Blog

  • জমির জন্য ভাইকে গুম করে হত্যা- আটক ৫

    জমির জন্য ভাইকে গুম করে হত্যা- আটক ৫

    মৌলভীবাজারে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর ও ক্লুলেস আব্দুল মতিন (৫৮) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ আপন দুই ভাই, এক বোন ও ভাবীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

    বুধবার (১ জুলাই) বিকেলে মৌলভীবাজার পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

    আব্দুল মজিদ(৫০) – নিহতের আপন ভাই, মূল পরিকল্পনাকারী আব্দুল আজিদ (৪৩) – আপন ভাই। আব্দুল রুফ (৫৬) – আপন ভাই
    আয়শা আক্তার রত্না(৩৭) – আপন বোন,
    তুলি বেগম (৪০) – আব্দুল মজিদের স্ত্রী

    পুলিশ জানায়, নিহত আব্দুল মতিনের সঙ্গে তার ভাই-বোনদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। গত ২৮ জুন আদালতে মতিনের সাক্ষ্য দেওয়ার কথা ছিল।

    এই সাক্ষ্য ঠেকাতেই ভাই আব্দুল মজিদ হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, ২৮ জুন সকালে মতিন আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দলটি তাকে অনুসরণ করে। পথিমধ্যে জোরপূর্বক একটি গাড়িতে তুলে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে সুন্দর মিয়ার পুকুরের দক্ষিণ পাশের ঢালের পাকা রাস্তার ওপর মরদেহ ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।

    সন্ধ্যায় মতিন বাড়ি না ফেরায় স্ত্রী লাকি আক্তার শেফা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির অদূরেই স্বামীর হাত-পা বাঁধা ও গলায় শার্ট পেঁচানো মরদেহ দেখতে পান। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। রাত ১টা ৪০ মিনিটে পুলিশ মরদেহ উদ্ধার করে।

    ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) নোবেল চাকমা ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খয়ের নেতৃত্বে সদর মডেল থানার বিশেষ টিম তদন্তে নামে।

    তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (৩০ জুন) সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

    সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

  • বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং মহিপুুর থানা কে উপজেলা উন্নিত করাসহ বিভিন্ন দাবিতে মহিপুরে দীর্ঘ মানববন্ধন।।

    বৃহত্তর দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং মহিপুুর থানা কে উপজেলা উন্নিত করাসহ বিভিন্ন দাবিতে মহিপুরে দীর্ঘ মানববন্ধন।।

    দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং মহিপুর থানা কে উপজেলা উন্নিত করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিপুর থানা নাগরিক সমাজের উদ্যোগে হাজীপুর-সোনাতলা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া উপজেলা, মহিপুর থানার ও কুয়াকাটার বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নিয়ে মানববন্ধন ও মানবচেইন গড়ে তোলেন।

    মানববন্ধন থেকে দক্ষিণাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে  ভাঙ্গা-কুয়াকাটা সিক্সলেন মহাসড়ক নির্মাণ, পর্যটনশিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, শের-ই-বাংলা মেডিকেল কলেজেকে বিশ্ববিদ্যালয় করা, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নির্মাণ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও মহিপুর বাসির প্রাণের দাবি মহিপুর থানা কে উপজেলা উন্নিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত। এ অঞ্চলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিল্পায়ন, শিক্ষা, রেল লাইন, ভোলা – বরিশাল সেতু, বিমান বন্দর, চিকিৎসা, মহিপুর থানা কে উপজেলা উন্নিত করা ও পর্যটন খাতের উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিতে দক্ষিণাঞ্চল আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

    বৃহত্তর দক্ষিণাঞ্চলের দাবিগুলোর সাথে একতাবদ্ধ হয়ে মহিপুর থানা বাসির প্রাণের দাবি মহিপুর থানা কে উপজেলা উন্নিত করা গেলে এলাকার ব্যবসা বাণিজ্যে ব্যপক প্রসার ঘটবে এবং সরকারের রাজস্ব খাতে আয় বৃদ্ধি পাবে। মহিপুর থানার আওতাধীন হাজীপুর সোনাতলা ব্রিজ থেকে লতাচাপলীর তুলাতলী বাস টার্মিনাল পর্যন্ত মহাসড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেন।

    বক্তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

    মানববন্ধন থেকে জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা এবং উত্থাপিত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

  • বন্যার পানি কমলেও কুড়িগ্রামে শেষ হয়নি দুর্ভোগ, কৃষকের ৫০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

