টাংগাইলের ধনবাড়ী উপজেলার ইসপিনজারপুর গ্রামে নতুন মসজিদ নির্মাণ কাজ করাকে কেন্দ্র করে মারপিট, উত্তেজনা ও ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ উঠেছে । এ ব্যপারে আহতর বড় ভাই
মোঃ আলমগীর হোসেন (৪৭), পিতাঃ মৃত আব্দুল খালেক, সাং-ইসপিনজারপুর থানা: ধনবাড়ী, জেলাঃ টাঙ্গাইল বাদী হয়ে ১ জুলাই ধনবাড়ী থানায় ১ টি লিখিত অভিযোগ করেছেন। জানা যায় একই গ্রামের মৃত ছোবহান আলীর ছেলে (১) হায়দর আলী, মতিউর রহমান এর ছেলে (২) মঞ্জুরুল ইসলাম রনি (৪০), মৃত আব্দুস সাওার এর ছেলে ( ৩)আরিফ মিয়া (২২) ( ৪)শাহাদত হোসেনের ছেলে সম্রাট (২০), আব্দুল মজিদের ছেলে(৫)অন্তর মিয়া (২৩) (৬)মৃত মজিবর রহমানের ছেলে আব্দুল মজিদ (৪৫), (৭) পিতা: মৃত আব্দুল ছাওার এর ছেলে রাংগা মিয়া, এদের নেতৃত্বে মহিলা সহ ১৫/২০ মিলে মিলে মসজিদ নির্মাণ কাজে বিরোধ কে কেন্দ্র করে গত ২৯ জুন রাত ৮ টার দিকে ইসপিনজারপুর ঈদগা মাঠ সংলগ্ন কাবেলের বাড়ীর পাশে পূর্ব পরিকল্পিত ভাবে বিবাদীরা হত্যার উদ্দেশ্য বাদীর ছোট ভাই মোঃ জাহাঙ্গীর আলম, বেলাল হোসেন, চাচাতো ভাই আব্দুল মজিদ, চাচা আলাল মিয়া চাচা জামিল হোসেন সহ ভাতিজা রিংকু মিয়া কে রামদা, চাপাতি,চাইনিজ কুড়াল, রড ও দেশীয় অস্ত্র ব্যাবহার করে কুপিয়ে গুরুত্বর আহত করেছে। এসময় তাদের কাছে থাকা ৫০,০০০/ হাজার টাকা ও ১ টি স্বর্ণের আংটি ছিনিয়ে নেয়। এসময় আহতদের ডাক চিৎকারে এলাকাবাসী ঘটনা স্থলে এগিয়ে আসলে বিবাদীরা ঘটনা স্থল থেকে পালিয়ে যায়,এবং তাদেরকে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুত্বর আহত ২ জনকে উন্নত চিকিৎসার জন্য টাংগাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছেন। বর্তমানে ধনবাড়ী এবং টাংগাইলে আহতরা চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এ ব্যপারে বিবাদীদের সাথে যোগাযোগ করা হলে তাদের কাউকে বাড়ীতে পাওয়া যায়নি।এ ঘটনায় এলাকায় থমথমে বিরাজ করছে।
Blog
-

ধনবাড়ীতে মসজিদ নির্মাণ কে কেন্দ্র করে ৬ জনকে কুপিয়ে গুরুতর আহত।
-

পাইকগাছা পৌরসভার সিসি সড়ক নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ; ৪ ইঞ্চির স্থলে ২–৩ ইঞ্চি ঢালাই, রড ছাড়াই ড্রেনের স্ল্যাব—তদন্ত ও কঠোর ব্যবস্থার দাবি
পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটি এলাকায় নির্মাণাধীন একটি সিসি সড়ক ও ড্রেনের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সরকারি অর্থে বাস্তবায়নাধীন এ প্রকল্পে নিম্নমানের কাজ করা হয়েছে এবং নির্মাণে নির্ধারিত সিডিউল অনুসরণ করা হয়নি। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ত্রুটিপূর্ণ অংশ ভেঙে পুনরায় সিডিউল অনুযায়ী নির্মাণের দাবি জানিয়েছেন।
জানা গেছে, টোল আনারের বাড়ি থেকে পৌরসভার কার্যসহকারী বিদ্যুৎ কুমার রায়ের বাড়ি পর্যন্ত সিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজের দায়িত্ব পায় আখি এন্টারপ্রাইজ। পরে ঠিকাদার ইউসুফ আলী সরদার কাজটি সম্পন্ন করেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
রোববার সরেজমিনে গিয়ে স্থানীয়রা অভিযোগ করেন, যেখানে সড়কের ঢালাই ৪ ইঞ্চি হওয়ার কথা, সেখানে অনেক স্থানে মাত্র ২ থেকে ৩ ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। এছাড়া ড্রেনের স্ল্যাবে প্রয়োজনীয় রড ব্যবহার না করেই ঢালাই করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এলাকাবাসীর ভাষ্য, এ ধরনের নিম্নমানের নির্মাণকাজ সরকারি অর্থের অপচয় এবং জনস্বার্থের পরিপন্থী।
