সারা দেশে এখনো সাড়ে ৫ কোটি ভোটার স্মার্ট কার্ডের আওতার বাইরে আছেন। এ পর্যন্ত সারা দেশে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্ট কার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির এনআইডি শাখার কর্মকর্তারা এ তথ্য জানান। তারা জানিয়েছেন, বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন নাগরিকের তথ্য রয়েছে। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ১ হাজার ২৪৩ জন। সে হিসাবে এখনো সাড়ে ৫ কোটির মতো ভোটার স্মার্ট কার্ডের আওতার বাইরে রয়েছে। জানা গেছে, মে মাস পর্যন্ত আঞ্চলিক কার্যালয়গুলোতে মোট ৮ কোটি ৭৫ লাখ ৭২ হাজার ৯৯৮ জনের স্মার্টকার্ড পাঠানো হয়েছে। এর মধ্যে বিতরণ করা হয়েছে ৭ কোটি ৩৬ লাখ ৫৪১ জনের কার্ড। বিতরণের অপেক্ষায় আছে আরও ১ কোটি ৩৯ লাখ ২ হাজার ৪৫৭ জনের কার্ড। বিতরণের হার ৮৪ দশমিক ০৪ শতাংশ। ইসি কর্মকর্তারা আরও জানিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, পঞ্চগড়, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর, নড়াইল, ঝিনাইদহ, বরগুনা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সব উপজেলার স্মার্টকার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। অন্যদিকে ৪০৪টি নির্বাচনি থানা/উপজেলার মধ্যে ১১৫টিতে এখনো কার্ড বিতরণ শুরু হয়নি।
Blog
-

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে প্রায় আড়াই হাজার, নিখোঁজ ৫০ হাজার
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে প্রায় আড়াই হাজারে পৌঁছেছে। দুর্যোগের এক সপ্তাহ পরও ধ্বংসস্তূপের নিচে প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা বলছেন, জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা দ্রুত ক্ষীণ হয়ে আসছে।
বুধবার (১ জুলাই) দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজ জানান, এখন পর্যন্ত ২ হাজার ২৯৫ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এছাড়া ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এবং প্রায় ১৩ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।
ভূমিকম্পের এক সপ্তাহ পরও দেশজুড়ে শোক ও অনিশ্চয়তার পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ সাত দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। তিনি বলেন, এই মানবিক বিপর্যয়ে দেশের ‘আত্মা ছিন্নভিন্ন হয়ে গেছে।’
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরের লা গুয়ারিয়া শহর। ধসে পড়া অধিকাংশ ভবনে ‘D’ চিহ্ন দেওয়া হয়েছে, যার অর্থ সেখানে অনুসন্ধান চালিয়ে জীবিত কাউকে পাওয়া যায়নি। স্পেনের উদ্ধারকারী দলের সমন্বয়কারী হাভিয়ের রোডস বলেন, যেখানে জীবিত উদ্ধারের সম্ভাবনা নেই, সেখানে আর সময় ব্যয় করা হচ্ছে না।
তবে হতাশার মধ্যেও মঙ্গলবার ধ্বংসস্তূপ থেকে তিন বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এক শতাব্দীর বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় সবচেয়ে শক্তিশালী এই ভূমিকম্পের ছয় দিন পর শিশুটির জীবিত উদ্ধার হওয়া বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যদিও বিশেষজ্ঞদের মতে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের ৭২ ঘণ্টার বেশি বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।
জাতিসংঘের হিসাব অনুযায়ী, এখনও প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্পে তেলসমৃদ্ধ দেশটির বিস্তীর্ণ এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে দুর্বল হয়ে পড়া অবকাঠামো ও স্বাস্থ্যব্যবস্থাও উদ্ধার কার্যক্রমকে আরও কঠিন করে তুলেছে।