    বন্যার পানি কমলেও কুড়িগ্রামে শেষ হয়নি দুর্ভোগ, কৃষকের ৫০০ হেক্টর ফসল ক্ষতিগ্রস্ত

    কুড়িগ্রামে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি দ্রুত কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় এসব নদীর পানি ৩০ থেকে ৪০ সেন্টিমিটার পর্যন্ত নেমেছে। তবে উজানের ঢল ও বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি কিছুটা বৃদ্ধি পেয়েছে। বুধবার (১ জুলাই) সকালে পানি উন্নয়ন বোর্ড সূত্রে এসব তথ্য জানা গেছে।

    পানি কমতে শুরু করলেও বন্যাকবলিত মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। নিম্নাঞ্চলের অনেক এলাকায় পানি জমে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। অনেক পরিবার এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। বিভিন্ন এলাকায় কাঁচা সড়ক পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও বিঘ্নিত হচ্ছে।

    এদিকে বন্যার পানিতে জেলার প্রায় ৫০০ হেক্টর জমির পাট, আমনের বীজতলা, সবজি ও অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন কৃষকরা। একই সঙ্গে পানি কমা-বাড়ার মধ্যেই জেলার বিভিন্ন নদীতে ভাঙন শুরু হয়েছে। বর্তমানে প্রায় ৩৫টি পয়েন্টে নদীভাঙন অব্যাহত রয়েছে। এতে নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

    কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষি বিভাগ ক্ষতিগ্রস্ত ফসলের পরিমাণ নিরূপণের কাজ করছে। পানি আরও নেমে গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাবে।

    কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, বর্তমানে অধিকাংশ নদীর পানি কমলেও আগামী দুই দিনের মধ্যে আবারও নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। তাই নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। 

  • সারসংকটে তেতুলিয়ায় শত শত  ক্ষুদ্র চা চাষিরা

    সারসংকটে তেতুলিয়ায় শত শত ক্ষুদ্র চা চাষিরা

    পঞ্চগড় জেলার তেতুলিয়ায় উপজেলা সারসংকটে পড়েছেন। শত শত চা বাগান ক্ষুন্দ্র চাষিরা। এতে জেলার সমতল অঞ্চলের ক্ষুদ্র চা চাষিরা বিপাকে পড়েছে। বাজার থেকে প্রয়োজন মতো সার কিনতে পারছেন না তারা। এ কারণে ভরা মৌসুমে চা বাগানে প্রয়োজনীয় পরিমাণ সার প্রয়োগ করতে পারছেন না চা চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নির্ধারিত ডিলারদের কাছে চা বাগানে প্রয়োগের জন্য পর্যাপ্ত সার মজুত নেই।

    চা বোর্ড বলছে, সারের চাহিদা বাণিজ্য মন্ত্রণালয়ে কয়েকবার পাঠানো হয়েছে। তবে মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি। চা বোর্ড সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গের পঞ্চগড়, ঠাকুরগাঁও, লালমনিরহাট, দিনাজপুর এবং নীলফামারী জেলায় নিবন্ধিত, অনিবন্ধিত এবং বড়-ক্ষুদ্র মিলিয়ে প্রায় ৯ হাজার চা বাগান রয়েছে। প্রায় ১১ হাজার ৬০০ একর জমিতে চা আবাদ হচ্ছে।

    এই চা বাগানগুলো থেকে ২০২৫ সালে প্রায় ১০ কোটি সবুজ চা পাতা উৎপাদন হয়েছে। পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে অবস্থিত ৩১টি চা কারখানায় প্রায় আড়াই কোটি টাকার তৈরি চা পাতা উৎপাদন হয়েছে। এ এলাকা দেশের দ্বিতীয় বৃহত্তম চা অঞ্চল। দেশের মোট চায়ের প্রায় ২২ শতাংশ এ অঞ্চলে উৎপাদন হয়।চা বোর্ড আরও জানায়, এসব চা বাগানে এ মৌসুমে প্রায় ২ হাজার মেট্রিক টন ইউরিয়া, ৫০৭ মেট্রিক টন টিএসপি এবং ১ হাজার ১০০ মেট্রিক টন এমওপি সারের চাহিদা পাঠানো হয়েছে। অন্যদিকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলে চা চাষ হলেও মন্ত্রণালয় থেকে চায়ের জন্য আলাদা সার বরাদ্দ দেওয়া হয় না। বোরো, আমনসহ সাধারণ ফসল আবাদের জন্য সার বরাদ্দ দেওয়া হয়। কৃষকরা তা ফসল আবাদে প্রয়োগ করে থাকেন। এই সার চা বাগানেও প্রয়োগ করা হয়।এতে একদিকে সাধারণ কৃষক সার সংকটে পড়েন। চা চাষিরাও চা বাগানে প্রয়োজনীয় সার দিতে পারছেন না। চা শিল্পবাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। তাই সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সার বরাদ্দের দাবি জানান তারা। সার ডিলাররা বলছেন, প্রয়োজনীয় বরাদ্দ পাচ্ছেন না তারা। বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন জানান, উত্তরাঞ্চলে চায়ের আবাদ প্রতি বছর বাড়ছে। ক্ষুদ্র চা চাষিরা বাড়ির আনাচে-কানাচে চায়ের আবাদ করছেন। সেই তুলনায় সারের বরাদ্দ কম। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শুধু সাধারণ ফসল আবাদের জন্য সার বরাদ্দ দেয়। চা চাষের জন্য আলাদা বরাদ্দ দেয় না। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কয়েক বছর থেকে চিঠি দিয়েছি। কিন্তু কোনো সমাধান হচ্ছে না।

    পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবদুল মতিন বলেন, পঞ্চগড়ে প্রায় দেড় লাখ একর জমিতে আমন, বোরো আবাদ হয়। এ ছাড়া বাদাম, মরিচ, টম্যাটো, শাকসবজি, গম, পাট, মালটা, আমসহ নানা ধরনের ফসল চাষাবাদ হয়। এসব ফসল আবাদের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে ৪৬ হাজার ৩৯৯ মেট্রিক টন ইউরিয়া, ১৮ হাজার ৫৮১ মেট্রিক টন টিএসপি এবং ২২ হাজার ৫৪৬ মেট্রিক টন এমওপি বরাদ্দ পাওয়া গেছে। চা চাষিরাও এ সার সংগ্রহ করে চা বাগানে প্রয়োগ করেন। ফলে সারের সংকট সৃষ্টি হয়। চা চাষের জন্য আমাদের মন্ত্রণালয় থেকে আলাদা করে সার বরাদ্দ দেওয়া হয় না। আমরা বিষয়টি বারবার চা বোর্ডকে জানিয়েছি। চা শিল্প বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন। তাই কৃষি মন্ত্রণালয় চায়ের জন্য সার বরাদ্দ দিচ্ছে না। এটা আমরা চা বোর্ডকে জানিয়েছি। কিন্তু কয়েক বছর পেরিয়ে গেলেও এর কোনো সমাধান হয়নি।

  • জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ

    জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ

    সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার তেলিয়াপাড়া গ্রামে এক প্রভাবশালীর বিরুদ্ধে জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গত ১৪ বছর ধরে দখলে থাকা রতন মিয়ার টিনশেড দোকান ভেঙ্গে সম্প্রতি পাকা দালান নির্মাণ করছেন হাবিব মিয়া ও তার সহোদররা।
    জানা যায়, তেলিয়াপাড়ায় জনৈক আব্দুল কুদ্দুসের কাছ থেকে ২০১২ ও ২০১৪ সালে দুই দফায় ৬ শতক জায়গা ক্রয় করেন রতন মিয়া। যার দলিল নং-১৪০৬/২০১২, ১৫৭৫/২০১৪ ইং । খতিয়ান নং: ৭৭০, দাগ নং-১৭০৭, ১৮৪৫,৮০০৪, মৌজা-জামালগঞ্জ, জেএল নং-৮৮, আরএস.৬৬।
    দীর্ঘ ১৪ বছর ধরে এই খরিদা ভূমি ভোগ দখল করে আসছিলেন রতন মিয়া। এমনকি ওই স্থানে একটি টিনশেড দোকান নির্মাণ করে স্থানীয় বাবুল মিয়ার কাছে ভাড়াও নিতেন চুক্তিতে। তবে সম্প্রতি ডুবাই প্রবাসী হাবিব তার সহোদর শহিবুর, হাসান মিয়া, জহুর মিয়া, আসলাম মিয়া, আব্দুর রহিম গংরা মিলে জায়গাটি তাদের দাবী করে ওই টিনশেড দোকান ভেঙ্গে জোরপূর্বক পাকা দালান নির্মাণ করছেন। জায়গাটি নিয়ে আদালতে মামলা চলমান থাকলেও পেশীশক্তির বলে হাবিব গংরা জায়গাটি দখলে নিতে তরিঘরি করে পাকা দালান নির্মানে মরিয়া হয়ে উঠেছে। জায়গার মালিক রতন মিয়া বাহিরের জেলা নেত্রকোনার বাসিন্দা ও নীরিহ প্রকৃতির লোক হওয়ার সুযোগে এই দাপট দেখাচ্ছে হাবিব গংরা।
    স্থানীয় বাসিন্দা ওয়াসিম জানান, দীর্ঘ ১৪ বছর ধরে এই জায়গাটির দখলে ছিলেন রতন মিয়া। যেখানে একটি টিনশেড দোকান নির্মাণ করেও ভাড়াও দিয়েছিলেন তিনি। আমরা যারা স্থানীয়রা আছি তারা এমমটাই দেখে আসছে। এখন এখানে টিনশেড ঘরটি ভেঙ্গে হাবিব গংরা পাকা দালান নির্মাণ করতেছে।
    রতন মিয়ার দোকানের ভাড়াটে বাবুল মিয়া জানান, আমি রতন মিয়ার কাছ থেকে দোকানটি ভাড়া এনে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। এখন এই দোকানটি ভেঙ্গে দেয়া হয়েছে। হাবিব মিয়া দাবী করছে এই জায়গা তার।
    এদিকে জোর করে নয়, নিজের ক্রয় করা জায়গায় ঘর নির্মাণ করছেন বলে জানালেন অভিযুক্ত হাবিব মিয়া।
    লিগ্যাল এইড অফিস সুনামগঞ্জ থেকে নোটিশ আসার পর আমরা নোটিশ উভয় পক্ষকে পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিত স্বাভাবিক রয়েছে রয়েছে বলে জানান জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী মিয়া।

  • কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের  উচ্ছেদ অভিযান

    কালীগঞ্জে ফুটপাত সড়ক দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

    গাজীপুরে কালীগঞ্জে ১ জুলাই ২০২৬ জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা, যানজট নিরসন এবং এলাকার সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে কালীগঞ্জ পৌর এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

    বুধবার দুপুরে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে কালীগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসস্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকান, অস্থায়ী স্থাপনা, টংঘর ও প্রতিবন্ধকতা অপসারণ করা হয়।

    স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা জানান, দীর্ঘদিন ধরে পুরাতন সোনালী ব্যাংক মোড়, বাসস্ট্যান্ড, বটতলা ও বাজার এলাকায় ফুটপাত ও সড়কের বড় অংশ অবৈধভাবে দখল করায় পথচারীরা ফুটপাত ব্যবহার করতে পারছিলেন না। বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে গিয়ে নিরাপত্তা হুমকির মুখে পড়ছিলেন। সড়কে তীব্র যানজট ও জনভোগান্তি তৈরি হতো, বিশেষ করে অফিসগামী মানুষ, দূরপাল্লার যাত্রী ও পথচারীরা চরম দুর্ভোগ পোহাতেন। উচ্ছেদ অভিযানের ফলে এলাকাবাসী ও যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

    প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। তারা মনে করছেন, নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে কালীগঞ্জ পৌর এলাকার দীর্ঘদিনের যানজট ও বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম জানান, কালীগঞ্জের অন্যতম ব্যস্ত এ রাস্তায় যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এবং জনস্বার্থে পরিচালিত এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। নগরবাসীর স্বার্থে কোনো অবৈধ দখল বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।

  • শিশুকে চিড়িয়াখানার কুমিরের খাঁচায় নিক্ষেপ, অতঃপর…

    শিশুকে চিড়িয়াখানার কুমিরের খাঁচায় নিক্ষেপ, অতঃপর…

    ঘটনাটি ইংল্যান্ডের। দেশটির কেমব্রিজশায়ারের একটি চিড়িয়াখানায় কুমিরের খাঁচায় তিন বছরের এক শিশুকে ছুড়ে ফেলা হয়।

    সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত মাসে কেমব্রিজশায়ারের হান্টিংডনের জনসনস অব ওল্ড হার্স্ট চিড়িয়াখানায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ৩০ বছর বয়সী এক ব্যক্তি নিরাপত্তা বেড়া টপকে তিন বছর বয়সী ওই শিশুকে প্রায় ১৫ ফুট নিচে কুমিরের খাঁচার ভেতরে ছুড়ে ফেলেন। নিচে পড়তেই শিশুটির ওপর হামলা চালায় একটি কুমির।

