Blog

  • ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল

    ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানের লোভনীয় পোস্টিং, রাঙ্গামাটিতে ১৫ বছরের বেশি সময় ধরে বহাল

    আবু সুফিয়ানের ডেপুটি রেঞ্জারের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের সাথে ভূয়া পেইজ থেকে ব্ল‍্যাকমেইল করে নিউজ সরাতে চাঁদাবাজির ব‍্যপক অভিযোগ, পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলে চাঁদাবাজ আবু সুফিয়ানকে ঘিরে রয়েছে রহস্যময় রাঙ্গামাটি বন বিভাগের রচনা।

    জানা যায় বন বিভাগের ভিতরে বিভাজন সৃষ্টি করে অরাজকতার চেষ্টায় বিভিন্ন সময় বিভিন্নভাবে তিনি গ্রুপিং করেছেন এবং এখনো সক্রিয় আছেন। বন বিভাগের মধ‍্যে তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে বিভ্রান্তিকর মিথ্যে তথ‍্য উপস্থাপন করে মানুষের মনে আতন্ক সৃষ্টি করেন।

    পার্বত্য চট্টগ্রাম বন বিভাগের মধ‍্যে কয়েকটা দুর্নীতিবাজ রেঞ্জের মাঝে বর্তমান বীজিতলা রেঞ্জ অন‍্যতম। বনাঞ্চল ধ্বংস, ঘুষ বাণিজ্য ও ভুয়া জোত পারমিট ইস্যুর মাধ্যমে কোটি কোটি টাকার বনজসম্পদ লুটপাটের অভিযোগ উঠেছে বন বিভাগের এই দুর্নীতিবাজ কর্মকর্তার বিরুদ্ধে। যিনি বর্তমানে রাঙ্গামাটি ইউএসএফ বন বিভাগে বীজতলা রেঞ্জের দায়িত্বে রয়েছেন।

    অভিযোগ সূত্রে জানা গেছে, আবু সুফিয়ান নিজেকে মুক্তিযোদ্ধার সন্তান পরিচয়ে চাকরিতে প্রবেশ করেন। তৎকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে ঘুষ ও তদবিরের মাধ্যমে গুরুত্বপূর্ণ পদে বদলি ও পদোন্নতি লাভ করেছেন। তার কর্মজীবনের মধ‍্যে প্রায় পনেরটি বছর রাঙামাটি বিভিন্ন রেঞ্জে স্টেশনে চাকরি করেছেন। হাতিয়ে নিয়েছেন বিপুল অন্কের অবৈধ অর্থ।

    তথ্য অনুযায়ী, ২০১৬ সালে রাঙামাটি সার্কেল থেকে বদলি হয়ে আবু সুফিয়ান পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের চন্দ্রঘোনা চেক স্টেশনে যোগ দেন। তারপর তিনি তৎকালীন বনমন্ত্রীর ছেলে জুলমুনের মাধ্যমে ২০ লক্ষ টাকা ঘুষ প্রদান করে এ পোস্টিং নিশ্চিত করেন। পরবর্তীতে ডিএফওকে রাজনৈতিক চাপের মুখে ফেলে চন্দ্রঘোনা থেকে ঘাঘড়া স্টেশনে বদলি নেন, যা বন বিভাগের বদলি নীতিমালার পরিপন্থী বলে জানা যায়।

    এরপর শুভলং রেঞ্জে রেঞ্জ কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিয়ে আবু সুফিয়ান বনাঞ্চল ধ্বংসের এক নতুন অধ্যায় শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

    স্থানীয় সূত্র জানায়, তিনি ভুয়া জোত পারমিট ইস্যুর মাধ্যমে সংরক্ষিত বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ সেগুন কাঠ পাচার করেন। শুধুমাত্র তার রেঞ্জেই না আশেপাশে অনন‍্য ডিভিশনের কর্মকর্তা কর্মচারিদের ভয়ভীতি প্রদর্শন করে জালজালিয়াতে করে যাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

    অনুসন্ধানে জানা যায় প্রকৃত মালিকদের জমির পরিবর্তে সংরক্ষিত বনের গাছ কেটে এনে তথাকথিত ‘জোত পারমিটে’ দেখানো হয়, বুঝানো হতো যেন সেই কাঠ বৈধভাবে কাটা হয়েছে। এই কৌশলে তিনি কোটি কোটি টাকার কাঠ পাচার করে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

    পরবর্তীতে তিনি ১৫ লক্ষ টাকা ঘুষ দিয়ে কাপ্তাই রেঞ্জে বদলি হন। কাপ্তাই রেঞ্জে দায়িত্ব গ্রহণের পর আবু সুফিয়ান স্থানীয় কাঠ ব্যবসায়ী ও আওয়ামীপন্থী একটি চক্রের সঙ্গে যোগসাজশে কাপ্তাই সদর, রামপাহাড় ও শুকনাছড়ি বিটের সংরক্ষিত সেগুন গাছ কেটে পাচার করেছেন বলে স্থানীয়দের দাবি। সরেজমিনে পরিদর্শন করলে সংরক্ষিত বনাঞ্চলে নির্বিচারে গাছ কাটার চিহ্ন পাওয়া যাবে । ইতিপূর্বে তদন্ত না করে সুফিয়ানের সবকিছু ধামাচাপা দেয়া হয়।

    ২০২৪ সালের মে মাসে আবু সুফিয়ান রাঙামাটি এক কর্মকর্তার মাধ‍্যমে ১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে ‘অশ্রেণীভুক্ত বনাঞ্চল ও বনীকরণ বিভাগে’ বদলি হন। পরবর্তীতে ডিএফও-কে আরও ২০ লক্ষ টাকা প্রদান করে খাগড়াছড়ির বীজ ও বীজতলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হিসেবে যোগ দেন।

    বর্তমানে তিনি ‘পুনঃকাটিং জোত’-এর নামে এক প্রকার ঘুষ বাণিজ্য চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারীদের দাবি, সাধারণ মানুষ ডিসি অফিস থেকে জোতের কাগজ নিয়ে এলে, জমিতে গাছ না থাকলেও তিনি ১০-১৫ হাজার ‘ভুয়া গাছ’ দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে পারমিট ইস্যু করেন। যা সৎ বন কর্মকর্তাদের চোখে ধুলো দিয়ে কামিয়ে নিচ্ছেন কোটি টাকা।

    অভিযোগ রয়েছে, প্রতি ঘনফুট কাঠের বিপরীতে ডিভিশন অফিস, রেঞ্জ অফিস নির্দিষ্ট হারে কমিশন নেন, যাচাই-বাছাই ছাড়াই পারমিট অনুমোদন করেন।

    অভিযোগকারীরা জানান, পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত বনাঞ্চলের একাধিক অংশে সেগুন গাছের নির্বিচার কাটার প্রমাণ সরেজমিন তদন্তেই মিলবে। তারা বলেন, আবু সুফিয়ান নিজেকে মাঝে মাঝে ‘ পাগল’ দাবি করে নিজের কর্মকাণ্ড আড়াল করেন, অথচ তার পেছনে কোটি টাকার পোস্টিং বাণিজ্য ও কাঠ পাচার সিন্ডিকেট সক্রিয়। নিজেকে পাগল দাবী করে তিনি বলেন মাসে পাঁচ লাখ টাকা হাতে না আসলে আমার মাথা ঠিক থাকেনা। জোত পারমিটের টাকা ছাড়া আমি অক্সিজেন নিতে পারিনা। এই প্রবাদ বাক‍্যটি পুরো বন বিভাগে তার নিজস্ব ডায়লগ হিসাবে বেশ পরিচিত। বীজতলা রেঞ্জের ইস্যুকৃত জোত পারমিটসমূহ পর্যালোচনা করলে প্রকৃত চিত্র স্পষ্ট হয়ে উঠবে।

    এ ব্যাপারে বনবিভাগের রাঙামাটি এবং ঢাকা উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে কেউ প্রকাশ্যে মুখ খুলতে চাননি। কারন সত‍্যটা যদি বলে তাহলে আবু সুফিয়ান তাদের বিরুদ্ধে ভূয়া পেইজ খুলে মিথ্যে বানোয়াট তথ‍্য প্রকাশ করে হেয় করবেন বলে জানান। এই ভয়ে কেও মুখ খুলতে চাননা।

    আবু সুফিয়ান বিভিন্ন ভূয়া পেইজ খুলে মানুষের নামে ভূয়া ভিডিও বানিয়ে অর্থের বিনিময়ে পোষ্ট ডিলট করে থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা পয়সা না দিলে মানুষের মা বোন তুলে গালাগালী করে থাকেন। ইনভেষ্টিগেশন নিউজ, ক্রাই নিউজ নামে এক পেইজ থেকে বন বিভাগের বিরুদ্ধে মিথ‍্যাচার করছেন বলে অভিযোগ উঠেছে। রাঙ্গামাটি এবং চট্টগ্রাম কয়েকজন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা বলেন আমার কাছ থেকে জোর করে টাকা নিতে চাইছে আমার নিউজ ডিলেট করবে আমি দেইনি। কিভাবে ডিলেট হইছে আমি বলতে পারছিনা তবে সুফিয়ান অন‍্য কর্মকর্তার কাছ থেকে টাকা নিয়ে নিউজ ডিলেট করছে।

    নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের অভিযোগ নতুন নয়। পার্বত্য অঞ্চলে কিছু কর্মকর্তা রাজনৈতিক ছত্রছায়ায় থেকে অবৈধ পারমিট বাণিজ্য চালাচ্ছেন। তবে প্রমাণসহ অভিযোগ এলে বিভাগীয় তদন্ত শুরু করা সম্ভব। সুফিয়ান নামটি অনেক আগে থেকেই বিতর্কিত বলে জানান। তিনি আনোয়ার হোসেন মঞ্জুর সময়কালে মহারাজের নাম বিক্রি করে বন বিভাগের মাঝে যা খুশী তাই করেছে।

    বাঁচাও পরিবেশ আন্দোলনের একাধিক _ পরিবেশকর্মী বলেন বন ধ্বংসকারীরা বছরের পর বছর পার পেয়ে যাচ্ছে। যারা ভালো কর্মঠ নীতিবান তাদেরকে নার্সারি বা দাঙ্গা হাঙ্গামা বিট, রেঞ্জ, ক‍্যাম্পে পোষ্টিং দিয়ে রাখে কর্তৃপক্ষ। দুর্নীতিবাজদের পেছনে রাজনীতি ও অর্থের জোর আছে। একবার সত্যিকারের তদন্ত শুরু হলে সুফিয়ানের সাথে দালালচক্রের মুখোশ খুলে যাবে।