এদিকে আশ্রয়কেন্দ্রগুলোতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। লা গুয়ারিয়ার জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ১৮ বছর বয়সী দানিয়েল আরমাস বলেন, খাবার পেতে মানুষকে প্রায় সংঘর্ষে জড়িয়ে পড়তে হচ্ছে। একই সঙ্গে চুরি ও লুটপাটের ঘটনাও বেড়েছে। ধ্বংসস্তূপ থেকে মূল্যবান সামগ্রী চুরির অভিযোগে চার পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) আগামী তিন মাসে প্রায় পাঁচ লাখ মানুষকে খাদ্য সহায়তা দিতে ৫ কোটি ডলার তহবিলের আবেদন জানিয়েছে। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা ও কম টিকাদানের কারণে হাম, ডিপথেরিয়াসহ সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েছে।
এদিকে নাসার প্রাথমিক উপগ্রহ বিশ্লেষণে দেখা গেছে, ভূমিকম্পে সম্ভাব্য ৫৮ হাজার ৮৭০টি ভবন ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়েছে।
-

তাহিরপুরে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা
সুনামগঞ্জের তাহিরপুরে হযরত শাহ আরেফিন (রহঃ) পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক আলম সাব্বিরের বিরুদ্ধে একটি কুচক্র মহল মাদক সেবী,মাদক বিক্রেতা ও অর্থ আত্মসাৎকারী হিসাবে আখ্যায়িত করে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা।
বুধবার(১লা জুলাই) উপজেলার বাদাঘাট ইউনিয়নের শাহিদাবাদ গ্রামে শাহ আরেফিন (রহ:) আস্তানা মাঠে হযরত শাহ আরেফিন (রহ:) আন্তানা ও পার্শ্ববর্তী ১০টি গ্রামের সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত হয়।
এ সময় শাহ আরেফিন রাঃ আস্তা কমিটির সদস্য ফজল মিয়া সভাপতিত্বে বক্তব্য রাখেন,মরম আলী,নুরুল ইসলাম,মধু মিয়া,শহীদ মিয়া,রহিজ মিয়া,খারুল মিয়া,মজিদ মিয়া,আবু হানিফা, হাসান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় বক্তব্যগন বলেন,শাহ আরেফিন রাঃ আস্তানার মসজিদের ইমাম ও আস্তানার খাদেম হওয়ার উদ্দেশ্যে পুরান লাউড় গ্রামের জসিম উদ্দিন উদ্দেশ্য প্রনোদিত ভাবে মানববন্ধন করে। এছাড়াও পূর্বে একেই বিষয়ে বিভ্রান্ত কর তথ্য প্রচার করলেও তার প্রমান পাওয়া যায়নি। যার জন্য দীর্ঘ ২২ বছর ধরে আলম সাব্বির শাহ আরেফিন রাঃ আস্তানার সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
সম্প্রতি জসিম উদ্দিন একেই উদ্দেশ্যে মানববন্ধন করে ব্যক্তি আক্রোশ চরিতার্থ করতে আলম সাব্বির কে মাদক কারবারি ও সেবনকারী বলে অপপ্রচার চালায়। তাই আমরা ১০ গ্রামের মানুষ ও মাজার আস্তানা কমিটি প্রতিবাদ জানাই এবং মিথ্যা অপপ্রচারের বিচার দাবী করছি।
এদিকে দিনে লাউড়েরগড় ফুটবল ফেডারেলের উদ্যোগে ফুটবল মাঠে শাহ আরেফিন রাঃ আস্তানা কমিটির সচিব সাংবাদিক আলম সাব্বিরকে মাদক সেবী,মাদক বিক্রেতা ও অর্থ আত্মসাৎকারী হিসাবে আখ্যায়িত করে মানহানীকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। -

“নরসিংদীর মাধবদীতে বাক প্রতিবদ্ধী শিশু ধর্ষণের ১ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার, ও ৮ কেজি গাঁজাসহ আটক ৩
নরসিংদীতে ১ইং জুলাই বুধবার ধর্ষণ মামলার ১ ঘণ্টার মধ্যেই এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণের মামলার প্রধান ও একমাত্র আসামিকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ। ভুক্তভোগী শিশু খাদিজা আক্তার একজন বাকপ্রতিবন্ধী এবং সে স্থানীয় মৃত আক্কেল আলীর কন্যা। এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে মাধবদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার একমাত্র আসামি মোঃ আওলাদ হোসেন (২৭), পিতা: মৃত মোশারফ হোসেন, গ্রাম: ভরতের কান্দা, ইউনিয়ন: মহিষাসুরা, থানা: মাধবদী, জেলা: নরসিংদী।
নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের দিকনির্দেশনায় এবং মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেনের সুদক্ষ নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে মাত্র ১ ঘণ্টার মধ্যেই আসামি মোঃ আওলাদ হোসেনকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
