Blog

  • গোপালগঞ্জে তদন্তাধীন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পিবিআই সুপার

    গোপালগঞ্জে তদন্তাধীন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করলেন পিবিআই সুপার

    মোঃ শিহাব উদ্দিন , গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

    গোপালগঞ্জের বিভিন্ন থানায় তদন্তাধীন ক্লু-লেস হত্যা মামলাসহ গুরুত্বপূর্ণ একাধিক মামলার তদন্তের অগ্রগতি পর্যালোচনায় আজ বৃহস্পতিবার
    (২ জুলাই) জেলার বিভিন্ন এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন পিবিআই গোপালগঞ্জের পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু।
    পিবিআই সূত্রে জানা যায়, তদন্তাধীন ও মুলতবি থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে গতি আনা এবং অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে তিনি ঘটনাস্থলগুলো পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট সাক্ষীদের সঙ্গে কথা বলেন এবং মামলার বিভিন্ন বিষয় খতিয়ে দেখেন।
    পরিদর্শন শেষে পুলিশ সুপার তদন্তকারী কর্মকর্তাদের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করার নির্দেশনা দেন। তিনি বলেন, তদন্তের প্রতিটি ধাপে পেশাদারিত্ব, স্বচ্ছতা এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একই সঙ্গে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের বিষয়েও গুরুত্বারোপ করেন।
    পিবিআই জানায়, আলোচিত ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তে কার্যকর অগ্রগতি নিশ্চিত করতে মাঠপর্যায়ে তদারকি অব্যাহত থাকবে। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

  • রামগঞ্জে ৪০ পিস ইয়াবা সহ  মাদক ব্যবসায়ী   আটক

    রামগঞ্জে ৪০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

    লক্ষ্মীপুরের রামগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ বাদশা (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
    গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশের একটি চৌকির দল বৃহস্পতিবার গভীর রাতে রামগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ড বাঁশঘর গ্রামের হরিসভার পিছনে কার্তিক চন্দ্রের বাড়ির টিনশেড ঘরের ভিতর থেকে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিক (২৫) প্রকাশ বাদশা কে হাতেনাতে আটক করে।তার বাবার নাম মোঃ আবু আহমেদ।
    এলাকাবাসী জানান, বাদশা দীর্ঘদিন যাবত এলাকায় মদ গাঁজা এবং ইয়াবার ব্যবসা করে আসছে। গ্রেপ্তার হওয়ার পর সে ফিরে এসে আবার একই ব্যবসা শুরু করে।
    রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা সহ আবু বকর সিদ্দিক নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রজু করে কোর্টে সোপর্দ করা হয়েছে।

  • খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

    খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের পথে স্পিকার

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেহরানের উদ্দেশে যাত্রা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

    গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের কর্তৃপক্ষ আশা করছে, আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় দুই কোটি মানুষের সমাগম হবে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

    আগামী ৪ জুলাই তেহরান ও কোমে এই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের খামেনির জন্মস্থান মাশহাদে আগামী ৯ জুলাই তার দাফন সম্পন্ন হবে।আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল উত্তর-পূর্ব ইরানের মাশহাদে জন্মগ্রহণ করেন এবং ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি শাহাদাৎ বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের পর পরিবর্তিত শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হন। ১৯৮০ সালে অল্প সময়ের জন্য তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ইরান-ইরাক যুদ্ধের সূচনার পর তিনি ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ তাকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন করে।

    জানাজায় অংশগ্রহণ শেষে আগামী ৪ জুলাই স্পিকার দেশে ফিরে আসবেন

  • সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বসবেন যুবদলের পদবঞ্চিতরা

    সন্ধ্যায় বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠকে বসবেন যুবদলের পদবঞ্চিতরা

    বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠকে বসবেন সম্প্রতি ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে পদবঞ্চিত নেতারা।

    বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর হেয়ার রোডের ৩৫ নম্বরে বিএনপি মহাসচিবের সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।পদবঞ্চিত নেতারা বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানাবেন। একই সঙ্গে তার কাছে একটি স্মারকলিপি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করারও আবেদন করবেন।যুবদল সূত্রে জানা গেছে, বৈঠকে সম্প্রতি ঘোষিত যুবদলের কেন্দ্রীয় কমিটিতে দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালনকারী ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি গঠনের অভিযোগ তুলে ধরবেন তারা। তাদের দাবি, কমিটিতে দীর্ঘদিন রাজনীতিতে নিষ্ক্রিয় ও তুলনামূলকভাবে অপরিচিত অনেককে স্থান দেওয়া হয়েছে। তাই বিতর্কিত ও নিষ্ক্রিয়দের বাদ দিয়ে পরীক্ষিত ও ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে দ্রুত কমিটি পুনর্গঠনের দাবি জানাবেন তারা।

