Blog

  • শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মো: আমিনুল ইসলামকে  মাসোহারা না দিলে ঘোরেনা যানবাহনের চাকা

    শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মো: আমিনুল ইসলামকে মাসোহারা না দিলে ঘোরেনা যানবাহনের চাকা

    বাংলাদেশ হাইওয়ে পুলিশ হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। হাইওয়ে পুলিশের শ্লোগান হলো সুশৃঙ্খল সুরক্ষিত মহাসড়ক। হাইওয়ে পুলিশের প্রধান কাজ হলো মহাসড়কে শৃঙ্খলা রক্ষা,দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী,ড্রাইভারদের নিরাপদ যাতায়ত নিশ্চিতে কাজ করা। কিন্তুু তার বিপরীত কাজ করে যাচ্ছে ময়মনসিংহ নেত্রকোনা হাইওয়ে মহাসড়ক শ্যামগঞ্জ বাজারের পাশে পূর্বধলায় থানায় অবস্হিত শ্যামগঞ্জ হাইওয়ে থানায় কর্মরত অফিসার ইনচার্জ ওসি মো: আমিনুল ইসলাম।

    এলাকাবাসী ও বিভিন্ন যানবাহনের নাম প্রকাশে অনিচ্ছুক ড্রাইভারদের সূত্রে জানা জানা যায় শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শ্যামগঞ্জ হাইওয়ে থানায় জয়েন করার পর থেকেই চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। গাড়ীর বৈধ কাগজ ও ড্রাইভারদের লাইসেন্স থাকা সত্বেও টাকা না দিলেই মিথ্যা মামলার ভয় দেখান এবং টাকা দিতে বাধ্য করেন।

    ড্রাইভারদের সূত্রে আরো জানা যায় কোন গাড়ির কাগজ না থাকলে বা ড্রাইভিং লাইসেন্সের মেয়াদ অল্প দিন থাকলে তাদেরকে বলেন,মাসিক মাসোয়ারা দিতে,তাহলে নাকি আর কোন কাগজ পত্র লাগবে না। পাশা পাশি তিনি বলেন,আপনারা শুধু আমার সাথে যোগাযোগ করবেন,এবং আপনাদের নাম্বার দিয়ে যাবেন এবং মাসের মাসোয়ারা আমার বিকাশ বা নগদ করা নাম্বারে পাঠাবেন।

    ড্রাইভাররা বলেন,ওসি আমিনুল ইসলামের বিকাশ বা নগদ নাম্বার পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষ চেক করলেই জানতে পারবে কি পরিমান টাকা তাহার বিকাশ বা নগদে মাসিক মাসোয়ারার টাকা আসে।

    ড্রাইভাররা আরো বলেন, রেকারের কথা বলে তিনি মিথ্যা মামলা দিয়ে টাকা আদায় করেন,প্রকৃত পক্ষে শ্যামগঞ্জ হাইওয়ে থানায় কোন রেকার নাই।

    এলাকা বাসী ও নাম প্রকাশ্যে অনিচ্ছুক ড্রাইভাররা বলেন,এমন দুর্নীতি পরায়ন ওসি আমরা তাকে শ্যামগঞ্জ হাইওয়ে থানায় আর দেখতে চাই না,তাহার প্রত্যাহার সহ শাস্তি দাবী করি।

    তথ্য সূত্রে জানা যায় ওসি আমিনুল ইসলাম নিজেকে বি এন পি পন্থি ওসি বলে নিজেকে দাবী করে এবং ড্রাইভারদের এভাবে ও ভয় দেখায়।

    আমিনুল ইসলামের দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার সবারচর,নরসিংদী জেলা শহরে ওসি মো: আমিনুল ইসলামের ছয়তলা বিল্ডিং সহ নামে বে নামে অসংখ্য জায়গা জমি রয়েছে।

    এলাকাবাসী বলেন,শ্যামগঞ্জ বাজার একটি ঐতিহ্য বাহি বাজার,শুক্রবার
    সপ্তাহের বাজারের দিন,ফলে শুক্রবারে শ্যামগঞ্জ বাজারে জ্যামের সৃষ্টি হয়।
    ওসি আমিনুল ইসলাম শুক্রবারে বাড়ি চলে যান,রবিবারে এসে অফিস করেন।

