Blog

  • অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন, প্রস্তুতি ইসির

    অক্টোবরে হতে পারে ইউপি নির্বাচন, প্রস্তুতি ইসির

    আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংশ্লিষ্ট আইন ও বিধিসমূহ সংশোধনের কাজও প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। সরকারও চাচ্ছে আগামী এক বছরের মধ্যেই স্থানীয় সরকারের সকল নির্বাচন সম্পন্ন করতে। এলক্ষ্যে প্রয়োজনীয় বাজেট সংকুলানের কার্যক্রম হাতে নিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইসি জানিয়েছে, চলতি বছরের অক্টোবর মাস থেকেই ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকারের নির্বাচনি কার্যক্রম শুরু করবে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইউপি নির্বাচন শেষে পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আভাস পাওয়া গেছে।

    এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ইত্তেফাককে বলেন, স্থানীয় সরকারের নির্বাচনগুলো শেষ করতে আমাদের প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা লাগবে। এর মধ্যে ইউপি নির্বাচনের জন্যই প্রয়োজন হবে ২ হাজার কোটি টাকার বেশি। এ বাজেট সংকুলানের জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। স্থানীয় সরকারের কোন নির্বাচন প্রথমে অনুষ্ঠিত হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের বাজেট এবং অন্যান্য প্রস্তুতি শেষে প্রধানমন্ত্রী এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমরা সরকারের পক্ষ থেকে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চূড়ান্ত পরামর্শ দেব। নির্বাচন কমিশন তাদের প্রস্তুতির আলোকে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।এদিকে নির্বাচন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত প্রয়োজনীয় আইন সংশোধনের কার্যক্রমও প্রায় শেষ করেছে বলে জানা গেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানটি ইতিমধ্যে এ আইনের চূড়ান্ত খসড়া অংশীজনের মতামতের জন্য ইসির ওয়েবসাইটেও প্রকাশ করেছে। সেটির উপর রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন স্টেকহোল্ডারদের কাছ থেকেও মতামত চাওয়া হয়। সংশোধিত বিধিমালায় অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ বন্ধ, পোস্টার ব্যবহার নিষিদ্ধ, প্রবাসীর জন্য পোস্টাল ব্যালট বাতিলসহ নির্বাচনি প্রচারে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে বাদ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বেশিসংখ্যক প্রার্থীর মনোনয়ন ঠেকাতে জামানতের পরিমাণ বাড়ানোসহ বড় পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায়।

    এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ ইত্তেফাককে বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছ থেকে মতামত চাওয়া হয়েছিল। এছাড়া প্রয়োজনীয় আইন সংশোধনে অংশীজনের মতামত নিতে চূড়ান্ত খসড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। নির্ধারিত সময়ে অনেকে মতামত দিয়েছেন। সেইগুলো সন্নিবেশিত করে আইন-বিধি সংশোধন করা হবে। এক্ষেত্রে শুরুতে ছোট নির্বাচন (ইউপি) দিয়ে শুরু করার পরিকল্পনা রয়েছে।