    বৈঠকে অংশ নেওয়া নেতাদের মধ্যে রয়েছেন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল ও জাকির হোসেন খান, যুবদলের সাবেক গ্রাম সরকারবিষয়ক সম্পাদক রিয়ন তালুকদার, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান অলি উদ্দিন সুমন, খালিদ মাহমুদ মাসুদ ও গোলাম ফারুক, সাবেক সহ-ক্রীড়াবিষয়ক সম্পাদক আমানুল্লাহ বিপুল ও মাজেদুল ইসলাম মাসুম, সাবেক সহ-শিল্পবিষয়ক সম্পাদক আসাদুল হক টিটু, সাবেক সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বাসেদুর রহমান সোহেল, ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসান, মাহফুজুর রহমান ও মিজানুর রহমান সোহাগ; যুবদলের সাবেক সদস্য শাহিনুজ্জামান মিন্টু, দুলাল হোসেন, সেলিম হোসেন মুন্না আকন্দ, মিজানুর রহমান মোল্লা ও মিজানুর রহমান খান; ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মেজবাউল আলম, মুজাহিদুল ইসলাম, মোহাম্মদ আরিফ, আনোয়ার জাহিদ ও সুমন চৌধুরী, ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ সরকার ও গোলাম আজম সৈকত, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক জলবায়ুবিষয়ক সম্পাদক স্বপন মণ্ডল, সবুর খান সাগর, সাবেক ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মিরাজ আজিম, সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক স্বপন মন্ডল, সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম মাসুম প্রমুখ।

  • যুক্তরাষ্ট্র থেকে আরও সোয়া দুই লাখ টন গম কিনছে সরকার সিঙ্গাপুরের চেয়ে প্রতি টনে ৩ হাজার টাকা বাড়তি দাম

    যুক্তরাষ্ট্র থেকে আরও সোয়া দুই লাখ টন গম কিনছে সরকার সিঙ্গাপুরের চেয়ে প্রতি টনে ৩ হাজার টাকা বাড়তি দাম

    আগের তিন লটের তুলনায় বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে আরও দুই লাখ ২০ হাজার টন গম আমদানি করছে সরকার। সিঙ্গাপুর থেকেও ৫০ হাজার টন গম আনা হবে। মোট দুই লাখ ৭০ হাজার টন গম আমদানিতে সরকারের ব্যয় হবে এক হাজার ৫২ কোটি ৪০ লাখ টাকা। তবে সিঙ্গাপুরের চেয়ে যুক্তরাষ্ট্রের গমের দাম প্রতি টনে ২৪ ডলার বেশি পড়ছে। প্রতি টনে দেশি মুদ্রায় প্রায় তিন হাজার টাকা বেশি ব্যয় হবে। গতকাল বুধবার ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ওই দুটিসহ আরও কিছু প্রস্তাব অনুমোদন পেয়েছে।

    এ ছাড়া চট্টগ্রামে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের জন্য সরকারি সংস্থা বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) জলিল টেক্সটাইল মিলের জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ কয়েকটি প্রস্তাব অনুমোদন করেছে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে কমিটির দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।

    অর্থ মন্ত্রণালয় জানায়, খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সরকার থেকে সরকার (জিটুজি) পদ্ধতিতে যুক্তরাষ্ট্র থেকে দুই লাখ ২০ হাজার টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টনের দাম ধরা হয়েছে ৩২২ মার্কিন ডলার। এতে স্থানীয় মুদ্রায় সরকারের মোট ব্যয় হবে ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা।

    এর আগে গত জুলাই, অক্টোবর ও ডিসেম্বরে তিন লটে যুক্তরাষ্ট্র থেকে গম কেনার ক্ষেত্রে প্রতি টনের দাম ছিল যথাক্রমে ৩০২ দশমিক ৭৫, ৩০৮ এবং ৩১২ দশমিক ২৫ ডলার। সরকার অন্যান্য দেশ থেকে যে দামে গম আমদানি করে, যুক্তরাষ্ট্র থেকে আনতে প্রতি টনে ২৫ থেকে ৩০ মার্কিন ডলার বেশি খরচ হয়।

    বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক কমানোর দরকষাকষিতে সুবিধা পেতে গত বছর জুলাইয়ে যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানির উদ্যোগ নেওয়া হয়। এর আওতায় বাংলাদেশ পাঁচ বছর মেয়াদে প্রতিবছর সাত লাখ টন করে গম আমদানি করবে। স্মারক সইয়ের পর এ পর্যন্ত মোট ৮ দশমিক ৮ লাখ টন গম কেনা হয়েছে।

    বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই থেকে ৫০ হাজার টন গম আমদানির অনুমোদন দেওয়া হয়। এতে ব্যয় হবে ১৮২ কোটি ৮৪ লাখ টাকা। প্রতি টনের দাম ধরা হয়েছে ২৯৭ দশমিক ৯২ মার্কিন ডলার।

