনের আদেশের দিন গ্রেপ্তার আসামিদের উপস্থিত থাকতে হয়। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এ মামলায় গ্রেফতার পাঁচজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। চার আসামিকে কারাগার থেকে আনলেও অসুস্থতাজনিত কারণে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) চিকিৎসাধীন রয়েছেন ফজলে করিম। ফলে তাকে অ্যাম্বুলেন্সে করে আনা হয়।

    এ মামলায় গ্রেফতার অপর চার আসামি হলেন- যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম, মো. ফিরোজ ও দেবাশীষ পাল দেবু।

    পলাতকরা হলেন- সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাসির উদ্দীন, রেজাউল করিম, মহিউদ্দিন বাচ্চু, হেলাল আকবর, নুরুল আজিম রনি, শৈবাল দাশ সুমন, আবু ছালেক, এসবারুল হক, এইচএম মিঠু, নূর মোস্তফা টিনু, জমির উদ্দিন, ইমরান হাসান মাহমুদ, জাকারিয়া দস্তগীর, মহিউদ্দিন ফরহাদ ও সুমন দে।

    এর আগে, ৭ এপ্রিল তিনটি অভিযোগে ২২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-২। ৫ এপ্রিল ফরমাল চার্জ দাখিল করে প্রসিকিউশন।

  • যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

    যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে ১৯ জন গ্রেপ্তার

    রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

    মঙ্গলবার যাত্রাবাড়ী থানা সূত্রে এ তথ্য জানানো হয়।

    থানা সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশ এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।

    গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মোহাম্মদ আলী (১৯), মো. লিটন (২৬), মো. সাইফুল (৪০), শফিক আলম (২৯), মো. আজমাইল হোসেন সোহাগ (৪০), মো. সুমন, সাজ্জিদ হোসেন, সেকান্দার মাতবর, সাদ্দাম মাতবর, মো. ইব্রাহিম, মো. রায়হান, মো. জামান শিকদার (৫০), মো. সুজন (৩০), মো. ইমন হাওলাদার (৩০), তানভীর (২২), মো. টিটু শেখ (২৪), মো. রিয়াজ হাওলাদার (২৬), মো. সাইমন (১৯) ও মো. শাওন (২১)।

    পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরাও রয়েছেন।

    গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

  • এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা

    এআই দিয়ে আসামির আর্জেন্টিনার জার্সি পাল্টে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ, ছবি ঘিরে সমালোচনা

    বরিশালে ইয়াবাসহ আটক এক যুবকের গায়ে থাকা আর্জেন্টিনার জার্সি কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি (এআই) ব্যবহার করে পরিবর্তন করে ব্রাজিলের জার্সি পরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার বিরুদ্ধে। এ ঘটনা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ব্রাজিল সমর্থকদের মধ্যেও ক্ষোভ দেখা দেয়।

    পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সংশোধিত বার্তার মাধ্যমে পরিবর্তিত ছবি সরিয়ে সঠিক ছবি ও তথ্য আবারও গণমাধ্যম শাখার বার্তা আদান-প্রদানের দল এবং ইলেকট্রনিক ডাকের মাধ্যমে প্রকাশ করা হয়। তবে বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপপরিদর্শক তানজিল আহমেদ।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর পলাশপুর কলোনিতে অভিযান চালিয়ে রাসেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। রাসেল পলাশপুরের মোহাম্মদপুর এলাকার বাদশা হাওলাদারের ছেলে। আটক হওয়ার সময় তার গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল।

    পরে কাউনিয়া থানার পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে মহানগর পুলিশের গণমাধ্যম শাখায় পাঠায়। অভিযোগ রয়েছে, সেখানে দায়িত্বপ্রাপ্তরা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ব্যবহার করে আর্জেন্টিনার জার্সির পরিবর্তে ব্রাজিলের জার্সি বসিয়ে দেন।