    ইসি সংশ্লিষ্টদের মতে, দীর্ঘদিন পর স্থানীয় পর্যায়ে ব্যাপক রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ তৈরি হওয়ায় এবারের নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন সাধারণত জাতীয় রাজনীতির প্রতিফলন ঘটায়। ফলে স্থানীয় নেতৃত্বের জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং ভোটারদের প্রত্যাশা সব কিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অক্টোবরে ভোটের লক্ষ্যে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ভোটারতালিকা হালনাগাদ, ভোটকেন্দ্রের অবকাঠামোগত প্রস্তুতি, নির্বাচনি সামগ্রী সংগ্রহ এবং মাঠ প্রশাসনের সঙ্গে সমন্বয় বাড়ানোর বিষয়ে কাজ করছেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার বিষয়েও প্রাথমিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকারেও আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে আওয়ামী লীগ ছাড়াই জোর নির্বাচনি তত্পরতা শুরু হয়েছে। তৃণমূলের এই নির্বাচনকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে ইতিমধ্যে সম্ভাব্য চেয়ারম্যান, মেয়র ও সদস্য প্রার্থীদের তত্পরতা শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় গণসংযোগ, সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ এবং স্থানীয় উন্নয়ন ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরছেন সম্ভাব্য প্রার্থীরা। পোস্টার, ব্যানারে ছবি দিয়ে এলাকাবাসীকে শুভেচ্ছাও জানিয়েছেন। রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতারাও সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে মাঠে সক্রিয় হয়ে উঠেছেন। সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে। অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন এক নির্বাচনি আবহ তৈরি হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হওয়া এ প্রক্রিয়া আগামী মাসগুলোতে দেশের রাজনৈতিক গতি-প্রকৃতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি ও প্রার্থিতা ঘোষণা : বিএনপি, জামায়াত এবং এনসিপি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। দলগুলোর সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে এলাকায় এলাকায় গণসংযোগ করছেন। তাদের পোস্টার, ফেস্টুন ও ব্যানারে সয়লাব হাট-বাজার, গুরুত্বপূর্ণ সড়কের অলিগলি ও জনসমাগমস্থল। নিজেদের পরিচিতি তুলে ধরতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন তারা। ভোটারদের মনোযোগ টানতে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জোর দিচ্ছেন তারা।বিএনপির সম্ভাব্য প্রার্থীরা তৃণমূলের মাঠ চষে বেড়াচ্ছেন। সরকারের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরছেন। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ‘স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে আমাদের দলীয় প্রস্তুতি রয়েছে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর দলীয় পূর্ণ শক্তি নিয়ে সবাই (নেতাকর্মী) ভোটের মাঠে নামবে। সরকারের কার্যক্রমের সফলতায় জাতীয় নির্বাচনের সাফল্য স্থানীয় সরকার নির্বাচনেও পড়বে বলে মনে করেন বিএনপির এ সিনিয়র নেতা।

    এদিকে ১২টি সিটি করপোরেশনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। ইতিমধ্যে ঢাকা উত্তর, দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটির সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করা হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, পৌরসভা, জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য বেশির ভাগ ক্ষেত্রেই দলীয় প্রার্থীদের চূড়ান্ত করা হচ্ছে। প্রার্থী বাছাইয়ে অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিছু এলাকায় ১১-দলীয় ঐক্যের শরিকদের সঙ্গে সমঝোতা হতে পারে। তবে সিটি করপোরেশন নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    অন্যদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়র পদে ১০০ প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ১০ মে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়। এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম জানান, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা ও রাজনীতির বাইরে থাকা যোগ্য ব্যক্তিদের যাচাই-বাছাই করে এই প্রার্থী তালিকা তৈরি করা হয়েছে। দ্বিতীয় ধাপে আরো ১০০ উপজেলার প্রার্থী ঘোষণা করতে যাচ্ছে এনসিপি।

  • ‎৫ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ঠিকাদার প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা জরিমানা

    ‎৫ বছরেও শেষ হয়নি সেতুর কাজ, ঠিকাদার প্রতিষ্ঠানকে দেড় কোটি টাকা জরিমানা

    রাঙামাটি ও খাগড়াছড়ি সড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল নানিয়ারচর উপজেলার কুতুকছড়ি সেতু। দুই জেলার সংযোগ সড়কের গুরুত্বপূর্ণ কুতুকছড়ি সেতুটির নির্মাণকাজ শুরু হওয়ার পাঁচ বছর পার হলেও এখনো শেষ হয়নি নির্মাণকাজ। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে ব্যর্থ হওয়ায় দুই দফায় সময় বাড়িয়েও কাজের কোন অগ্রগতি না হওয়ায় যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ।একই সঙ্গে প্রায় দেড় কোটি টাকা জরিমানাও করা হয়েছে। ফলে অর্ধনির্মিত অবস্থায় পড়ে থাকা সেতুর কারণে দুই জেলার লাখো মানুষকে এখনও বিকল্প সড়ক ব্যবহার করে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