    আগের চেয়ে বেশি দরে দুই কার্গো এলএনজি
    গত সপ্তাহের তুলনায় বেশি দামে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিপি সিঙ্গাপুর এবং যুক্তরাজ্যের টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার থেকে এই এলএনজি আনা হবে। দুই কার্গো এলএনজি কিনতে ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৩৭ কোটি টাকা। গত সপ্তাহে একই পরিমাণ এলএনজি কিনতে ব্যয় ধরা হয়েছিল এক হাজার ৩৫৫ কোটি টাকা।

    রাশিয়া ও কানাডা থেকে ৭৫ হাজার টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ৩৫১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা। একই সঙ্গে ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে লক্ষ্মীপুর, নোয়াখালী ও ফেনী জেলার সংযোগকারী সড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ প্রকল্পের পূর্তকাজে প্রায় ২৮১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব অনুমোদিত হয়েছে।

    সমরাস্ত্র কারখানার জন্য জমি
    বাংলাদেশ সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের জন্য বিটিএমসির নিয়ন্ত্রণাধীন চট্টগ্রামের ফৌজদারহাটের জলিল টেক্সটাইল মিলের ৫৪ দশমিক ৯৯ একর জমি সেনাবাহিনীকে দেওয়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রতীকী মূল্যের পরিমাণ নির্ধারণ করা হয়েছে এক হাজার এক টাকা।

    এর আগে ২০২৫ সালের ২৯ জুলাই একই জমি প্রতীকী মূল্যে হস্তান্তরের প্রস্তাব উপদেষ্টা পরিষদ কমিটির সভায় উপস্থাপন করা হয়েছিল। তখন অন্তর্বর্তী সরকার অনুমোদন করেনি। একই প্রস্তাব ২০২৫ সালের ২৮ অক্টোবর দ্বিতীয়বারের মতো অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় ওঠে। ওই প্রস্তাবে বকেয়া দায় পরিশোধ করে জমি নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। ওই প্রস্তাবেও অন্তর্বর্তী সরকার অনুমোদন দেয়নি।

  • নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড

    নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড

    মাদকের নেশা ছাড়তে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কারাগারে পাঠানোর আবেদন করেন মাদকাসক্ত এক ব্যক্তি। টানা তিন দিন ইউএনও কার্যালয়ে ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১ জুলাই) বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।

    দণ্ডপ্রাপ্ত জহুরুল ইসলাম (৫০) গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আলাউদ্দিনের ছেলে। এর আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে ছয় মাস কারাভোগ করলেও নেশা ছাড়তে পারেননি।গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, জহুরুল ইসলাম নিজ থেকেই ইউএনও কার্যালয়ে এসে জানান, তিনি আর মাদক সেবন করতে চান না। কিন্তু কোনোভাবেই নেশা ছাড়তে পারছেন না। তাই তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর অনুরোধ করেন। তিনি সত্যিই সংশোধন হতে চান কিনা, তা যাচাই করতে প্রথম দিন তাকে পরদিন আসতে বলা হয়। পরদিনও তিনি একই আবেদন নিয়ে উপস্থিত হন। সেদিনও তাকে ফেরত পাঠানো হয়। বুধবার তৃতীয় দিনের মতো তিনি আবার ইউএনও কার্যালয়ে এসে একই আবেদন জানান।

    এরপর ভ্রাম্যমাণ আদালতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১৬ নম্বর ক্রমিকের অপরাধে দোষী সাব্যস্ত করে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড, ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

    গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, শুধু জহুরুল ইসলাম নন, বুধবার তার সঙ্গে পরিবারের একজন সদস্যও এসেছিলেন। তারা দুজনই অনুরোধ করেন, জহুরুল ইসলাম যেন কারাগারে গিয়ে নেশা থেকে মুক্ত হওয়ার সুযোগ পান। বিষয়টি বিবেচনায় নিয়েই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অনুযায়ী দণ্ড প্রদান করা হয়েছে।

  • রাজস্ব আদায়ে ৪৭৩১ কোটি টাকার ঘাটতি এক বছরে আমদানি কমেছে প্রায় এক লাখ ৯৭ হাজার মেট্রিক টন

    রাজস্ব আদায়ে ৪৭৩১ কোটি টাকার ঘাটতি এক বছরে আমদানি কমেছে প্রায় এক লাখ ৯৭ হাজার মেট্রিক টন

    দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে ডিজিটাল ওজন স্কেলে কারচুপি, মিথ্যা ঘোষণায় উচ্চ শুল্কের পণ্য আমদানি এবং পণ্য আত্মসাতের ঘটনায় সরকারের রাজস্ব আদায় নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী, আমদানিকারক ও একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পণ্যের ওজন ও শ্রেণি পরিবর্তনের মাধ্যমে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির সুযোগ সৃষ্টি করছে।বেনাপোল কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউসের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০ কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে রাজস্ব আদায় হয়েছে ছয় হাজার ৫৫৯ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে চার হাজার ৭৩১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৪২ শতাংশ। একই সময়ে বন্দর দিয়ে আমদানি হয়েছে ১৪ লাখ দুই হাজার ১৪৪ মেট্রিক টন পণ্য।আগের অর্থবছরে রাজস্ব আদায় ছিল সাত হাজার ২৯.৩৮ কোটি টাকা এবং আমদানির পরিমাণ ছিল ১৫ লাখ ৯৯ হাজার ২০৯ মেট্রিক টন। অর্থাৎ এক বছরে রাজস্ব আদায় কমেছে প্রায় ৪৭০ কোটি টাকা এবং আমদানি কমেছে প্রায় এক লাখ ৯৭ হাজার মেট্রিক টন।
    বন্দর সূত্রে জানা গেছে, সাফটা সুবিধার আওতায় আমদানীকৃত পণ্যের শুল্কহার গত তিন অর্থবছরে ৭ থেকে বেড়ে বর্তমানে ৩৫ শতাংশে পৌঁছেছে। ব্যবসায়ীদের অভিযোগ, বাংলাদেশে ভারতীয় পণ্য সাফটা সুবিধায় প্রবেশ করলেও বাংলাদেশ থেকে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে একই ধরনের সুবিধা বাস্তবে পাওয়া যায় না।ফলে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে বৈষম্য তৈরি হচ্ছে।
    সম্প্রতি বেনাপোল কাস্টমস হাউসের একটি দাপ্তরিক চিঠি প্রকাশ্যে এলে ওজন স্কেলে কারচুপির অভিযোগ নতুন করে আলোচনায় আসে। সহকারী কমিশনার অব কাস্টমস অটল গোস্বামী স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুন বন্দরের ৫ নম্বর ডিজিটাল ওজনযন্ত্রে একই ভারতীয় খালি ট্রাক (এইচআর-৩৮-একে-৪০১৮) একই সময়ে দুটি পৃথক পণ্যতালিকায় দুই ধরনের ওজন দেখানো হয়েছে। একটিতে ট্রাকটির খালি ওজন চার হাজার ৮৮০ কেজি, অন্যটিতে চার হাজার ৯২০ কেজি। এ ঘটনায় বন্দর কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছে কাস্টমসবেনাপোল আমদানি-রপ্তানি সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। এতে বন্দরের প্রতি ব্যবসায়ীদের আস্থা বাড়বে।

    বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, কাস্টমসের চিঠি পাওয়ার পরই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে ওজনযন্ত্রের তথ্য, সংশ্লিষ্ট নথি ও ঘটনার সব দিক যাচাই করা হচ্ছে।

    বেনাপোল কাস্টমস কমিশনার মো. ফাইজুর রহমান বলেন, “সরকারের এক টাকার রাজস্বও যাতে ফাঁকি না যায়, সে বিষয়ে কাস্টমস সর্বোচ্চ সতর্ক রয়েছে। ওজন স্কেলে কারচুপি, মিথ্যা ঘোষণা, শুল্ক ফাঁকি কিংবা সাফটা সুবিধার অপব্যবহারের সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তে প্রমাণ মিললে কাউকে ছাড় দেওয়া হবে না। কর্মকর্তা-কর্মচারী হলেও বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বেনাপোল কাস্টমসে অনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।”

  • ৫৯ রাজনৈতিক নেতাকর্মী খুন, ৪৫ জন বিএনপির

    ৫৯ রাজনৈতিক নেতাকর্মী খুন, ৪৫ জন বিএনপির

    চলতি বছরের প্রথম সাড়ে পাঁচ মাসে সারাদেশে ৫৯ রাজনৈতিক নেতাকর্মী খুন হয়েছেন। এর মধ্যে রয়েছেন বিএনপির ৪৫ জন এবং জামায়াতের সাতজন ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতজন। দলীয় কোন্দল এবং অন্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ ও হামলায় প্রাণ হারিয়েছেন ৩০ জন। এর মধ্যে ২৩ জনই বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। জামায়াতের পাঁচজন ও আওয়ামী লীগের দুজন। বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের কোন্দলে নিহত হয়েছেন ১৪ জন। বিএনপি ও জামায়াতের বিরোধে নিহত হয়েছেন ১১ জন। তাদের মধ্যে ছয়জন বিএনপির ও পাঁচজন জামায়াতের নেতাকর্মী। বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সহিংসতায় নিহত হয়েছেন পাঁচজন। তাদের তিনজন বিএনপির ও দুজন আওয়ামী লীগের।

