
চলতি বছরের ফেব্রুয়ারিতে তেলেগু ও কোডাভা ঐতিহ্য মেনে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় দক্ষিণী তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে এসে নিজেদের বিয়ের পেছনের এক মজার ও চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন এই দম্পতি।
শোয়ের ট্রেলার ও আলোচনা অনুযায়ী, বিজয়কে বিয়ে করতে এক বছর ধরে চেষ্টা চালিয়েছিলেন রাশমিকা। করণ জোহর বিজয়কে প্রশ্ন করেছিলেন—তিনিই প্রথম রাশমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন কি না? জবাবে রাশমিকা ‘না’ সূচক মাথা নাড়লে বিজয় নিজেই আসল রহস্য ফাঁস করেন।
বিজয় জানান, রাশমিকাই প্রথম তাকে বিয়ের কথা বলেছিলেন এবং অন্তত ১০০ বার তাকে এই প্রস্তাব দেন। রাশমিকাও হাসিমুখে স্বীকার করেন যে, তিনি একটানা এক বছর বিজয়ের পেছনে লেগে ছিলেন। তবে রসিকতা করে বিজয় বলেন, বিয়ের সিদ্ধান্ত নিতে কিছুটা সময় নেওয়ার অর্থ এই নয় যে কাউকে ইচ্ছাকৃত অপেক্ষায় রাখা হয়েছিল।
এছাড়াও শোয়ের র্যাপিড ফায়ার পর্বে রাশমিকাকে আল্লু অর্জুন ও রণবীর কাপুরের মধ্যে একজনকে বেছে নিতে বলা হলে তিনি আল্লু অর্জুনের নাম নেন। আর বিজয়ের বিপরীতে সেরা পর্দার রসায়ন কার সঙ্গে মানানসই—এমন প্রশ্নে রাশমিকা চটজলদি উত্তর দেন, ‘কারো সঙ্গেই না!’ স্ত্রীর এমন উত্তরে সহমত পোষণ করে বিজয় মজার ছলে বলেন, ‘সংসার জীবনের প্রথম নিয়ম হলো, স্ত্রীর সব কথায় সায় দেওয়া!’
উল্লেখ্য, ২০১৮ সালের ‘গীত গোবিন্দম’ এবং পরের বছর ‘ডিয়ার কমরেড’ সিনেমার মাধ্যমে এই জুটির রসায়ন দর্শকের নজর কাড়ে। দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন। বাস্তব জীবনের পাশাপাশি বর্তমানে তাদের রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত পিরিয়ড অ্যাকশনধর্মী সিনেমা ‘রণবলী’-তেও একসঙ্গে দেখা যাচ্ছে, যা গত ১৬ অক্টোবর মুক্তির পর থেকেই বেশ ভালো সাড়া পাচ্ছে।
অনলাইন ডেস্ক 

