    ‎সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, ২০২১ সালের ১২ জানুয়ারি কুতুকছড়ি এলাকার পুরোনো বেইলি সেতুটি ভেঙে পড়ার পর যোগাযোগ সচল রাখতে পাশেই একটি অস্থায়ী বেইলি সেতু ও বিকল্প সড়ক নির্মাণ করা হয়। পরে স্থায়ী সমাধান হিসেবে ২০২২ সালের জুলাই মাসে প্রায় ১৪ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৮১.৩১ মিটার দৈর্ঘ্যের নতুন সেতুর নির্মাণকাজ শুরু হয়। সাগর ইকো বিল্ডার্স ও রাঙামাটি ট্রেডার্স জেভি নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি বাস্তবায়নের দায়িত্ব পায়। ২০২৪ সালের জুলাইয়ের মধ্যে নির্মাণকাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারেনি তারা।
    ‎
    ‎সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সেতুর লোহার বিভিন্ন অংশে মরিচা ধরেছে। এছাড়া নদীর ওপর নির্মিত পিলারগুলো ছাড়া সেতুর নির্মাণকাজে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।

    ‎অন্যদিকে সেতুর পাশের বিকল্প সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এ সড়ক দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যানবাহনকে। বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই সড়কে কাদা ও পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে যাত্রী, শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও পরিবহন চালকদের দুর্ভোগ বাড়ছে। পাশাপাশি দুই জেলার ব্যবসা বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন ও পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
    রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ করার জন্য একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে পারেনি। এ কারণে দুই ঠিকাদারের কার্যাদেশ বাতিল করা হয়েছে এবং চুক্তির শর্ত অনুযায়ী প্রায় দেড় কোটি টাকা জরিমানা করা হয়েছে। দ্রুত নতুন প্রক্রিয়ায় ঠিকাদার নিয়োগ দিয়ে সেতুর অবশিষ্ট নির্মাণকাজ সম্পন্নের উদ্যোগ নেওয়া হবে।

    ‎দীর্ঘদিনেও সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবি, দ্রুত নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে নির্মাণকাজ শেষ করে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হোক। এতে দুই জেলার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও পর্যটন কার্যক্রমেও স্বাভাবিক গতি ফিরে আসবে।

  • যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল

    যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতন, কাটা হলো চুল

    রাজশাহীতে চোর সন্দেহে চার যুবককে ধরে মারধর ও মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    মঙ্গলবার (৩০ জুন) রাতে রাজশাহী নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের বিমানচত্বর এলাকার একটি চেম্বারে চার যুবককে নিয়ে গিয়ে মারধর করা হয়। পরে তাদের শাহ মখদুম থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, বিমানচত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সিগারেট ও কিছু টাকা চুরির অভিযোগে আব্দুস সামাদ, দেবসহ চার যুবককে আটক করা হয়। পরে তাদের মহানগর যুবদলের সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিলুর রহমান রনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাদের মারধর করেন এবং মাথার চুল কেটে দেন। ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও ধারণ করা হয়।এ বিষয়ে কথা বলতে শাকিলুর রহমান রনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

    ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্যসচিব মো. বেলাল বলেন, যাদের মারধর করা হয়েছে, তারা এলাকায় চুরির অভিযোগে পরিচিত। তবে কাউকে এভাবে মারধর ও চুল কেটে দেওয়া ঠিক হয়নি।

    শাহমখদুম থানার ওসি কবির হোসেন বলেন, চুরির অভিযোগে স্থানীয়রা চার জনকে থানায় সোপর্দ করেন। এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং বুধবার (১ জুলাই) তাদের আদালতে পাঠানো হয়েছে। তবে আইন নিজের হাতে তুলে নিয়ে কাউকে মারধর করা অপরাধ। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই বলছেন, অপরাধের অভিযোগ থাকলে তার বিচার করার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালতের। অভিযোগের ভিত্তিতে কাউকে মারধর, অপদস্থ বা শাস্তি দেওয়ার অধিকার কোনো ব্যক্তি বা সংগঠনের নেই। আইন নিজের হাতে তুলে নেওয়ার এমন প্রবণতা ভবিষ্যতে আরও বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিতে পারে বলেও মত দিয়েছেন তারা।

