বটিয়াঘাটা সদর ইউনিয়নের সিলিন্দামারী এলাকায় গতপরশু বুধবার দিবাগত রাতে চেতনা নাশক ঔষুধ স্প্রে করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে । এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের থানা মোড়ে চায়ের দোকানদার বিপুল রায় প্রতিদিনের ন্যায় দোকানদারী করতে থাকে তখন সে তার শরিরটা খারাপ লাগায় সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে ভ্যান যোগে বাড়ি প্রবেশ করে তার মেয়েকে ডাক দিয়ে বলে আমার শরিরটা ভাল লাগছে না প্রচুর ঘুম পাচ্ছে ওই বলে বিপুল ঘরে ঘুমিয়ে পড়ে। পরবর্তিতে মেয়ে বৃষ্টি রায় ভাত খেলে তারও সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে সেও ঘুমিয়ে পরে। সময় সুযোগ বুঝে অজ্ঞাতনামা একটি চক্র দরজার তালা ভেঙ্গে ঘরে ভিতরে প্রবেশ করে চেতনা নাশক ঔষুধ স্প্রে করে ঘরের মালামাল নিতে থাকে । ওই সময়ে মেয়ের হাতে থাকা আংটি খুলতে গেলে ব্যথায় অনুভাব করায় বৃষ্টির ঘুম ভেঙ্গে যায় তখন সে চোখ খুলে দেখে খাটের পাশে ৩জন দাড়িয়ে আছে তখন সে আত্মচিৎকার করলে চোরেরা দ্রুত স্থান ত্যাগ করে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । বর্তমানে ভূক্তভোগী বিপুল রায় ও মেয়ে বৃষ্টি রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
Blog
-

বরিশাল বিভাগীয় কমিশনার চাঁদপুরের কৃতি সন্তান অতিরিক্ত সচিব জনাব খলিল আহমেদ।।
অতিরিক্ত সচিব খলিল আহমেদ বর্তমানে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইতোপূর্বে তিনি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ২২ এপ্রিল ২০২৬-এ তাকে নতুন এই পদে পদায়ন করা হয়।
তিনি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার দক্ষিণ পূর্ব এলাকা খাজুরিয়া ছোট ভবানী পুর গ্রামের কৃতি সন্তান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা।
তাঁর বড় ভাই জনাব নেছার আহেমদ ১১ তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। এবং বাংলাদেশ সরকারের যুগ্ম-সচিব হিসাবে দায়িত্ব পালন করে বর্তমানে আমেরিকায় পরিবারসহ বসবাস করছেন।
৩য় ভাই সহিদুল ইসলাম (সহিদ আহমদ) সহকারী অধ্যাপক বাংলা বিভাগ, শংকুচাইল ডিগ্রি কলেজ বুড়িচং কুমিল্লা
এবং ৪র্থ ভাই ফারুক আহমেদ লিটন মেহের ডিগ্রী কলেজ শাহরাস্তি চাঁদপুর। সরকারি অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মহনসিংহ এবং ইউনিভার্সিটি অব বেডফোর্ডশায়ার, যুক্তরাজ্য (প্রজেক্ট ম্যানেজমেন্ট) থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে তিনি সহকারী কমিশনার হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণায় যোগদান করেন। পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ঢাকা সিটি কর্পোরেশন, ঢাকা ওয়াসা এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) এবং অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে মাঠ প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় প্রশাসনে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পরিচালক হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করে প্রকল্প মনিটরিং, নীতি বাস্তবায়ন এবং কর্মসম্পাদন মূল্যায়নে দক্ষতা ও সুনাম অর্জন করেন। পরবর্তীতে যুগ্মসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং অতিরিক্ত সচিব হিসেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে কর্মরত থাকার পর বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে পদায়িত হন।
প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি তিনি একজন সৃজনশীল লেখক হিসেবেও পরিচিত। তাঁর রচিত নাটক ও সাহিত্যকর্মের মধ্যে রয়েছে রাশমনি, বৈশাখী ফকির, ষড়ঋতুর চক্রবাক, হ্যাপি মাদার’স ডে ইন ইংল্যান্ড, চেয়ারম্যানের ভোট, অসাবধানতা, আধুনিক ফকির, গেদু কবিরাজ, ইত্যাদি।
-

এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করল উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপ
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিসিরাজগঞ্জের উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে আসন্ন এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার প্রস্তুতি, সময়ের সঠিক ব্যবহার, আত্মবিশ্বাস এবং সফলতার জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পরীক্ষার্থীদের মনোযোগসহকারে লেখাপড়া করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জনের আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট ও সিরাজগঞ্জ জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি মো. আকাশ হোসেন এবং রোভার মেট মো. রায়হান আলী।
উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে আর্থিক সহযোগিতা করেন রোভার মেট মো. আবির হোসেন। পুরো আয়োজনের সার্বিক তত্ত্বাবধান করে উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপ।
গ্রুপের সহকারী রোভার স্কাউট লিডার মো. শাকিল হোসেন বলেন, “শিক্ষার্থীদের জন্য এই সামান্য উপহার তাদের পরীক্ষার আগে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপহার পেয়ে পরীক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এমন উদ্যোগ তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে এবং রোভারিং কার্যক্রমের প্রতি আগ্রহী করে তুলবে।
সিনিয়র রোভার মেট মো. আকাশ হোসেন বলেন, বর্তমানে উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপে ১৭ থেকে ২৪ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য সহচর স্তরে নবাগত সদস্য ভর্তি কার্যক্রম চলছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য আরও বিভিন্ন অনুপ্রেরণামূলক ও সেবামূলক উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি বলেন, “রোভারিংয়ের মাধ্যমে সিরাজগঞ্জ জেলাকে আরও সমৃদ্ধ করতে উল্লাপাড়া ওপেন রোভার স্কাউট গ্রুপ সবসময় কাজ করে যাবে। -

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সিরাজগঞ্জ পুলিশ সুপারের সৌজন্য সাক্ষাৎ, নিরাপদ ক্যাম্পাস গড়তে সহযোগিতার আশ্বাস
মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম। সোমবার (২৯ জুন) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১-এ উপাচার্যের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ, ক্যাম্পাসে শান্তিপূর্ণ ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা পুলিশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, “রবীন্দ্র বিশ্ববিদ্যালয় একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে জেলা পুলিশ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার বলেন, “বিশ্ববিদ্যালয়ে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে জেলা পুলিশের আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও ইতিবাচক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।”
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) হাফিজুর রহমান, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষ বিশ্ববিদ্যালয়ে নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন -

ঐতিহ্যবাহী বিনায়েকপুর ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মোঃ সুজন আহমেদ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের ঐতিহ্যবাহী বিনায়েকপুর ফুটবল মাঠে ছোট-বড়দের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে বিনায়েকপুর ঐতিহ্যবাহী মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ খেলায় এলাকার বিভিন্ন বয়সের ফুটবলপ্রেমীরা অংশগ্রহণ করেন। খেলাটি দেখতে মাঠে ভিড় করেন শত শত দর্শক। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় খেলোয়াড়দের দারুণ নৈপুণ্যে দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জনগনের চাওয়া (মেম্বার) পদপ্রার্থী ফজলুল হক। তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
স্থানীয় আয়োজকরা জানান, এলাকার যুবসমাজের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও খেলাধুলার চর্চা বাড়ানোর লক্ষ্যেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। খেলাটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। -

