Blog

  • সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক জনের মৃত্যু

    সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে এক জনের মৃত্যু

    জামালপুরের সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে সম্পদ আকন্দ (৯) নামে প্রথম শ্রেণীর এক মাদরাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

    মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পৌরসভার ঝালুপাড়া এলাকায় ভাজন ডাক্তারের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সম্পদ ভুরার বাড়ী গ্রামের ছাগল ব্যবসায়ী আবুল আকন্দের একমাত্র ছেলে এবং মারকাজুত তাওহীদ ওয়া সুন্নাহ মডেল মাদরাসার শিক্ষার্থী ছিল।

    স্থানীয় সূত্রে জানা যায়, মাদরাসা ছুটির পর বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে সে পুকুরে গোসল করতে নামে। এ সময় পানিতে তলিয়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    এ ঘটনায় পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

  • পানি বন্ধ করলেই ‘হাত কেটে ফেলব’, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের

    পানি বন্ধ করলেই ‘হাত কেটে ফেলব’, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের

    পানি বণ্টন ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির প্রবাহ বন্ধ করার চেষ্টা করা হলে সেই ‘হাত কেটে ফেলা হবে’। একই সঙ্গে ইসলামাবাদের অভিযোগ, ভারত পানিকে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

    ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হিমালয়, তিব্বত মালভূমি ও পীর পাঞ্জাল পর্বতমালা থেকে উৎপন্ন ছয়টি নদীর পানি ভারত ও পাকিস্তান ভাগাভাগি করে। এসব নদীর উৎস তিব্বত, লাদাখ, জম্মু-কাশ্মীর এবং ভারতের হিমাচল প্রদেশে।

    দেশভাগের পর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ‘সিন্ধু পানি চুক্তি’কে বিশ্বের অন্যতম সফল পানি বণ্টন চুক্তি হিসেবে বিবেচনা করা হয়। চুক্তির মূল উদ্দেশ্য ছিল উভয় দেশের জন্য পানির প্রবাহ নিশ্চিত করা। তবে সাম্প্রতিক কূটনৈতিক উত্তেজনার কারণে এই চুক্তির কার্যকারিতা নতুন করে আলোচনায় এসেছে।

    মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক বলেন, ‘আমরা ঘোষণা করেছি, আমাদের পানি নিয়ন্ত্রণের চেষ্টা করলে সেই হাত কেটে ফেলা হবে। শুধু ঘোষণা দিইনি, গত এক থেকে দেড় বছরে সেটি করে দেখিয়েছিও।’

    ভারতের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। নয়াদিল্লি জানিয়েছিল, পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে দেওয়া হবে না। এর জবাবে মুসাদিক মালিক বলেন, বিষয়টি শুধু ন্যায়বিচারের প্রশ্ন নয়। তার ভাষায়, ‘আমাদের সামরিক বাহিনীও দেখিয়ে দিয়েছে, শুধু পানির ক্ষেত্রেই নয়, আকাশযুদ্ধেও আমরা তোমাদের হাত কেটে দিতে পারি।’

    গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিনের সংঘর্ষের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর হাতে পানির কলের নিয়ন্ত্রণ রয়েছে এবং তিনি বলছেন, পাকিস্তানে এক ফোঁটা পানিও যেতে দেবেন না।

    এ সময় তিনি ভারতের পানিসম্পদমন্ত্রী সি. আর. পাতিলের জুন মাসের শুরুর দিকের একটি মন্তব্যের কথাও উল্লেখ করেন। ওই মন্তব্যে পাতিল বলেছিলেন, গত বছর কাশ্মীরে হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে এবং এরপর থেকে পাকিস্তানে ‘এক ফোঁটা পানিও’ যেতে না দেওয়ার লক্ষ্যে কাজ করছে। ওই হামলার পর দুই দেশ প্রায় পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল।