    তারা অবিলম্বে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে আবু সুফিয়ানের সকল পোস্টিং এলাকা যেমন ঘাঘড়া, চন্দ্রঘোনা, শুভলং, কাপ্তাই ও বীজতলা রেঞ্জে মাঠ পর্যায়ে সরেজমিন তদন্ত করার দাবি জানান।

    বর্তমানে বীজিতলা রেঞ্জ হইতে কুতুকছড়ি রেঞ্জে বদলি পদায়নে ডিএফওকে দশ লাখ টাকা প্রদান করেছেন বলে তথ‍্য পাওয়া গেছে।
    এই বিষয়ে মন্তব্য জানতে ডেপুটি রেঞ্জার আবু সুফিয়ানকে বারবার ফোন করা হলেও তার দুটি নাম্বারই বন্ধ পাওয়া যায়।।

  • ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

    ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে দুর্নীতির অভিযোগ, প্রশ্নের মুখে রাজিব দাশ

    নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, ব্যয় বেড়েছে ৪৬৯ কোটি টাকা, তদন্তর দাবী স্থানীয়দের
    চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অন্যতম বৃহৎ অবকাঠামো প্রকল্প ‘কর্ণফুলী নদীর তীর বরাবর কালুরঘাট সেতু থেকে চাক্তাই খাল পর্যন্ত সড়ক ও বাঁধ নির্মাণ’ প্রকল্পে ব্যাপক অনিয়ম, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং তদারকিতে গাফিলতির অভিযোগ উঠেছে। প্রায় ২ হাজার ৭৭৯ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। অথচ নির্মাণাধীন বিভিন্ন স্থাপনায় ইতোমধ্যে ফাটল ও ভাঙনের চিহ্ন দেখা যাওয়ায় প্রকল্পের গুণগত মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

    অনুসন্ধানে জানা গেছে, প্রকল্পটি চট্টগ্রাম নগরীকে জোয়ারের পানি ও বন্যা থেকে সুরক্ষা দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে শুরু করা হয়েছিল। কিন্তু বাস্তবায়নের বিভিন্ন ধাপে অনিয়মের অভিযোগ, বারবার ব্যয় ও মেয়াদ বৃদ্ধি এবং নির্মাণমান নিয়ে প্রশ্ন এখন প্রকল্পটিকে বিতর্কের কেন্দ্রে নিয়ে এসেছে।

    কাজ শেষ হওয়ার আগেই ফাটল
    সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ বাঁধ কাম সড়কের কাজ এখনো শতভাগ সম্পন্ন হয়নি। এরই মধ্যে খালের মুখে নির্মিত রেগুলেটরের ভিমে ফাটল দেখা দিয়েছে। পানি প্রতিরোধে স্থাপিত বেশ কয়েকটি কংক্রিট ব্লকও ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রকল্পের বিভিন্ন অংশে মানসম্মত নির্মাণসামগ্রীর পরিবর্তে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। তাদের অভিযোগ, ভরাট কাজে পুরোনো ভবনের ভাঙা ইট, রাবিশ, পলেস্তরা ও নিম্নমানের মাটি ব্যবহার করা হয়েছে, যা দীর্ঘমেয়াদে প্রকল্পের স্থায়িত্বকে ঝুঁকির মুখে ফেলতে পারে।

    ব্যয় ও মেয়াদ বৃদ্ধি: কেবল প্রশাসনিক জটিলতা, নাকি অন্য কিছু?
    ২০১৭ সালের ২৫ এপ্রিল একনেক সভায় ২ হাজার ৩১০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। তখন ২০২০ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর একাধিক দফায় প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়।

    প্রথমে ২০২৪ সালের জুন, পরে ২০২৫ সালের জুন এবং সর্বশেষ ২০২৬ সালের জুন পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করা হলেও কাজ এখনো অসম্পূর্ণ। একইসঙ্গে প্রকল্পের ব্যয়ও বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৭৯ কোটি ৩৯ লাখ টাকায়, অর্থাৎ মূল অনুমোদিত ব্যয়ের তুলনায় প্রায় ৪৬৯ কোটি টাকা বেশি।

    স্থানীয়দের প্রশ্ন, যদি প্রকল্পের কাজ ও তদারকি যথাযথভাবে সম্পন্ন হয়ে থাকে, তাহলে বারবার সময় ও ব্যয় বৃদ্ধির প্রয়োজন কেন হলো? প্রকল্প সংশ্লিষ্টরা জমি অধিগ্রহণ ও বাস্তবায়ন জটিলতাকে কারণ হিসেবে উল্লেখ করলেও সমালোচকরা এর পেছনে অব্যবস্থাপনা ও জবাবদিহির ঘাটতি দেখছেন।

    তদারকিতে গাফিলতির অভিযোগ
    প্রকল্পটির সার্বিক তদারকির দায়িত্বে রয়েছেন প্রকল্প পরিচালক (পিডি) প্রকৌশলী রাজিব দাশ। অভিযোগকারীদের দাবি, নির্মাণকাজে নানা অনিয়মের বিষয়ে বারবার অভিযোগ ওঠার পরও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

    তাদের ভাষ্য, কাজের গুণগত মান নিশ্চিত করার পরিবর্তে সংশ্লিষ্টদের একটি অংশ ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে নিম্নমানের কাজকে প্রশ্রয় দিয়েছে। যদিও এসব অভিযোগের পক্ষে এখনো কোনো সরকারি তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি।

    প্রশ্নের মুখে জবাবদিহি
    অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রকল্প পরিচালক প্রকৌশলী রাজিব দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করেন।

    প্রতিবেদকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপনি নিউজ করেন, এই পর্যন্ত নিউজ করে কেউ আমার কিছু করতে পারেনি। তাই আপনার ইচ্ছা হলে আপনার মতো নিউজ করেন। এতে আমার কোনো ক্ষতি নেই।”

    অভিযোগ রয়েছে, বক্তব্য দেওয়ার পর তিনি প্রতিবেদকের নম্বর হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন।

    নগর সুরক্ষার প্রকল্প কতটা নিরাপদ?
    বিশেষজ্ঞদের মতে, চট্টগ্রামের মতো উপকূলীয় ও জোয়ারপ্রবণ অঞ্চলে শহর রক্ষা বাঁধের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপসের সুযোগ নেই। কারণ এ ধরনের অবকাঠামোর দুর্বলতা শুধু সরকারি অর্থের অপচয়ই নয়, বরং ভবিষ্যতে নগরবাসীর জন্য বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে।

    প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই ফাটল ও ক্ষয়ের অভিযোগ সামনে আসায় এখন সবচেয়ে বড় প্রশ্ন—হাজার কোটি টাকার এই প্রকল্প কি সত্যিই নগরবাসীকে সুরক্ষা দেবে, নাকি নির্মাণ অনিয়মের কারণে ভবিষ্যতে আরও বড় সংকটের জন্ম দেবে?

    এ পরিস্থিতিতে প্রকল্পের নির্মাণমান, ব্যয় বৃদ্ধি এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে স্বাধীন কারিগরি ও আর্থিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা। তাদের মতে, জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্পে পূর্ণাঙ্গ জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

  • তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ

    তরুণদের প্রলোভনে ফাঁদ, ‘অতিথি ডটকম’-এর বিরুদ্ধে শত কোটি টাকার প্রতারণার অভিযোগ

    ১৭ হাজার শেয়ার বিক্রির ৫২৭ কোটি টাকা ঝুঁকিতে * সাইফুলের অন্যতম সঙ্গী জেল পার্টনার বিশ্বজিত গুহ ও মশিউর * ফ্যাসিস্ট সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের হাত ধরে যাত্রা শুরু প্রতারণা মামলায় ২০১৯ সালে ডিবির হাতে গ্রেফতার (ডান থেকে) হ্যান্ডকাফ পরিহিত সাইফুল ইসলাম সোহেল, মশিউর ও বিশ্বজিৎ গুহ।

    ‘স্মার্ট হোটেল ও রিসোর্ট বুকিং প্রজেক্ট’ হলো তাদের প্রধান এবং সবচেয়ে বড় প্রতারণার হাতিয়ার। যেখানে তারা দাবি করছে কক্সবাজার, কুয়াকাটা, সিলেট এবং সাজেকের বড় বড় অভিজাত হোটেল ও রিসোর্টের সঙ্গে তাদের চুক্তি রয়েছে। প্রতিবেদকের মতো গ্রাহকদের বলা হচ্ছে, এই বুকিং প্রজেক্টের ‘এজেন্টশিপ’ নিলে পর্যটন মৌসুমের পুরো লভ্যাংশ এজেন্টদের মাঝে বণ্টন করা হবে। অথচ এই নাম দিয়ে তারা লাখ লাখ টাকা অগ্রিম বুকিং বা জামানত হিসাবে নিয়ে নিচ্ছে।

    গ্রাম ও মফস্বল অঞ্চলের মানুষের জন্য তারা সাজিয়েছে ‘রেন্ট-এ-কার এবং অ্যাম্বুলেন্স নেটওয়ার্ক প্রজেক্ট’। তাদের দাবি, সারা দেশে তাদের নিজস্ব কয়েক হাজার প্রাইভেটকার, মাইক্রোবাস এবং জরুরি অ্যাম্বুলেন্সের একটি নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এই প্রজেক্টে বিনিয়োগ করলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ ‘ফিক্সড প্রফিট’ বা মাসিক বেতন দেওয়ারও আশ্বাস মিলছে। এছাড়া ধর্মপ্রাণ মানুষ এবং মধ্যবিত্তদের টার্গেট করে তারা ‘এয়ার টিকিট ও হজ-ওমরাহ প্যাকেজ প্রজেক্ট’ চালু করেছে। যেখানে বলা হচ্ছে-অতিথি ডটকমের মাধ্যমে ওমরাহ প্যাকেজ বুকিং দিলে বিশাল ছাড় পাওয়া যাবে। এই ট্রাভেল উইং-এ বিনিয়োগ করলে সারা বছর টিকিট বিক্রির লভ্যাংশ থেকে মুনাফা দেওয়া হবে।

    এছাড়া তরুণদের ফাঁদে ফেলতে সাইফুল চক্র সামনে রেখেছে নতুন নতুন প্রলোভন। এর একটি হলো-‘ডিজিটাল ট্রেনিং ও আইটি একাডেমি প্রজেক্ট’। তারা অ্যাপ চালনা এবং ডিজিটাল মার্কেটিং শেখানোর নামে ‘এজেন্ট ট্রেনিং ফি’ বাবদ বাধ্যতামূলকভাবে টাকা আদায় করছে। বলা হচ্ছে, এই ট্রেনিং শেষ করলেই আইটি প্রজেক্টের অংশ হিসাবে ঘরে বসে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা আয় করার গ্যারান্টি রয়েছে।

