
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে গুচ্ছগ্রামের সরকারি রেশনের ২২ বস্তা গম জব্দ করেছে উপজেলা প্রশাসন। অবৈধভাবে গম মজুদের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) মাটিরাঙ্গা বাজার এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা বাজারের একটি দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় দোকানটিতে সরকারি রেশনের গম অবৈধভাবে মজুদ রাখার বিষয়টি প্রমাণিত হওয়ায় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৫০ কেজি ওজনের ২২ বস্তা গম জব্দ করা হয়।
পরবর্তীতে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও কার্যক্রম প্রতিরোধ আইন, ২০২৪-এর ৬ ধারায় অপরাধ স্বীকার করায় দোকান মালিক মো. ফয়েজ আহমেদকে ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দণ্ড প্রদান করা হয়। জব্দকৃত গম উদ্ধার শেষে তবলছড়ি খাদ্য গুদামে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু জানান, “সরকারি রেশনসহ জনকল্যাণমুখী সহায়তার পণ্য অবৈধভাবে মজুদ, বিক্রি বা স্থানান্তর রোধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি থাকবে। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে অনিয়ম বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।
খাগড়াছড়ি প্রতিনিধি: 

























