
নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী (টাঙ্গাইল):
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ৪ নম্বর পাইস্কা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের থোড়া ও পাইটকা গ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি টানা বৃষ্টির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়লে স্থানীয় জনদুর্ভোগ লাঘবে ব্যক্তিগত অর্থায়নে রাস্তা সংস্কারের উদ্যোগ নেন পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাফিজুর রহমান (বি.এসসি.)।
সংস্কারকাজের সময় স্থানীয় এলাকাবাসী উপস্থিত থেকে এ উদ্যোগকে স্বাগত জানান এবং দ্রুত রাস্তা চলাচল উপযোগী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে বৃষ্টির কারণে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় শিক্ষার্থী, কৃষক, পথচারী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল।
এ সময় হাফিজুর রহমান (বি.এসসি.) বলেন, “জনগণের সেবা করাই আমার লক্ষ্য। নির্বাচিত হওয়ার আগেই মানুষের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করছি। ভবিষ্যতে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে পাইস্কা ইউনিয়নের কোনো রাস্তা কাঁচা থাকবে না। পর্যায়ক্রমে সকল কাঁচা রাস্তা উন্নয়ন করে টেকসই ও চলাচল উপযোগী করা হবে।”
এলাকাবাসী জানান, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের মতো কাজ স্থানীয় মানুষের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, জনদুর্ভোগ নিরসনে এমন উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং মানুষের যাতায়াত সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নিজস্ব প্রতিবেদক, ধনবাড়ী (টাঙ্গাইল): 
























