
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে তপন শীল (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকার পাগলাবাড়ী মোড় সংলগ্ন লেকের পশ্চিম পাশ থেকে তার দেহ উদ্ধার করা হয়।
নিহত তপন শীল পেশায় একজন সেলুন কর্মী। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি আলামিননগর এলাকায় বসবাস করলেও তার মূল বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাঁটতে বের হওয়া এক পথচারী লেকের ধারে মরদেহটি দেখতে পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
স্বজন ও স্থানীয়দের ভাষ্যমতে, পারিবারিক কলহের জের ধরে বুধবার (২ সেপ্টেম্বর) রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর তপন শীল আর বাড়ি ফেরেননি। তবে তার মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের স্ত্রীকে খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
অনলাইন ডেস্ক 

