    শ্যামগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলামের মোবাইল নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে তার বিরোদ্ধে আনিত অভিযোগ গুলো বিষয়ে জানতে চাইলে তিনি
    অস্বীকার করেন।

    ময়মনসিংহ হাইওয়ে সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের কাছে ওসি মো: আমিনুল ইসলামের ড্রাইভারদের কাছ থেকে মিথ্যামামলা, চাঁদাবাজি ও অবৈধ সম্পদের উৎস সম্পর্কে জানতে চাইলে বলেন,আমার এ সম্পর্কে জানা নাই।
    অভিযোগ সত্য হলে আমাদের ঊর্ধতন কর্তৃপক্ষকে জানাবো তাহার বিরোদ্ধে প্রয়োজনীয় ব্যবস্হা নিতে।

  • চিকিৎসা শেষে দীপু মনিকে ফের কারাগারে পাঠানো হলো

    চিকিৎসা শেষে দীপু মনিকে ফের কারাগারে পাঠানো হলো

    আজ সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দ্রুত তাকে মুন্সিগঞ্জের কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার কারাগারে পাঠানো হয়েছে তাকে।সোমবার (২৯ জুন) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে সকাল ৮টার দিকে নতুন ভবনের মেডিসিন বিভাগে চিকিৎসা দেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে আবার কারাগারে পাঠানো হয়।

  • মোহনগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    মোহনগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

    মোহনগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “পার্টনার কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার দুপুরে উপজেলা মাল্টিপারপাস হলরুমে অনুষ্ঠিত এ কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা আব্দুর শাকুর সাদী, উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ভিপি, সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহ আলম চৌধুরী, পার্টনার স্কুলের সদস্য মাহবুবুল আলম এবং কৃষক কাজল প্রমুখ। ‎ ‎এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তাবৃন্দ, পার্টনার স্কুলের সদস্য, কৃষি উদ্যোক্তা, নারী কৃষি উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা। ‎ ‎বক্তারা বলেন, মোহনগঞ্জে লতি কচু উৎপাদনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। সঠিকভাবে এ ফসলের চাষাবাদ করা গেলে স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের বাইরে রপ্তানিরও সুযোগ সৃষ্টি হবে। তারা কৃষকদের উদ্দেশে আরও বলেন, উৎপাদিত সকল কৃষিপণ্য যেন বিষমুক্ত ও নিরাপদ পুষ্টিগুণসম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

  • ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার

    ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে নেইমার

    ভূমিকম্পে লণ্ডভণ্ড ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। লাতিন আমেরিকার প্রতিবেশী দেশটির মানবিক বিপর্যয়ে জরুরি উদ্ধার তৎপরতা ও ত্রাণ সহায়তার জন্য তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন। ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যম ‘এল সুমারিও’র বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।প্রতিবেদনে জানানো হয়, নেইমারের দেওয়া এই বড় অঙ্কের অর্থ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত গৃহহীন মানুষের জন্য জরুরি খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানীয় পানি, প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজে ব্যয় করা হবে। দুর্যোগ-পরবর্তী এই কঠিন সময়ে দ্রুততম উপায়ে মানবিক সাহায্য নিশ্চিত করতে এই তহবিল সরাসরি মাঠপর্যায়ে ব্যবহার করা হবে।ভেনেজুয়েলার প্রাকৃতিক বিপর্যয় ও মানুষের অবর্ণনীয় দুর্ভোগ নিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন নেইমার। তিনি বলেন ‘ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এই ছোট্ট সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।’উল্লেখ্য, ভেনেজুয়েলায় আঘাত হানা সাম্প্রতিক স্মরণকালের ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে। সরকারি সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রাণহানির সংখ্যা প্রায় ১ হাজার ৫০০ জনে পৌঁছেছে। ধ্বংসস্তূপের নিচে এখনো হাজার হাজার মানুষ আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের জীবিত উদ্ধারে দেশি-বিদেশি উদ্ধারকর্মীরা দিনরাত উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

  • নবীনগরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি ভরাট হুমকির মুখে ফসলি জমি ও খাদ্য নিরাপত্তা

    নবীনগরে কৃষিজমিতে অবৈধভাবে মাটি ভরাট হুমকির মুখে ফসলি জমি ও খাদ্য নিরাপত্তা

    ​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ও আমতলী গ্রামের মাঝামাঝি এলাকায় আবাদি কৃষিজমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কাটার হিড়িক পড়েছে।