রাজধানীর বনানী তে পায়েল, এরশাদ, মিজান এর গেস্ট হাউজে মাদক বানিজ্য ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
রাজধানীর বনানী তে পায়েল, এরশাদ, মিজান এর গেস্ট হাউজে মাদক বানিজ্য ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে দ্রুত বিস্তার লাভ করা কিছু গেস্ট হাউজের বিরুদ্ধে মাদক ব্যবসা, অসামাজিক কার্যকলাপ, প্রতারণা এবং ব্ল্যাকমেইলের অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, গেস্ট হাউজের আড়ালে পরিচালিত এসব প্রতিষ্ঠানের একটি অংশ অবৈধ কর্মকাণ্ডের কেন্দ্র হয়ে উঠছে।অনুসন্ধান ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ঢাকার গুলশান, বনানী, উত্তরা ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় গড়ে ওঠা কিছু গেস্ট হাউজে অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে কিছু প্রতিষ্ঠানে ইয়াবা, হেরোইন, আইস, সিসাসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহের অভিযোগও পাওয়া গেছে।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, এসব প্রতিষ্ঠানে যাওয়া কিছু ধনাঢ্য ও প্রভাবশালী ব্যক্তি পরে ব্ল্যাকমেইলের শিকার হন। অভিযোগ রয়েছে, নারী কর্মীদের মাধ্যমে গ্রাহকদের অন্তরঙ্গ মুহূর্ত গোপনে ধারণ করে পরে তা প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করা হয়।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, অধিকাংশ গেস্ট হাউজ আবাসিক বা বাণিজ্যিক ভবনের ফ্ল্যাট ভাড়া নিয়ে পরিচালিত হয়। বাইরে থেকে তাদের কার্যক্রম বোঝার সুযোগ না থাকলেও ভেতরে একাধিক কক্ষ, স্বয়ংক্রিয় লক ব্যবস্থা ও সিসিটিভি নজরদারির ব্যবস্থা রাখা হয়।গোয়েন্দা সূত্রের ভাষ্য, রাজধানীতে কতগুলো গেস্ট হাউজ রয়েছে তার নির্ভরযোগ্য কোনো তালিকা নেই। অনেক প্রতিষ্ঠান লাইসেন্স নিয়ে ভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে।সামাজিক যোগাযোগমাধ্যমও গ্রাহক সংগ্রহের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, ওয়েবসাইট এবং বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহার করে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহক টানার অভিযোগ রয়েছে। এ কাজে দালাল চক্রও সক্রিয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অনেক প্রতিষ্ঠান অন্য ধরনের লাইসেন্স নিয়ে কার্যক্রম চালায়। অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হয়।পুলিশ বলছে, মাদক ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান অব্যাহত রয়েছে। বনানী থানা পুলিশ এর অভিযানে পায়েলের গেস্ট হাউজে ১১ জন গ্রেফতার হয়,বনানী থানা মামলা হওয়ার পরও থেমে নাই মাদক বানিজ্য ও ব্লাকমেইল। তবে প্রশাসনের বিরুদ্ধে মাসোহারা নেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগ রয়েছে, সুনির্দিষ্ট তথ্য থাকা সত্ত্বেও সব ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয় না। যদিও পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।ঢাকা মহানগর পুলিশের বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “আমার থানা এলাকায় অসামাজিক কার্যকলাপ পরিচালনার সুযোগ নেই। এ বিষয়ে নিয়মিত নজরদারি করা হয়। সংবাদ পাওয়া মাত্রই অভিযান চালানো হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ রোজউর রহমান বলেন, গেস্ট হাউজে মাদক সেবনের অভিযোগ পেলে আমরা যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে থাকি।”আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা আরও বলছেন, অতিরিক্ত ভাড়ার আশায় কিছু ভবনমালিক জেনেশুনেও এসব প্রতিষ্ঠানকে ফ্ল্যাট ভাড়া দেন। তবে অভিযানের সময় তারা সাধারণত দায় এড়ানোর চেষ্টা করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ-অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় কিছু গেস্ট হাউজে অবাধ যৌনতা, মাদকসেবন, প্রতারণা ও ব্ল্যাকমেইলের মতো ঘটনার অভিযোগ রয়েছে।তার মতে, এসব কার্যক্রম দেশের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। মাঝে মধ্যে অভিযান চালানো হলেও স্থায়ী সমাধান হচ্ছে না। অভিযানের পর কিছুদিন গা-ঢাকা দিয়ে সংশ্লিষ্টরা আবারও কার্যক্রম শুরু করে।ড. তৌহিদুল হক বলেন, “এই ধরনের প্রতিষ্ঠান তরুণ সমাজকে নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি ও অনিরাপদ জীবনধারার দিকে ঠেলে দিচ্ছে। ফলে এটি সামাজিক ও রাষ্ট্রীয় সমস্যায় পরিণত হচ্ছে।”বিশেষজ্ঞরা বলছেন, কেবল অভিযান নয়, কঠোর নজরদারি, নিয়মিত আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ ধরনের অভিযোগের স্থায়ী সমাধান সম্ভব। তাদের মতে, বিনোদন ও আরামের আড়ালে গড়ে ওঠা অপরাধচক্র নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে তা সমাজের জন্য বড় ধরনের ঝুঁকি হয়ে উঠতে পারে।
-