    খোঁজ নিয়ে জানা যায়, ডেসটিনির সময় যেমন ‘গাছ’ দেখিয়ে, নোভেরা প্রোডাক্টসের সময় যেমন ‘কসমেটিকস ও ফুড সাপ্লিমেন্ট’ দেখিয়ে টাকা নেওয়া হয়েছিল, ঠিক একইভাবে সাইফুল ইসলাম সোহেল এবার ‘ডিজিটাল বুকিং ও ট্রাভেল প্রজেক্ট’ দেখিয়ে মানুষের পকেট কাটছেন। তবে একটু খোলা চোখে দেখলেই বোঝা যায়, বাস্তবে এই প্রজেক্টগুলোর কোনো প্রাতিষ্ঠানিক বা আইনি ভিত্তি নেই। এটি সম্পূর্ণ একটি ‘মানি সার্কুলেশন’ বা অর্থ পাচারের খেলা, যেখানে নতুনদের টাকা দিয়ে পুরোনোদের সামান্য কিছু কমিশন দেওয়া হয়। মূলত এভাবে বিশ্বাস অর্জন করা হয় এবং শেষ মুহূর্তে পুরো টাকা নিয়ে উধাও হওয়ার নীলনকশা সাজানো হয়।

    অনুসন্ধান চলাকালীন সম্প্রতি প্রতিষ্ঠানের বেশ কিছু সদস্য প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন। তারা এই প্রতারণার বিষয়ে ভয়াবহ তথ্য প্রদান করেন। সংশ্লিষ্ট সদস্যদের মধ্যে আশিকুজ্জামান, কামরুল ইসলাম, রিফাত খান এবং নাইম ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অ্যাপের সেবাগুলো মূলত লোক দেখানো। নতুন মেম্বার বা এজেন্ট ঢুকিয়ে তাদের বিনিয়োগ করা টাকা থেকেই পুরোনোদের কমিশন দেওয়া হয়। তারা আরও জানান, উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও এখন সেই টাকা ফেরত পাওয়া বা প্রতিশ্রুত সেবা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। চেইন বজায় রাখতে না পারলে লভ্যাংশ বন্ধ করে দেওয়া হয় এবং বিনিয়োগ করা আসল টাকাও আটকে যায়।

    তাদের আরেকটি প্রজেক্ট হলো নতুন ব্যবসায়ী উদ্যোক্তা তৈরি করা। এ লক্ষ্যে নতুন উদ্যোক্তা হতে একজনকে সর্বনিম্ন তিন লাখ ১০ হাজার টাকা বিনিয়োগ করতে হয়। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে প্রস্তাবিত অতিথি রিসোর্ট অ্যান্ড থিম পার্কের একটি শেয়ার বাবদ এই টাকা দিতে হচ্ছে তাদের। প্রকল্পটি এখনো আলোর মুখ দেখেনি।

    এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উদ্যোক্তাদের দুই হাজার ৫০০ টাকার বিনিময়ে বাধ্যতামূলকভাবে ট্রেনিং নিতে হয়। নতুন এজেন্ট ও উদ্যোক্তা কীভাবে তৈরি করতে হবে তা ট্রেনিংয়ে শেখানো হয়। এভাবে যে যত বেশি এজেন্ট/উদ্যোক্তা নিয়োগ করাতে পারবেন, তিনি তত বেশি বোনাস ও পুরস্কার পাবেন। অতিথি ডটকমে উদ্যোক্তারা নতুন গ্রাহক সৃষ্টি করতে পারলে সঙ্গে সঙ্গে পাবেন আট হাজার টাকা বোনাস এবং রাইসকুকার। তিনজন গ্রাহক সৃষ্টি করতে পারলে পাওয়া যাবে ওয়াশিং মেশিন।

    বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে অতিথি রিসোর্ট অ্যান্ড থিম পার্ক প্রকল্পে শেয়ার রয়েছে ৪৭ হাজার। এর মধ্যে ২০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। ইতোমধ্যে প্রতিটি শেয়ার তিন লাখ ১০ হাজার টাকা করে ১৭ হাজার শেয়ার বিক্রি হয়ে গেছে। সে হিসাবে ১৭ হাজার শেয়ারের দাম ৫২৭ কোটি টাকা। বিনিয়োগকারীরা অবিশ্বাস্য হারে মুনাফাও পাচ্ছেন। আবার অ্যাপস বিক্রি করেও বিপুল অর্থ সংগ্রহ করেছে কোম্পানিটি। নির্ভরযোগ্য সূত্র জানায়, যদি কোনো কারণে এই প্রতারক চক্র পাততাড়ি গুটিয়ে সটকে পড়ে তাহলে সাধারণ মানুষের শেয়ার কেনার বিপুল অঙ্কের টাকা ঝুঁকিতে পড়বে।

    খোঁজ নিয়ে জানা যায়, মুন্সীগঞ্জের শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার ঘনশ্যামপুর এলাকায় নির্মাণ করা হবে এই রিসোর্ট। সেখানে অতিথি ডটকমের নামে মাত্র ৩৫ বিঘা জমি ক্রয় করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।

    অনুসন্ধানে জানা যায়, বিশ্বজিত গুহ এবং মশিউর রহমান নামে আরও দুই ব্যক্তি সাইফুল ইসলাম সোহেলের প্রতারণা মামলার কেইস পার্টনার। ডেসটিনি ও নোভেরা চ্যাপ্টারের পর সাইফুলের ডিজিটাল রূপান্তরের পেছনে বিশ্বজিত গুহ এবং মশিউর রহমানের হাত রয়েছে বলে জানা যায়। তাদের নিখুঁত পরিকল্পনায় ‘অতিথি ডটকম’ অ্যাপটি এমনভাবে সাজানো হয়েছে, যাতে এটি কোনোভাবেই প্রাথমিক দৃষ্টিতে এমএলএম মনে না হয়। সাজানো অ্যাপটির টার্গেট গ্রামীণ অঞ্চলের শিক্ষিত বেকার যুবকরা। ডিজিটাল ট্রেডিং এবং ক্রিপ্টোকারেন্সির কাল্পনিক প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করা হচ্ছে জামানত বাবদ। তবে নানা অজুহাতে কোন গ্রাহক কী পরিমাণ জামানত দিচ্ছেন সেটি স্পষ্ট করে কাউকেই জানানো হচ্ছে না। এখানেই তাদের ফাঁকফোকর। এই ফাঁক গলিয়েই কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক প্রতিষ্ঠানটি। সেই সঙ্গে হাই প্রোফাইল লোকজনদের প্রতিষ্ঠানে নিয়োগ দিয়ে নিজেকে করেছেন সুরক্ষিত। এ কারণেই তারা বরাবরই থেকে যাচ্ছেন অধরা। এছাড়া কোম্পানির গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন তার জেল পার্টনার প্রতারক এমএলএম কোম্পানি নভেরা প্রডাক্টসের দুই পরিচালক বিশ্বজিত গুহ ও মশিউর রহমান। এর সঙ্গে আরও আছেন পুলিশের সাবেক ডিআইজি লায়ন খান সাঈদ হাসান, ডিআইজি আব্দুল জলিল (গ্রেফতার হয়ে জেলহাজতে), ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন এসএম ফেরদৌস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) লায়ন আব্দুল হান্নান, সাবেক দুদক পরিচালক তালেবুর রহমান, অতিরিক্ত সচিব আলী আহম্মেদ মাহমুদ, পুলিশ সুপার নুরুন্নবী মৃধা, খাদ্য বিভাগের ডিসি ড. সিরাজুল ইসলাম, ইঞ্জিনিয়ার ওয়াহেদুর রহমান, চৌধুরী গ্রুপ অব কোম্পানির এমডি লায়ন নজরুল ইসলাম ও ব্যবসায়ী এসএম শাহীন প্রমুখ। বিশ্বস্ত সূত্রে জানা যায়, সাবেক এসব প্রভাবশালী কর্মকর্তা হাসিনা সরকারের ঘনিষ্ঠ ছিলেন। এ সাইনবোর্ডকে কাজে লাগিয়ে তারা বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন। বিপরীতে তাদের ফেসকে ব্যবহার করে অতিথি ডটকম নামের এই এমএলএম কোম্পানিটি বিস্তার লাভ করেছে।

    উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বর মাসে সাবেক সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় একজন নেতার হাত ধরেই গুলশানের লেকশোর হোটেলে যাত্রা শুরু করে এই প্রতারক প্রতিষ্ঠান অতিথি ডটকম।

  • রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

    রাষ্ট্রের টাকায় ব্যক্তিগত ‘ভবিষ্যৎ’ গড়লেন সামি!

    রাষ্ট্রীয় কোষাগারের টাকায় বিনিয়োগ পাইয়ে দিয়ে সেই কোম্পানিরই প্রধান নির্বাহী কর্মকর্তা বনে গেছেন স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের (এসবিএল) সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদ। সম্ভাবনাময় স্টার্টআপ বা নতুন উদ্যোগ দেখিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে ‘হিসাব টেকনোলজিস (বর্তমানে ভারবেক্স)’ কোম্পানিতে দুই কোটি টাকা বিনিয়োগ চুক্তি করেন তিনি। অথচ জুলাই আন্দোলনে অংশ নেওয়ার কারণে অনেক প্রতিষ্ঠানের বিনিয়োগ বাতিল হলেও সামি নিজের স্বার্থসংশ্লিষ্ট হিসাব টেকনোলজিসকে তড়িঘড়ি করে এক কোটি টাকা ছাড় করে দেন। এছাড়াও নিয়ম ভেঙে রাজনৈতিক বিবেচনায় দিনের পর দিন তহবিল বণ্টনের অভিযোগ রয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের আশীর্বাদপুষ্ট এই ব্যক্তির বিরুদ্ধে।

    ছাত্রজনতার আন্দোলনের মাঝেই সামি ‘স্টার্টআপ সামিট’ আয়োজনের উদ্যোগও নিয়েছিলেন। সাবেক প্রতিমন্ত্রী পলকের ভাবমূর্তি বাড়ানোই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। ৫ আগস্ট সরকার পতনের পর তাকে এসবিএলের এমডি পদ থেকে অপসারণ করা হয়। কিন্তু আগে থেকেই পাকাপোক্ত করা সমঝোতার সুতো ধরে তিনি এখন সরকারি অর্থায়নপুষ্ট ‘হিসাব টেকনোলজিস’-এর শীর্ষ পদে বসেছেন।

    বিশেষজ্ঞরা মনে করেন, সামির পদায়ন স্পষ্টতই কনফ্লিক্ট অব ইন্টারেস্ট (স্বার্থের সংঘাত) এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতির চরম বহিঃপ্রকাশ। স্টার্টআপ বাংলাদেশের বিনিয়োগ প্রক্রিয়া, অর্থ ছাড়ের সিদ্ধান্ত, হিসাব টেকনোলজিসের প্রকৃত ব্যবসায়িক সক্ষমতা, কোম্পানির নাম বদলের রহস্য এবং সামির ভূমিকা প্রতিটি বিষয়েই স্বচ্ছ তদন্ত এখন সময়ের দাবি।

