
পবিত্র ওমরাহ পালন সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াস্পোরা বিষয়ক উপকমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার রাতে তিনি পবিত্র নগরী মক্কায় পৌঁছান এবং ওমরাহের আনুষ্ঠানিকতা শেষ করেন। ওমরাহ পালনকালে তিনি দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরের একটি ফ্লাইটে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন এনসিপি মুখপাত্র। এই সফরে তার সঙ্গে দলটির একাধিক কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতা সফরসঙ্গী হিসেবে রয়েছেন। সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপকমিটির সদস্য আয়মান রাহাড, কেন্দ্রীয় সদস্য ও মিডিয়া উপকমিটির সদস্য ইয়াসির আরাফাত, ন্যাশনাল ওলামা অ্যালাইয়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ খান এবং ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক এ আদেলসহ আরও কয়েকজন প্রতিনিধি।
ওমরাহের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর এনসিপি নেতারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেন। এছাড়া সৌদি আরবে অবস্থানরত সাধারণ প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও তিনি এক সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন।
বর্তমানে আসিফ মাহমুদ পবিত্র মক্কা নগরীতে অবস্থান করছেন। সেখান থেকে তার পবিত্র মদীনা মুনাওয়ারায় যাওয়ার কথা রয়েছে। সব সফর শেষ করে আগামী ৩০ আগস্ট তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।
অনলাইন ডেস্ক; 



















