
চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ফুটবল মাঠে এক আবেগঘন দৃশ্য উপহার দিয়েছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইয়েমেনভিত্তিক হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার কারণে যখন বিপর্যস্ত সৌদি আরব, ঠিক তখনই দেশটির প্রতি নিজের গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতাবোধ প্রকাশ করলেন আল নাসর অধিনায়ক।
সোমবার (১৩ অক্টোবর) এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নেফতচির মুখোমুখি হয়েছিল আল নাসর। রিয়াদে ম্যাচ শুরুর ঠিক ১৫ মিনিট আগে নিরাপত্তা সতর্কতা জারি করায় খেলা কিছুটা বিলম্বিত হয়। এমন টানটান উত্তেজনা ও শঙ্কার মধ্যেও দারুণ নৈপুণ্য দেখিয়ে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। ম্যাচের ৪২ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন স্বয়ং রোনালদো।
তবে খেলার ফলাফল ছাপিয়ে সবার নজর কেড়েছে রোনালদোর দেশপ্রেম ও সহমর্মিতার দৃশ্য। ম্যাচ চলাকালীন খেলা সাময়িক বন্ধ থাকার সময় ক্যামেরায় ধরা পড়ে, আল নাসরের জার্সিতে থাকা সৌদি পতাকায় চুমু খাচ্ছেন সিআর সেভেন। শুধু তাই নয়, ম্যাচ শেষে জয়ের উদযাপনের সময় এক সমর্থকের কাছ থেকে সৌদি পতাকা খচিত একটি স্কার্ফ চেয়ে নেন এবং তা নিজের কাঁধে জড়িয়ে নেন তিনি।
সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির মধ্যে রোনালদোর এমন আচরণ সৌদি আরব ও ক্লাবের সমর্থকদের মাঝে দারুণ প্রশংসিত হয়েছে। আল নাসর শিবিরে এখন পরবর্তী ম্যাচের অপেক্ষা—আগামী ১৬ অক্টোবর সৌদি প্রো লিগে আল আহলির মুখোমুখি হবে তারা।
অনলাইন ডেস্ক 

