  • সাদা পতাকা বিতর্ক কাউন্সেলিংয়ে সমাধান খুঁজছে পুলিশ

    সাদা পতাকা বিতর্ক কাউন্সেলিংয়ে সমাধান খুঁজছে পুলিশ

    সাদা কিংবা কালো কাপড়ের ওপর আরবি লেখা পতাকা কিছুদিন ধরে ছড়িয়ে পড়েছে দেশের বেশ কিছু এলাকায়। সেতু, সড়ক ও বিভিন্ন উঁচু ভবনের ওপর এই পতাকা উড়তে দেখা যায়। দেশের বিভিন্ন জায়গায় পতাকা হাতে এবং মোটরসাইকেলে করে মিছিল করা হচ্ছে। অনেকে সামাজিক মাধ্যম ফেসবুকে এ ধরনের পতাকা বিক্রির ঘোষণা দেন। হঠাৎ একযোগে দেশের বিভিন্ন জায়গায় সাদা ও কালো পতাকা ওড়ানোর বিষয়টি বহির্বিশ্বে ভুল বার্তা যেতে পারে বলে আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে যারা পতাকা লাগাচ্ছেন, কাউন্সেলিংয়ের মাধ্যমে বুঝিয়ে তাদের মাধ্যমে পতাকা সরিয়ে ফেলার উদ্যোগ নিয়েছে পুলিশ।

    এ ক্ষেত্রে সংশ্লিষ্ট তরুণ বা যুবক যে প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন, সেই প্রতিষ্ঠানের শিক্ষকের মাধ্যমে কাউন্সেলিং করানো হচ্ছে। মাদ্রাসার ছাত্র হলে ওই প্রতিষ্ঠানের শিক্ষক তাঁর ছাত্রকে দেশের স্বার্থে এর নেতিবাচক প্রভাব সম্পর্কে ধারণা দিচ্ছেন। এরই মধ্যে মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছে পুলিশ। নিজেদের শিক্ষার্থীদের সচেতন করে পতাকা নামিয়ে ফেলার অনুরোধ জানিয়েছে। পুলিশের দাবি, নমনীয় প্রক্রিয়ার মাধ্যমে অনেক জায়গা থেকে এরই মধ্যে পতাকা সরিয়ে ফেলা হয়েছে।

    এদিকে, সামাজিক মাধ্যমের যেসব আইডি থেকে আরবি লেখা পতাকা ওড়াতে উদ্বুদ্ধ করা হয়েছে, তার পেছনে বড় ধরনের কোনো চক্রান্ত রয়েছে কিনা তাও তদন্ত করছে পুলিশ। সাইবার অপরাধ বিভাগ এই তদন্ত করছে। গত রোববার পুলিশ সদরদপ্তরের অপরাধ সভায় পতাকার বিষয়টি আলোচনায় আসে। ভার্চুয়াল এই সভায় ৬৪ জেলার পুলিশ সুপার ছাড়াও ইউনিটপ্রধানরা যুক্ত ছিলেন। সভায় পুলিশপ্রধান মো. আলী হোসেন ফকির বলেন, কারা কেন কী উদ্দেশ্যে সাদা-কালো পতাকা ওড়াচ্ছে, তা চিহ্নিত করতে হবে।ওই বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম। গতকাল বুধবার তিনি সমকালকে বলেন, দেশের কোন জায়গায় সাদা-কালো পতাকা ওড়ানো হয়েছে, তার তালিকা আমাদের কাছে রয়েছে। এসবে যারা যুক্ত ছিল, শিক্ষকদের মাধ্যমে তাদের এর নেতিবাচক দিক সম্পর্কে বোঝানো হয়। আটক বা মামলা দিয়ে আমরা এই বিষয়টির সমাধান করতে চাই না। কাউন্সেলিং করার পর অনেকে পতাকা খুলে নিয়েছে। কোথাও পুলিশ স্থানীয় ধর্মীয় শিক্ষকদের সঙ্গে বসেছে।

