
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মুহাম্মদ আতাউল গণি (এমএজি) ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় রাজধানীর টয়েনবি সার্কুলার রোডে অবস্থিত জাতীয় জনতা পার্টির প্রধান কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় জনতা পার্টির প্রধান সমন্বয়ক মো. মুজিবুর রহমান চৌধুরী হিরু সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক রিপাবলিকান পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শেখ মো. ওবায়দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী।
এছাড়া বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নইম জাহাঙ্গীর এবং আমিনা খাতুন ইভাসহ অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
আলোচনাসভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাধীনতার মহানায়ক ও বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম কারিগর জেনারেল ওসমানীকে বর্তমানে যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক।
তারা দাবি জানান, জাতীয় পর্যায়ে যেন তার জন্ম ও মৃত্যুবার্ষিকী উদযাপিত হয়। তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে জেনারেল ওসমানীর সাহসিকতা ও বীরত্বগাথা সর্বস্তরে প্রচারের ওপরও বক্তারা বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনলাইন ডেস্ক 
