স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে সিডিউল অনুযায়ী পুনরায় কাজ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে সরকারি অর্থ আত্মসাত বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এ বিষয়ে অতিরিক্ত দায়িত্বে থাকা পৌর নির্বাহী প্রকৌশলী নুর আহাম্মদ বলেন, “আমি সাতক্ষীরা পৌরসভায় কর্মরত। পাইকগাছা পৌরসভায় অতিরিক্ত দায়িত্ব পালন করছি। এ বিষয়ে উপসহকারী প্রকৌশলী ও কার্যসহকারী বিস্তারিত বলতে পারবেন।”
উপসহকারী প্রকৌশলী লিংকন বলেন, “যদি সিডিউল অনুযায়ী কাজ না হয়ে থাকে, তাহলে প্রয়োজন হলে ত্রুটিপূর্ণ অংশ ভেঙে পুনরায় সিডিউল অনুযায়ী নির্মাণ করা হবে।”
কার্যসহকারী বিদ্যুৎ কুমার রায় বলেন, “ঠিকাদার আমার নির্দেশনা না মেনে জোর করে কাজ করেছেন।”
অন্যদিকে পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার বলেন, “সিডিউল অনুযায়ী কাজ না হলে সংবাদ প্রকাশ করুন। বিষয়টি সংশ্লিষ্ট প্রকৌশল শাখার দায়িত্ব।”
এলাকাবাসীর অভিযোগ, অতীতেও পৌরসভার বিভিন্ন উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। তাই এবারের ঘটনাটিরও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
তবে বিদ্যুৎ কুমার রায়ের বিরুদ্ধে দুর্নীতি, অবৈধ সম্পদ বা অন্যান্য ব্যক্তিগত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তদন্ত বা প্রমাণ উপস্থাপিত হয়নি। তাই এসব অভিযোগ তদন্তের মাধ্যমে যাচাই করার দাবি জানিয়েছেন স্থানীয়রাও।
-

৬০০ শতাংশ মুনাফায় বাজারে এন্টারোজার্মিনা সাপ্লিমেন্ট
বাংলাদেশে শিশুদের ডায়রিয়ার চিকিৎসায় বহুল ব্যবহৃত প্রোবায়োটিক পণ্য এন্টারোজার্মিনা ওরাল সাসপেনশন আমদানিকে কেন্দ্র করে অস্বাভাবিক মুনাফা, নিয়ন্ত্রক বিধিমালার ফাঁক ব্যবহার এবং শুল্ক মূল্যায়নে অসঙ্গতির অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সিনোভিয়া ফার্মা পিএলসি, যারা ইতালিতে উৎপাদিত এই প্রোবায়োটিক বাংলাদেশে আমদানি ও বাজারজাত করে।
কোম্পানিটির কার্যক্রম সম্পর্কে অবগত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এক সাবেক কর্মকর্তা, যিনি হুইসেলব্লোয়ার হিসেবে পরিচয় গোপন রাখার শর্তে তথ্য দিয়েছেন, দাবি করেন—পণ্যটিকে ওষুধ হিসেবে নিবন্ধন না করে ‘খাদ্য সম্পূরক’ (ফুড সাপ্লিমেন্ট) হিসেবে শ্রেণিবদ্ধ করায় মূল্যনিয়ন্ত্রণের বাইরে থেকে প্রায় ৬০০ শতাংশ পর্যন্ত মুনাফা করা সম্ভব হয়েছে।
তার ভাষ্য অনুযায়ী, এন্টারোজার্মিনা যদি ফার্মাসিউটিক্যাল ওষুধ হিসেবে নিবন্ধিত হতো, তাহলে ঔষধ প্রশাসনের মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণের আওতায় আসত। কিন্তু খাদ্য সম্পূরক হিসেবে নিবন্ধনের ফলে এর খুচরা মূল্য নির্ধারণে কার্যত কোনো নিয়ন্ত্রক সীমাবদ্ধতা নেই। এই সুযোগেই আমদানিকারক প্রতিষ্ঠান অস্বাভাবিক মুনাফা করছে বলে অভিযোগ।
হুইসেলব্লোয়ারের দেওয়া আমদানি নথি, ব্যাংকিং কাগজপত্র ও শুল্ক-সংক্রান্ত দলিল পর্যালোচনায় দেখা যায়, ১০টি ভায়ালসমৃদ্ধ প্রতি প্যাকেট এন্টারোজার্মিনার ঘোষিত আমদানি মূল্য এক মার্কিন ডলারেরও কম। নথি অনুযায়ী, প্রতি প্যাকেটের মূল্য দেখানো হয়েছে প্রায় ০.৭৮ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৭ টাকা। অথচ একই প্যাকেট দেশের বাজারে বিক্রি হচ্ছে প্রায় ৭০০ টাকায়, অর্থাৎ প্রতি ভায়াল ৭০ টাকা হিসেবে।
হুইসেলব্লোয়ারের দাবি, গত দুই বছরে এন্টারোজার্মিনার খুচরা মূল্য ৫০০ টাকা থেকে বেড়ে ৭০০ টাকায় পৌঁছেছে, যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি। কিন্তু এই মূল্যবৃদ্ধির বিষয়ে ভোক্তা, চিকিৎসক কিংবা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি এবং কোনো সরকারি মূল্য-সংশোধন বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়নি।