    অতিরিক্ত আইজিপি বলেন, যারা পতাকা টানিয়েছেন, তাদের কারও ভাষ্য– ব্রাজিল, আর্জেন্টিনার পতাকা থাকলে কেন তারা এই ধরনের পতাকা ওড়াতে পারবে না? তবে এই ধরনের কর্মকাণ্ডে বিদেশে ভুল বার্তা যেতে পারে– এটি তাদের বোঝাতে সক্ষম হয়েছি। এর বাইরে উগ্রপন্থি চিন্তা থেকে কেউ এটি করছেন কিনা, তা আমরা তদন্ত করছি।

    সংশ্লিষ্টরা বলছেন, কাউন্সেলিং করা গেলে ভুল ধারণা সংশোধন করা যায়। ভুল ব্যাখ্যাগুলো বিশেষজ্ঞদের দ্বারা যৌক্তিকভাবে খণ্ডন করা হয়। এ ছাড়া মনস্তাত্ত্বিক সহায়তায় করা হয়ে থাকে। এর মধ্য দিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা সম্ভব। পতাকা ইস্যুতে পুলিশ এই কৌশল ব্যবহার করছে।

    এদিকে, দেশের বিভিন্ন এলাকায় আরবি হরফসংবলিত সাদা পতাকা টানানোর বিষয়টি সরকারের নজরে আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। গত মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, এটি সরকার খতিয়ে দেখছে। কারণ, এটি নিয়ে বৈশ্বিকভাবে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাওয়ার আশঙ্কা আছে। এ সম্পর্কে আমরা সচেতন আছি। এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এর পেছনে নিশ্চয়ই কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। সেটিই আমরা খতিয়ে দেখছি।

    গতকাল দুই জেলার এসপি ও একজন ডিআইজির সঙ্গে কথা বলে জানা গেছে, পুলিশ সদরদপ্তর থেকে পতাকা ব্যাপারে পাওয়া নির্দেশনা অনুসারে তারা কাজ করছেন। জেলা গোয়েন্দা পুলিশ সতর্ক আছে। সামাজিক মাধ্যমে নজর রাখা হচ্ছে। কিছু আইডি তারা শনাক্ত করেছেন। এ বিষয়টি এখন পর্যন্ত কাউন্সেলিংয়ের মাধ্যমে সমাধান করতে অগ্রাধিকার পুলিশের।

    ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন সমকালকে বলেন, ‘পতাকার বিষয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। এখনও বলার মতো তথ্য পাইনি।’

    ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন-পরবর্তী সময়ে বিভিন্ন বিক্ষোভ, মিছিল ও সমাবেশে কয়েকজনকে কালেমাখচিত পতাকা প্রদর্শন করতে দেখা যায়। তবে সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় সেতু ও ফ্লাইওভার এই পতাকা দিয়ে সাজানো হয়েছে।

    কয়েক দিন ধরে ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ, কক্সবাজার, বগুড়াসহ বিভিন্ন জেলায় কালেমার পতাকা দিয়ে রাস্তা ও সেতু শোভিত করা বা পতাকা হাতে মোটরসাইকেল মিছিল করতে দেখা গেছে লোকজনকে। কোথাও কোথাও মিছিলকারীরা নিজেদের ‘তৌহিদি জনতা’ হিসেবে পরিচয় দিয়েছেন। রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার থেকে ‘কালেমার পতাকা অপসারণ ও অবমাননার’ প্রতিবাদে শুক্রবার বগুড়ার শেরপুরে ‘তৌহিদি জনতা’র ব্যানারে কালেমাখচিত পতাকা হাতে মিছিল করেছে একদল লোক।

    ফেসবুকের কিছু পেজে পতাকা ওড়ানোর পক্ষে যুক্তি হিসেবে হেফাজতে ইসলামের শীর্ষ নেতা মুফতি হারুন বিন ইজহারকে উদ্ধৃত করা হচ্ছে। মাসুক মিডিয়া নামে একটি ফেসবুক চ্যানেলে প্রচারিত মুফতি ইজহারের ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘এই যে আর্জেন্টিনা, তারপরে এই যে বদমায়েশি শুরু হইছে। আলহামদুলিল্লাহ আমাদের তরুণেরা কালেমার পতাকা লাগানো শুরু করছে। আপনারা সব জায়গায় কালেমার পতাকা লাগাই দিবেন। যদি এটা জঙ্গিবাদ হয়ে থাকে তাহলে আর্জেন্টিনা আর ব্রাজিল এগুলো সব পতাকা নামাইতে হবে। এগুলো থাকবে তো আমাদের কালেমার পতাকাও থাকবে।’