    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি শীর্ষ পদে থেকে রাষ্ট্রীয় তহবিল বণ্টনে প্রভাব খাঁটিয়ে পরবর্তীতে সেই অর্থায়নপুষ্ট কোম্পানিতে লাভজনক পদে যোগ দেওয়া স্পষ্ট দুর্নীতির শামিল। এর পেছনে গোপন বোঝাপড়া ছিল কি না তা খতিয়ে দেখতে হবে। উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে রাষ্ট্রীয় অর্থ তসরুফে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

    অনুসন্ধানে জানা যায়, স্টার্টআপ বাংলাদেশের এমডি হিসাবে দায়িত্ব পালনকালে হিসাব টেকনোলজিসের বিনিয়োগ অনুমোদন ও অর্থ ছাড় প্রক্রিয়ায় প্রভাবশালী ভূমিকা পালন করেন সামি। পরে তিনি ওই কোম্পানিতেই সিইও হিসাবে যোগ দেন। ২০১৭ সালে প্রতিষ্ঠিত হিসাব টেকনোলজিস বিভিন্ন সময় নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর প্রযুক্তি প্রতিষ্ঠান হিসাবে উপস্থাপন করলেও প্রকৃত সক্ষমতা ও প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে।

    একাধিক সূত্র জানায়, প্রতিষ্ঠানটির প্রচারিত অনেক সেবাই আদতে এআইভিত্তিক ছিল না; বরং প্রচলিত আইভিআর ও স্বয়ংক্রিয় কল সেবাকে এআই হিসাবে চালিয়ে দেওয়া হয়েছে।

    অনুসন্ধানে জানা গেছে, হিসাব টেকনোলজিস পরবর্তীতে নিজেদের নাম পরিবর্তন করে ‘ভারবেক্স’ নাম ধারণ করে। কোম্পানির বর্তমান ও সাবেক একাধিক কর্মীর দাবি, নেতিবাচক ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতেই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে এসবিএলের এমডি হিসাবে নিয়োগ পান সামি আহমেদ। সজীব ওয়াজেদ জয় ও সাবেক প্রতিমন্ত্রী পলকের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে এর আগেও একাধিক লোভনীয় পদ বাগিয়ে নেন তিনি। সূত্র জানায়, এসবিএল রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হলেও বিনিয়োগের সিদ্ধান্ত একাই নিতেন সামি। এমনকি বিনিয়োগে বিবেচিত হতো রাজনৈতিক সিদ্ধান্ত। জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়ায় ‘টেন মিনিট স্কুল’-এর পাঁচ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব বাতিল করেন। একইভাবে এডটেক প্ল্যাটফর্ম ‘শিখো’-র প্রস্তাবও চূড়ান্ত পর্যায়ে বাতিল করেন তিনি। রাজনৈতিক বিবেচনায় বিনিয়োগ করারও নজির রয়েছে সামি আহমেদের। আওয়ামীপন্থি সাবেক মেয়র আনিসুল হকের ছেলে নাভিদুল হকের ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’তে পাঁচ কোটি টাকার বিনিয়োগ করে এসবিএল। এমনকি বঙ্গ আয়োজিত ‘শার্ক ট্যাংক’ অনুষ্ঠানে এসবিএলের পৃষ্ঠপোষকতাও দেন সামি।

    রিয়েলিটি শো শার্ক ট্যাংকের প্রথম সিজনে অন্তত ১৪টি প্রতিষ্ঠানে বিনিয়োগের ঘোষণা দেন সামি। প্রায় ৩ কোটি ৬৫ লাখ টাকা শেয়ারের বিনিময়ে বিনিয়োগ, সুদের বিনিময়ে লোন এবং অনুদান হিসাবে ঘোষণা দেন সামি। অথচ এসব অর্থ জনগণের টাকায় গঠিত স্টার্টআপ বাংলাদেশের। এ বিষয়ে হিসাব টেকনোলজিসের সহপ্রতিষ্ঠাতা মিও আহমেদ বলেন, ‘আমি এখন কথা বলতে পারছি না। আমাদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলুন।’ পরে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জোবায়ের আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তার হোয়াটসঅ্যাপে লিখিত প্রশ্ন পাঠানো হলেও কোনো জবাব দেননি।

    অভিযোগের ব্যাপারে সামি আহমেদের সঙ্গে মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। পরে হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেও তিনি কোনো জবাব দেননি।

    স্টার্টআপ বাংলাদেশের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাই বলেন, বিষয়টি খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট অন্য বিনিয়োগকারীদের সঙ্গেও কথা বলব। সামি আহমেদের বিরুদ্ধে অনিয়ম ও স্বার্থের সংঘাতের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কোনো অনিয়ম বা অস্বাভাবিকতার প্রমাণ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

  • কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার

    কাজ না করেই সরকারি প্রকল্পের ১২ কোটি টাকা নিয়ে গেল ঠিকাদার

    ব্রাহ্মণবাড়িয়ায় দুই ঠিকাদারের বিরুদ্ধে প্রকৌশলীদের যোগসাজশে কাজ ছাড়াই সরকারি প্রকল্পের প্রায় ১২ কোটি টাকার বিল তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরাইল ও নাসিরনগর উপজেলায় এ প্রকল্প হাতে নিয়েছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

    ২০২৫ সালের অক্টোবরে এলজিইডির আর্থিক প্রতিবেদনে এই প্রকল্পে দুর্নীতির বিস্তারিত চিত্র উঠে আসে। গত ২৮ মে মো. জুয়েল হোসেন নামের সরাইলের এক ব্যক্তি এ নিয়ে পরিকল্পনা কমিশনের শরণাপন্ন হন।

    কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগে লিখিত অভিযোগ দেন তিনি। এতে এলজিইডির দুই প্রকৌশলীর বিরুদ্ধে দুই ঠিকাদারের মাধ্যমে ওই টাকা আত্মসাতের অভিযোগ করা হয়। অভিযুক্ত দুজন হলেন এলজিইডির তৎকালীন নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান এবং সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম।

    অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩) প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় সরাইলে দুটি এবং নাসিরনগরে একটি প্যাকেজে কাজের চুক্তি হয়। তিন প্যাকেজের মোট চুক্তিমূল্য ছিল ১৮ কোটি ৮৫ লাখ ৪৩ হাজার টাকা।

    চুক্তির বিপরীতে ঠিকাদারদের বিল পরিশোধ করা হয় ১৫ কোটি ১৩ লাখ টাকা। এলজিইডির নিজস্ব আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই পরিশোধিত অর্থের মধ্যে ১১ কোটি ৭৮ লাখ টাকা দেওয়া হয়েছে কোনো কাজ ছাড়াই।

    পরমানন্দপুর-ভুইশর সড়কে ৭ কোটির বিল

    সরাইল উপজেলার পরমানন্দপুর-ভুইশর বাজার সড়ক উন্নয়ন ও বক্স কালভার্ট নির্মাণ কাজে ঠিকাদারের সঙ্গে চুক্তিমূল্য ছিল ৮ কোটি ৬৯ লাখ ৫০ হাজার ২৮১ টাকা। এর বিপরীতে বিল পরিশোধ করা হয়েছে ৭ কোটি ৭৮ লাখ ১৩ হাজার টাকা। কিন্তু মাঠ পর্যায়ে কাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

    এলজিইডির আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, শুধু প্যালাসাইডিং ওয়ালেই ২ কোটি ৭৫ লাখ ৬৯ হাজার টাকার বরাদ্দের পুরো বিল পরিশোধ করা হলেও কাজ হয়েছে মাত্র ৮২ লাখ টাকার। অর্থাৎ এই একটি খাতেই কাজ না করে তুলে নেওয়া হয়েছে ১ কোটি ৯৩ লাখ টাকা।

    একইভাবে সিসি ব্লকের কাজে ২ কোটি ৭১ লাখ ৮২ হাজার টাকার বিলের বিপরীতে ২ কোটি ২৯ লাখ টাকা নেওয়া হয়েছে কোনো কাজ ছাড়া।

    এ ছাড়া মাটির কাজ না করেই নেওয়া হয়েছে ৩৪ লাখ টাকা। ব্রিক অন অ্যান্ড এজিং বা খাড়া ইটের বর্ডার নির্মাণে ৭ লাখ ৯৬ হাজার, ব্রিক ফ্ল্যাট সোলিংয়ে ৩৩ লাখ ১৮ হাজার এবং এইচবিবি কাজে ৫৩ লাখ ৫২ হাজার টাকা বিল দেওয়া হয়েছে কোনো কাজ ছাড়াই।

    বক্স কাটিংয়ে ৬ লাখ ৩৬ হাজার টাকা তোলা হয়েছে একই কায়দায়। বালু ভরাটে ২৯ লাখ ৩২ হাজার টাকা পরিশোধ হলেও কাজ হয়েছে মাত্র ৮৭ হাজার টাকার। শ্রমিক মজুরি বাবদ কাজ ছাড়াই বিল দেওয়া হয়েছে ২৪ লাখ ৭৫ হাজার টাকা। নদী তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণকাজে ২৪ লাখ ৩৬ হাজার টাকার বিলের বিপরীতে কাজ হয়েছে মাত্র ৩ লাখ ৯৬ হাজার টাকার।

    প্রতিবেদনে বলা হয়, এই সড়কের অনুমোদিত ডিজাইন বা প্রাক্কলন মোতাবেক দুপাশের টো ওয়ালের টপ হতে সড়কের পার্শ্ব ঢালে (স্লোপ) ১১টি সিসি ব্লক থাকার কথা থাকলেও ৬/৭টি সিসি ব্লক পাওয়া যায় এবং রাস্তার ফরমেশন লেভেল সম্পন্ন করা হয়েছে। ফলে যে পরিমাণ ব্লক, মাটি বা বালি ভরাটের হিসাব ধরা হয়েছিল, তা পাওয়া যাবে না।

    একই চিত্র ফাতাপুর-বাড়ীচেরা সড়কে

    সরাইলের ফাতাপুর-বাড়ীচেরা সড়ক উন্নয়নেও একই ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এই প্যাকেজে চুক্তিমূল্য ছিল ৬ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৭২২ টাকা। পরিশোধ করা হয়েছে ৪ কোটি ৯২ লাখ ৯৭ হাজার ৯২৫ টাকা।

    প্রতিবেদন অনুযায়ী, মাটির কাজে ৪১ লাখ ৪২ হাজার টাকা বিল পরিশোধ হলেও কাজ হয়েছে ২৩ লাখ ৩৫ হাজার টাকার। প্যালিসাইডিং খাতে ২ কোটি ৫৩ হাজার টাকা বিলের বিপরীতে কাজ হয়েছে মাত্র ৫০ লাখ ২ হাজার টাকার।

