
বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর যুক্ত হলেন নতুন একটি গানে। গীতিকার ও সুরকার মাহবুবুল খালিদের কথা ও সুরে ‘সখি তুই কি তেল মাখিস চুলে’ শিরোনামের এই রোমান্টিক লোকজ ঘরানার গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। এই প্রথম মাহবুবুল খালিদের কোনো গানে কণ্ঠ দিলেন এই ‘যুবরাজ’।
গানটিতে প্রেম, রূপ ও মুগ্ধতার প্রকাশ ঘটেছে চমৎকার কিছু লোকজ শব্দের বুননে। এর কয়েকটি পঙ্ক্তি এমন—
‘সখি তুই কি তেল মাখিস চুলে/ কী শাড়ি পরিস তুই, হাওয়ায় আঁচল দুলে/ তোর নূপুর বাজে ঘুঙুর ঘুঙুর/ রূপে আগুন জ্বলে।’
যেভাবে শুনতে পাবেন
খুব শীঘ্রই ‘খালিদ সংগীত’ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে গানটির মিউজিক ভিডিও বা সংগীতচিত্র মুক্তি পাবে। তবে এর আগেই গানটির অডিও উন্মুক্ত করা হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে।
সাহিত্য ও সংগীতাঙ্গনে নিয়মিত কাজ করে যাচ্ছেন মাহবুবুল খালিদ। তার লেখা ইতিমধ্যে পাঁচ শতাধিক গান প্রকাশিত হয়েছে, যেগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের অনেক নামী শিল্পী। এবার সেই তালিকায় যুক্ত হলো আসিফ আকবরের গাওয়া এই নতুন গানটি।
অনলাইন ডেস্ক 

