    এ সময় চিড়িয়াখানার মালিক ট্রেসি জনসন নিজের জীবনের ঝুঁকি নিয়ে খাঁচার ভেতরে নেমে শিশুটিকে উদ্ধার করেন। পরে তার স্বামী অ্যান্ডি জনসন এবং ছেলে এডওয়ার্ডও উদ্ধার অভিযানে যোগ দেন। ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং ট্রেসি জনসনকে অনেকেই ‘সত্যিকারের নায়িকা’ হিসেবে আখ্যায়িত করেন।

    একাধিক অস্ত্রোপচার
    শিশুটির পরিবারের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য অনলাইন তহবিল গোফান্ডমি-তে একটি প্রচারণা শুরু করেছেন লুসি লকেট।

    তিনি জানিয়েছেন, দ্রুত উদ্ধার এবং হাসপাতালে নেওয়ার ফলে শিশুটির প্রাণ রক্ষা সম্ভব হয়েছে। একাধিক জটিল অস্ত্রোপচারের পর তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল হলেও সামনে রয়েছে দীর্ঘ চিকিৎসা ও পুনর্বাসনের পথ।

    তিনি বলেন, শিশুটির বাবা-মা সার্বক্ষণিক হাসপাতালে তার পাশে রয়েছেন। তারা সন্তানের শারীরিক চিকিৎসার পাশাপাশি ভয়াবহ মানসিক আঘাত কাটিয়ে উঠতেও সহায়তা করছেন।

    লুসি লকেট আরও জানান, সংগৃহীত অর্থ শিশুটির চিকিৎসা, পুনর্বাসন এবং পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় ব্যয় করা হবে। প্রয়োজনের অতিরিক্ত অর্থ থাকলে তা অ্যাডেনব্রুকস ট্রাস্ট-এর অধীন বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে দেওয়া হবে, যাতে একই ধরনের বিপর্যয়ের শিকার অন্য পরিবারগুলোকেও সহায়তা করা যায়।

    তিনি পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন, শিশুটির পরিচয় ও ব্যক্তিগত গোপনীয়তা যেন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করা হয়।

    পরিবারের কৃতজ্ঞতা
    কেমব্রিজশায়ার পুলিশ প্রকাশিত এক বিবৃতিতে শিশুটির পরিবার জানায়, চিড়িয়াখানার কর্মীদের সাহসিকতা না থাকলে তাদের সন্তানকে বাঁচানো সম্ভব হতো না।

    বিবৃতিতে তারা বলেন, “আমাদের সন্তানকে খাঁচা থেকে উদ্ধার করা চিড়িয়াখানার কর্মীদের প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। পাশাপাশি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা।”

    পরিবারটি জানায়, বর্তমানে তাদের সব মনোযোগ শিশুটির সুস্থতা নিশ্চিত করার দিকেই নিবদ্ধ রয়েছে।

    তদন্তের মুখে সন্দেহভাজনের পরিচর্যা সংস্থা
    ঘটনার পর ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়। তবে পুলিশ জানায়, মানসিক ও স্বাস্থ্যগত অবস্থার কারণে তাকে জিজ্ঞাসাবাদের উপযুক্ত মনে করা হয়নি। পরে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

    ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি বুদ্ধিপ্রতিবন্ধকতা বা শেখার সক্ষমতাজনিত সমস্যায় (লার্নিং ডিফিকাল্টিজ) ভুগছেন বলে ধারণা করা হচ্ছে।

    এ ঘটনার পর তাকে তত্ত্বাবধানকারী পরিচর্যা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য ও সামাজিক পরিচর্যা খাতের নিয়ন্ত্রক সংস্থা কেয়ার কোয়ালিটি কমিশন (সিকিউসি) জানিয়েছে, তারা সংশ্লিষ্ট পরিচর্যা প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ এবং পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে ঘটনার তদন্ত করছে।

    প্রয়োজনে সংস্থাটি সতর্কবার্তা দেওয়া, বিশেষ তত্ত্বাবধানে নেওয়া, জরিমানা কিংবা আইনি ব্যবস্থা গ্রহণের মতো পদক্ষেপ নিতে পারে।

    প্রত্যক্ষদর্শীদের অভিযোগ
    ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, অভিযুক্ত ব্যক্তির সঙ্গে থাকা পরিচর্যাকারীরা তার প্রতি যথাযথ নজরদারি করছিলেন না।

    একজন প্রত্যক্ষদর্শী জানান, পরিচর্যাকারীরা তার থেকে প্রায় ১০ মিটার দূরে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথা বলছিলেন এবং মোবাইল ফোন ব্যবহার করছিলেন।

