
“শিশুর বিয়ে নয়, কন্যাশিশু করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনী উপজেলায় পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬।
সোমবার (১২ অক্টোবর) সকালে দিবসটি উদযাপনের অংশ হিসেবে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সমাপ্ত হয়। র্যালি শেষে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয় একটি বিশেষ আলোচনা সভা।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন এবং গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা কন্যাশিশুর মৌলিক অধিকার নিশ্চিত করা, মানসম্মত শিক্ষা প্রসারে জোর দেওয়া, বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ এবং সমাজে কন্যাশিশুর সামগ্রিক নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনলাইন ডেস্ক 
