এন্টারোজার্মিনায় রয়েছে Bacillus clausii ব্যাকটেরিয়ার স্পোর, যা শিশুদের ডায়রিয়া, অ্যান্টিবায়োটিক-পরবর্তী অন্ত্রের ভারসাম্যহীনতা এবং অন্যান্য পরিপাকজনিত সমস্যায় চিকিৎসকেরা নিয়মিত প্রেসক্রাইব করেন। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে শিশুদের উপযোগী তরল প্রোবায়োটিকের বিকল্প সীমিত হওয়ায় এই পণ্যের বাজার চাহিদা অত্যন্ত বেশি। ফলে মূল্য নির্ধারণে নিয়ন্ত্রণ না থাকলে অপব্যবহারের ঝুঁকিও বেড়ে যায়।
শুধু মূল্য নয়, আমদানির বৈধতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন হুইসেলব্লোয়ার। তার অভিযোগ, ড্রাগস অ্যান্ড কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী খাদ্য সম্পূরক আমদানির ক্ষেত্রে ফ্রি-সেল সার্টিফিকেট, সার্টিফিকেট অব অ্যানালাইসিস (COA), উৎপাদন-সংক্রান্ত নথি এবং স্ট্যাবিলিটি ডেটাসহ একাধিক বাধ্যতামূলক কাগজপত্র নিয়ন্ত্রক সংস্থায় জমা দেওয়ার কথা থাকলেও বছরের পর বছর এসব নথির পূর্ণাঙ্গ তথ্য যথাযথভাবে দাখিল করা হয়নি।
অভিযোগে আরও বলা হয়েছে, ২০২২ সালে মাত্র এক বছরের জন্য দেওয়া একটি অনুমোদনের ভিত্তিতেই সিনোভিয়া ফার্মা এখনও এন্টারোজার্মিনা আমদানি করে যাচ্ছে। শিল্পসংশ্লিষ্টদের মতে, ফার্মাসিউটিক্যাল পণ্যের আমদানির ক্ষেত্রে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) সাধারণত সীমিত মেয়াদের জন্য দেওয়া হয় এবং নির্দিষ্ট সময় পর তা নবায়ন করা প্রয়োজন।
হুইসেলব্লোয়ারের দাবি, বর্তমানে বাংলাদেশেই এন্টারোজার্মিনার সমতুল্য স্থানীয় প্রোবায়োটিক উৎপাদিত হচ্ছে। সে ক্ষেত্রে প্রস্তুত বিদেশি পণ্যের আমদানি অব্যাহত রাখার যৌক্তিকতা এবং এর ওপর নিয়ন্ত্রক নজরদারির প্রয়োজনীয়তা নতুন করে মূল্যায়ন করা উচিত।
এন্টারোজার্মিনা আমদানিকে ঘিরে আরেকটি গুরুতর অভিযোগ হলো শুল্ক মূল্যায়নে সম্ভাব্য অনিয়ম। হুইসেলব্লোয়ারের ভাষ্য অনুযায়ী, ২০২২ সালেই শুল্ক কর্মকর্তারা পণ্যটির ঘোষিত ইনভয়েস মূল্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাদের পর্যবেক্ষণ ছিল, ঘোষিত মূল্য আন্তর্জাতিক পাইকারি বাজারদরের তুলনায় অস্বাভাবিকভাবে কম, যা আন্ডার-ইনভয়েসিংয়ের ইঙ্গিত দিতে পারে।
তিনি আরও দাবি করেন, যদি ঘোষিত মূল্য ও প্রকৃত লেনদেনমূল্যের মধ্যে পার্থক্য থেকে থাকে এবং সেই অর্থ আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার বাইরে পরিশোধ করা হয়ে থাকে, তাহলে বিষয়টি বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা বিধিমালা এবং অর্থপাচারবিরোধী আইনের সম্ভাব্য লঙ্ঘনের সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। তবে এ অভিযোগের বিষয়ে কোনো সরকারি তদন্তের ফলাফল এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।
এ বিষয়ে মন্তব্য জানতে বারবার যোগাযোগ করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিনোভিয়া ফার্মা পিএলসি এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
-

দক্ষিণাঞ্চলের উন্নয়ন এবং মহিপুুর কে উপজেলা করাসহ বিভিন্ন দাবিতে কলাপাড়ায় দীর্ঘ ৩০ কিলোমিটার মানববন্ধন
দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দ এবং মহিপুর থানা কে উপজেলা উন্নিত করার দাবিতে পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর ও কুয়াকাটায় প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহিপুর থানা নাগরিক সমাজের উদ্যোগে হাজীপুর-সোনাতলা সেতু থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কজুড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়া উপজেলা, মহিপুর থানার ও কুয়াকাটার বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ অংশ নিয়ে মানববন্ধন ও মানবচেইন গড়ে তোলেন।
মানববন্ধন থেকে দক্ষিণাঞ্চলের উন্নয়নের লক্ষ্যে ভাঙ্গা-কুয়াকাটা সিক্সলেন মহাসড়ক নির্মাণ, পর্যটনশিল্পের বিকাশে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দরকে পূর্ণাঙ্গভাবে চালু করা, শের-ই-বাংলা মেডিকেল কলেজেকে বিশ্ববিদ্যালয় করা, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেল লাইন নির্মাণ, ভোলা-বরিশাল সেতু নির্মাণ ও মহিপুর বাসির প্রাণের দাবি মহিপুর থানা কে উপজেলা উন্নিত করা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের দক্ষিণাঞ্চল দীর্ঘদিন ধরে উন্নয়নের ক্ষেত্রে অবহেলিত। এ অঞ্চলে আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিল্পায়ন, শিক্ষা, রেল লাইন, ভোলা – বরিশাল সেতু, বিমান বন্দর, চিকিৎসা, মহিপুর থানা কে উপজেলা উন্নিত করা ও পর্যটন খাতের উন্নয়ন নিশ্চিত করা গেলে জাতীয় অর্থনীতিতে দক্ষিণাঞ্চল আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
বৃহত্তর দক্ষিণাঞ্চলের দাবিগুলোর সাথে একতাবদ্ধ হয়ে মহিপুর থানা বাসির প্রাণের দাবি মহিপুর থানা কে উপজেলা উন্নিত করা গেলে এলাকার ব্যবসা বাণিজ্যে ব্যপক প্রসার ঘটবে এবং সরকারের রাজস্ব খাতে আয় বৃদ্ধি পাবে। মহিপুর থানার আওতাধীন হাজীপুর সোনাতলা ব্রিজ থেকে লতাচাপলীর তুলাতলী বাস টার্মিনাল পর্যন্ত মহাসড়কে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে মানববন্ধন করেন।
বক্তারা আরও বলেন, দক্ষিণাঞ্চলের উন্নয়নের দাবিগুলো বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন থেকে জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা এবং উত্থাপিত দাবি সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।
-

জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচির উদ্বোধন
কুড়িগ্রামে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলা এনসিপি।
বুধবার (১ জুলাই) বিকাল ৪টায় কুড়িগ্রাম কলেজ মোড়স্থ জুলাই স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া।
এসময় তিনি বলেন, ২৪ এর জুলাইয়ে আত্মদানকারী শহীদ ও আহত যোদ্ধাদের স্মৃতি বিজড়িত ছাত্র-জনতার এই মহান অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিদায়ের এই ইতিহাসকে জাতির কাছে স্মরণীয় রাখতে আমাদের ৩৬ দিনের দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচির আজ প্রথম দিন। আমরা আমাদের এই মহান আন্দোলনকে জাতির সামনে তুলে ধরতে কেন্দ্রীয় কর্মসূচির আলোকে যে পদক্ষেপ হাতে নিয়েছি তা নিঃসন্দেহে সকল জুলাই আন্দোলনকারী ছাত্র-জনতার হৃদয়ে প্রেরণা যোগাবে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেল প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, শ্রমিক শক্তির আহ্বায়ক মজনু মিয়া, স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, সদর উপজেলা আহ্বায়ক শাহজাহান আলী সুমন, পৌর আহ্বায়ক আরিফুজ্জামান সাগর, রাজারহাট উপজেলা আহ্বায়ক এ্যাডভোকেট সাজ্জাদুল ইসলাম সাগর প্রমুখ।
কর্মসূচিতে এনসিপি ও এর অঙ্গসংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
-

সাঘাটায় নাতির ধারালো অস্ত্রের হামলায় দাদি নিহত, আশঙ্কাজনক দাদা।
গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির ধারালো অস্ত্রের হামলায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্বামী। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামারপবন তাইড় গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফেরেজা বেগম (৬৫)। আহত তার স্বামী করিম (৭০) বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, শাকিল (১৯) নামে ওই যুবক মাদকাসক্ত। এ কারণে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। স্ত্রীকে ফিরিয়ে আনার বিষয় নিয়ে দাদা-দাদির সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে শাকিল ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে দুজনকে এলোপাতাড়ি আঘাত করেন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে পথে জুমারবাড়ী ইউনিয়নের কায়দার গেট এলাকায় পৌঁছালে ফেরেজা বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত শাকিলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। সাঘাটা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনের তদন্ত অব্যাহত রয়েছে||
-

মধুপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
টাঙ্গাইলের মধুপুরে সেগুনবাগান এলাকায় সাদিকুল ইসলাম (২০) নামে যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বুধবার ( ১ জুলাই ) সকালে মধুপুর পৌর শহরের সেগুনবাগান এলাকায় এই ঘটনা ঘটে। এসময় আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাদিকুল ইসলাম মধুপুরের বিল্লাল ড্রাইভারের ছেলে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাদিকুলের পরিবার সেগুনবাগান এলাকায় ভাড়া বাসায় থাকেন।
পরিবার সুত্রে জানা যায়, সাদিকুল সকালে নাস্তা করে তার রুমে ছিল। পরিবারের লোকজন বাসায প্রতিদিনের মত বাসার বিভিন্ন কাজে ব্যাস্ত ছিল।এ সুযোগে সাদিকুল তার রুমের দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। বাসার পাঁশ দিয়েই যাতায়াতের রাস্তা। রাঁস্তা দিয়ে চলাচল রত লোকজন জানালা দিয়ে তাকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানালে পরিবারের লোকজন জানালা দিয়ে বাঁশের সাথে দা বেধে ফাঁস দেওয়া ওড়না কেটে দেয়। পরে পরিবার ও আশেপাশের লোকজন দরজার লককেটে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার লাভলু তরফদার সহযোগীদের নিয়ে ঘটনা স্হলে পৌছলে এলাকার লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের গাড়ী দিয়ে তাকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকারী স্টেশন অফিসার লাভলু তরফদার জানান, ঘটনা স্হলে পৌছে আহত সাদিকুলকে উদ্ধার করে আমাদের গাড়ীতে উঠিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। কর্তব্য রত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একে এম ফজলুল হক জানান, আমি ঘটনা জানতে পেরেছি। বর্তমানে লাশটি হাসপাতালে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-

বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা
স্কুলের নাম বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়। যশোরের বেনাপোল বন্দর ও কাস্টম হাউজের সামনে এর অবস্থান। দেশের সর্ববৃহৎ স্থলবন্দরের এই স্কুল থেকে পাশ করা লাখ লাখ ছাত্র-ছাত্রী আজ সমাজের উচ্চ আসনে প্রতিষ্ঠিত। এলাকার অনেক রাজনীতিবিদ এই স্কুলের ম্যানেজিং কমিটির দায়িত্ব নিয়েছেন। কিন্তুু কেউ কথা রাখেনি। এমপিদের পছন্দের লোক স্কুল পরিচালনা কমিটিতে নাম লেখাতে ব্যস্ত ছিলেন। স্কুলের উন্নয়নে তাদের কোন দায়িত্ব ছিল না। সে কারণে দীর্ঘ ৩০ বছরেও নির্মাণ করা হয়নি নতুন কোন ভবন।