নরসিংদী মডেল থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ দুপুরে শহরের কাউরিয়াপাড়া এলাকার ইউএমসি বালুর মাঠ থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন—
১. আব্দুল কাদের (২৮), পিতা- শহীদ মিয়া, সাং- বায়েক, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তার
বিরুদ্ধে এর আগে ৩টি মাদক মামলা রয়েছে।২. মোছাঃ রেখা বেগম (৪০), স্বামী- জলিল মিয়া, সাং- চানখোলা গুচ্ছগ্রাম, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। তার বিরুদ্ধে পূর্বে ৫টি মাদক মামলা রয়েছে।
৩. মোছাঃ কাজল বেগম (২৫), স্বামী- ইমন হোসেন, বর্তমান ঠিকানা- চানখোলা গুচ্ছগ্রাম, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া (স্থায়ী ঠিকানা: মোস্তাইল, থানা- শাহজাহানপুর, জেলা- বগুড়া)। পূর্বে তার বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।
নরসিংদী জেলা পুলিশ সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে সর্বদা বদ্ধপরিকর
-

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশে কাজ করছে যুক্তরাষ্ট্র: চট্টগ্রাম চেম্বারে পল ফ্রস্ট
বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর পল ফ্রস্ট।
১ জুলাই(বুধবার) চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ সম্মেলনকক্ষে চেম্বারের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পল ফ্রস্ট বলেন, এ সফরের মূল উদ্দেশ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সংযোগ স্থাপন এবং তাদের প্রত্যাশা সম্পর্কে ধারণা নেওয়া। তিনি বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীরা চাইলে আমেরিকান চেম্বার অব কমার্সের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারেন। একই সঙ্গে তিনি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার এবং দেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রপ্তানি বাজার। তাই দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার এখনই উপযুক্ত সময়।
তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরে করিডোর, এক্সপ্রেসওয়ে, এমআরটি, বন্দর উন্নয়ন ও অন্যান্য অবকাঠামো খাতে মার্কিন বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এসব খাতে বিনিয়োগ বাড়লে উভয় দেশই লাভবান হবে।
চট্টগ্রামের ভৌগোলিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে তিনি মাতারবাড়ী ও সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর, চট্টগ্রাম বে-টার্মিনাল এবং অন্যান্য অবকাঠামো প্রকল্পে মার্কিন বিনিয়োগের আহ্বান জানান। পাশাপাশি সরকারের ঘোষিত ফ্রি-ট্রেড জোনে বিনিয়োগের সুযোগ গ্রহণেরও আহ্বান জানান তিনি।
সভায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডেভিড মু বলেন, বাংলাদেশে ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে যুক্তরাষ্ট্র কাজ করছে। তিনি বলেন, বাংলাদেশে ইতোমধ্যে অনেক মার্কিন কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে এবং আরও অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। ব্যবসার প্রতিবন্ধকতা কমানো গেলে দুই দেশের বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।
আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের উৎপাদনশীল খাতে ব্যবহৃত প্রযুক্তি ও যন্ত্রপাতির ক্ষেত্রে মার্কিন পণ্যের সুনাম রয়েছে। তারা বাংলাদেশে আয়োজিত বিভিন্ন ব্যবসায়িক সম্মেলনে মার্কিন উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান।
এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থী ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্য ভিসা ও পাসপোর্ট প্রক্রিয়া সহজ করা, চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের কনস্যুলার অফিস স্থাপন, ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালু এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়েতে বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সেলর ডেভিড মু, চট্টগ্রাম চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এম এ ছালাম, সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর, পরিচালক মোহাম্মদ আকতার পারভেজ, সাবেক পরিচালক এস এম আবু তৈয়ব ও রাহবার এ আনোয়ার, ইতালির অনারারি কনসাল মির্জা সালমান ইস্পাহানী, বিএসআরএম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমীর আলী হুসেইন, যুক্তরাষ্ট্র দূতাবাসের কমার্শিয়াল স্পেশালিস্ট আবির বড়ুয়া, এগ্রিকালচার স্পেশালিস্ট তানভীর আহমেদ এবং পিডব্লিউসির অ্যাসোসিয়েট ডিরেক্টর (ডিজিটাল ট্রান্সফরমেশন) শাদাব মাহমুদসহ ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। -

সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী
সারাদেশের ন্যায় খাগড়াছড়ির দীঘিনালায়ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা।
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এবার মোট ১,৪৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ১,২৪৫ জন, কুজেন্দ্র মল্লিকা কলেজের ১৭৩ জন এবং বাবুছড়া কলেজের ৫০ জন পরীক্ষার্থী রয়েছেন।
পরীক্ষার প্রথম দিন সকাল থেকেই কেন্দ্র প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে উপস্থিত হতে শুরু করেন। অভিভাবকদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। প্রয়োজনীয় তল্লাশি ও আনুষ্ঠানিকতা শেষে পরীক্ষার্থীরা হাসিমুখে নিজ নিজ পরীক্ষার হলে প্রবেশ করেন।
কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। -

ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে টাকা আত্মসাৎ ও উৎকোচ দাবীর অভিযোগ
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও উৎকোচ দাবীর অভিযোগ উঠেছে। এব্যাপারে প্রধান শিক্ষকরা কুড়িগ্রাম- ১ আসনের জাতীয় সংসদ সদস্য বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, গত অর্থ বছরে ঝষওচ (স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্লান) বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা প্রকল্পে ১১২টি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ হাজার থেকে ২২ হাজার টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। ২০% হারে ভ্যাট কর্তনের পর প্রতিটি বিদ্যালয় ১২ হাজার থেকে ১৯ হাজার টাকা পাবার কথা। কিন্তু উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম সমুদয় টাকা উত্তোলন করে নিজ একাউন্টে জমা করেন। শুধু তাইনয়, বিদ্যালয় প্রতি ১হাজার ৪’শত টাকা উৎকোচ নিয়ে ১১২ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র ২৮/৩০টি বিদ্যালয়ে টাকা প্রদান করেছেন। অন্যান্য বিদ্যালয় গুলো উৎকোচ প্রদান নাকরায় তাদের টাকা আটকিয়ে রেখেছেন।
প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য বিদ্যালয় প্রতি ৭ হাজার ৬ শত টাকা বরাদ্দ থাকলেও বিদ্যালয় প্রতি ৫ শত টাকা উৎকোচ নিয়ে উক্ত টাকার চেক প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৩০ টি প্রাথমিক বিদ্যালয় উৎকোচ না দেওয়ায় তাদের টাকা এখনো প্রদান করা হয় নাই। গত ২৫-২৬ অর্থ বছরে ক্ষুদ্র মেরামতের জন্য উপজেলার ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেড় লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার উক্ত টাকা তুলে নিজ একাউন্টে জমা করেন এবং ৫ থকে ১০ হাজার টাকা উৎকোচ দাবী করেন। উৎকোচ না দেয়ায় এখনো উক্ত টাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের একাউন্টে জমা রয়েছে।