    অন্যান্য ঘটনায় খুন হন ২৯ নেতাকর্মী। তাদের মধ্যে ২২ জন বিএনপির, পাঁচজন আওয়ামী লীগের ও দুজন জামায়াতের। এসব খুনের ১৩টির ক্ষেত্রে আধিপত্য বিস্তার, ব্যবসায়িক দ্বন্দ্ব, চাঁদা না দেওয়া, জমি নিয়ে বিরোধ, পারিবারিক, ওয়াজ-মাহফিলের টাকার হিসাব ও ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধসহ নানা কারণ বেরিয়ে এসেছে। বাকি ১৬টি খুনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) পরিসংখ্যান ও সমকালের নিজস্ব তথ্য বিশ্লেষণে এমন চিত্র উঠে এসেছে।

    রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে বিরোধে সবচেয়ে বেশি ১১টি খুনের ঘটনা ঘটেছে খুলনা বিভাগে। এর পরের অবস্থানে আছে রাজশাহী, সেখানে আটজন খুন হয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগে পাঁচ, ময়মনসিংহ বিভাগে তিন এবং চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগে একজন করে খুন হয়েছেন। তাদের মধ্যে ১৪ জনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে, পাঁচজনকে গুলি করে এবং ১১ জনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে, ইট দিয়ে মাথা থেঁতলে ও কিলঘুসি মেরে হত্যা করা হয়েছে।

    আসকের পরিসংখ্যান অনুযায়ী, জানুয়ারি থেকে মে পর্যন্ত ৩৪৭টি সংঘাতের ঘটনায় ৫৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছেন। তবে সেই সূত্র ধরে যাচাই করতে গিয়ে ৫৩টি ঘটনার বিষয়ে নিশ্চিত হয় সমকাল। এ ছাড়া একই সময়ে চট্টগ্রামের রাউজানে বিএনপিকর্মী কাউসারুজ্জামান বাবলুকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। আর জুনে এ পর্যন্ত খুন হয়েছেন পাঁচ রাজনৈতিক নেতাকর্মী। এর মধ্যে তিনটি ঘটনায় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে বিরোধের বিষয়টি সামনে এসেছে। ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত মোট ৫৯ রাজনৈতিক নেতাকর্মী খুন হয়েছেন।

    আসকের তথ্য বলছে, বছরের প্রথম পাঁচ মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘর্ষে আহত হন দুই হাজার ৬৩৬ নেতাকর্মী। এর মধ্যে বিএনপি ও জামায়াতের সংঘর্ষে সর্বাধিক ৯৮০ জন আহত হন। এর বাইরে বিএনপি-বিএনপি সংঘর্ষে ৭৪৫, বিএনপির প্রার্থীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ২৭০, বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ১২৯ ও বিএনপি-এনসিপি সংঘর্ষে ১০২ জন আহত হয়েছেন।

    যেসব কারণে খুন
    রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরোধে ৩০ খুনের মধ্যে সাতটিই ছিল জাতীয় সংসদ নির্বাচন ঘিরে। নির্বাচনের আগে ও পরে প্রতিপক্ষের প্রার্থীর সমর্থকদের সঙ্গে সহিংসতায় এই সাতজন নিহত হন। তাদের চারজন বিএনপির ও তিনজন জামায়াতের নেতাকর্মী।

    নির্বাচনী বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদহ বাজারে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন গুরুতর আহত হন। পরে সেদিনই মারা যান জামায়াতকর্মী হাফিজুর রহমান। চিকিৎসাধীন অবস্থায় ১০ মার্চ মৃত্যু হয় স্থানীয় বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের।

    জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, সংসদ নির্বাচনের পরদিন হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসানকে মারধর করে প্রতিপক্ষ। সেই ঘটনার জেরে ওই সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলায় মেহেদীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    নির্বাচনের আগেও প্রাণহানির ঘটনা রয়েছে। গত ১৬ জানুয়ারি ময়মনসিংহের ধোবাউড়ায় ছুরিকাঘাতে বিএনপিকর্মী নজরুল ইসলাম নিহত হন। তিনি স্বতন্ত্র প্রার্থী সালমান ওমরের (বিএনপির মনোনয়নবঞ্চিত) কর্মী ছিলেন। ঘটনার দিন এরশাদ বাজার এলাকায় তাদের একটি নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর সেখানে হামলা চালায় বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকরা। এক পর্যায়ে নজরুল ইসলামকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

    এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে খুন হন বিএনপির সাতজন এবং জামায়াত ও আওয়ামী লীগের একজন করে নেতাকর্মী। এর মধ্যে গত ২১ মার্চ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে শিমুল কাজী নামের এক তরুণ নিহত হন। সেদিন দুপুরে ছত্রপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নান ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লাল খানের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। তাতে আব্দুল হান্নানের কর্মী শিমুল খুন হন। এর আগে তাঁর দাদা নাজিম উদ্দিন কাজী নাতিকে রক্তাক্ত অবস্থায় দেখে অসুস্থ হয়ে মারা যান। তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলছে, ছত্রপাড়া গ্রামে বিপুল পরিমাণ খাসজমি আছে, যা সব সময় সরকারি দলের নেতাকর্মীদের দখলে থাকে। সেসব জমির নিয়ন্ত্রণসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই দুপক্ষের সংঘর্ষ হয়।