বর্তমানে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে দীর্ঘ দিন ধরে। যে কোন মূহুর্তে পরিত্যক্ত ভবন ধ্বসে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। ডিজিটাল বাংলাদেশের এমন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আজও থাকতে পারে এটা বিশ্বাস করা যায় না। ১৮৮৭ সালে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হওয়ার পর ১৯৬৫ সালে একটি ভবন নির্মাণ করা হয় যার নাম দেয়া হয় কবি নজরুল ইসলাম ভবন। এর পর ১৯৯৬ সালে আরো একটি ভবন নির্মাণ করা হয় যার নাম দেয়া হয় কবি জসিমউদ্দিন ভবন। বর্তমানে দুইটি ভবনই পরিত্যক্ষ। ১২ জন শিক্ষক ও ৩ শ‘ ৫৭ জন ছাত্র-ছাত্রী নিয়ে চলছে এ বিদ্যালয়টি। প্রথম শিক্ষক পদটি খালি রয়েছে।
স্বনামধন্য এই বিদ্যাপিঠের পুরাতন ভবন দুইটি ৬ মাস আগে উপজেলা প্রশাসন ও উপজেলার শিক্ষা অফিস কর্তৃপক্ষ পরিত্যক্ত ঘোষণা করার পর আজও নতুন কোন বিকল্প ভবনের মুখ দেখেনি সেখানকার শিক্ষার্থীরা। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেনীর কোমলমতি শিশু-শিক্ষার্থীদের সেই পরিত্যক্ত ভবনে ক্লাস করতে হয় ঝড়-বৃষ্টি বর্ষা বাদলের মধ্যে। আর পরিত্যক্ত ভবনে জায়গার সংকুলান না হওয়ায় স্কুলের বারান্দায় ক্লাস করতে হচ্ছে। অন্য একটি ভবনের একটি কক্ষে অফিস ও শিক্ষকদের বসার কক্ষ ও পাশের কক্ষে ও উপরে ৩টি তৃতীয় চতুর্থ ও পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের ক্লাসরুম। জায়গা সংকটের কারণে বর্তমানে দুই শিফটে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের। প্রথম শিফটে সকাল ৯টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত প্রথম ও দ্বিতীয় শ্রেণীর এবং দুপুর ১২ টা থেকে বেলা ৪টা পর্যন্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্লাস করানো হচ্ছে।
শিক্ষা জাতীর মেরুদন্ড। সরকার শিক্ষা খাতে সর্বাধিক আর্থিক সুবিধা দিয়ে থাকলেও দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের প্রাথমিক শিক্ষায় আজো রয়েছে অবহেলিত। ভাঙাচুরা স্কুলের নীচে বসেই শিক্ষা গ্রহন করতে হচ্ছে কোমলমতি এ সব শিশু শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের জায়গা সংকুলানের কারনে শিক্ষার্থীরা স্কুলের বারান্দায় ক্লাস করছে। পরিত্যক্ত বিল্ডিং ভেঙ্গে পড়ার ভয়ে এলাকার কয়েকজন বিদ্যানুরাগী বাঁশ আর টিনের চাল দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস রুম করার দায়িত্ব নিয়েছেন।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানিয়েছেন, ৩০ বছরেও স্কুলের পাকা ভবন নির্মাণ হয়নি। ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট দফতরে কয়েকবার চিঠি দিয়েও কোনও কাজ হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের যথাযথ উদ্যোগের অভাবে প্রতিষ্ঠার এত বছর পরও প্রতিষ্ঠানের জন্য পাকা ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। ভবন না থাকার পাশাপাশি আছে শ্রেণিকক্ষের সংকট।
বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ মতিয়ার রহমান জানান, স্কুলটির ভবন না থাকায় এখানে দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থা ব্যহত হচ্ছে। এ স্কুলটির জন্য জরুরী ভিত্তিতে ৪ তলা একটি বিল্ডিং প্রয়োজন। বিষয়টি স্থানীয় মাননীয় সংসদ সদস্য মহোদয়কে বলা হয়েছে।