    আরেকটি সূত্রের দাবি, ঘটনার পর তারা অভিযুক্তকে দ্রুত গাড়িতে তুলে সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। তবে চিড়িয়াখানার একজন কর্মী তাদের বাধা দেন এবং পুলিশ আসা পর্যন্ত আটকে রাখেন।

    গুরুতর আহত শিশু
    ঘটনার সময় শিশুটি কংক্রিটের ওপর পড়ে পরে পানিতে গড়িয়ে যায়। এরপর কুমিরের আক্রমণে তার একটি হাত ও শ্রোণি (পেলভিস) মারাত্মকভাবে ভেঙে যায়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির মায়ের সামনেই পুরো ঘটনাটি ঘটে। তার সঙ্গে তখন আরেকটি ছোট শিশুও ছিল।

    ঘটনার প্রায় ১০ মিনিটের মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।

    এদিকে হাসপাতালের প্রায় ৪০ জন এনএইচএস কর্মী অনুমতি ছাড়াই শিশুটির ব্যক্তিগত চিকিৎসা নথি দেখেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাতেও পৃথক তদন্ত শুরু হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে।

    আবারও খুলে দেওয়া হয়েছে কুমিরের খাঁচা
    যে খাঁচায় ঘটনাটি ঘটেছে সেখানে অন্তত ১৫টি কুমির ও অ্যালিগেটর রয়েছে। এর মধ্যে ‘রোমিও’ ও ‘কাডলস’ নামে দুটি বিশাল নীল নদের কুমিরের দৈর্ঘ্য ৯ থেকে ১১ ফুট এবং একটি কুমিরের ওজন প্রায় ৪৮৫ পাউন্ড পর্যন্ত।

    ঘটনার পর সাময়িকভাবে বন্ধ রাখা হলেও কুমিরের ওই প্রদর্শনী এলাকা আবারও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে।

    ডেইরি খামার হিসেবে যাত্রা শুরু করা জনসনস অব ওল্ড হার্স্ট বর্তমানে একটি খামারবাড়ি, মাংসের দোকান, ফার্ম শপ, টি রুম, স্টেক হাউস এবং চিড়িয়াখানা পরিচালনা করছে। সেখানে বর্তমানে সিংহ, বাঘ, ভালুক, ক্যাপিবারা, মিরক্যাটসহ শতাধিক প্রাণী রয়েছে।

    এই ঘটনায় যুক্তরাজ্যজুড়ে শিশুদের নিরাপত্তা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের তত্ত্বাবধান এবং চিড়িয়াখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে

  • জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার

    জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার

    জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর ভাটারা থানায় রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

    গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রিফাত আল আফসানী আসামিকে এই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজ দিন নির্ধারণ করেছিলেন।

    আটক রাখার আবেদনে বলা হয়, আসামি আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে উস্কানীমূলক কথাবার্তাসহ অর্থদাতা ও হুকুমদাতা হিসেবে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। আসামি এই মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত আছে বলেও তদন্তে সত্যতা পাওয়া যায়। এ অবস্থায় এই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে জেল-হাজতে আটক রাখা একান্ত প্রয়োজন। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক থেকে মামলা তদন্তে ব্যঘাত ঘটানোর সম্ভাবনা রয়েছে।পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।মামলার অভিযোগে বলা হয়, ২০২৪ সালের জুলাই আন্দোলনে সন্দিগ্ধ আসামি মো. আজিজুল ইসলামসহ মামলার এজাহারনামীয় আসামিরা এবং অজ্ঞাত অসংখ্যক আসামি পরস্পর যোগসাজশে উস্কানীমূলক বক্তব্য এবং নির্দেশনা দিয়ে শিক্ষার্থীদের প্রতিহত ও দেখামাত্র সরাসরি গুলি করার ঘোষণা দেয়। ওই বছরের ৫ আগস্ট সকাল ১০টায় ভাটারা থানার যমুনা ফিউচার পার্কের সামনে যমুনা টিভি গেটের সামনে আসামি জেবুন্নেসা আফরোজসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে উস্কানীমূলক কথাবার্তাসহ অর্থদাতা ও হুকুম দেন। ওই ঘটনায় একই বছরের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় মামলাটি দায়ের করা হয়।

  • ব্যক্তিগত অর্থায়নে বেহাল সড়ক সংস্কার করলেন পাইস্কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান (বি.এসসি.)

    ব্যক্তিগত অর্থায়নে বেহাল সড়ক সংস্কার করলেন পাইস্কা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান (বি.এসসি.)

    নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী (টাঙ্গাইল):

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৪ নম্বর পাইস্কা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের থোড়া ও পাইটকা গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি টানা বৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়লে স্থানীয় জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান (বি.এসসি.)।

    সংস্কারকাজের সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত রাস্তা চলাচল উপযোগী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে বৃষ্টির কারণে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী, কৃষক, পথচারী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।

    এ সময় হাফিজুর রহমান (বি.এসসি.) বলেন, “জনগণের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হওয়ার আগেই মানুষের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পাইস্কা ইউনিয়নের কোনো রাস্তা কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে সকল কাঁচা রাস্তা উন্নয়ন করে টেকসই ও চলাচল উপযোগী করা হবে।”

    এলাকাবাসী জানান, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের মতো কাজ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

    স্থানীয়দের মতে, জনদুর্ভোগ নিরসনে এমন উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং মানুষের যাতায়াত সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • চব্বিশের মানবতাবিরোধী অপরাধ ইনুর ১০ বছর কারাদণ্ড

    চব্বিশের মানবতাবিরোধী অপরাধ ইনুর ১০ বছর কারাদণ্ড

    চব্বিশের গণ অভ্যুত্থানের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাঁকে পৃথক দুই অভিযোগে ২ লাখ টাকা ক্ষতিপূরণ অর্থদণ্ড হিসেবে দিতে বলা হয়েছে রায়ে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ এ রায় দেন। ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    মামলার একমাত্র আসামি ইনুর বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী, চাকরিজীবী ইউসুফ শেখকে হত্যাসহ অভ্যুত্থানের বিভিন্ন পর্যায়ে উসকানি, ষড়যন্ত্র, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, নিপীড়নমূলক কৌশলে সমর্থনসহ মানবতাবিরোধী অপরাধের আট অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে তাঁকে তিনটি অভিযোগে দোষী সাব্যস্ত করে বাকি পাঁচ অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। গতকাল রায় ঘোষণার আগে ইনুকে ট্রাইব্যুনালে তোলা হয়। রায় ঘোষণা শেষ হলে তিনি হেসে ওঠেন। বাংলাদেশ টেলিভিশনে রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হয়।

    রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম, গাজী মোনাওয়ার হুসাইন তামীম, বি এম সুলতান মাহমুদসহ অন্যান্য প্রসিকিউটর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তারা। হাসানুল হক ইনুর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

    ৩০ বছর সাজা হলেও ইনুকে খাটতে হবে ১০ বছর : মামলার ৩ নম্বর অভিযোগের কথা উল্লেখ করে রায়ে ট্রাইব্যুনাল বলেন, ‘এই অভিযোগের সাক্ষী রাইসুল হকসহ অন্য ভুক্তভোগীদের গুরুতর আহত তথা নির্যাতন, রাজনৈতিক নিপীড়ন করার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩-এর ৩(২) (ক) (জ), ৪(১) ৪(২), ২০(২) ও ২০(ক) ধারায় আসামি হাসানুল হক ইনুকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হলো।’ এ ছাড়া ষড়যন্ত্র, সংঘটিত অপরাধে প্ররোচনা ও সহযোগিতার দায়ে ৬, ৭ নম্বর অভিযোগে ১ লাখ করে মোট ২ লাখ টাকা ক্ষতিপূরণসহ ১০ বছর করে মোট ২০ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ১, ২, ৪, ৫ ও ৮ নম্বর অভিযোগ থেকে ইনুকে খালাস দেওয়ার কথা উল্লেখ করে রায়ে বলা হয়, ‘আসামির বিরুদ্ধে আরোপিত সব সাজা যুগপৎভাবে (একসঙ্গে) চলবে।’

    ফলে তিনটি অভিযোগে ১০ বছর করে মোট ৩০ বছর কারাদণ্ড দেওয়া হলেও ইনুকে ১০ বছর সাজা খাটতে হবে।

    এটা প্রহসনের বিচার-ইনু : রায় ঘোষণা শেষে ট্রাইব্যুনালের এজলাস থেকে নামিয়ে সেলে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের দেখে গলার স্বর চড়িয়ে কথা বলতে শোনা যায় জাসদ সভাপতিকে। তিনি বলছিলেন, ‘১৯৭৬ সালে জিয়াউর রহমান সাজা দিয়েছিল, আজ তাঁর ছেলে সাজা দিল। প্রহসনের আদালতে তারেক জিয়ার ফরমায়েশি রায়। এটা প্রহসনের বিচার।’ এরপর তিনি এও বলেন, ‘যাক, বিড়ম্বনা থেকে মুক্তি হলো।’