    মুসাদিক মালিক বলেন, পাকিস্তানের ৪০ থেকে ৫০ শতাংশ মানুষ কৃষিকাজের জন্য এই পানির ওপর নির্ভরশীল। পানির প্রবাহে বাধা সৃষ্টি হলে খাদ্যনিরাপত্তা, কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি মারাত্মক ক্ষতির মুখে পড়বে।

    প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হওয়া সিন্ধু পানি চুক্তির আওতায় সিন্ধু অববাহিকার ছয়টি নদীর পানি দুই দেশের মধ্যে ভাগ করা হয়েছে। চুক্তি অনুযায়ী, পশ্চিমাঞ্চলের সিন্ধু, ঝিলাম ও চেনাব নদীর পানির অধিকার পাকিস্তানের। অন্যদিকে পূর্বাঞ্চলের রাভি, বিয়াস ও শতদ্রু নদীর পানির অধিকার ভারতের।

    ভারতের ভূখণ্ড থেকে প্রবাহিত এসব নদীর পানি পাকিস্তানের লাখো মানুষের জীবন ও জীবিকার প্রধান ভিত্তি। কৃষিকাজ, সুপেয় পানির সরবরাহ এবং জলবিদ্যুৎ উৎপাদনে দেশটি এই পানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

    চুক্তি অনুযায়ী, প্রতি বছর চার কোটি ৩০ লাখ একর-ফুট পানি পাকিস্তানে প্রবাহিত হতে দিতে হয় ভারতকে। এটি পাকিস্তানের মোট ভূ-পৃষ্ঠস্থ পানির প্রায় ৮০ শতাংশ, যা দেশটির কৃষি, নগরজীবন ও জলবিদ্যুৎ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    পাকিস্তানের অভিযোগ, ভারত পানিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সীমান্তবর্তী নদীগুলোর স্বাভাবিক প্রবাহ পরিবর্তনের যেকোনো উদ্যোগকে তারা ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে বিবেচনা করবে বলেও জানিয়েছে।

  • সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

    সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী

    বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

    বুধবার সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মিডিয়া সেলের ফেসবুক পেজ ‘প্রান্তিক কণ্ঠস্বর’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে নিরাপত্তার ধারণা গুণগতভাবে পাল্টে গেছে। কিলোমিটারের পর কিলোমিটার পাহারা দেওয়ার থেকেও এখন সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।

    তিনি বলেন, প্রচলিত ধারণার মধ্য থেকে আনসার বাহিনীকে বের করে আনার চেষ্টা প্রশংসনীয়। প্রান্তিক কণ্ঠস্বরের আবির্ভাব গুজব প্রতিরোধসহ সঠিক তথ্য প্রবাহকে নিশ্চিত করবে। সবাইকে মনে রাখতে হবে তথ্য এখন আমাদের গুরুত্বপূর্ণ শক্তি।

  • ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    ডুমুরিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী। ‌সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন,
    “এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।”
    খুলনার ডুমুরিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১জুলাই দুপুরে সাড়ে ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
    ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আজগর লবী।
    সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন,
    “এলাকার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে।”
    সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর আলোকপাত করে আরও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস এবং ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খন্দকার হাফিজুর রহমান,
    ডুমুরিয়া উপজেলা‌প্রাণী সম্মপদ কর্মকর্তা ড, আশরাফুল কবির,স্বাস্থ্য কমপ্লেক্সর ইউ এস আই কাজল মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নাজমুল হুদা, প্রথম শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম,‌মহিলা বিষয় কর্মকর্তা হাসি রাণী, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এসএম রুহুল আমিন,মাধ্যমিক শিক্ষা অফিসার দিবাশীষ বিশ্বাস, চেয়ারম্যান মাহাবুবুর মোল্লা, শেখ হেলাল উদ্দিন,‌ জহিরুল হক, গাজী হুমায়ুন কবির বুলু, সমাবেশ মন্ডল,মোসলেম আলী, খুলনা জেলা বিএনপির সদস্য সরোয়ার হোসেন, আব্দুল মালেক,নিত্যানন্দ মন্ডল,‌ মাওলানা ওমর আলী, খুলনা জেলা কৃষক দলের সভাপতি মোল্লা কবিরুল ইসলাম,শিক্ষক আইয়ুব হুসেইন, মাওলানা মোক্তার হোসেন, প্রমুখ।।
    বক্তারা ডুমুরিয়া উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখতে পুলিশি তৎপরতা জোরদার করার পাশাপাশি স্থানীয় প্রশাসন ও জনগণের সহযোগিতা কামনা করেন। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • হয়রানি-চাঁদাবাজি বন্ধ করে ন্যায্য অধিকার নিশ্চিত করুন’—ভোলায় সিএনজি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি

    হয়রানি-চাঁদাবাজি বন্ধ করে ন্যায্য অধিকার নিশ্চিত করুন’—ভোলায় সিএনজি শ্রমিকদের মানববন্ধন ও স্মারকলিপি

    ভোলা জেলার বিভিন্ন সড়কে সিএনজি অটোরিকশা চালকদের ওপর কথিত হয়রানি, চাঁদাবাজি ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন, ভোলা জেলা শাখা।

    সোমবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টায় ভোলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক সিএনজি চালক ও শ্রমিক অংশ নেন। কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজি চালকদের নানা ধরনের প্রতিবন্ধকতা, ভয়ভীতি এবং নির্যাতনের মুখে কাজ করতে হচ্ছে। বিশেষ করে প্রতি সিএনজিতে পাঁচজন যাত্রী বহনকে কেন্দ্র করে বাস মালিক সমিতির সঙ্গে বিরোধের জেরে চালকদের ওপর হামলা, হুমকি ও হয়রানির ঘটনা ঘটছে বলে তারা দাবি করেন।

    বক্তারা বলেন, এসব ঘটনায় শ্রমিকদের স্বাভাবিক কর্মপরিবেশ ব্যাহত হচ্ছে এবং অনেক পরিবার জীবিকা সংকটে পড়েছে। তাই সিএনজি শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

    মানববন্ধন থেকে সিএনজি শ্রমিকদের ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সিএনজিতে পাঁচজন যাত্রী বহনের সুযোগ নিশ্চিত করা, স্বল্পমূল্যে গ্যাস সরবরাহ, শ্রমিকদের ওপর সব ধরনের হয়রানি ও নির্যাতন বন্ধ, ক্ষতিগ্রস্ত সিএনজির ক্ষতিপূরণ প্রদান এবং ভোলা-চরফ্যাশন মহাসড়কসহ গুরুত্বপূর্ণ এলাকায় সিএনজির জন্য নির্ধারিত স্ট্যান্ড স্থাপন।

    বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন, ভোলা জেলা শাখার সহ-সভাপতি মো. বাহারুল ইসলাম বলেন, “সিএনজি শ্রমিকরা দেশের পরিবহন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব নয়। প্রশাসনের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।”

    সংগঠনের জেলা সেক্রেটারি ইকবাল হোসেন রিপন বলেন, “আমাদের দাবিগুলো কোনো বিলাসিতা নয়, এগুলো শ্রমিকদের ন্যায্য ও মৌলিক অধিকার। আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি জানাচ্ছি। তবে দাবি বাস্তবায়নে প্রয়োজন হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।”

    এ সময় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন, ভোলা জেলা শাখার সভাপতি মো. কামাল উদ্দিন, চরফ্যাশন উপজেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতারা বক্তব্য দেন।

    মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সিএনজি শ্রমিকদের ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। একই সঙ্গে বক্তারা সতর্ক করে বলেন, দাবি পূরণে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

  • “নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় শর্টগান, ইয়াবা উদ্ধার; মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    “নরসিংদীতে জেলা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় শর্টগান, ইয়াবা উদ্ধার; মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