বেনাপোলের ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ¦ হাবিবর রহমান হবি বলেন, জরুরী ভিত্তিতে স্কুলের ভবন নির্মঅণ প্রয়োজন। ছোট ছোট শিক্ষার্থীদের ক্লাস করতে কস্ট হচ্ছে। আমরা নিজেরাই শিক্ষার্থীদের অবস্থা দেখে বাঁশ আর টিনের চাল দিয়ে কয়েকটি ক্লাস রুম করার দায়িত্ব নিয়েছি। খুব দ্রুত কাজ শুরু করা হবে। স্কুলের পাশে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
এ বিষয়ে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বেদৌরা পারভীন জানান, এই শিক্ষা প্রতিষ্ঠানে ১২ জন শিক্ষক এবং সাড়ে ৩০০ শিক্ষার্থী আছে। এ জন্য ১০টি শ্রেনী কক্ষের প্রয়োজন কিন্তু আছে মাত্র চারটি। শ্রেনী কক্ষের অভাবে জীবনের ঝুঁকি নিয়ে পরিত্যক্ত ভবনে শিক্ষার্থীদের ক্লাস করতে হয়েছে দীর্ঘ দিন। যে কোন মূহুর্তে পরিত্যক্ত ভবন ধ্বসে ঘটে যেতে পারে বড় ধরনের দূর্ঘটনা। সে কারণে ঝুঁকি না নিয়ে স্কুলের বারান্দায় ক্লাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বারবার ভবনের জন্য তাগিদ দেওয়া সত্বেও শিক্ষা অফিস থেকে আশ্বাস পাওয়া গেলেও বছরে ভবনের মুখ দেখা মেলেনি। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছর মেধা তালিকায় মেধাবী শিক্ষার্থীরা স্থান করে নেয়। উপজেলা শিক্ষা কর্মকর্তার সাথে আলোচনা করে স্থানীয় শিক্ষানুরাগী কয়েকজন বাঁশ আর টিনের চাল দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাস রুম করার দায়িত্ব নিয়েছেন। ক্লাস রুম তৈরি হলে কিছুটা কস্ট লাঘব হবে।
শার্শা উপজেলা শিক্ষা অফিসার রেহেনা বানু জানান, দীর্ঘ দিন ধরে সীমান্তবর্তী বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের ক্লাস করছিল। ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে কোমলমতি শিক্ষার্থীদের ক্লাশবন্ধ করে দেওয়া হয়েছে। আমি কয়েকবার সহকারি শিক্ষা অফিসারকে সাথে নিয়ে স্কুল পরিদর্শন করেছি। শ্রেণী সংকটের কারণে স্কুলের বারান্দায় ক্লাস নেওয়ার জন্য শিক্ষকদের বলা হয়েছে। নতুন ভবনের জন্য ইতোমধ্যে সওয়াল টেস্ট করা হয়েছে। উর্ধতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করার পরও কেন নতুন ভবনের বরাদ্দ আসছে না তা আমাদের বোধগম্য নহে। বরাদ্দ এলেই নতুন ভবনের কাজ শুরু করা হবে।
-

শূন্যরেখায় ১৭ দিনের মানবেতর জীবন, তারপর হঠাৎ উধাও বিএসএফের পুশইন করা তিন যুবক
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ইজলামারী সীমান্তে নাগরিকত্ব জটিলতায় টানা ১৭ দিন ধরে শূন্যরেখায় অবস্থান করা তিন যুবকের খোঁজ মিলছে না।
বুধবার (১ জুলাই) ভোর থেকে তাদের আর সেখানে দেখা যাচ্ছে না।
তারা কোথায় গেছেন, নাকি কোনো পক্ষ তাদের সরিয়ে নিয়েছে, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়ন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তিন যুবক বর্তমানে শূন্যরেখায় নেই।এর আগে গত ১৪ জুন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রৌমারীর গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে দুই শিশুসহ নয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখায় অবস্থান নেয়। পরে পরিচয় যাচাই শেষে দুই শিশুসহ ছয়জনকে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হলেও পরিচয় নিশ্চিত না হওয়ায় বাকি তিন যুবক ইজলামারী সীমান্তের শূন্যরেখাতেই আটকে থাকেন। টানা ১৭ দিন খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মানবেতর জীবন কাটাচ্ছিলেন তারা।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক হাসানুর রহমান জানান, টানা ১৭ দিন ধরে তিন যুবক ইজলামারী সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিলেন। তবে বুধবার ভোর থেকে তাদের সেখানে আর দেখা যাচ্ছে না। তারা কোথায় গেছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে বিজিবির নজরদারি ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
