
ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। মারাত্মক জখম হওয়া ১৬ জনকে উদ্ধার করে স্থানীয় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে উপজেলার গেড়াখোলা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’-এর একটি বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তে গাড়িটি সড়কের পাশে খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের প্রাণহানি ঘটে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি; তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার বিস্তারিত নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান জানান, উদ্ধার কার্যক্রম ও দুর্ঘটনাকবলিত বাসটি সরানোর কাজ চলছে।
অনলাইন ডেস্ক 