    নরসিংদী সদর মডেল থানা পুলিশের এক বিশেষ অভিযানে ৩০ইং জুন ও ১ জুলাই, ২০১৬ ইং বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ মোট ০৭ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন:
    ১. মোসলেমা আক্তার ওরফে নদী (৩২) – বর্তমান ঠিকানা: সাটিরপাড়া (বকুলতলা)। তার বিরুদ্ধে ইতিপূর্বেও ৫টি মাদক মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে।
    ২. মোঃ সুমন মিয়া (২৮) – সাং: সাটিরপাড়া (উত্তর কাজীর বাড়ী)। তার বিরুদ্ধে ৩টি মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।
    ৩. মোঃ রফিকুল ইসলাম (২৩) – সাং: দড়িচর। তার বিরুদ্ধে ১টি মাদক মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।
    ৪. মোসাঃ মিতু (২২) – সাং: পশ্চিমকান্দাপাড়া। তার বিরুদ্ধে পূর্বে ১টি মামলা রয়েছে।
    ৫. দুলাল মিয়া (৩৫) – সাং: বরিকান্দি, নবীনগর, ব্রাহ্মণবাড়ীয়া (বর্তমান সাং: রাঙ্গামাটিয়া, নরসিংদী)।
    ৬. জাহাঙ্গীর হোসেন (২৬) – সাং: ব্রাহ্মণেরটেক, রায়পুরা (বর্তমান সাং: ভেলানগর, নরসিংদী)।
    ৭. আব্দুল্লাহ (২২) – সাং: পুরানপাড়া, নরসিংদী।
    তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

    রায়পুরা থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক ও অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার করেছে। থানার লোচনপুর মোজ্জার মোড় সংলগ্ন রাস্তার উপর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবুল হোসেন ওরফে আবুল কালাম (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রায়পুরা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

    রায়পুরা থানার অপর এক অভিযানে ভেলুয়ারচর এলাকার একটি বসতবাড়ির সামনের রাস্তা থেকে মোহাম্মদ সজীব মিয়া (২৭) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১ ফুট ৭ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি শর্টগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

    মনোহরদী থানার একটি মারামারি ও গুরুতর জখম সংক্রান্ত মামলার এজাহারনামীয় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। ডিবি পুলিশের একটি চৌকস দল নরসিংদী মডেল থানাধীন উপজেলা মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামী ফারুক আহম্মেদ (৪৫) এবং ৩ নম্বর আসামী মোঃ ফরিদ (৫০)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মনোহরদী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

    মনোহরদী থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ সর্বমোট ৮ জনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এর মধ্যে নিয়মিত মামলার আসামি হিসেবে পাশু মিয়া (৫৫), বাচ্চু মিয়া (৩৬) ও আশিক (২২)-কে গ্রেফতার করা হয়। এছাড়া নন-এফআইআর প্রসিকিউশন মূলে মিয়াজ উদ্দিন (৫৭), মোঃ জামাল মিয়া (৪২) ও হারুন মিয়া (৫০)-কে গ্রেফতার করা হয়। পাশাপাশি পুলিশ আইনের ৩৪ ধারা ও ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা মোতাবেক ২ জন এবং রিমান্ড ফেরত ১ জন আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
    পলাশ থানা পুলিশের বিশেষ অভিযানে সাজা পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। থানা এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে আদালতের রায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩২,০০,০০০/- (বত্রিশ লক্ষ) টাকা অর্থদণ্ডে দণ্ডিত আসামিকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    নরসিংদীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও সন্ত্রাস নির্মূলে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশের এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

  • কুমিল্লায় নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

    কুমিল্লায় নামাজরত মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

    কুমিল্লার চৌদ্দগ্রামে মাদকের টাকার জন্য সেজদারত অবস্থায় বৃদ্ধা মাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার দায়ে ছেলে মো. আবু বক্কর ছিদ্দিককে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