    হারুন ইজহারের একটি ভিডিও তাঁর নিজের পেজেও শেয়ার করা হয়েছে। সেখানে পতাকার বিষয়ে বলেন, কিছু কৌশলগত বিষয় আছে, এটি একটু বোঝার চেষ্টা করবেন। এই কালেমার পতাকা মানেই কি আইএস, তালেবান নাকি? তাঁর ভাষায়, কালেমার পতাকার বিষয়ে কেউ কেউ ‘অযথা আতঙ্কিত’ হচ্ছেন এবং এটি ‘মানসিক রোগ’।

    অন্যদিকে কালেমার পতাকা ওড়ানো নিয়ে ইসলামী লেখক ফারুক ফেরদৌস ফেসবুকে এক পোস্টে লেখেন, কালেমা নিয়ে কিন্তু প্রশ্ন না। বাংলাদেশ সেনাবাহিনীও কালেমা বা আয়াতখচিত পতাকা ব্যবহার করে। প্রশ্ন হচ্ছে কালেমাসহ পতাকার নির্দিষ্ট ডিজাইন নিয়ে, যা বাইরের কোনো কোনো গোষ্ঠীর পতাকার সঙ্গে মিলে যায় এবং এটি নিয়ে বিপজ্জনক অপপ্রচারের আশঙ্কা তৈরি হয়।

    পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, উগ্রপন্থি চিন্তা থেকে এসব পতাকা না ওড়ালেও দেশের ভাবমূর্তির জন্য ভালো নয়। তবে এটি বিশ্বে ভুল বার্তা যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। বিষয়টির ওপর গভীর নজর রাখা হচ্ছে।

  • অ্যাব নেতা আরিফ খুলনা ওয়াসার ডিএমডি

    অ্যাব নেতা আরিফ খুলনা ওয়াসার ডিএমডি

    খুলনা বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েল খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হয়েছেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে তাঁকে প্রেষণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সংযুক্ত করে ২৮ জুন খুলনা ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়।

    বিএনপি সমর্থিত প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন আরিফুল ইসলাম। খুলনা বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্যসহ জ্যেষ্ঠ শিক্ষকদের অনেকেই অ্যাবের সদস্য।

    খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে ২০১৬ সালে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ওই সময় বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলসহ বেশ কয়েকজনকে শাস্তি দেওয়া হয়। জুয়েলকে নির্বাহী প্রকৌশলী থেকে পদাবনতি দিয়ে সহকারী প্রকৌশলী এবং চার বছরের জন্য পদোন্নতি স্থগিত করা হয়। খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষকদের নিয়ে ওই তদন্ত কমিটি গঠন করা হয়।

    তবে ৫ আগস্টের পর আরিফুল ইসলামের শাস্তি বাতিল করে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন। গত বছর তাঁকে বিশ্ববিদ্যালয়ের উপপ্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
    আরিফুল ইসলাম জুয়েল সমকালকে বলেন, ‘রাজনৈতিকভাবে প্রতিশোধপরায়ণ হয়ে আমার বিরুদ্ধে অভিযোগ তোলা ও শাস্তি দেওয়া হয়। ছাদ ঢালাইয়ের দিন আমি উপস্থিত ছিলাম না। দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলাম না। অভ্যুত্থানের পর সেই শাস্তি প্রত্যাহার ও আমাকে পদোন্নতি দিয়ে ত্যাগের মূল্যায়ন করা হয়েছে।’

    ওয়াসায় অদক্ষ জনবল
    ২০০৮ সালে খুলনা ওয়াসা প্রতিষ্ঠার পর থেকে হিসাব, বাণিজ্যিক ও প্রকৌশল বিভাগে রাজনৈতিক বিবেচনায় লোক নিয়োগ করা হয়। অদক্ষ জনবলের কারণে পানি সরবরাহ ব্যবস্থা দুর্বল বলে অভিযোগ রয়েছে। বিল নিয়ে প্রায়ই ভোগান্তি পোহান গ্রাহকরা। এর সঙ্গে যোগ হয়েছে যত্রতত্র সড়ক খোঁড়াখুঁড়ি।