    বিষয়টি নিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সনজিত চন্দ্র নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে মোহাম্মদপুর কলোনির মামুন মিয়ার ঘেরসংলগ্ন এলাকা থেকে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    তিনি আরও জানান, পুলিশের অভিযানের বিষয়টি টের পেয়ে মূল মাদক কারবারি আঁখি (৩২) পালিয়ে যান। আঁখি দক্ষিণ পলাশপুর এলাকার আবুল হোসেন হাওলাদারের মেয়ে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে। মামলায় আটক রাসেল হাওলাদার ও পলাতক আঁখিকে আসামি করা হয়েছে।

  • লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমিরাত

    লেবানন ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল আমিরাত

    প্রায় দুই মাস পর লেবাননে ভ্রমণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ফলে দেশটির নাগরিকরা আবারও লেবানন সফর করতে পারবেন। মঙ্গলবার (৩০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, লেবাননে ভ্রমণের আগে সব আমিরাতি নাগরিককে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাধ্যতামূলকভাবে নিবন্ধন করতে হবে।

    গত ৩০ এপ্রিল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইউএই তার নাগরিকদের ইরান, লেবানন ও ইরাকে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করে। একই সঙ্গে ওই তিন দেশে অবস্থানরত সব আমিরাতি নাগরিককে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানানো হয়।

    সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, শুধু লেবাননের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে ইরান ও ইরাকে ভ্রমণের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে।

    এদিকে, সাম্প্রতিক সংঘাতের পর প্রথমবারের মতো সোমবার তেহরান ও দুবাইয়ের মধ্যে বাণিজ্যিক বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে।

  • সিরাজগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র বড় পুলে উড়ছে সারি সারি কালিমার পতাকা

    সিরাজগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র বড় পুলে উড়ছে সারি সারি কালিমার পতাকা

    ফুটবল বিশ্বকাপের আমেজে সারা বিশ্ব মাতোয়ারা হওয়ার সাথে সাথে বাংলাদেশেও যখন ব্রাজিল আর্জেন্টিনার ভক্তদের মাঝে শুরু হয় উত্তেজনা ঠিক তখনই মুসলিম সংখ্যা গরিষ্ঠ বাংলাদেশে জেগে ওঠে কালিমার পতাকা উড়ানো আর শোডাউন এবং কালিমার পতাকা মিছিল।

    এর আগে ঢাকার যাত্রাবাড়ী ফ্লাই ওভারের দুই পাশে লাগানো কালিমার পতাকা বাংলাদেশের মুসলমান তৌহিদী জনতার অন্তরে এক স্বস্তির আভাস এনে দিয়েছিল। কিন্তু হঠাৎ কে বা কারা পতাকা গুলো নামিয়ে ফেলে। তারই প্রতিবাদে সেখানে পুনরায় দ্বিগুণ হারে কালিমার পতাকা লাগানো হয়। সেই সাথে সারা দেশ ব্যাপী কালিমার পতাকা লাগানোর ধুম পড়ে যায়। জেগে ওঠে মুসলমানদের অন্তর একমাত্র আল্লাহর প্রতি অশেষ ভালোবাসা। সারা দেশ জুড়ে বিধর্মী ও ইসলাম বিরোধী দেশের পতাকা উড়াতে পারলেও মুসলিম হয়ে কেন কালিমার পতাকা উড়ানো যাবে না এ নিয়ে রয়েছে নানা রকমের আলোচনা ও সমালোচনা।

    সারা দেশে যখন কালিমার পতাকা উড়ানোর ধুম পড়ে ঠিক তখনই দেখা যায় সিরাজগঞ্জ জেলা শহরের প্রাণ কেন্দ্র এবং ব্রিটিশ আমলে তৈরী খুটও বিহীন ঐতিহাসিক ইলিয়ট ব্রিজ যা বড় পুল নামে পরিচিত তার দুই পাশে সারি সারি কালিমার পতাকা উড়ানোর দৃশ্য। এই পতাকা উড়ানো থেকে বাদ পড়েনি সিরাজগঞ্জের মুসলিম তৌহিদী জনতা এবং সাধারণ মুসলমান। সিরাজগঞ্জের এই ব্রিজ ছাড়াও সকল ঘর বাড়ীতেও উড়ছে কালিমা খচিত সাদা কোলো পতাকা। এ যেন মুসলমানদের এক প্রশান্তি।

