
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর শওকত মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।
বুধবার (১ জুলাই) দুপুরে নাগরপুর উপজেলার বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে নাগরপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা পাটক্ষেতে একটি অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহটি শওকত মোল্লার বলে শনাক্ত করেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের চাচাতো ভাই মো. আয়নাল মোল্লা (৪৩) জানান, শওকত মোল্লা গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে বিন্নাওঝা গ্রামে একটি মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তার ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সহবতপুর ইউনিয়নের একটি পাটক্ষেত থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়েরের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিজস্ব প্রতিবেদক 
