    ব্রিক অন অ্যান্ড এজিং-এ ৪ লাখ ৫৪ হাজার, ব্রিক ফ্ল্যাট সোলিংয়ে ১৮ লাখ ৯১ হাজার, এইচবিবি কাজে ৩৬ লাখ ৫১ হাজার, সিসি ব্লকে ১ কোটি ৪ লাখ ৭৬ হাজার এবং বক্স কাটিংয়ে ৩ লাখ ৬৩ হাজার টাকার বিল তোলা হয়েছে কোনো কাজ ছাড়াই। একইভাবে বালু ভরাটে ২১ লাখ ৪১ হাজার, শ্রমিক মজুরিতে ৯ লাখ ৬০ হাজার এবং নদী তীর সংরক্ষণ ও বাঁধ নির্মাণে ৮ লাখ ৮৩ হাজার টাকার বিল তোলা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়, ‘এই সড়কের অনুমোদিত ডিজাইন বা প্রাক্কলন মোতাবেক দুপাশের টো ওয়ালের টপ হতে সড়কের পার্শ্ব ঢালে (স্লোপ) ১১টি সিসি ব্লক থাকার কথা থাকলেও ৬/৭টি সিসি ব্লক পাওয়া যায় এবং রাস্তার ফরমেশন লেভেল সম্পন্ন হয়েছে। ফলে ডিজাইন বা এস্টিমেটে যে পরিমাণ ব্লক, মাটি বা বালি ভরাট ধরা ছিল তা পাওয়া যাবে না।’

    দুই প্যাকেজের ঠিকাদারি প্রতিষ্ঠান আইবিআরজেভিসরকারের মালিক কিশোরগঞ্জের নুরুল ইসলাম। তিনি সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলের বন্ধু হিসেবে পরিচিত। জুলাই অভ্যুত্থানের পর দেশ ছাড়েন নুরুল ইসলাম। আরেক ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোহাম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেডের মালিক ব্যবসায়ী খাইরুল হাসান।

    নাসিরনগরের চিত্র

    নাসিরনগর উপজেলার ভোলাকুট ইউপি থেকে রামপুর বাজার সড়ক উন্নয়নেও সরকারি অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। মেসার্স মোহাম্মদ ইউনুছ অ্যান্ড ব্রাদার্স (প্রা.) লিমিটেডকে এই প্যাকেজে তিন দফায় মোট ২ কোটি ৪২ লাখ ১৩ হাজার টাকা বিল পরিশোধ করা হয়েছে। তবে প্রতিবেদন তৈরির সময় ওই এলাকায় পানি থাকায় কাজের বিস্তারিত অগ্রগতি যাচাই করতে পারেনি জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়।

    কাজ শেষের আগেই ফেরত জামানতের টাকা

    শুধু ভুয়া বিলেই থামেনি অনিয়ম। কাজ শেষ হওয়ার আগেই তিনটি প্যাকেজের ঠিকাদারদের জামানতের টাকা ফেরত দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, পারফরম্যান্স সিকিউরিটি বাবদ জমা রাখা এই জামানত ফেরত পাওয়ার কথা কাজ শেষ হওয়ার এক বছর পর।

    তিনটি প্যাকেজে ঠিকাদারের জামানত ছিল মোট ২ কোটি ৫৫ লাখ ৩৬ হাজার ৪৮৮ টাকা। কাজ অসম্পূর্ণ থাকা অবস্থায় সেই টাকা ফেরত দেওয়া হয়েছে।

    উদ্ভূত পরিস্থিতিতে বিপাকে পড়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয়। আগেই বিল পেয়ে যাওয়ায় ঠিকাদাররা আর কাজে আগ্রহী হচ্ছেন না। বারবার তাগিদ দিয়েও কোনো লাভ হচ্ছে না।

    তিনটির মধ্যে দুটি প্যাকেজের ঠিকাদার পলাতক থাকায় সেগুলোর কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে এখন অন্য মাধ্যমে কাজ চালিয়ে নেওয়ার চেষ্টা করছে সংশ্লিষ্ট দপ্তর।

    বহাল তবিয়তে অভিযুক্ত দুই কর্মকর্তা

    অভিযোগ উঠেছে, ঠিকাদারদের সঙ্গে আঁতাত করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে সরকারি টাকা আত্মসাতের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন এলজিইডির তৎকালীন নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান এবং সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম। আব্দুল মান্নান বর্তমানে গাজীপুরে কর্মরত। শফিকুল ইসলাম এলজিইডি সদর দপ্তরের নির্বাহী প্রকৌশলী (প্রশাসন)।

    স্থানীয়দের অভিযোগ, আংশিক যেসব কাজ হয়েছে সেখানেও প্রকল্পের নকশা অনুযায়ী কাজ না হওয়ায় সড়কগুলো সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। অথচ কাগজে-কলমে বড় অঙ্কের ব্যয় দেখানো হয়েছে।

    যা বলছেন সংশ্লিষ্টরা

    কাজ না করেই বিল পরিশোধের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার তৎকালীন নির্বাহী প্রকৌশলী আব্দুল মান্নান বলেন, ‘ওই বিষয়টির সমাধান হয়ে গেছে। বর্তমানে কাজ চলছে।’

    কাজ শেষ হওয়ার আগেই দুই কোটি ৫৫ লাখ ৩৬ হাজার টাকার জামানত ফেরত দেওয়া হয়েছে কার নির্দেশে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে আপনার কোনো আর্থিক সম্পর্ক আছে কি? এমন প্রশ্নে একটি সভায় আছেন, পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

    এলজিইডির প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. বেলাল হোসেন এবং তৎকালীন সিনিয়র সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামকে ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি।

    ব্রাহ্মণবাড়িয়া এলজিইডির বর্তমান নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলীল বলেন, ‘এই কাজের অনিয়ম তদন্তে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা পুরো অনিয়মের তদন্ত করে প্রধান প্রকৌশলীর দপ্তরে যার দায় যতটুকু সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছেন। সেখানে অসম্পূর্ণ কাজ অন্য মাধ্যমে কীভাবে শেষ করা হবে, সেই পরামর্শ চাওয়া হয়েছে। প্রধান প্রকৌশলীর দপ্তর পরবর্তী সময় অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং কাজ শেষ করার বিষয়ে পরামর্শ দেবে।’

    তদন্ত চলাকালে ফের কাজ চালুর বিষয়ে তিনি বলেন, ‘আমিও ফের কাজ শুরু করার বিষয়ে আনঅফিসিয়ালি শুনেছি। হয়তো যে ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছিল তারাই কাজ করছে; কিন্তু অফিসিয়ালি বিষয়টি আমাদের জানা নেই।’
    মোহাম্মদ ইব্রাহীম খলীল বলেন, ‘এই অনিয়মের তদন্ত কয়েক স্তরে হবে। এখন যদি ঠিকাদার কাজ করে থাকে, তবে সেটি পরবর্তী তদন্তে উঠে আসবে।

  • ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান

    ঢাকার গুলিস্তানে সিলগালা ভেঙে পার্কিংয়ে সহস্রাধিক অবৈধ দোকান

    ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়া মার্কেট-২–এর বেজমেন্টে সিলগালা করা অবস্থাতেই কার পার্কিংয়ের জায়গা দখল করে সহস্রাধিক অবৈধ দোকান গড়ে তোলা হয়েছে। একইসঙ্গে মার্কেটের ভেতরের বিভিন্ন তলা, ফাঁকা স্থান, সিঁড়ির নিচে, লিফটের সামনে এবং বরাদ্দহীন দোকানেও দখল-বাণিজ্যের বিস্তার ঘটেছে। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, বেজমেন্ট, ব্লকভিত্তিক অবৈধ দোকান এবং বরাদ্দহীন দখল মিলিয়ে পুরো মার্কেটজুড়ে অবৈধ দোকানের সংখ্যা হাজার ছাড়িয়েছে। অথচ মাত্র দুই মাসের ব্যবধানে প্রকাশ্যে এই নির্মাণকাজ সম্পন্ন হলেও দায়িত্বপ্রাপ্ত সংস্থা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কার্যকর কোনো দৃশ্যমান হস্তক্ষেপ নেই।

    সরেজমিনে দেখা গেছে, মার্কেটের তিনটি ভবনের বেজমেন্টে প্রবেশমুখ সিলগালা থাকা সত্ত্বেও ভেতরে সিঁড়ির নিচ দিয়ে মালপত্র ঢুকিয়ে গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতের আঁধারে দোকান নির্মাণ করা হয়। জাকের প্লাজাতে (ব্লক–সি) নির্মাণকাজ শেষ হয়ে ইতোমধ্যে কিছু দোকান চালু হয়েছে। সিটি প্লাজা (ব্লক–এ) ও নগর প্লাজাতে (ব্লক–বি) আরও কয়েকশ দোকানের ফিনিশিং চলছে। অনেক দোকানে শাটার বসানো, টাইলস লাগানো এবং বৈদ্যুতিক সংযোগ নেওয়া শেষ হয়েছে।

    বেজমেন্টের ভেতরে প্রবেশ করলে যে দৃশ্য দেখা যায়, তা মূল নকশার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক। সরু করিডর কেটে একের পর এক ছোট দোকান বসানো হয়েছে। কোথাও গাড়ি ওঠানামার র‌্যাম্প সংকুচিত হয়ে গেছে, কোথাও বায়ু চলাচলের পথ বন্ধ। অগ্নিনিরাপত্তা ব্যবস্থার কোনো চিহ্ন নেই। জরুরি বহির্গমন পথ পর্যন্ত দখল হয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের কাঠামোতে অগ্নিকাণ্ড বা ধসের মতো দুর্ঘটনা ঘটলে হতাহতের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

    অবৈধ দখল শুধু বেজমেন্টে সীমাবদ্ধ নয়—পুরো মার্কেটজুড়ে তা বিস্তৃত। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, গত জুলাই মাসে করপোরেশনের রাজস্ব বিভাগের কর্মকর্তারা সিটি প্লাজা (ব্লক–এ), নগর প্লাজা (ব্লক–বি) ও জাকের প্লাজা (ব্লক–সি) সরেজমিনে পরিদর্শন করেন।

    করপোরেশনের নকশা অনুযায়ী, ব্লক–এ’তে ১৭৬টি, ব্লক–বি’তে ১৭৬টি এবং ব্লক–সি’তে ১৭৯টি দোকান থাকার কথা। কিন্তু বাস্তবে এই বরাদ্দের বাইরে মার্কেটের অভ্যন্তরে পরিকল্পনাবহির্ভূতভাবে আরও অন্তত ২১০টি দোকান নির্মাণ করা হয়েছে।