গত জাতীয় সংসদ সদস্য নির্বাচনে ভোটহাট ও দক্ষিণ চর-ভূরুঙ্গামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মেরামত বাবদ ১ লক্ষ করে টাকা বরাদ্দ দেয়া হয়। কিন্তু উক্ত বিদ্যালয়ে কোন অর্থ প্রদান নাকরে সমুদয় টাকা আত্মসাৎ করা হয়েছে বলে জানাগেছে। উপজেলার ৩৯ জন নৈশ প্রহরীর বেতন বাবদ ২ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়। এ টাকা দিয়ে ১৫ জন নৈশ প্রহরীর বেতন হবার কথা কিন্তু উৎকোচের বিনিময়ে মাত্র ২/৩ জন নৈশ প্রহরীকে বেতন প্রদান করেন। অবশিষ্ট নৈশ প্রহরীরা উৎকোচ প্রদান না করায় তাদের বেতনের টাকা ফেরৎ পাঠানো হয়েছে বলে জানাগেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রধান শিক্ষক জানান আমরা বহুদিন টাকা খরচ করে ভাউচার দাখিল করেছি। পরবর্তীতে ভাউচারের কিছু ত্রুটি বিচ্যুতি ঠিক করার জন্য বলা হয়। আমরা সেটাও ঠিক করে দিয়েছি কিন্তু অজ্ঞাত কারণে এখনো একাউন্টে টাকা জমা হয় নাই। আমরা শুনেছি যারা উৎকোচ দিয়েছে তারাই টাকা পেয়েছে। আন্ধারীঝাড় ইউনিয়নের একটি সারকারি প্রাথমিক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সাথে যারা যোগাযোগ করেছে তারাই টাকা পেয়েছে।
উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম মোবাইল ফোন ধরে সাংবাদিক পরিচয় পাবার পর হ্যালো হ্যালো বলে ফোন কেটে দেন এবং আর ফোন ধরেননি।
জানাগেছে উপজেলা শিক্ষা অফিসার আখতারুল ইসলাম রংপুর থেকে অফিস করেন। তিনি সোম, মঙ্গল ও বুধবার অফিস করেন। এর ফলে বিভিন্ন কাজে আসা শিক্ষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, আমি এখনই উপজেলা শিক্ষা অফিসারকে অফিসে পাঠাচ্ছি। স্লিপের টাকা ও ভোট কেন্দ্র মেরামতের টাকা বিদ্যালয়ের একাউন্টে জমা দেয়ার নির্দেশ দিয়েছি।
কুড়িগ্রাম- ১ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম জানান, আমি হোয়াটস আপে এরকম একটি দরখাস্ত পেয়েছি। এব্যাপারে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। -

দিনাজপুরের কাহারোল উপজেলায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান/ মোবাইল কোর্ট
আজ ০১ জুলাই ২০২৬ তারিখে দেশীয় মাছ এবং অন্যান্য জলজ সহ জীব বৈচিত্র্য রক্ষার্থে চায়না দুয়ারি ও কারেন্ট জাল দিয়ে মাছ ধরা রোধ করার নিমিত্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে অনুমানিক ১৫০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল ও ১২ টি কারেন্ট জাল জব্দ করে জনসম্মুক্ষে ধ্বংস করা হয়।
দেশীয় মাছের প্রজাতি ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল (অতি সূক্ষ্ম ফাঁসের জাল) ব্যবহার করে মাছ ধরা সম্পূর্ণভাবে নিরুৎসাহিত ও আইনত নিষিদ্ধ।
এ ধরনের জাল ব্যবহারের ফলে রেণু, পোনা ও প্রজননক্ষম মাছ নির্বিচারে ধরা পড়ে, যা দেশীয় মাছের বংশবৃদ্ধি ব্যাহত করে এবং নদী, খাল, বিল ও অন্যান্য জলাশয়ের প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে।
ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে এবং ভবিষ্যতে মাছের উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়। তাই দেশীয় মাছের প্রজনন, পরিবেশের ভারসাম্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলজ সম্পদ সংরক্ষণের স্বার্থে চায়না দুয়ারি জাল ব্যবহার থেকে বিরত থাকুন এবং সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলুন। সচেতন জনগণের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের প্রধান শক্তি। -

পেকুয়ায় মাদকের অভিযোগে তল্লাশি, লুটপাটের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে
কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে মাদকবিরোধী অভিযানের নামে চারটি বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, ল্যাপটপ ও অন্যান্য মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরীর বিরুদ্ধে। তবে চেয়ারম্যান এ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তল্লাশিকালে কিছু নগদ টাকা, একটি ল্যাপটপ এবং ইয়াবা সংরক্ষণের কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে মগনামা বাজারপাড়া এলাকায় নাছির উদ্দিন ও তার ছোট ভাই ছাদেকুর রহমানের মধ্যে পারিবারিক বিরোধের জেরে হাতাহাতির ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় নাছির উদ্দিন তার ভাই ছাদেককে মাদক ব্যবসায়ী বলে অভিযুক্ত করেন।