    ৮ জুন রাতে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় যুবদলের ২১ নেতাকর্মীকে আসামি করে মামলা হয়েছে। রমনা থানার ওসি মুহাম্মদ রাহাৎ খান বলেন, পাঁচ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, ফুটপাতের চাঁদাবাজির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে।

    এর আগে ২ জুন ময়মনসিংহে রানা মিয়া নামের এক বিএনপিকর্মীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া এলাকার গাঙের বাড়িতে এ ঘটনা ঘটে। হত্যায় জামায়াত নেতাকর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগ এনে মামলা হয়।

    কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে এ হত্যাকাণ্ড ঘটে। এতে জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন– মাহমুদুল ইসলাম মাহিন (জামায়াত নেতা মফিদুল ইসলামের ছেলে), তোফাজ্জল হোসেন, তাঁর ছেলে হূমায়ুন কবীর আকাশ ও মনিরুল ইসলাম।

    গত ৯ জুন রাতে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি বাদল মোড়লকে কুপিয়ে হত্যা করা হয়। এ ছাড়া আহত হন বারুইপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুল্লাহ মোড়ল। রাজনৈতিক ও আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ জন্য স্থানীয় জামায়াত নেতাদের দুষছেন বিএনপির নেতারা।

    বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, এজাহারভুক্ত দুই আসামিকে গত ১৫ জুন গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে হাসানকে ঢাকা ও মশিউরকে যশোরের অভয়নগর থেকে গ্রেপ্তার করা হয়।

    এদিকে ইউপি নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে বিরোধে চট্টগ্রামের সীতাকুণ্ডে গত ১০ মার্চ বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়। এতে যুবদলকর্মী সজিব চৌধুরী আকাশ নিহত হন। সংঘর্ষের পর তাঁর খোঁজ মিলছিল না। পরদিন সবজি ক্ষেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম বলেন, নির্বাচন-সংক্রান্ত বিষয়ে একটা বিরোধ ছিল। এ মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    পুলিশ সূত্র জানায়, ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে স্থানীয় মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিনের অনুসারীদের সঙ্গে বিএনপির কর্মী মোহাম্মদ আলিমের অনুসারীদের সংঘর্ষে নিহত হন সজিব।

    এ ছাড়া বিভিন্ন ঘটনায় বিএনপির নেতাকর্মী খুন হয়েছেন। যেমন সংগঠনের কমিটি গঠন ও পদ-পদবি নিয়ে মতবিরোধ থেকে সংঘর্ষে একজন, দরপত্র নিয়ে বিরোধে একজন, মসজিদের জলসায় প্রধান অতিথি করা নিয়ে সংঘাতে একজন, জলাশয় ইজারা নিয়ে সংঘর্ষে দুজন, জামায়াতের নারী কর্মীদের সভা নিয়ে তর্কাতর্কির জেরে মারধরে একজন, খাসজমির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে একজন, জামায়াত নেতার ফেসবুক পোস্টে বিরূপ মন্তব্য নিয়ে বিরোধে একজন, ধান কাটা নিয়ে বাগ্‌বিতণ্ডতার জেরে একজন ও মাটি কাটা নিয়ে বিরোধে একজন খুন হন। পাশাপাশি রাজনৈতিক কারণে পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগের একজন এবং মসজিদের ইমাম ও মুয়াজ্জিন অপসারণ নিয়ে বিরোধে জামায়াতের একজন খুন হয়েছেন।

    ১৬ খুনের কারণ অজানা
    রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে বিরোধ ছাড়াও বিভিন্ন কারণে আরও ২৯ নেতাকর্মী খুন হয়েছেন। এর মধ্যে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২২ জন রয়েছেন। তাদের ৯ জনের খুনের কারণ জানা গেছে। তিনজন আধিপত্য বিস্তারের বিরোধে, একজন ওয়াজ-মাহফিলের টাকার হিসাব নিয়ে বিরোধ, ইউপি নির্বাচন নিয়ে বিরোধে একজন, একজন পারিবারিক বিরোধ, একজন জমি নিয়ে বিরোধ, একজন ব্যবসায়িক দ্বন্দ্বে ও একজন চাঁদা না দেওয়ায় খুন হন।

    ১৩ জুন দুপুরে চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন যুবদল নেতা মাকসুদুল হক। তিনি রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় আইয়ুব আলী নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংস্থাটি বলছে, মাসুদুল হক রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছিলেন। তিনি যাতে নির্বাচন করতে না পারেন, সেজন্য হত্যার পরিকল্পনা করা হয়।

    রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    একই সময়ে আওয়ামী লীগ ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠনের পাঁচ নেতাকর্মীও অন্যান্য কারণে খুন হন। ব্যক্তিগত বিরোধে ভোলার চরফ্যাসনে যুবলীগ নেতা আবদুর রহিমকে কুপিয়ে এবং বাগেরহাটে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে শ্রমিক লীগ নেতা সোহাগ শেখকে গুলি করে হত্যা করা হয়। আর নাটোরের সিংড়ায় জিয়া পরিষদের নেতা রেজাউল করিমকে গলা কেটে হত্যার ঘটনার জেরে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন দিলে সাবিহা বেগমের মৃত্যু হয়। অপর দুটি খুনের কারণ জানা যায়নি। পৃথক ঘটনায় জামায়াত ও শিবিরের দুই নেতাকর্মী খুন হন। তাদের মধ্যে চট্টগ্রামের ফটিকছড়িতে শিবিরের সাবেক নেতা জামাল উদ্দিনকে খুনের কারণ জানা গেছে। গার্মেন্টের ঝুট ব্যবসা নিয়ে বিরোধে তাঁকে গুলি করি হত্যা করা হয়।

    রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে: ড. তৌহিদুল হক
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ড. তৌহিদুল হক সমকালকে বলেন, অনেক সময় একই রাজনৈতিক আদর্শে বিশ্বাসীদের মধ্যে স্বার্থ, পদ-পদবি, দলীয় পরিচয় ব্যবহার করে টাকা উপার্জনের মতো বিষয়ে বিরোধ দেখা দেয়। সেই বিরোধ প্রাণঘাতী সহিংসতায় গড়ায়। কোনো রাজনৈতিক সরকারই এটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। নইলে রাজনৈতিক অপরাধ বন্ধ হবে না। তথ্য-প্রমাণ থাকলে অভিযুক্ত নেতাকর্মীর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। আর হত্যায় জড়িত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় থাকলে পুলিশের পক্ষে ব্যবস্থা নেওয়া কঠিন। সে ক্ষেত্রে সরকারকেই সহায়তা করতে হবে, যাতে পুলিশ সঠিক দায়িত্ব পালন করতে পারে।

    পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, রাজনৈতিক নেতাকর্মী খুনের মামলার তদন্তে দেখা যায়, সব সময় রাজনৈতিক কারণে হত্যাকাণ্ড ঘটে না। এর একটি বড় অংশই ব্যক্তিগত বিরোধ, জমি বা অন্যান্য কারণে ঘটে। আর অল্পসংখ্যক ঘটনায় রাজনৈতিক সংঘাতের বিষয়টি প্রমাণিত হয়।

  • যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

    যুবদল নেতা মাসুদ হত্যায় বালু সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ হুমাম কাদেরের

    চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যাকাণ্ডের পেছনে অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত একটি সিন্ডিকেটের সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।তিনি বলেছেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রয়োজন হলে রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে চিরুনি অভিযান পরিচালনারও দাবি জানান তিনি।

    বুধবার (১ জুলাই) বিকালে রাঙ্গুনিয়ায় নিহত মাসুদের বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় তার স্ত্রী সামানজার খান উপস্থিত ছিলেন।

    হুমাম কাদের চৌধুরী বলেন, মাসুদ অবৈধ বালু উত্তোলন ও ব্যবসার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের অর্থদাতা ও মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করা জরুরি।

    তিনি বলেন, বিষয়টি তিনি জাতীয় সংসদে উত্থাপন করেছেন এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন। তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে সরকারের পক্ষ থেকে আশ্বাস পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

    আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে রাঙ্গুনিয়ায় পুলিশি নজরদারি বাড়ানোর পাশাপাশি একটি স্থায়ী র্যাব ক্যাম্প স্থাপনের দাবি জানান হুমাম কাদের। একই সঙ্গে সামাজিক মাধ্যমে ভুয়া আইডি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান এ সংসদ সদস্য।

    এর আগে তিনি নিহত মাসুদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন, চার বছরের কন্যা সন্তানের খোঁজখবর নেন এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পরে মাসুদের কবর জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

    গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী বাজার এলাকায় প্রকাশ্যে গুলিতে নিহত হন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ। এ ঘটনায় নিহতের পরিবার ১৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে।

    মামলায় এ পর্যন্ত কয়েকজনকে গ্রেফতার করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্য অনুযায়ী, তদন্ত ও পলাতক আসামিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

