
চলচ্চিত্রের পর্দার গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক অঙ্গনে বিশাল এক সংগীত ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করতে চলেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আগামী ২০২৭ সালের ২০ মার্চ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির ইয়াস আইল্যান্ডের ইতিহাদ লাইভে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই মহাযজ্ঞ, যার নাম দেওয়া হয়েছে ‘ইউনিফাইড’ (UNIFYD)।
একদিনের এই জমজমাট আয়োজনের মূল লক্ষ্য হলো ভারতীয় সংগীতের বিভিন্ন ধারা এবং প্রজন্মের সেরা শিল্পীদের এক মঞ্চে নিয়ে আসা। আর পুরো আয়োজনটির সৃজনশীল পরিকল্পনার মূল দায়িত্বে রয়েছেন স্বয়ং শাহরুখ খান।
এক মঞ্চে অরিজিৎ, সোনু ও করণ
উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন উপমহাদেশের জনপ্রিয় তিন সংগীতশিল্পী—অরিজিৎ সিং, সোনু নিগম ও করণ আওজলা। অরিজিতের রোমান্টিক সুর, সোনুর দীর্ঘ ক্যারিয়ারের কালজয়ী গান এবং করণের পাঞ্জাবি আবহের ফিউশন দর্শকদের জন্য এক ভিন্নমাত্রার অভিজ্ঞতা তৈরি করবে।
আয়োজকদের দাবি, এই প্রথম কোনো বড় সংগীত উৎসবে পারফর্ম করতে যাচ্ছেন সোনু নিগম। এছাড়া এই আসরে বিভিন্ন মঞ্চে ১৫ জনেরও বেশি শিল্পী তাদের পরিবেশনা নিয়ে হাজির হবেন।
আয়োজন ও অংশীদারিত্ব
ডি’ইয়াভল লাইভ ও ডিস্ট্রিক্ট যৌথভাবে এই উৎসবের আয়োজন করছে। উল্লেখ্য, ‘ডি’ইয়াভল লাইভ’ হলো ডি’ইয়াভল লাক্সারি কালেক্টিভের অংশ, যার সহপ্রতিষ্ঠাতাদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, তার ছেলে আরিয়ান খান, লেতি ব্লাগোয়েভা ও বান্টি সিং। এছাড়া এই আয়োজনের সঙ্গে যুক্ত রয়েছে আবুধাবির সংস্কৃতি ও পর্যটন বিভাগ, মিরাল এবং এমিরেটস এনবিডি।
টিকিটের তথ্য
সাধারণ দর্শকদের জন্য টিকিট বিক্রি: ইতিমধ্যে ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়েছে।
কোথায় পাওয়া যাবে
টিকিট শুধুমাত্র ডিস্ট্রিক্ট অ্যাপের মাধ্যমে কেনা যাবে। তবে এখন পর্যন্ত টিকিটের সুনির্দিষ্ট মূল্য প্রকাশ করা হয়নি।
আবুধাবিতে এই উদ্বোধনী আসরের সফল সমাপ্তির পর ‘ইউনিফাইড’ উৎসবটিকে বিশ্বের অন্যান্য বড় শহর ও আন্তর্জাতিক বাজারেও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। ভারতীয় সংগীতের বৈশ্বিক জনপ্রিয়তা ও আবেদনকে বিশ্বমঞ্চে আরও ছড়িয়ে দিতে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনলাইন ডেস্ক 

