    সূত্র বলছে, মার্কেট সমিতির কিছু প্রভাবশালী নেতা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের যোগসাজশে সিঁড়ির নিচে, লিফটের সামনে, টয়লেট ভেঙে এবং ফাঁকা জায়গা দখল করে এসব দোকান গড়ে তোলা হয়েছে। শুধু নির্মাণই নয়, এসব দোকান ভাড়া দেওয়া হয়েছে এবং অনেক ক্ষেত্রে বিক্রিও করা হয়েছে।

    বিস্তারিত হিসাবে দেখা যায়, ব্লক–এ–এর নিচতলায় ৪১টি, দ্বিতীয়তলায় ২২টি, তৃতীয়তলায় ৮টি, চতুর্থতলায় ২টি এবং পঞ্চমতলায় ১৬টি অবৈধ দোকান রয়েছে। ব্লক–বি–এর নিচতলায় ৪০টি, দ্বিতীয়তলায় ১২টি, তৃতীয়তলায় ২টি, চতুর্থতলায় ৩টি এবং পঞ্চমতলায় ২টি দোকান পাওয়া গেছে। ব্লক–সি–এর নিচতলায় ৩৩টি এবং দ্বিতীয়তলায় ১৭টি অবৈধ দোকান শনাক্ত করা হয়েছে। এই সংখ্যাগুলো দেখায়, পরিকল্পনাবহির্ভূত দখল ধাপে ধাপে প্রতিটি তলায় ছড়িয়ে পড়েছে এবং সময়ের সঙ্গে তা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, মার্কেটের ৬ষ্ঠ থেকে অষ্টমতলা পর্যন্ত মোট ৬৪৮টি দোকান নির্মাণ করা হলেও এখনও সেগুলো আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়া হয়নি। কিন্তু বাস্তবে এসব দোকানের তালা ভেঙে দখল নেওয়া হয়েছে এবং গুদাম বা দোকান হিসেবে ব্যবহার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে কোনো সরকারি রসিদ ছাড়াই ভাড়া আদায় করা হচ্ছে।

    সরেজমিনে দেখা গেছে, এসব তলায় বহু দোকানের সামনে তালা ভাঙার চিহ্ন রয়েছে এবং কিছু দোকানে পণ্য মজুত করে রাখা হয়েছে। এতে মূল মালিক প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাইরে একটি সমান্তরাল বাণিজ্যিক কাঠামো গড়ে উঠেছে, যেখানে কোনো ধরনের সরকারি নিয়ন্ত্রণ কার্যকর নেই।

    টাইমলাইন বিশ্লেষণে দেখা যায়, গত ২৭ নভেম্বর সিটি মার্কেটের নিচতলার একটি টয়লেট ভেঙে নতুন করে দোকান নির্মাণের অভিযোগ ওঠে। এরপর ২৩ ডিসেম্বর অবৈধ নির্মাণ শুরু হলে ডিএসসিসির ম্যাজিস্ট্রেটরা অভিযান চালাতে গেলে তাদের ওপর হামলার অভিযোগ ওঠে। ২৪ ডিসেম্বর তিনটি ভবনের বেজমেন্ট সিলগালা করা হয়। কিন্তু সেই সিলগালা কার্যত অকার্যকর হয়ে পড়ে। পরবর্তী সময়ে সিঁড়ির নিচ দিয়ে ভেতরে প্রবেশ করে রাতে শ্রমিক দিয়ে নির্মাণকাজ চালানো হয় এবং গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে তা পূর্ণতা পায়।

    স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দিনে বাইরে থেকে যাতে বোঝা না যায়, সেজন্য নির্মাণাধীন অংশ আড়াল করে রাখা হতো। একজন দোকান মালিক বলেন, ‘রাতভর কাজ চলত। ভোরের দিকে ঢেকে রাখা হতো।’ ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোবাশ্বের হাসান বলেন, ‘আমরা খবর পেয়েছি সেখানে সিলগালা অবস্থায় অবৈধ দোকান নির্মাণ চলছে। এসবের ছবি ও ভিডিও আদালতে পেশ করা হবে।’

    নগর ভবন ও মার্কেট সমিতি সূত্রে জানা যায়, ২০২০ সালে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস এই মার্কেটের বেজমেন্টসহ অবৈধ ৯১১টি দোকান উচ্ছেদ করেন। পরে আদালতের নির্দেশে পুনর্বাসনের বিষয় সামনে আসে। কিন্তু আইনি জটিলতা, তদারকির ঘাটতি এবং প্রশাসনিক দুর্বলতার সুযোগে দখলদাররা আবার সংগঠিত হয়।

    ২০২০ সালের উচ্ছেদের পর দেলু–ফিরোজ চক্র ডিএসসিসির ২৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওমর বিন আবদাল আজিজ তামিম, দোকান মালিক সমবায় সমিতির সহসভাপতি শাহ আলম চৌধুরী, জাকের মার্কেট সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, বঙ্গবন্ধু শ্রমিক লীগের সহসভাপতি সহিদুর রহমান, মেয়র তাপসের ব্যক্তিগত কর্মকর্তা নাছিরুল হাসান সজীব, করপোরেশনের অঞ্চল-৪–এর তৎকালীন রাজস্ব কর্মকর্তা মিয়া জুনায়েদ আমিন, কর কর্মকর্তা আনিসুর রহমান এবং বাজার সুপারভাইজার হাবীবুর রহমানের সমন্বয়ে সিন্ডিকেট করে পুনরায় অবৈধ দোকান নির্মাণ করে।

    জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাউন্সিলর ও স্থানীয় নেতারা সরে গেলেও দেলু–ফিরোজ চক্র সক্রিয় থাকে। এবার নির্মাণ ব্যয়ের বড় অংশ বহন করেন ফিরোজ আহমেদ। তার সঙ্গে ছিলেন ৩৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. মামুন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুকিতুল আহসান রঞ্জু, স্থানীয় ইউনিট জামায়াতের সভাপতি আলী হাসান সুমন, কাউন্সিলর মামুনের কর্মী মো. হানিফ বাচ্চু, তাজুল ইসলাম, মো. হানিফ, মালেক, সিদ্দিক, আউব নবী, ডালিম প্রমুখ। তাদের বিরুদ্ধে ৫ আগস্টের পর দোকান বরাদ্দে অনিয়মের অভিযোগ উঠলে অঞ্চল–৪–এর বাজার সুপারভাইজার হাবীবুর রহমানকে অঞ্চল–৩–এ বৈদ্যুতিক লাইনম্যান পদে বদলি করা হয়। তবে ২৭ নভেম্বর তাকে আবার অঞ্চল–৪–এ ফিরিয়ে আনা হয়। সংশ্লিষ্টদের অভিযোগ, ফিরে এসে তিনি আবার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত হয়েছেন।

    ২০২৪ সালের সেপ্টেম্বর, ২০২৫ সালের অক্টোবর ও ডিসেম্বরে কয়েক দফা চেষ্টা হলেও তখন পুরোপুরি নির্মাণ শুরু করতে পারেনি চক্রটি। তবে ২০২৫ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে তারা সংগঠিতভাবে কাজ শুরু করে এবং অল্প সময়ের মধ্যে বড় আকারে নির্মাণ সম্পন্ন করে।

    সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, নতুন নির্মিত দোকানগুলো গড়ে ৭ থেকে ২০ লাখ টাকায় বিক্রি করা হচ্ছে। অনেক ক্ষেত্রে ২০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। কোনো লিখিত নথি ছাড়াই নগদ অর্থ নেওয়ার পর দোকান বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতে বৈধতা দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে।

    একজন ক্রেতা বলেন, ‘আমাদের বলা হয়েছে পরে কাগজপত্র ঠিক হয়ে যাবে। তাই ঝুঁকি নিয়ে দোকান নিয়েছি।’

    মার্কেটের সামনে ফুটপাতজুড়ে প্রায় ৪৫০টি দোকান বসানো হয়েছে। প্রতিটি দোকান থেকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা করে চাঁদা তোলা হচ্ছে। এতে প্রতিদিন লক্ষাধিক টাকা আদায়ের অভিযোগ রয়েছে।

    অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অনেকেই দায় এড়ানোর চেষ্টা করেছেন। সাবেক কাউন্সিলর মামুন বলেন, ‘আমি এর সঙ্গে জড়িত না।’ ফিরোজ আহমেদও কোনো দায় নিতে অস্বীকার করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আইন কর্মকর্তা রুহুল আমিন বলেন, ‘বর্তমানে এই মার্কেটসংক্রান্ত তিনটি মামলা উচ্চ আদালতে রিভিউ পর্যায়ে রয়েছে।’

    সব মিলিয়ে উচ্ছেদের পর সিলগালা করা জায়গায় আবারও অবৈধ দোকান গড়ে ওঠার মধ্য দিয়ে ফুলবাড়িয়া মার্কেট-২–এ দখল বাণিজ্যের পুরোনো চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিষ্ক্রিয়তা, নজরদারির ঘাটতি এবং চলমান আইনি জটিলতার সুযোগেই এই দখল প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

  • ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের

    ৫ আগস্টের পর ভাগ্য বদলে গেছে জামায়াত নেতার ছেলের

    তথ্যপ্রযুক্তি খাতের সরকারি প্রকল্প ‘এসপায়ার টু ইনোভেট’ বা এটুআই ঘিরে বিতর্ক থেমে নেই। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতিসংঘের সহযোগিতায় চালু হওয়া প্রকল্পটি আওয়ামী লীগের আমলে সরকার ঘনিষ্ঠদের লুটপাটের আখড়ায় পরিণত হয়েছিল। ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সরকার ঘনিষ্ঠ কুশীলবরা পালিয়ে গেলেও অনিয়মের জাল থেকে বের হতে পারেনি এটুআই। বরং অন্তর্বর্তী সরকারের সময়ে এ প্রকল্প ঘিরে দুর্নীতি-অনিয়ম আরও বিস্তার লাভ করেছে। এতে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল্লাহ আল ফাহিম নামে এটুআইয়ের একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোরের ঝিকরগাছা উপজেলা শাখার আমিরের ছেলে। আওয়ামী লীগ সরকার আমলে জামায়াত-শিবির ঘনিষ্ঠতার অভিযোগে চাকরিচ্যুতও হয়েছিলেন তিনি।

    সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সময়ে যে পরিচয়ের কারণে ফাহিম বেকায়দায় ছিলেন; পটপরিবর্তনের পর সেই পরিচয়ের কারণেই ভাগ্য খুলেছে তার। নতুন করে চাকরিতে ফিরে কার্যত এটুআই দখলে নিয়েছেন তিনি। চাকরি হারানোর আগে তৃতীয় পক্ষের চুক্তিতে এটুআইয়ের ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে মাসে ৭০ হাজার টাকা বেতন পেতেন ফাহিম। ৫ আগস্টের পর প্রভাব খাটিয়ে চাকরিতে ফেরেন তিনি। এবার আগের পদ পরিবর্তন করে হয়েছেন ‘কনসালট্যান্ট’—বেতন পাচ্ছেন ৫ লাখ টাকা। অর্থাৎ আওয়ামী লীগের পতনের পর ফাহিমের বেতন বেড়েছে প্রায় ৬১৮ শতাংশ! বলাই বাহুল্য, ফাহিমের নতুন করে চাকরিতে যোগদান, পদ পরিবর্তন কিংবা বেতন বৃদ্ধির ক্ষেত্রে কোনো নিয়মনীতি মানা হয়নি।

    অভিযোগ পাওয়া গেছে, আওয়ামী লীগের পতনের পর এটুআইয়ে ফিরে ঘনিষ্ঠ চার সহযোগীকে নিয়ে একটি চক্র গড়ে তুলেছেন ফাহিম। এ চক্রে রয়েছেন, প্রধান মানবসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান, সিনিয়র কনসালট্যান্ট নাহিদ আলম, কনসালট্যান্ট মাজেদুল আলম মাহি এবং জুনিয়ার কনসালট্যান্ট শারমিন ফেরদৌসী। নিজের পাশাপাশি নিয়ম না মেনে ঘনিষ্ঠ কর্মকর্তাদেরও ইচ্ছামতো পদ ও বেতন বৃদ্ধি করিয়েছেন ফাহিম। এর মধ্যে মাহির বেতন বেড়েছে ২৮৭ শতাংশ, আরিফুর ও নাহিদের বেড়েছে যথাক্রমে ১৫৭ ও ১১৮ শতাংশ এবং শারমিনের বেতন বেড়েছে ১০০ শতাংশ।

    যেভাবে এটুআই দখলে নেন ফাহিম
    ২০১৮ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এটুআই প্রকল্পটি আসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীনে। প্রেষণে সেখানে কর্মরত ছিলেন উপসচিব নিলুফা ইয়াসমিন। তার আপন বোনের ছেলে আব্দুল্লাহ আল ফাহিম। খালা নিলুফার হাত ধরে তিনি ২০২২ সালের ১ জানুয়ারি ‘প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট (ই-ফাইলিং)’ হিসেবে তৃতীয় পক্ষের চুক্তিতে এটুআইয়ে যোগ দেন।

    কিন্তু ২০২৩ সালের ১১ মার্চ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি অভিযানে রাজধানীর মিরপুর এলাকার একটি রেস্টুরেন্ট থেকে গ্রেপ্তার হন ফাহিম। অভিযোগ ওঠে, স্বাধীনতা দিবস ঘিরে নাশকতার উদ্দেশ্যে ওই রেস্টুরেন্টে জামায়াত ও শিবিরের সঙ্গে প্রস্তুতিমূলক সভায় যোগ দিয়েছিলেন তিনি। এর ভিত্তিতে এটুআইয়ের চুক্তিভিত্তিক চাকরি থেকে তাকে অপসারণ করা হয়।

    এটুআইয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পরদিন ৬ আগস্ট মিরপুর এলাকা থেকে শিবির পরিচয়ধারী অর্ধশত লোকজন নিয়ে এটুআই কার্যালয়ে আসেন ফাহিম। ৮ আগস্ট ফাহিমের নেতৃত্বে বহিরাগতদের নিয়ে মব সৃষ্টি করে এটুআইয়ের তৎকালীন প্রকল্প পরিচালক মামুনুর রশীদ ভূঁইয়াকে তার কক্ষে অবরুদ্ধ করা হয়। ওই অবস্থায় প্রকল্প পরিচালকের কাছ থেকে শিবিরপন্থি কয়েকজনকে এটুআইয়ে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত আদায় করা হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই বছরের সেপ্টেম্বরে মাসিক সাড়ে তিন লাখ টাকা বেতনে ‘কনসালট্যান্ট’ পদে এটুআইয়ে প্রত্যাবর্তন হয় ফাহিমের।

    অনুসন্ধান বলছে, কোনো ধরনের প্রতিযোগিতাশীল নিয়োগপ্রক্রিয়া ছাড়াই ফাহিমের নিয়োগের সিদ্ধান্ত হয়। নামসর্বস্ব কয়েকটি পত্রিকায় কনসালট্যান্ট বা পরামর্শক নিয়োগের বিজ্ঞপ্তি ছাপানো হয় যাতে বিষয়টি চাকরিপ্রত্যাশীদের নজরেই না আসে। ওই সময় কনসালট্যান্ট পদে মাসিক বেতনের সর্বোচ্চ সীমা (সিলিং) ছিল সাড়ে তিন লাখ টাকা। কোনো নিয়মের তোয়াক্কা না করে স্রেফ জামায়াত নেতা বাবার পরিচয় কাজে লাগিয়ে সর্বোচ্চ সিলিং বেতনেই নিজের নিয়োগ চূড়ান্ত করেন ফাহিম। যদিও সরকারি ক্রয়প্রক্রিয়ার প্রথা অনযায়ী, সরাসরি সর্বোচ্চ সিলিং-এ কোনো পণ্য বা সেবা কেনা হয় না এবং কোনো কনসালট্যান্টও নিয়োগ দেওয়া হয় না। কিন্তু চাকরিচ্যুত হওয়ার সময়ের চেয়ে ৪০০ শতাংশ বর্ধিত বেতনে এটুআইয়ে কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়ে ‘হেড অব প্রোডাক্টস’ হিসেবে দায়িত্ব পান ফাহিম।

    এটুআই সূত্র জানায়, ফাহিম এটুআইয়ে ফেরার কিছুদিনের মধ্যে প্রকল্পের উন্নয়ন প্রস্তাবন (ডিপিপি) হালনাগাদ করে কনসালট্যান্ট পদের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয় মাসে সাড়ে চার লাখ টাকা। নিয়োগের মাত্র তিন মাসের মাথায় ২০২৫ সালের ১ জানুয়ারি ফাহিমের বেতন বেড়ে দাঁড়ায় মাসিক চার লাখ টাকায়। সে বছরের ১ ফেব্রুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে নতুন করে চুক্তি হয় এটুআই এবং ফাহিমের। ২০২৬ সালের ১ জানুয়ারি আরও এক বছরের জন্য সেই চুক্তি নবায়ন হয়। এবার বেতনসীমা সংশোধন করে সর্বোচ্চ সিলিং নির্ধারণ হয় ৫ লাখ টাকা এবং এই বেতনেই ফাহিমের সঙ্গে নতুন করে চুক্তি হয়। সব মিলিয়ে একসময় ৭০ হাজার টাকা চুক্তির বেতন পাওয়া ফাহিমের বেতন এখন ৬১৮ শতাংশ বেড়েছে!

    কেবল বেতন বৃদ্ধি নয়, নিয়োগের অনেক শর্তও মানা হয়নি ফাহিমের নিয়োগের ক্ষেত্রে। খোঁজ নিয়ে জানা যায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর), ২০০৮ এর তফসিল-৯ অংশ-গ এর বিধি ৩(বি)(২) এবং অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে করা পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫ এর তফসিল-১৯, অংশ-খ এর বিধি ৩(বি)(২) অনুযায়ী, কনসালট্যান্ট পদে চুক্তিবদ্ধ হতে আগ্রহী প্রার্থীকে ব্যাচেলর অথবা মাস্টার্স ডিগ্রিধারী হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছরের মেধা ও পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

    কিন্তু নথিপত্র বলছে, ২০১৫ সালের ডিসেম্বরে ব্যাচেলর শেষ করা ফাহিমের পেশাদার ক্যারিয়ার শুরু হয় ২০১৬ সালের ফেব্রুয়ারিতে। সে হিসেবে ২০২৪ সালের সেপ্টেম্বরে তার কর্ম অভিজ্ঞতার সময়সীমা ১০ বছরের শর্ত পূরণ করে না। এমন অযোগ্যতার পরেও কনসালট্যান্ট পদে নিয়োগ এবং তারপর দুই দফা বেড়ে সিলিংয়ের সর্বোচ্চ সীমায় বেতন নিচ্ছেন ফাহিম।

    অনিয়মের এখানেই শেষ নয়—এটু্আই প্রকল্পে কনসালট্যান্টদের কোনো যানবাহন সুবিধা পাওয়ার সুযোগ নেই। কিন্তু প্রকল্পের জন্য নির্ধারিত ২৫০০ সিসির সাদা রঙের ‘এসইউভি (স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল)’ সার্বক্ষণিক ব্যবহার করেন ফাহিম, যার নম্বর প্লেট “ঢাকা মেট্রো ঘ-১৩-০৬৫৯’’।
    এ ছাড়া পূর্ণকালীন চুক্তিবদ্ধ কনসালট্যান্টদের ভিন্ন কোনো লাভজনক পদে কাজ করার সুযোগ না থাকলেও ‘নকশি গ্লোবাল ড্রিম বিল্ডার্স লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে কাজ করছেন ফাহিম।

    কপাল খুলেছে ফাহিম ঘনিষ্ঠদেরও
    এটুআইতে ফাহিমের প্রভাবে কপাল খুলেছে তার বন্ধু মাজেদুল ইসলাম মাহির। ৫ আগস্টের আগে ৭০ হাজার টাকা বেতনে ‘জুনিয়র কনসালট্যান্ট’ পদে থাকা মাহি ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বনে যান ‘কনসালট্যান্ট’। সে বছরের ২৪ ফেব্রুয়ারি মাহির বেতন এক লাফে বেড়ে হয় দুই লাখ ৩৫ হাজার টাকা। একই বছরের ৩১ ডিসেম্বর মাহির চুক্তি শেষ হওয়ার কথা থাকলেও তা নতুন করে এক বছরের জন্য বাড়ানো হয়। এবার বেতন নির্ধারণ করা হয় দুই লাখ ৭১ হাজার টাকা। অর্থাৎ দেড় বছরেরও কম সময়ে মাহির বেতন বেড়েছে ২৮৭ শতাংশ।

    ৫ আগস্টের আগে কনসালট্যান্ট হিসেবে আড়াই লাখ টাকা বেতন ছিল ফাহিমের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নাহিদ ইসলামের। ২০২৪ সালের ৪ অক্টোবর এটুআই এর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় তার। তবে ফাহিমের প্রভাবে একই বছরের ১৬ অক্টোবর থেকে এক বছরের জন্য তার সঙ্গে নতুন করে চুক্তিবদ্ধ হয় এটুআই। এবার তার বেতন আরও এক লাখ বেড়ে হয় সাড়ে তিন লাখ টাকা (সর্বোচ্চ সিলিং)।

