
মেসির জাদুকরী অ্যাসিস্ট ও গোলরক্ষকের বীরত্বে টানা তৃতীয়বার প্লে-অফে ইন্টার মায়ামি
ইউরোপীয় ফুটবলের তুমুল রোমাঞ্চের মাঝে আটলান্টিকের ওপারে নতুন ইতিহাস গড়লো ইন্টার মায়ামি। নিউ ইয়র্ক সিটি এফসিকে ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে ফ্লোরিডার দলটি।
ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে কোণঠাসা করে রাখা মায়ামির হয়ে প্রথমার্ধেই জয় নিশ্চিত করেন হার্মান বের্তেরামে ও রদ্রিগো দি পল। দলের জয়ে বড় অবদান রেখেছেন অধিনায়ক লিওনেল মেসিও। নিজে গোল না পেলেও দি পলের দুর্দান্ত গোলটির পেছনে মূল কারিগর ছিলেন তিনিই। এছাড়া মায়ামির পোস্টের নিচে আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছিলেন গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার। পেনাল্টিসহ কমপক্ষে চারটি নিশ্চিত গোল বাঁচিয়ে দলের জয় সুনিশ্চিত করেন তিনি।
প্রথম গোল (২০তম মিনিট): বক্সের বাইরে থেকে মেসির বাড়ানো বল পেয়ে লুইস সুয়ারেসের মাধ্যমে বল বাড়িয়ে দেন বের্তেরামেকে। সহজ শটে গোল করে প্রায় পাঁচ মাস পর জালের দেখা পান এই মেক্সিকান ফরোয়ার্ড।
দ্বিতীয় গোল (প্রথমার্ধের যোগ করা সময়): বের্তেরামের পাস থেকে বল ধরে ডান প্রান্ত থেকে নিখুঁত ক্রস বাড়ান মেসি, যেখান থেকে দারুণ শটে গোল করেন রদ্রিগো দি পল।
সেন্ট ক্লেয়ারের বীরত্ব: ম্যাচের শেষ মুহূর্তে নিউ ইয়র্ক সিটি পেনাল্টি পেলেও দুর্দান্তভাবে তা রুখে দেন মায়ামি গোলরক্ষক। পুরো ম্যাচে ১৪টি শট নিয়েও গোলের দেখা পায়নি প্রতিপক্ষ।
চলতি মৌসুমে ২৩টি গোল ও ১৪টি অ্যাসিস্ট করা মেসি এবার টানা তৃতীয়বারের মতো এমএলএসের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। এছাড়া টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জেতার লড়াইয়েও নিকটতম প্রতিদ্বন্দ্বী পিটার মুসার চেয়ে ৪ গোলে এগিয়ে রয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।
সব হিসাব-নিকাশ শেষে আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এমএলএসের আসল রোমাঞ্চ—কাঙ্ক্ষিত প্লে-অফসের লড়াই।
অনলাইন ডেস্ক 

