    কৃষিজমি ভরাট করে বাঁধ নির্মাণ এবং সেখানে স্থাপনা তৈরির প্রস্তুতির ঘটনায় স্থানীয় কৃষকদের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

    ​সরেজমিনে দেখা যায়, উর্বর ফসলি জমির বুক চিরে মাটি ভরাট করে স্থায়ী বাঁধ নির্মাণ করা হচ্ছে। চারপাশজুড়ে বিস্তীর্ণ আবাদি জমি থাকলেও সেখানে নিয়ম-নীতির তোয়াক্কা না করেই বাড়ি নির্মাণের পাঁয়তারা চলছে।

    ​স্থানীয় কৃষকরা জানান, এভাবে অপরিকল্পিতভাবে কৃষিজমিতে বালু ভরাট ও স্থাপনা তৈরি করা হলে ওই জমির উর্বরতা চিরতরে হারিয়ে যাবে। এছাড়া বালু ভরাট এবং বাঁধ নির্মাণের ফলে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হবে, যার ফলে জলাবদ্ধতায় পড়ে আশপাশের বহু কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হবে। এতে করে দীর্ঘমেয়াদে এলাকার উৎপাদনক্ষমতা হ্রাস পাবে এবং খাদ্য নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব পড়বে।
    ​ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, বারবার নিষেধ করা সত্ত্বেও অসাধু চক্র কোনো আইন-কানুনের তোয়াক্কা করছে না। কৃষিজমি এভাবে বেদখল ও ধ্বংস হতে থাকলে একসময় এলাকায় চাষাবাদের অযোগ্য জমি বাড়বে, যা স্থানীয় কৃষকদের অর্থনীতিকে পঙ্গু করে দেবে।

    ​এ বিষয়ে এলাকাবাসী আক্ষেপ করে বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আমাদের ফসলি জমি এভাবে ধ্বংস হতে থাকলে অদূর ভবিষ্যতে ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা রয়েছে।”

    ​স্থানীয় সচেতন মহল এবং কৃষকদের দাবি, দ্রুত সংশ্লিষ্ট প্রশাসন যেন এই অবৈধ মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ কাজ বন্ধে কঠোর ব্যবস্থা নেয়।

    কৃষিজমি রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আজ সময়ের দাবি।

    ​এলাকাবাসীর প্রত্যাশা, নবীনগর উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে কৃষিজমি রক্ষার স্বার্থে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

  • নাফ নদী সীমান্তে বিজিবির পৃথক দুই অভিযানে ৩২ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

    নাফ নদী সীমান্তে বিজিবির পৃথক দুই অভিযানে ৩২ বস্তা সার ও ২টি নৌকা জব্দ

    কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুই অভিযানে ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।
    বিজিবি সূত্রে জানা গেছে, গত রবিবার (২৮ জুন ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দমদমিয়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল জাদিমুড়া পোস্টসংলগ্ন হাবিবুল্লাহ জোড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন ও পরিত্যক্ত অবস্থায় ১০ বস্তা সার এবং একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
    এরপর সোমবার (২৯ জুন ২০২৬) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে একই এলাকায় আবারও অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে নাফ নদীর তীরবর্তী কেওড়া বাগান থেকে মালিকবিহীন অবস্থায় আরও ২২ বস্তা সার এবং একটি হস্তচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়।
    বিজিবি জানায়, পৃথক দুটি অভিযানে সর্বমোট ৩২ বস্তা সার ও দুটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৫৫ হাজার ২০০ টাকা।
    এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “সীমান্ত সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে অবৈধ পণ্য পাচার এবং মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”
    বিজিবি আরও জানায়, জব্দকৃত সার ও হস্তচালিত কাঠের নৌকাগুলোর বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • পদোন্নতির পরও পদায়ন পাননি অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

    পদোন্নতির পরও পদায়ন পাননি অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক

    পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ( অতিরিক্ত আইজিপি ) পদে পদোন্নতি পাওয়ার প্রায় এক মাস পরও কোনো ইউনিটে পদায়ন পাননি রেজাউল করিম মল্লিক। একই দিনে পদোন্নতি পাওয়া অন্য চার অতিরিক্ত আইজিপিকে পদায়ন করা হলেও তাঁকে এখনো কোনো দায়িত্ব দেওয়া হয়নি।গত ৪ জুন ডিআইজি থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হন রেজাউল করিম মল্লিক। একই দিনে পুলিশের আরও চার কর্মকর্তা অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। পরে রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই চার কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করলেও বর্তমানে ঢাকা রেঞ্জের দায়িত্বে থাকা রেজাউল করিম মল্লিককে কোনো ইউনিটে পদায়ন করা হয়নি।জানা গেছে, চলতি মাসেই অবসরে যাওয়ার কথা রয়েছে তাঁর। এ অবস্থায় পদোন্নতির পরও পদায়ন না হওয়ায় পুলিশ প্রশাসনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সংশ্লিষ্ট একটি পক্ষের অভিযোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একটি প্রভাবশালী চক্রের কারণে তিনি এখনো পদায়ন পাননি। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।শেখ হাসিনা সরকারের পতনের পর রেজাউল করিম মল্লিক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের দায়িত্ব পান। তাঁর দায়িত্বকালে আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় তিন শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।এসব অভিযানের পর রেজাউল করিম মল্লিক বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি। নিষিদ্ধ সংগঠনের দেওয়া একাধিক হুমকি এবং নিরাপত্তা-শঙ্কার কারণে তাঁর দুই সন্তান শিক্ষা কার্যক্রম থেকে সরে গেছে বলেও দাবি করা হয়েছে।এ ছাড়া সম্প্রতি ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকে রেজাউল করিম মল্লিকের বিরুদ্ধে মামলা করার হুমকি দেওয়া হয়েছে। ঘনিষ্ঠদের আশঙ্কা, ভবিষ্যতে রাজনৈতিক পটপরিবর্তন হলে গ্রেপ্তার, মামলা ও নির্যাতনের প্রথম সারির লক্ষ্যবস্তু হতে পারেন তিনি। রেজাউল করিম মল্লিকের ঘনিষ্ঠদের দাবি, ডিবি প্রধান ও ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতা-কর্মীকে গ্রেপ্তারের কারণে তিনি রাজনৈতিক প্রতিহিংসার ঝুঁকিতে রয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ডিবিপ্রধানের দায়িত্ব থেকে রেজাউল করিম মল্লিকে সরিয়ে দেওয়া হয়। তৎকালীন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরীর তাঁকে কৌশলে ওই পদ থেকে সরান। বিষয়টি সে সময়ও আলোচনার জন্ম দেয়।এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময় এসপি পদে থাকার পর দীর্ঘদিন তাঁকে আর পদোন্নতি দেওয়া হয়নি। তাঁকে পুলিশের কম গুরুত্বপূর্ণ ইউনিটে রাখা হয়েছিল এবং জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শের অনুসারী হিসেবে বিবেচনা করে কোণঠাসা করা হয়েছিল।

  • কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, আটক ২

    কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে প্রেমিক নিহত, আটক ২

    কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ে না করায় সাইয়েদ আবদুল্লাহ সিয়াম নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তার প্রেমিকা নাইমা জাহানের বিরুদ্ধে। সোমবার ভোরে উপজেলার পৌর এলাকার লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নাইমা জাহান ও তার বন্ধু আরিয়ান খানকে আটক করেছে পুলিশ।নিহত সিয়াম ওই গ্রামের হাজী এনামুল হকের ছেলে।পুলিশ জানায়, মোবাইল ফোনের মাধ্যমে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাইমা জাহানের সঙ্গে সিয়ামের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। রোববার রাতে নাইমা সিয়ামের লক্ষীপুরের গ্রামের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা এবং সিয়ামের বন্ধু আরিয়ান অবস্থান করছিলেন।প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাইমা দাবি করেন, তাদের মধ্যে বিয়ে নিয়ে বিরোধ চলছিল। ভোরে সিয়াম তাকে বাড়ি থেকে চলে যেতে বললে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা একটি ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করা হয়।সিয়ামের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এসে নাইমা ও আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং দুজনকে থানায় নিয়ে যায়।চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোছাইন বলেন, নাইমা হত্যার বিষয়টি স্বীকার করেছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। আটক নাইমাকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • মাগুরা শ্রীপুরের ১০ টি ইয়াবা সহ ধরা পড়ে, ইয়াবা পার্টনার ইমরানের নামও বললেন ফায়ার ফাইটার সাইদুল ইসলাম