এরপর সন্ধ্যায় পুলিশ ছাদেকুর রহমানসহ কয়েকটি বাড়িতে তল্লাশি চালালেও কোনো মাদক উদ্ধার হয়নি বলে স্থানীয়রা দাবি করেন। পরে রাত সাড়ে ৭টার দিকে ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী গ্রাম পুলিশ নিয়ে একই এলাকায় আবারও তল্লাশি চালান।
ভুক্তভোগী মাহফুজা বেগম অভিযোগ করেন, মাদকের অপবাদ দিয়ে তাদের ঘরে তল্লাশি চালিয়ে কোনো মাদক না পেলেও চেয়ারম্যানের নেতৃত্বে নগদ ১০ হাজার টাকা, দুটি টর্চলাইট ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়।
আরেক ভুক্তভোগী মনিরা বেগম বলেন, রাত ৭টা থেকে ১১টা পর্যন্ত তাদের বাড়িতে তল্লাশির নামে তাণ্ডব চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৩২ হাজার টাকা ও জাতীয় পরিচয়পত্র নিয়ে যাওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।
ছরওয়ারের স্ত্রী রোজিনা আক্তার অভিযোগ করেন, তল্লাশির সময় তাদের বাড়ি থেকে একটি ল্যাপটপ, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যাওয়া হয়েছে। একই ধরনের অভিযোগ করেছেন ছাদেকুর রহমান ও বিধবা শাহেনা বেগম। শাহেনা বেগম বলেন, তার ঘর থেকে তিন হাজার টাকা ও একটি স্বর্ণের কানের দুল নিয়ে যাওয়া হয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী। তিনি বলেন, যেসব বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তল্লাশিকালে কোনো লুটপাট হয়নি। তবে নগদ ২৯ হাজার টাকা, একটি ল্যাপটপ এবং ইয়াবা রাখার কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, ছাদেক কয়েক মাস আগে ইয়াবা নিয়ে পুলিশের হাতে আটক হয়। কিছুদিন কারাভোগও করেন। মাদক বেচাকেনার সাথে ছাদেক ও তার এক ভাইয়ের সম্পৃক্ততা রয়েছে।
ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সচেতন মহল বলছেন, মাদকের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার। তবে তল্লাশির নামে যা ঘটেছে এটা ঠিক হয়নি। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার এবং ক্ষতিপূরণসহ দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি করছি।
-

গাইবান্ধা সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজী আব্দুল গোফ্ফার প্রতারণার মামলায় আবারও জেলহাজতে পাঠানো হয়েছে
গাইবান্ধা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাজী আব্দুল গোফ্ফার প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে দায়ের করা আরেকটি মামলায় আদালতের নির্দেশে আবারও জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে একই ধরনের অভিযোগে তিনি কারাগারে ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কোমরপুর এলাকার বাসিন্দা মোছাঃ রিক্তা আক্তার শিখা অভিযোগ করেন, ২০২৬ সালের ১ এপ্রিল গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানীপাড়ায় অবস্থিত কাজী আব্দুল গোফ্ফারের কার্যালয়ে তার বিয়ে নিবন্ধন করা হয় এবং ১০ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। পরে কাবিননামা চাইলে দীর্ঘদিন তা না দিয়ে সময়ক্ষেপণ করা হয়। একপর্যায়ে তাকে ১ লাখ ১০ হাজার টাকা দেনমোহর উল্লেখ করা একটি কাবিননামা দেওয়া হয়, যা তিনি ভুয়া বলে দাবি করেন। এ ঘটনায় তিনি প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে আদালতের নির্দেশে অভিযুক্ত কাজী আব্দুল গোফ্ফারকে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার এখনও সম্পন্ন হয়নি। অভিযোগগুলো বর্তমানে বিচারাধীন এবং আদালতের চূড়ান্ত রায়ের অপেক্ষায় রয়েছে।