    আওয়ামী লীগ আমলে ১৫ বছর ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ছিলেন বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদ নেতা মো. আবদুল্লাহ। তাঁর অনিয়ম নিয়ে সমকালে একাধিক প্রতিবেদন প্রকাশ হয়। অভ্যুত্থানের পর তাঁর মেয়াদ আর বাড়ানো হয়নি। নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

    খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, সুপেয় পানি সরবরাহের ব্যর্থতা, বিল নিয়ে ভোগান্তি, সড়ক খোঁড়াখুঁড়ি– সব মিলিয়ে ওয়াসা অথর্ব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এটিকে সচল করতে সৎ ও দক্ষ কর্মকর্তা দরকার।

  • জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

    জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

    ২৪ সদস্যের জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেছে সরকার। পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী এবং সদস্য সচিব হিসেবে থাকবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ২১ জুন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে সভাপতি করে ২২ সদস্যবিশিষ্ট জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

    নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ বিষয়ে গত ২১ জুন ২০২৬ জারি করা প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। নতুন এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। পরিষদ বছরে অন্তত দু’বার সভা করবে। প্রয়োজন হলে এর বেশি সভা আয়োজন এবং বিশেষজ্ঞ সদস্য কো-অপ্ট করার সুযোগও থাকবে।প্রজ্ঞাপন অনুযায়ী, পরিষদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান, অর্থ বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, খাদ্য, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, বিদ্যুৎ, মৎস্য ও প্রাণিসম্পদ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব সদস্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

    এছাড়া ঔষধ প্রশাসন অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও রসায়ন বিভাগের চেয়ারম্যান, এফবিসিসিআই, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিএপিআই) এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটির সভাপতিও পরিষদের সদস্য থাকবেন।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ সরকারকে জাতীয় ঔষধনীতি বাস্তবায়ন, দেশীয় ঔষধ শিল্পের উন্নয়ন, দেশের চাহিদা অনুযায়ী ঔষধ উৎপাদন ও সরবরাহ নিশ্চিতকরণ, অত্যাবশ্যকীয় ঔষধের তালিকা প্রণয়ন ও প্রতি দুই বছর অন্তর তা হালনাগাদ, ঔষধ ও কাঁচামাল আমদানি, উৎপাদন ও রপ্তানি সংক্রান্ত নীতিগত বিষয়ে পরামর্শ দেবে।

  • রাজধানীতে বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্ব, সালিসে বিএনপি নেতাকে ‘কুপিয়ে হত্যা’

    রাজধানীতে বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্ব, সালিসে বিএনপি নেতাকে ‘কুপিয়ে হত্যা’

    রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক চলাকালে আবুল বাসার নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার ওই এলাকার ইউনিট বিএনপি সাধারণ।
    রাজধানীতে বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্ব, সালিসে বিএনপি নেতাকে ‘কুপিয়ে হত্যা’রাজধানীর আদাবরে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক চলাকালে আবুল বাসার নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেল চিকিৎসা নিচ্ছেন নবোদয় হাউজিং বিএনপি সভাপতি সাদ্দাম হোসেন।গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাসার ওই এলাকার ইউনিট বিএনপি সাধারণ।পুলিশ ও স্থানীয়রা জানান, রাজধানীর আদাবরের নবোদয় হাউজিংয়ে ব্রাজিলের খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে সালিসি বৈঠক বসে বিএনপির দুই নেতা। ২৯ জুন ব্রাজিলের ফুটবল খেলা দেখা শেষে ঢোল বাজানোকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের বিরোধের সৃষ্টি হয়। এরপর তা মীমাংসা জন্য বসা হয়।