    সিরাজগঞ্জের অসংখ্য মুসলমান দাবি করেন এটি একটি ঈমানী চেতনা। ফুটবল ও ক্রিকেট বিশ্ব কাপ আসলে আমরা বিধর্মীদের ভালোবাসায় মত্ত হয়ে তাদের চেতনাকে ধারণ করি। তাদের লেবাস ধারণ করি। ইবাদত বন্দেগি ভুলে গিয়ে তাদের খেলা দেখি। তাদের মতো করে চুল কাটাই, জার্সি পড়ি, পক্ষে কথা বলি এমনকি প্রতিপখ্খের সাথে বিরোধে লিপ্ত হই। একজন মুসলমান হিসেবে কালিমাকে বুকে ধারণ করা উচিত। ইসলামের বিধিবিধান গুলো সঠিকভাবে মেনে চলা উচিত।

  • সিলেটে মাঠপর্যায়ে তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে কৃষি উন্নয়নের নির্দেশনা দিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

    সিলেটে মাঠপর্যায়ে তথ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে কৃষি উন্নয়নের নির্দেশনা দিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী

    জৈন্তাপুরের কৃষি উন্নয়ন কার্যক্রমকে আরও ফলপ্রসূ করতে মাঠপর্যায়ের বাস্তব তথ্যের ভিত্তিতে পরিকল্পনা প্রণয়ন এবং কৃষকদের সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সচেতনতামূলক কার্যক্রম এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে ফসলভিত্তিক সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করতে হবে।
    আজ (শুক্রবার) জৈন্তাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    মন্ত্রী বলেন, প্রতিটি ইউনিয়নের ব্লক সুপারভাইজারকে এলাকার মাটি, ড্রেনেজ ব্যবস্থা, উপযোগী ফসল, কৃষকদের চাহিদা এবং কৃষি মন্ত্রণালয়ের সম্ভাব্য সহায়তার ক্ষেত্র চিহ্নিত করে পৃথক প্রতিবেদন প্রস্তুত করতে হবে। স্থানীয়ভাবে সমাধানযোগ্য সমস্যার দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং অতিরিক্ত সহায়তা প্রয়োজন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপন করতে হবে।
    তিনি আরও বলেন, কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি, সবজি ও ফল চাষ এবং নিরাপদ কৃষি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে মাঠপর্যায়ে উঠান বৈঠক ও মতবিনিময় সভা আয়োজনের ওপর গুরুত্ব দিতে হবে। ফিল্ড সুপারভাইজারদের কৃষকদের সমস্যা শুনে তা নথিভুক্ত করে প্রয়োজনীয় সমাধানের উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।
    সভায় উপজেলার পোল্ট্রি ও ডেইরি খাতের সার্বিক অবস্থা, ভ্যাকসিন সরবরাহ, প্রাণিসম্পদ সেবা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের পাশাপাশি কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নে আরও সক্রিয়, সমন্বিত ও জনমুখী ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী।
    অনুষ্ঠানে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় জৈন্তাপুর উপজেলার কৃষকদের মধ্যে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়। এ কর্মসূচির আওতায় প্রায় ১ হাজার ৮০০ জন কৃষককে আমন ধানের বীজ ও সার, ৫০০ জন কৃষককে গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও সার, ৩০ জন কৃষককে লেবুর চারা, ৩০ জন কৃষককে গ্রীষ্মকালীন বেগুনের বীজ এবং ৫০ জন কৃষককে মরিচের বীজ প্রদান করা হয়। এছাড়া ৭৪ জন কৃষক ও ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হাফিজসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

    এর আগে মন্ত্রী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি ইসিজি মেশিন ও আইপিএস হস্তান্তর করেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।