    পিপিআর অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্বে চুক্তি নবায়ন করা না হলে, পরবর্তী সময়ে আর সেটি বর্ধিত করা যায় না। অর্থাৎ নাহিদ আলমকে কনসালট্যান্ট পদে নিয়োগ দিতে হলে আবারও প্রতিযোগিতাশীল পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হতো। কিন্তু আইনের তোয়াক্কা না করেই পুনরায় কনসালট্যান্ট হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান নাহিদ। তবে এই চুক্তি স্বাক্ষরের মাত্র ছয় মাসের মাথায় ‘সিনিয়র কনসালট্যান্ট’ পদে আবারও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় তাকে। ২০২৫ সালের ২৩ এপ্রিল মাসিক সাড়ে চার লাখ টাকা বেতনে একই বছরের ১ মে থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে নাহিদকে পুনরায় নিয়োগ দেয় এটুআই। অথচ তখনও কম বেতনে নাহিদের পূর্বের চুক্তির মেয়াদ আরও ছয় মাস অবশিষ্ট ছিল। এখনও এই চুক্তিতে এটুআইতে কাজ করছেন নাহিদ। সব মিলিয়ে নাহিদের বেতন বেড়েছে ১৫৭ শতাংশ।

    ফাহিম চক্রের অন্যতম সহযোগী এটুআইয়ের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান। নিজের প্রভাব টিকিয়ে রাখতে তাকেও পুরস্কৃত করার উদ্যোগ নেন ফাহিম। গত ৪ জানুয়ারি নতুন করে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় আরিফুর রহমানকে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে এবার দুই লাখ ছয় হাজার টাকার বেতন বেড়ে হয় সাড়ে চার লাখ টাকা। অর্থাৎ বেতন বৃদ্ধির হার ১১৮ শতাংশ।

    ফাহিম চক্রের আরেক সদস্য ‘জুনিয়র কনসালট্যান্ট’ শারমিন ফেরদৌসী ৫ আগস্টের আগে পেতেন এক লাখ ৫ হাজার টাকা। ২০২৪ সালের ৩১ ডিসেম্বর একই পদমর্যাদায় আরও এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদে এবারের চুক্তিতে শারমিনের বেতন হয় এক লাখ ৯২ হাজার টাকা। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই ছয় মাসের জন্য অর্থাৎ চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত মেয়াদে পুনরায় নিয়োগ পান শারমিন। অবশ্য এবার পদমর্যাদা না বেড়ে, বেড়েছে বেতন। বর্তমানে মাসিক দুই লাখ ১০ হাজার টাকা বেতন পাচ্ছেন শারমিন। এক বছরের ব্যবধানে তার বৃদ্ধির হার ১০০ শতাংশ।

    এটুআইয়ের দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর এটুআইয়ে পরামর্শকদের নিয়োগের প্রক্রিয়া ও বেতনের অঙ্ক নিয়ে অসন্তোষ জানিয়েছে দাতা সংস্থাগুলো। বাংলাদেশ সরকারের তহবিলের পাশাপাশি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গেটস ফাউন্ডেশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার অর্থায়নে চলে এটুআইয়ের কার্যক্রম। কিন্তু বিভিন্ন প্রকল্পে নানান অনিয়মের কারণে এসব সংস্থা এটুআইয়ে নতুন করে আর অর্থায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে। এটুআইয়ের কর্মকর্তারা বলছেন, দাতা সংস্থাগুলোর এমন সিদ্ধান্তের পেছনে ফাহিম চক্রের অনিয়ম অন্যতম কারণ।

    কে কী বলছেন
    অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হয় এটুআইয়ের কনসলট্যান্ট আব্দুল্লাহ আল ফাহিমের সঙ্গে। তিনি বলেন, ‘এসব অভিযোগ পুরোপুরি বানোয়াট ও মিথ্যা। আমার এ চাকরির বয়সে কোনো দুর্নীতি না পাওয়ায় একটি চক্র আমার পেছনে উঠেপড়ে লেগেছে। নিয়মতান্ত্রিকভাবে কনসালট্যান্ট পদে আমি নতুন করে নিয়োগ পেয়েছি।’

    ৫ আগস্টের আগে চাকরিচ্যুতির বিষয়ে জানতে চাইলে ফাহিম বলেন, ‘জামায়াত নেতার ছেলে বলে সে সময় আমাকে অন্যায়ভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছিল।’ বাবার রাজনৈতিক পরিচয় খাটানোর অভিযোগও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

    প্রকল্প পরিচালককে মব সৃষ্টি করে অবরুদ্ধের বিষয়ে ফাহিম বলেন, ‘তিনিই (মামুনুর রশীদ ভূঁইয়া) তো আমাকে নিয়োগ দিয়েছেন, তার কোনো অভিযোগ নেই। তিনি এখন আইসিটি মন্ত্রণালয়ে কাজ করছেন। প্রয়োজনে তার সঙ্গে কথা বলে জানতে পারেন।’

    এটুআইয়ের তৎকালীন প্রকল্প পরিচালক (পিডি) মামুনুর রশীদ ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এসব বিষয়ে কথা বলতে রাজি হননি। সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি এটুআইয়ের বর্তমান পিডির সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

    এটুআইয়ের বর্তমান পিডি মোহা. আব্দুর রফিক বলেন, ‘মব সৃষ্টি করে নিয়োগ চূড়ান্ত করার অভিযোগের বিষয়ে আমার জানা নেই। তবে আব্দুল্লাহ আল ফাহিমের নিয়োগ অবৈধ কি না সে বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

  • গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ৬ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২

    গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ৬ লিটার দেশীয় মদ উদ্ধার, গ্রেপ্তার ২

    মোঃ মিঠু মিয়া
    গাইবান্ধা জেলা প্রতিনিধি

    গাইবান্ধায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ লিটার দেশীয় মদ উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুন ২০২৬ তারিখে গাইবান্ধা পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

    অভিযানকালে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুর এলাকায় মৃণাল কান্তি (৪৮), পিতা- মৃত বাসুদেব বর্মনের বাড়ির সামনে পুলিশ লাইন্সগামী পাকা সড়কে অবস্থানকালে বাবুল কুমার বর্মন ওরফে বিপদ (৫০)-কে আটক করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের খাটের নিচে একটি সাদা কাপড়ের বস্তার ভেতর বিভিন্ন বোতলে সংরক্ষিত মোট ৬ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

    উদ্ধারকৃত দেশীয় মদের আনুমানিক মূল্য ৪ হাজার ২০০ টাকা। এ সময় দেশীয় মদ বিক্রির নগদ ৭০০ টাকাও জব্দ করা হয়। অভিযানে আকাশ চন্দ্র বর্মন (২২)-কেও গ্রেপ্তার করা হয়।

    এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(ক)/৪১ ধারায় মামলা (মামলা নং-৬১, তারিখ: ৩০ জুন ২০২৬) দায়ের করা হয়েছে।

    পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

  • জুলাইয়ের প্রথম প্রহরে বিজয়নগরে শহীদ ওমরের কবর জিয়ারতে ছাত্রশিবির

    জুলাইয়ের প্রথম প্রহরে বিজয়নগরে শহীদ ওমরের কবর জিয়ারতে ছাত্রশিবির

    জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শহীদ মোহাম্মদ সাজিদুর রহমান ওমরের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিজয়নগর উপজেলা দায়িত্বশীলরা।

    বুধবার (১ জুলাই) জুলাইয়ের প্রথম প্রহরে উপজেলার পত্তন ইউনিয়নে শহীদের বাড়িতে গিয়ে তারা কবর জিয়ারত করেন। এ সময় শহীদ ওমরের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। কর্মসূচিতে শহীদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

    এ সময় ছাত্রশিবিরের দায়িত্বশীলরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের ত্যাগ ও আদর্শ জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। শহীদদের স্মৃতি সংরক্ষণ, তাদের আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌছে দেওয়া এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে।

    তারা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখা এবং শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। একই সঙ্গে তারা জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

    উল্লেখ্য, শহীদ মোহাম্মদ সাজিদুর রহমান ওমর ২০০০ সালের ৩ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মো. শাহজাহান। ২০২৪ সালের ২৮ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে তিনি শাহাদাতবরণ করেন।

    কবর জিয়ারত শেষে শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

  • ধনবাড়ীতে মসজিদের জমি বিরোধে চাঁদাবাজির মামলা, প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

    ধনবাড়ীতে মসজিদের জমি বিরোধে চাঁদাবাজির মামলা, প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি

    রাকিব হাসান

    টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের নল্যা বাজার জামে মসজিদের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে দায়ের হওয়া চাঁদাবাজির মামলার প্রতিবাদে গত ২৯ জুন মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় এলাকাবাসী।
    স্থানীয় সূত্রে জানা যায়, রামকৃষ্ণবাড়ী মৌজা-এর বিএস খতিয়ান নং-৩০০, দাগ নং-৫১৫ অনুযায়ী সড়কসংলগ্ন প্রায় ২ শতাংশ জমি নল্যা বাজার জামে মসজিদের দাবি করা হয়। অন্যদিকে একই মৌজার বিএস খতিয়ান নং-৫৪৪, দাগ নং-৫১৪-এর ৪ শতাংশ জমির মালিকানা দাবি করেন প্রবাসী আব্বাস আলীর স্ত্রী মোছা. রেবেকা সুলতানা।
    অভিযোগ রয়েছে, সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে ভেকু দিয়ে মাটি কাটার সময় মসজিদ কমিটির সদস্যরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে রেবেকা সুলতানা মসজিদ কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে টাঙ্গাইল আদালতে চাঁদাবাজির মামলা দায়ের করেন। তবে মসজিদ কমিটির দাবি, মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক।
    এর প্রতিবাদে সোমবার (২৯ জুন) দুপুরে নল্যা বাজার এলাকায় স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় তারা মামলাটি প্রত্যাহারের দাবি জানিয়ে গণস্বাক্ষর সংগ্রহ করেন এবং একটি স্মারকলিপি ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে জমা দেন।
    এ বিষয়ে মামলার বাদী মোছা. রেবেকা সুলতানা বলেন, “আমি আমার স্বামীর দখলীয় জমিতে অবস্থান করছি। আমি কারও জমি দখল করিনি। বরং মসজিদ কমিটির লোকজন আমার ও আমার স্বামীর বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন।”
    অন্যদিকে মানববন্ধনে অংশগ্রহণকারী স্থানীয়দের দাবি, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মসজিদ কমিটির সদস্যদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে চাঁদাবাজির মামলা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং নিরপরাধদের হয়রানি বন্ধের দাবি জানান।
    জমি-সংক্রান্ত এ বিরোধ ও মামলাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।