    যে তিন অভিযোগে সাজা : তৃতীয় অভিযোগে বলা হয়েছে, ২০ জুলাই দুপুরে কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন দিয়ে আন্দোলনকারীদের ভিডিও দেখে শনাক্ত করে আন্দোলন দমন ও আন্দোলনকারীদের আটক, নির্যাতন ও হত্যার নির্দেশ দেন ইনু। ষষ্ঠ অভিযোগে বলা হয়েছে, আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ২০২৪ সালের ২৯ জুলাই ১৪-দলীয় জোটের সভায় উপস্থিত থেকে আন্দোলনকারীদের জামায়াত, সন্ত্রাসী, সাম্প্রদায়িক ট্যাগ দেন। একই সভায় জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে তিনি মূলত আন্দোলনকারীদের ওপর চালানো হত্যাকাণ্ড-নির্যাতনের বৈধতা দেওয়ার চেষ্টা করেন। আর দোষী সাব্যস্ত করা সপ্তম অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকালে আন্দোলনকারীদের জঙ্গি তকমা দিয়ে কারফিউ জারির মাধ্যমে গুলিবর্ষণের কঠোর সিদ্ধান্ত গ্রহণ এবং তা বাস্তবায়নে অধস্তনদের নির্দেশনা দেওয়া।

    এ রায়ে আমরা সন্তুষ্ট নই, আপিল করা হবে-চিফ প্রসিকিউটর : রায়ের পর সংক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এ রায়ে আমরা সন্তুষ্ট নই। যে তিনটি অভিযোগে ১০ বছর করে তাঁকে সাজা দেওয়া হয়েছে, সেই সাজা বাড়াতে এবং যেসব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে, সেই খালাসের বিরুদ্ধে আমরা আপিল করব।’

    নিকৃষ্টতম অবিচার-ইনুর স্ত্রী : রায়ের পর সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দণ্ডিত হাসানুল হক ইনুর স্ত্রী সাবেক সংসদ সদস্য আফরোজা হক রীনা। ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা মনে করি আইনের নিকৃষ্টতম অপব্যবহার এবং নিকৃষ্টতম অবিচার। আমরা এ রায় প্রত্যাখ্যান করি। এটি একটি ফরমায়েশি রায়। মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ, সেই মতবাদের প্রতিফলন এ রায়ের মধ্য দিয়ে ঘটেছে। এ মতবাদের বিরুদ্ধে ১৯৭১ সাল থেকে আমাদের যুদ্ধ। আইনজীবী এবং দলের সঙ্গে পরামর্শ করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

    মামলার বৃত্তান্ত : গত বছর ২৫ মার্চ এ মামলার তদন্ত শুরু হয়। সাড়ে পাঁচ মাস তদন্তের পর ১১ সেপ্টেম্বর চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। যাচাইবাছাইয়ের পর ২৫ সেপ্টেম্বর ‘আনুষ্ঠানিক অভিযোগ’ হিসেবে তা ট্রাইব্যুনালে দাখিল করা হয়। ওই দিনই আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। পরে অভিযোগ গঠন নিয়ে শুনানি শুরু হয়। গত বছর ২ নভেম্বর ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের পর ৩০ নভেম্বর মামলার সূচনা বক্তব্য উপস্থাপন করে প্রসিকিউশন। ১ ডিসেম্বর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। মামলার তদন্ত কর্মকর্তাসহ ১০ জন সাক্ষী এ মামলায় সাক্ষ্য দেন। আসামির পক্ষে সাফাই সাক্ষ্য দেন দুজন। ১৩ এপ্রিল থেকে বিচারের তৃতীয় ধাপ। এদিন শুরু হয় যুক্তিতর্ক। তা শেষ হয় ১৪ মে। এদিন প্রসিকিউশন ও আসামিপক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক শেষ হলে মামলার রায় ঘোষণা অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। ২২ জুন মামলাটি ফের ট্রাইব্যুালের কার্যতালিকায় তোলা হয়। সেদিন আদালত ৩০ জুন রায় ঘোষণার তারিখ ধার্য করে দেন। সে অনুযায়ী রায় ঘোষণা করলেন ট্রাইব্যুনাল। এ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ছয়টি মামলার রায় ঘোষণা করা হলো। এর আগে মানবতাবিরোধী অপরাধের পাঁচ মামলার রায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

    আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে তিনি কারাগারে আছেন।