
অনিয়ম ও উদ্ভূত অচলাবস্থার কারণে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনসহ বর্তমান কমিটির সব ধরনের কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
বুধবার সকালে সিরাজগঞ্জ সদর সিভিল জজ আদালতের জ্যেষ্ঠ সহকারী জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সুলতানা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রেস ক্লাবের তৎকালীন বহিষ্কৃত সদস্য শরিফুল ইসলাম ইন্না কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং একটি আহ্বায়ক কমিটি গঠন করেন। পরবর্তীতে সেপ্টেম্বর মাসে গঠিত ২১ সদস্য বিশিষ্ট কমিটিতে সাধারণ সম্পাদকের পদ নেন তিনি। অভিযোগ রয়েছে, দায়িত্ব নেওয়ার পর অনিয়ম ও অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে ৭৮ জন নতুন সদস্য অন্তর্ভুক্ত করা হয়।
এরপর প্রেস ক্লাবের নতুন কমিটি গঠনের জন্য চলতি বছরের ২৬ সেপ্টেম্বর একটি সাধারণ সভা আহ্বান করা হলে ক্লাবের সদস্যদের মধ্যে তীব্র উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়। পরবর্তীতে সংঘাতময় পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সভাটি স্থগিত করা হয়।
এই অনিয়ম ও অস্থিতিশীল পরিস্থিতির মুখে ক্লাবের সদস্য ও সাংবাদিক আব্দুস সামাদ সায়েম বাদী হয়ে আদালতের শরণাপন্ন হন।
মামলার আইনজীবী সুলতানা খাতুন জানান, “অনিয়ম ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা আদালতের কাছে আবেদন জানিয়েছিলাম। দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক নির্বাচনসহ অনিয়মতান্ত্রিক এ কমিটির সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামী ১০ দিন পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।”
এদিকে আদালতের নির্দেশনার বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সভাপতি হারুন অর রশিদ খান হাসান বলেন, “আমি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। আমরা আইনের প্রতি পুরোপুরি শ্রদ্ধাশীল। আদালতের আনুষ্ঠানিক আদেশের কপি হাতে পাওয়ার পর আইনি পথেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।”
অনলাইন ডেস্ক 
