    মাগুরা শ্রীপুরের ১০ টি ইয়াবা সহ ধরা পড়ে, ইয়াবা পার্টনার ইমরানের নামও বললেন ফায়ার ফাইটার সাইদুল ইসলাম

    মাগুরার শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে কর্মরত ফায়ার ফাইটার সাইদুর রহমানকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে স্থানীয় জনতা শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে জানিয়েছে পুলিশ।

    আটকের পর তিনি তার এক সহকর্মীর বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ করেছেন।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আটকের পর সাইদুর রহমান দাবি করেন, তার ব্যাচমেট ইমরান হোসেনও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের পক্ষান্তরে, অভিযোগের বিষয়ে ইমরান হোসেনর কাছে জানতে চাইলে গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

    এদিকে, শ্রীপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার শামসুর রহমানও সাংবাদিকদের এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

    শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিমিয়া বলেন, জনতা সাইদুর রহমানকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের কাছে হস্তান্তর করে। পরে একটি বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে ফায়ার সার্ভিস কার্যালয়ে তার ব্যবহৃত বেডে তল্লাশি চালানো হলেও সেখানে আর কোনো ইয়াবা উদ্ধার হয়নি।

    পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে, তথ্য-প্রমাণের ভিত্তিতে সাইদুর রহমানকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে

  • আর্জেন্টিনা ভক্ত’ আজাদ মেম্বার গ্রেপ্তারের নেপথ্যে কী

    আর্জেন্টিনা ভক্ত’ আজাদ মেম্বার গ্রেপ্তারের নেপথ্যে কী

    আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে দেশজুড়ে পরিচিতি পাওয়া নোয়াখালীর আলোচিত ব্যক্তি আজাদ মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ।রোববার (২৮ জুন) দুপুরে সেনবাগ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলে তাকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে অনলাইন ও অফলাইনে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তার মো. আজাদ উপজেলার ৩ নম্বর ডুমুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং একই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ওয়ার্ডের আব্দুস সাত্তারের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, আজাদ মেম্বার পেশায় একজন চা-বিক্রেতা হলেও আর্জেন্টিনা ফুটবল দল ও লিওনেল মেসির প্রতি অতি-ভালোবাসার কারণে দেশব্যাপী পরিচিতি পান। নিজের বাড়ি, দোকান ও আশপাশের এলাকাকে আকাশি-সাদা রঙে সাজিয়ে তিনি ‘আর্জেন্টিনা নগর’ প্রতিষ্ঠা করে আলোচনায় আসেন। চলতি ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা শিরোপা জিতলে এলাকাবাসীকে বড় ভোজ দেওয়ার ঘোষণাও দিয়েছিলেন তিনি। এ নিয়ে বিভিন্ন মূলধারার গণমাধ্যম ও টেলিভিশন টকশোতেও তাকে দেখা গেছে।তবে ফুটবল ভক্ত হিসেবে পরিচিতি থাকলেও আজাদ মেম্বার মূলত আওয়ামী লীগের একজন কট্টরপন্থি তৃণমূল নেতা ও অনলাইন অ্যাক্টিভিস্ট। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দলের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেলেও আজাদ মেম্বার মাঠপর্যায়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দলের পক্ষে লাগাতার বক্তব্য দিয়ে যাচ্ছিলেন।আর্জেন্টিনার ম্যাচ চলাকালে লোডশেডিং, পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর গ্রেপ্তার হওয়ার মাত্র তিন দিন আগেও তিনি ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করেন। লাইভে তিনি নিজেকে ‘বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক’ দাবি করে দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কথা বলেন। সেনবাগের ২৫ জনের একটি তালিকা থেকে তাকে বাদ দেওয়ায় তিনি শীর্ষ ও প্রবাসী নেতাদের ‘সুবিধাবাদী’ বলে আখ্যা দেন। শেখ হাসিনার উদ্দেশে দেওয়া এটিই ছিল তার শেষ ভিডিও বার্তা। এর আগেও রাজনৈতিক মামলায় তিনি কারাবরণ করেছিলেন বলে জানা গেছে।এ বিষয়ে সেনবাগ থানার ডিউটি অফিসার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মিলন বলেন, গ্রেপ্তারের পর আজাদ মেম্বারকে আদালতে সোপর্দ করা হয়েছে।