  • কোচের চাকরি ও দলের মান বাঁচালেন কেইন, শেষ ষোলেতে ইংল্যান্ড

    কোচের চাকরি ও দলের মান বাঁচালেন কেইন, শেষ ষোলেতে ইংল্যান্ড

    আইসল্যান্ড ট্র্যাজেডির সেই গভীর আতঙ্কের ছায়া আবারও ভর করেছিলো ইংল্যান্ড শিবিরে। ধাবমান ছিল আরেকটি বেদনাদায়ক বিদায়ের দিকে। ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির হলেন অধিনায়ক হ্যারি কেইন। বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে যখন নিজেদের পায়েই বল রাখতে ভয় পাচ্ছিলো টমাস টুখেলের শিষ্যরা, তখন ১১ মিনিটের এক জাদুকরী ঝড়ে বিপর্যয় থেকে দলকে উদ্ধার করলেন কেইন। ডিআর কঙ্গোর বিপক্ষে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ে বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে থ্রি লায়ন্সরা। একই সঙ্গে টিকে গেলো কোচ টমাস টুচেলের চাকরিও।
    যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামের বিশাল ভিক্টোরিয়ান রেলওয়ে গম্বুজের নিচে এক উত্তাল, কোলাহলপূর্ণ এবং যন্ত্রণাদায়ক বিকেলে মুখোমুখি হয়েছিলো দুই দল। ম্যাচের শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। খেলার মাত্র ছয় মিনিটেই নোহ সাদিকির পাস থেকে বল পেয়ে ব্রায়ান সিপেঙ্গা নিচু শটে পরাস্ত করেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ডকে। ১-০ গোলে পিছিয়ে পড়ে দিশেহারা হয়ে পড়ে টুখেলের দল।

    গোল খেয়ে প্রথমার্ধ জুড়েই জঘন্য ফুটবল খেলে ইংল্যান্ড। কৌশলগত ভারসাম্যহীনতার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে এক চরম হতাশা ও বিভ্রান্তি লক্ষ্য করা যায়। জুড বেলিংহ্যাম অনেক দৌড়ালেও মিডফিল্ডে অতিরিক্ত খেলোয়াড়ের সুবিধা নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে রাখে ডিআর কঙ্গো। প্রথমার্ধের হাইড্রেটিং ব্রেকের সময় ইংলিশ ডাগআউটের চিত্রটাই বলে দিচ্ছিলো ভেতরের অস্থিরতা। কালো গ্রীষ্মকালীন শার্ট আর সাদা স্নিকার্স পরা টুখেল খেলোয়াড়দের অবিরাম কৌশলগত পরিবর্তনের কথা বললেও, খেলোয়াড়দের চোখে-মুখে ছিলো কেবলই বিষাদ।

    ম্যাচের শেষ হাইড্রেটিং বিরতি পর্যন্ত ১-০ গোলে পিছিয়ে থেকে ১৯৫০ সালে যুক্তরাষ্ট্রের কাছে বা ২০১৬ সালে নিসে আইসল্যান্ডের কাছে হারের চেয়েও বড়ো লজ্জার মুখে দাঁড়িয়ে ছিলো ইংল্যান্ড। যেখানে টুখেলকে নিয়োগের মূল লক্ষ্যই ছিলো বিশ্বকাপ জয়, সেখানে গ্রুপ পর্বের পরই বিদায়ের ঘণ্টা বাজছিলো।

    তবে শেষ দিকে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়ায় দল। ম্যাচের ৮৪ মিনিটে রাইট-ব্যাকে খেলতে থাকা ডেক্লান রাইসের লম্বা ক্রস থেকে অ্যান্থনি গর্ডন বল বাড়িয়ে দেন কেইনের দিকে। চমৎকার হেডে ডিআরসি গোলরক্ষক লিওনেল ম্পাসিকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান কেইন (১-১)।

    সমতায় ফেরার পর আটলান্টা স্টেডিয়ামের স্বস্তির আবহকে জয়ে রূপান্তর করতে বেশি সময় নেননি ইংলিশ অধিনায়ক। ৮৫ মিনিটে আবারও গর্ডনের পাস থেকে ডিআরসি বক্সের ভেতর বলের নিয়ন্ত্রণ নেন তিনি। এরপর শরীরটা ঘুরিয়ে ডান পায়ের এক নির্মম ও নিখুঁত শটে বারের ঠিক নিচে বল জড়ান। ২-১ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। এর মাধ্যমে ইংল্যান্ডের হয়ে নিজের ৮৪তম গোলটি করলেন কেইন, যা টুর্নামেন্টে তার পঞ্চম গোল।

    ম্যাচের শেষ বাঁশি বাজার পর স্টেডিয়াম জুড়ে ইংলিশ সমর্থকদের উল্লাস ও স্বস্তির জোয়ার বয়ে যায়। শুরু থেকে ছন্নছাড়া ফুটবল খেলা দলটিকে খাদের কিনারা থেকে টেনে তুললেন কেইন। এই জয়ের ফলে মেক্সিকো সিটিতে শেষ ১৬-এর ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। দলগত পারফরম্যান্সে অনেক ভুলত্রুটি ও আলগা সংযোগ থাকলেও, টুচেলের দলের জন্য আপাতত বড়ো স্বস্তি—তাদের দলে একজন ‘হ্যারি কেইন’ আছেন।