সীমান্ত দিয়ে নতুন করে কোনো পুশইনের ঘটনা প্রতিরোধে সীমান্তজুড়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। -

সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ, বাড়ছে জনভোগান্তি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ঐতিহাসিক সোনাহাট সেতুর স্টিলের পাটাতন ভেঙে যাওয়ায় বুধবার (১ জুলাই) সকাল থেকে সেতু দিয়ে সব ধরনের ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
পাটাতন ভেঙে একটি বালুবাহী ড্রাম ট্রাক সেতুর ওপর আটকে পড়লে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে সেতুর দুই প্রান্তে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা সেতুটির বিভিন্ন স্থানে স্টিলের পাটাতন ভেঙে গেছে এবং লোহার প্লেট (ট্যাংক জ্যাম) খুলে গেছে। এরপরও জীবিকার প্রয়োজনে প্রতিদিন শত শত যানবাহন ঝুঁকি নিয়েই চলাচল করছিল।
জানা গেছে, ব্রিটিশ শাসনামলে ১৮৮৭ সালে লালমনিরহাট থেকে ভারতের গৌহাটি পর্যন্ত রেলপথ নির্মাণের অংশ হিসেবে দুধকুমার নদের ওপর প্রায় ১ হাজার ২০০ ফুট দীর্ঘ সোনাহাট রেলসেতু নির্মিত হয়। মহান স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে সেতুর একটি অংশ ধ্বংস করা হয়। স্বাধীনতার পর সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে সেতুটি সংস্কার করে ভূরুঙ্গামারীর দক্ষিণাঞ্চলের তিনটি ইউনিয়ন এবং কচাকাটা ও মাদারগঞ্জ এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ চালু করা হয়।
নির্মাণকালে সেতুটির আয়ুষ্কাল নির্ধারণ করা হয়েছিল ১০০ বছর। সেই হিসেবে প্রায় ৪০ বছর আগেই এর মেয়াদ শেষ হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় সেতুটি বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। একই সঙ্গে সেতুটি অচল হয়ে গেলে সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হবে।এদিকে ঝুঁকিপূর্ণ এই সেতুর পাশে দুধকুমার নদের দক্ষিণাংশে ১৩৬ কোটি টাকা ব্যয়ে ৬৪৫ মিটার দীর্ঘ নতুন সোনাহাট সেতুর নির্মাণকাজ চলছে। দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও আট বছর পেরিয়ে গেলেও এখনো নির্মাণ শেষ হয়নি। এতে স্থানীয়দের দুর্ভোগ দিন দিন বাড়ছে। তারা দ্রুত নতুন সেতুর নির্মাণকাজ শেষ করার দাবি জানিয়েছেন।
সোনাহাট সেতু সংলগ্ন এলাকার ব্যবসায়ী ফরিদুল ইসলাম, শফিকুল ইসলাম ও নুর ইসলাম বলেন, পাথরবোঝাই ট্রাক চলাচলের সময় পুরো সেতু থরথর করে কেঁপে ওঠে। সেতুটি এতটাই সরু যে, একটি ট্রাক চলাচলের সময় অন্য কোনো যানবাহনের যাওয়ার সুযোগ থাকে না। এতে প্রায়ই দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক ব্যবসায়ী আবু হেনা মাসুম বলেন, প্রায়ই সেতুর পাটাতন ভেঙে যায়, পরে সড়ক বিভাগ তা মেরামত করে। কিন্তু স্থায়ী সমাধান না হওয়ায় জনগুরুত্বপূর্ণ এ সেতু দিয়ে পণ্যবাহী যান চলাচল বন্ধ হলে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাবে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেবনাথ বলেন, সেতুটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হয়েছে। একই সঙ্গে অতিরিক্ত পণ্য বহনকারী যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, সেতুটি দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। সংস্কারকাজ শেষ করে, যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করা হবে।