কুমিল্লায় স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় মূলহোতা বিদেশি পিস্তলসহ অপু গ্রেপ্তার
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হওয়ার আলোচিত ঘটনায় অভিযুক্ত মূলহোতা আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামছুল আলম শাহ্।
পুলিশ জানায়, গত ২৫ জুন কাটাবিল এলাকায় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে প্রকাশ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হলে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও সংশ্লিষ্ট থানা পুলিশ যৌথভাবে বিভিন্ন জেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা শুরু করে।
এরই ধারাবাহিকতায় বুধবার ভোররাতে অভিযুক্ত আবু হানিফ ওরফে অপুকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ জানান,অপু সংঘবদ্ধ অপরাধ চক্রটির নেতৃত্ব দিতেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি অস্ত্র মামলা দায়েরের প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইথান গুলিবিদ্ধের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। -

চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রামে প্রকাশ্যে গুলি করে আজাদ (২৫) নামে এক যুবককে হত্যা করার ঘটনা ঘটেছে। বুধবার (১ জুলাই) বিকেলে নগরের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকার ফরেস্ট গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আজাদ পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার হাকিম শাহ হুজুরের বাড়ির রশীদের ছেলে।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা আজাদকে গুলি করে। পরে তার সহযোগীরা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন বলেন, মুরাদপুর এলাকার ফরেস্ট এলাকায় গুলির একটি ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও সংশ্লিষ্ট বিষয়ে অনুসন্ধান শুরু করে। প্রাথমিকভাবে জানা গেছে, আজাদ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, বিকেল সোয়া ৪টার দিকে আমরা ঘটনাটির খবর পাই। ধারণা করা হচ্ছে, এর কিছুক্ষণ আগেই ঘটনাটি ঘটেছে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার কারণ ও অন্যান্য তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে অনুসন্ধান করা হচ্ছে।
-