    মঙ্গলবার (৩০ জুন) বিকেলে কুমিল্লার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল ও বিশেষ দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা নার্গিস এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিক আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
    মামলার নথি ও এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১১ অক্টোবর চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ঘাতক আবু বক্কর সিদ্দিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিন মাদকের টাকা না পেয়ে তিনি তাঁর ৮০ বছর বয়সী বৃদ্ধা মা মোছা. খায়েরা বেগম ওরফে খায়রুন্নেছার ওপর ক্ষিপ্ত হন। পরবর্তীতে মা যখন জোহরের নামাজ আদায়ের সময় সেজদায় যান, তখন আবু বক্কর সিদ্দিক কুড়াল দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন।

    হত্যাকাণ্ডের পরপরই স্থানীয় বাসিন্দারা ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

    এই মর্মান্তিক ঘটনায় নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম বাদী হয়ে ছোট ভাই আবু বক্কর সিদ্দিককে একমাত্র আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও চৌদ্দগ্রাম থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. নাসের তদন্ত শেষে ২০২১ সালে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, আলামত ও অন্যান্য তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত মঙ্গলবার এই রায় প্রদান করেন।

    রায় ঘোষণার পর আদালতের বাইরে মামলার বাদী ও নিহতের বড় ছেলে মাওলানা আবুল কাশেম সন্তোষ প্রকাশ করে বলেন, আমার ভাই দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করছিল। মাদকের টাকার জন্য সে প্রায়ই মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। বিষয়টি নিয়ে একাধিকবার পারিবারিক ও সামাজিকভাবে সালিশ-বৈঠক হলেও তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। শেষ পর্যন্ত জোহরের নামাজের সময় সেজদারত অবস্থায় সে মাকে নৃশংসভাবে কুপিয়ে মারল।

    তিনি আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করে ঘাতক ভাইয়ের সাজা দ্রুত কার্যকরের দাবি জানান। রায়ের পর দণ্ডপ্রাপ্ত আবু বক্কর সিদ্দিককে কড়া পুলিশি পাহারায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

  • গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য

    গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য

    সরকারি স্থাপনায় আসবাবপত্র ও ইন্টেরিয়র সরবরাহ খাতে দীর্ঘদিন ধরে একটি প্রতিষ্ঠানের অস্বাভাবিক প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। বঙ্গভবন, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা হাসপাতাল, আদালত ভবন, সার্কিট হাউস, মডেল মসজিদ, প্রশাসনিক ভবনসহ গণপূর্ত অধিদপ্তরের আওতায় বাস্তবায়িত বড় বড় প্রকল্পে বারবার একই প্রতিষ্ঠানের উপস্থিতি সরকারি ক্রয়ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহি ও প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের সময় রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাবের সুযোগ নিয়ে হাতিল কমপ্লেক্স লিমিটেড সরকারি আসবাব সরবরাহের বাজারে অঘোষিত একচ্ছত্র অবস্থান তৈরি করে। প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক খোরশেদ আলমের বিরুদ্ধে সরকারি প্রকল্পকে কেন্দ্র করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগও রয়েছে।
    অনুসন্ধানে জানা গেছে, ২০২৬ সালে দেশের জেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ ও সংস্কার প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদপ্তরের ই/এম কাঠের কারখানা বিভাগ মোট ১২টি পৃথক দরপত্র আহ্বান করে। গত ৮ জুন পর্যন্ত অনুষ্ঠিত দরপত্র মূল্যায়নে হাতিল কমপ্লেক্স লিমিটেড ১২টির মধ্যে ৮টিতে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচিত হয়। তবে মূল্যায়ন শেষ হলেও এখন পর্যন্ত মাত্র একটি কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে। বাকি সাতটি কার্যাদেশ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, কার্যাদেশ আটকে যাওয়ার পর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিভিন্ন পর্যায়ে তদবির শুরু হয়। এমনকি কার্যাদেশ দ্রুত দেওয়ার জন্য গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্টদের কাছে লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।
    অনুসন্ধানে আরও জানা যায়, হাতিল কমপ্লেক্স লিমিটেডের কোম্পানি সেক্রেটারি মো. রেজাউল করিম গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) জোন আশ্রাফুল হকের কাছে লিখিত আবেদন করেন। একই আবেদন জেলা হাসপাতাল উন্নয়ন প্রকল্পের পরিচালক, প্রধান প্রকৌশলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়। অভিযোগে নির্বাহী প্রকৌশলী জোবায়ের বিন হায়দারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের কথা উল্লেখ করা হয়। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অভিযোগের সত্যতা যাচাই না করেই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
    গণপূর্ত অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, দীর্ঘদিন ধরেই বড় বড় সরকারি প্রকল্পে হাতিলের উপস্থিতি লক্ষণীয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল, মডেল মসজিদ প্রকল্প, সার্কিট হাউস, আদালত ভবন এবং অন্যান্য সরকারি স্থাপনায় আসবাবপত্র সরবরাহের কাজে প্রতিষ্ঠানটির ধারাবাহিক অংশগ্রহণ নিয়ে অতীতেও প্রশ্ন উঠেছে। সরকারি ক্রয় আইনের মূল উদ্দেশ্য প্রতিযোগিতামূলক দরপত্র নিশ্চিত করা হলেও বাস্তবে একই প্রতিষ্ঠানের ধারাবাহিক সাফল্য অনেকের কাছেই অস্বাভাবিক বলে মনে হচ্ছে।
    নাম প্রকাশে অনিচ্ছুক গণপূর্ত অধিদপ্তরের একজন অতিরিক্ত প্রধান প্রকৌশলী দাবি করেন, হাতিলের সঙ্গে অধিদপ্তরের কয়েকজন প্রকৌশলীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তার ভাষ্য, প্রথম দিকে কিছু প্রকল্পে প্রয়োজনীয় অভিজ্ঞতার শর্ত পূরণের জন্য ভুয়া কাজের কাগজপত্র ব্যবহার করে প্রতিষ্ঠানটিকে সুযোগ করে দেওয়া হয়েছিল। এরপর ধীরে ধীরে বড় প্রকল্পগুলোতে তাদের আধিপত্য প্রতিষ্ঠিত হয়। তিনি আরও অভিযোগ করেন, নির্বাহী প্রকৌশলী থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের প্রভাবিত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।
    সংশ্লিষ্টদের অভিযোগ, হাতিল শুধু দরপত্রে অংশ নিয়েই ক্ষান্ত থাকেনি; কার্যাদেশ আটকে গেলে প্রশাসনিক চাপ সৃষ্টি করারও চেষ্টা করেছে। একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বছরের পর বছর সরকারি কাজের বড় অংশ পাওয়ার অভিযোগ থাকার পরও কার্যাদেশ না পেয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগপত্র পাঠানো সরকারি ক্রয়ব্যবস্থায় প্রভাব বিস্তারের প্রচেষ্টা কি না—সেটিও প্রশ্ন হিসেবে সামনে এসেছে।
    এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের ই/এম বিভাগের নির্বাহী প্রকৌশলী জোবায়ের বিন হায়দার বলেন, দরপত্র মূল্যায়নের কাজ এখনও চলমান। চূড়ান্ত অনুমোদন ছাড়া কোনো কার্যাদেশ দেওয়া সম্ভব নয়। সরকারি বিধি অনুসারেই সব প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তিনি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগও অস্বীকার করেন।
    অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাতিল কমপ্লেক্স লিমিটেডের মহাব্যবস্থাপক খোরশেদ আলমের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
    টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, একটি প্রতিষ্ঠান যদি দীর্ঘ সময় ধরে সরকারি টেন্ডারের উল্লেখযোগ্য অংশ পায়, তাহলে বিষয়টি অবশ্যই গভীরভাবে তদন্ত করা উচিত। তার মতে, একচেটিয়া কাজ স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করে এবং সরকারি ক্রয়ব্যবস্থার প্রতিটি ধাপে জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।
    সুশাসন বিশ্লেষক জান্নাতুর রহমান বলেন, সরকারি ক্রয়ব্যবস্থায় প্রকৃত প্রতিযোগিতা নিশ্চিত করতে দরপত্র মূল্যায়ন, কার্যাদেশ প্রদান এবং প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপে স্বচ্ছতা থাকতে হবে। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রভাব খাটানো বা অনিয়মের অভিযোগ উঠলে তা স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা জরুরি।
    সরকারি ক্রয়ব্যবস্থায় একই প্রতিষ্ঠানের ধারাবাহিক আধিপত্য, একাধিক মেগা প্রকল্পে পুনরাবৃত্ত অংশগ্রহণ, কার্যাদেশকে কেন্দ্র করে প্রশাসনিক তৎপরতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ—সব মিলিয়ে বিষয়টি এখন বিস্তৃত তদন্তের দাবি রাখে। বিশেষজ্ঞদের মতে, গত এক দশকে গণপূর্ত অধিদপ্তরের আওতায় আসবাবপত্র সরবরাহসংক্রান্ত সব বড় প্রকল্প, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যা, দরপত্র মূল্যায়নের নথি, কার্যাদেশ এবং কাজ বাস্তবায়নের তথ্য স্বাধীনভাবে পর্যালোচনা করা হলে সরকারি ক্রয়ব্যবস্থায় কোনো বিশেষ সুবিধার বলয় তৈরি হয়েছিল কি না, তার প্রকৃত চিত্র উঠে আসবে।

  • কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্তে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ আমিনুর ইসলাম  ও পিবিআই

    কালিগঞ্জে মাছের ঘেরে যুবকের মৃত্যু, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্তে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোঃ আমিনুর ইসলাম ও পিবিআই

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের ঠেকরা রহিমপুর গ্রামে একটি মৎস্য ঘের থেকে সঞ্জিব সরকার (৩২) নামে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ জুলাই) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত সঞ্জিব সরকার ঠেকরা রহিমপুর গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে। সে তার পিতার সাথে পাশাপাশি পৃথক ঘেরে মাছ চাষের কাজ করতেন।কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম দৈনিক দৃষ্টিপাত কে জানায় মঙ্গলবার সন্ধ্যায় বাবা-ছেলে তাঁদের পাশাপাশি পৃথক মাছের ঘেরে কাজ করতে যান। রাত প্রায় ১০টার দিকে গোপাল চন্দ্র সরকার বাড়িতে ফিরে এলেও সঞ্জিব আর ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। বুধবার সকালে মাছের ঘেরে গিয়ে পানি নিষ্কাশনের ড্রেনের পাশে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।খবর পেয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এসআই আব্দুর রহিম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। বিষয়টি জেলা পুলিশ সুপার ও পিবিআই কে অভিহিত করলে সাতক্ষীরা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ আমিনুর ইসলাম পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরো (পিবিআই) তদন্ত টিম দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলে এসে পৌঁছায়।প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে মরদেহে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
    কালিগঞ্জ থানার পুলিশ আরো জানায় ঘটনাটি রহস্যজনক। এর পেছনে কোনো অপরাধমূলক ঘটনা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু

    ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে একজনের মৃত্যু

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ৭ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে মোট ১৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

    বুধবার (১ জুলাই) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেন।

    ডা. মুহাম্মদ মাঈন উদ্দিন খান বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে বর্তমানে যে ১৩ জন ভর্তি আছে তাদের মধ্যে পুরুষ ৯ জন, নারী ৩ জন ও একজন শিশু রয়েছে।’

    হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৩৩ জন ভর্তি হয়েছেন।তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে।

    এর আগে, গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২ হাজার ৯৪৮ জন ভর্তি হয়েছিলেন।