    অভিযোগ উঠেছে, সালিস চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে হাবিবুর রহমানের পক্ষের সাদ্দাম ও বাসার গুরুতর আহত হন। এরপর ঢাকা মেডিকেল নেওয়া হলে মারা যান আবুল বাসার।স্থানীয়দের দাবি, অভিযুক্তরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। নিহত বাসারের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নান্দাইলে। পেশায় ছিলেন প্রাইভেটকার চালক।

  • টাঙ্গাইলের নাগরপুরে পাটক্ষেতে মিলল অর্ধগলিত মরদেহ

    টাঙ্গাইলের নাগরপুরে পাটক্ষেতে মিলল অর্ধগলিত মরদেহ

    নিজস্ব প্রতিবেদক
    টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর শওকত মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।
    বুধবার (১ জুলাই) দুপুরে নাগরপুর উপজেলার বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা পাটক্ষেতে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শওকত মোল্লার বলে শনাক্ত করেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
    নিহতের চাচাতো ভাই মো. আয়নাল মোল্লা (৪৩) জানান, শওকত মোল্লা গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে বিন্নাওঝা গ্রামে একটি মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।
    নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সহবতপুর ইউনিয়নের একটি পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • নারী ও কন্যাশিশু নির্যাতন : জুনে শিকার ৩৩৩ জন, ধর্ষণের ঘটনাই বেশি

    নারী ও কন্যাশিশু নির্যাতন : জুনে শিকার ৩৩৩ জন, ধর্ষণের ঘটনাই বেশি

    চলতি বছরের জুন মাসে দেশে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় অন্তত ৩৩৩ জন নির্যাতনের শিকার হয়েছেন। তাদের মধ্যে কন্যাশিশুর সংখ্যাই বেশি। মাসজুড়ে সবচেয়ে বেশি ঘটেছে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা।

    বুধবার (১ জুলাই) বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ প্রকাশিত মাসিক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। দেশের ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

    প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে মোট ৩৩৩ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১৭৭ জন কন্যাশিশু এবং ১৫৬ জন প্রাপ্তবয়স্ক নারী। মাসটিতে ১০০টি ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট ঘটনায় ৭২ জন কন্যাশিশু এবং ২৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এছাড়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ২৪ জন, যাদের মধ্যে ১২ জন কন্যাশিশু। ধর্ষণের পর সাতজন কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। একই সময়ে ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে একজন কন্যাশিশু। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৩৪ জনকে, যার মধ্যে ৩১ জনই কন্যাশিশু।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন কারণে নিহত হয়েছেন ৫৪ জন নারী ও কন্যাশিশু। তাদের মধ্যে ৪৫ জন নারী এবং ৯ জন কন্যাশিশু। এছাড়া ৩৩ জনের রহস্যজনক মৃত্যু এবং ১২ জনের আত্মহত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে।

    এছাড়া জুন মাসে যৌন সহিংসতার শিকার হয়েছেন ৪৩ জন। এর মধ্যে যৌন নিপীড়নের শিকার ১১ জন এবং উত্ত্যক্তের শিকার ২৯ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১৯ জন, পণ-সংক্রান্ত সহিংসতার শিকার পাঁচজন, এসিড ও অগ্নিদগ্ধের শিকার তিনজন এবং নারী ও কন্যাশিশু পাচারের শিকার হয়েছেন দুজন।

    বাংলাদেশ মহিলা পরিষদ বলেছে, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিদ্যমান আইন কার্যকরভাবে বাস্তবায়ন, দ্রুত বিচার নিশ্চিত করা এবং সামাজিক প্রতিরোধমূলক উদ্যোগ আরও জোরদার করা জরুরি।

  • ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

    ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

    দেশের প্রায় ৩২ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো আইনগত বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (২ জুলাই) আপিল বিভাগ এ রায় দেন।

    এর ফলে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আর কোনো আইনি জটিলতা থাকছে না।

    এর আগে, সম্প্রতি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের সংকট দূর করতে ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে আদালতের নির্দেশে তা স্থগিত রয়েছে।

    এই রায়ের ফলে দীর্ঘদিন ধরে শূন্য থাকা প্রধান শিক্ষকের পদগুলোতে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার পথ সুগম হয়েছে।