টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া টিআরকেএন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৩০ জুন) দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের একটি তদন্ত দল দিনব্যাপী প্রতিষ্ঠানে অবস্থান করে অভিযোগ-সংক্রান্ত নথিপত্র যাচাই, শিক্ষক-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে।সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তদন্ত পরিচালনা করেন দুদকের টাঙ্গাইল সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. ফখরুল ইসলাম। তদন্ত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, “তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা সম্ভব নয়। বিস্তারিত পরে জানানো হবে।”
তবে তদন্ত শেষে অভিযোগকারী কয়েকজন শিক্ষক অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, অভিযোগের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রয়োজনীয় নথিপত্র যথাযথভাবে যাচাই না করেই তদন্ত দল ফিরে গেছে। তারা অভিযোগের প্রতিটি বিষয় নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অভিযোগকারী সহকারী অধ্যাপক আব্দুল সালাম তালুকদার বলেন, “২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ২১টি খাতে ৩৮ লাখ ৭২ হাজার ৫৪৮ টাকা আত্মসাতের অভিযোগ দুদকে দিয়েছি। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত হয়েছে।”
সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম বলেন, “৫ আগস্টের পর অধ্যক্ষ গোলাম মোস্তফা পালিয়ে গেলে শিক্ষক-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্তে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। প্রায় ১১ মাস দায়িত্ব পালনের পর তিনি আবার দায়িত্বে ফিরে এসে আমার বেতন-ভাতা বন্ধ করে দেন। গত ১০ মাস ধরে আমি কোনো বেতন পাচ্ছি না।”
একই প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক সুমির কুমার মোদক বলেন, “অধ্যক্ষের দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় আমার বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো সেই বেতন পাইনি। তবুও আমি প্রতিবাদ থেকে সরে আসব না।” তিনি দুদকের তদন্ত নিয়েও প্রশ্ন তোলেন।
অভিযোগ রয়েছে, গোলাম মোস্তফা ২০১৪ সালে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চাকরির তথ্য গোপন করেন। এছাড়া ভূঞাপুর লোকমান ফকির ডিগ্রি কলেজের নিয়োগ ও যোগদানপত্রের তারিখে কারসাজি করে অভিজ্ঞতা বৃদ্ধি দেখিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে অধ্যক্ষ পদে নিয়োগ নেন।
এর আগে তার বিরুদ্ধে চাকরিতে বয়স জালিয়াতি, ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, টিউশন ফির টাকা আত্মসাৎ, ক্রয়সংক্রান্ত অনিয়মসহ বিভিন্ন অভিযোগ ওঠে। এসব অভিযোগে শিক্ষা অধিদপ্তরও পৃথকভাবে তদন্ত করেছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ গোলাম মোস্তফা বলেন, “তদন্ত এখনো শেষ হয়নি। তাই এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।”