ছয় সন্তান থাকার পরও মাথা গোঁজার ঠাঁই নেই বৃদ্ধা মায়ের, ভরণপোষণ না দেওয়ার অভিযোগ ছেলেদের বিরুদ্ধে
মো. পলাশ ইসলাম
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:স্বামী মারা গেছেন প্রায় ১৪ বছর আগে। বয়সের ভারে ন্যুব্জ, লাঠিতে ভর দিয়ে চলাফেরা করেন। অথচ চার ছেলে ও দুই মেয়ে থাকা সত্ত্বেও জীবনের শেষ প্রান্তে এসে নিজের মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার যদুনাথপুর ইউনিয়নের নেটামশরা গ্রামের মোছাঃ চম্পা বেগম (৮০)। ভরণপোষণ না দেওয়া, বসবাসের ঘর ভেঙে ফেলা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন তিনি নিজের ছেলেদের বিরুদ্ধে। প্রতিকার চেয়ে শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয়েছেন এই বৃদ্ধা।
ভুক্তভোগীর লিখিত অভিযোগ, স্থানীয়দের বক্তব্য এবং সরেজমিনে পাওয়া তথ্যে জানা যায়, চম্পা বেগমের স্বামী মৃত ইউনুছ আলী মারা যাওয়ার পর থেকেই পারিবারিক বিরোধ প্রকট হতে থাকে। অভিযোগ রয়েছে, তার তিন ছেলে—আব্দুল কাদের (৪৫), আব্দুল আজিজ (৪২) ও ইব্রাহিম দীর্ঘদিন ধরে তার নিয়মিত ভরণপোষণ ও দেখাশোনা করছেন না।
চম্পা বেগমের অভিযোগ, বড় ছেলে আব্দুল কাদেরের জায়গায় তার একটি বসবাসের ঘর ছিল। সেখানে থাকাকালে তিনি প্রায়ই মানসিকভাবে নির্যাতনের শিকার হতেন। একপর্যায়ে নাতি পারভেজ (২২) লাঠি দিয়ে আঘাত করলে তিনি আহত হন। পরে ছোট ছেলে ইব্রাহিম ও নাতি সেলিম ঘরটি সরিয়ে দ্বিতীয় ছেলে আব্দুল আজিজের জায়গায় নির্মাণ করে দেন।
কিন্তু সেই ঘরও টেকেনি। প্রায় ১০ দিন আগে আব্দুল আজিজ ঘরটি ভেঙে ফেলেন এবং তাকে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন বলে অভিযোগ করেন চম্পা বেগম। এরপর তিনি আশ্রয় নেন বড় ছেলে চান মিয়ার বাড়িতে। তবে নিজের স্বামীর ভিটা ছেড়ে স্থায়ীভাবে অন্য কোথাও থাকতে রাজি নন তিনি।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দ্বিতীয় ছেলে আব্দুল কাদের আধাপাকা (হাফ বিল্ডিং) বাড়ি নির্মাণ করলেও মায়ের জন্য বসবাসের উপযোগী ঘর তৈরি না করে একটি পরিত্যক্ত নর্দমার পাশে জরাজীর্ণ ও ভাঙাচোরা ঘর নির্মাণ করে দিয়েছেন। এলাকাবাসীর ভাষ্য, ওই ঘরে একজন সুস্থ মানুষের বসবাসই কষ্টকর, সেখানে একজন বৃদ্ধ নারীর বসবাস কার্যত অসম্ভব।
ঘটনার পর চম্পা বেগমের দুই মেয়ে ও তাদের স্বামীরা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সালিশের উদ্যোগ নেন। তবে অভিযোগ রয়েছে, অভিযুক্ত ছেলেরা কোনো সালিশে উপস্থিত হননি। ফলে পারিবারিকভাবে বিরোধের নিষ্পত্তি সম্ভব হয়নি। পরে নিরুপায় হয়ে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন চম্পা বেগম।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “স্বামী মারা যাওয়ার পর থেকেই আমার কষ্টের শুরু। ছেলেরা আমাকে ঠিকমতো খোঁজ নেয় না, ভরণপোষণও দেয় না। আমার থাকার ঘর ভেঙে দিয়েছে, ঘরের টিন পর্যন্ত ভাগ করে নিয়েছে। এখন বড় ছেলে চান মিয়ার বাড়িতে আছি। কিন্তু আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যেতে চাই না। শেষ জীবনটা নিজের বাড়িতেই কাটাতে চাই।”
অভিযোগের বিষয়ে দ্বিতীয় ছেলে আব্দুল কাদের ও ছোট ছেলে ইব্রাহিম বলেন, “আমরা চার ভাই মিলে বাবার কবরের পাশে মায়ের জন্য একটি ঘর নির্মাণ করে দেব। পাশাপাশি আমাদের দুই বোনের প্রাপ্য জমিও নিয়ম অনুযায়ী ভাগ করে দেওয়া হবে।”
অপর অভিযুক্ত ছেলে আব্দুল আজিজের বক্তব্য নেওয়ার জন্য তার বাড়িতে গেলে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তিনি সেখান থেকে চলে যান। ফলে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয়দের দাবি, মৃত ইউনুছ আলীর নামে প্রায় ৩৬ শতাংশ জমি রয়েছে, যা এখনো উত্তরাধিকারীদের নামে হস্তান্তর হয়নি। আইন অনুযায়ী চম্পা বেগম ও তার দুই মেয়েরও ওই সম্পত্তিতে অধিকার রয়েছে। কিন্তু চার ছেলে ইতোমধ্যে জমির বিভিন্ন অংশে বসতবাড়ি নির্মাণ করেছেন বলে অভিযোগ রয়েছে। অথচ জমি থাকা সত্ত্বেও বৃদ্ধা মায়ের নিরাপদে বসবাসের কোনো ব্যবস্থা হয়নি।
এলাকাবাসীর মতে, বিষয়টি শুধু একটি পারিবারিক বিরোধ নয়; এটি একজন বৃদ্ধ মায়ের মৌলিক অধিকার ও ভরণপোষণের প্রশ্ন। তারা প্রশাসনের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ধনবাড়ী থানার এসআই মো. আরিফুল হাসান বলেন, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
-

পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
খাগড়াছড়ি জেলার পানছড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।
বুধবার ( ০১ জুলাই ২০২৬) দুপুরে লোগাং জোনের জোন কমান্ডার মোঃ রবিউল ইসলাম এ কর্মসূচি উদ্বোধন করেন।
তিনি বলেন, বাংলাদেশ প্রধানমন্ত্রী’র বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় লোগাং জোনের দায়িত্বপূর্ণ বিওপি, ক্যাম্প ও এলাকায় মোট আড়াই লক্ষ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।
তিনি আরো বলেন, দায়িত্বপূর্ণ এলাকায় সকল সম্প্রদায়ের মাঝে এই চারা বিতরণ করা হবে এবং রক্ষণাবেক্ষণের ও পরিচর্যার যথাযত ব্যবস্থা করবো বলে আশ্বস্থ করেন।
এসময়, সহকারী পরিচালক মোঃ আব্দুল মতিন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সুবেদার মেজর নাজমুল সহ ৩ বিজিবির সকল অফিসারগণ উপস্থিত ছিলেন।
