
কন্যাসন্তানের মা হয়েছেন সাবেক লাক্স তারকা ও অভিনেত্রী নাফিজা জাহান। যুক্তরাষ্ট্র প্রবাসী এই অভিনেত্রী ও তার স্বামী রাজীব হাসানের ঘরে প্রথমবারের মতো এসেছে নতুন অতিথি।
গত মঙ্গলবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি প্রকাশ করেন দম্পতি। ফেসবুকে হাসপাতালের বিছানা থেকে নবজাতককে কোলে নিয়ে তোলা একটি ছবি শেয়ার করে রাজীব হাসান লিখেছেন, দীর্ঘ প্রতীক্ষার পর তাদের পরিবারে এক ফুটফুটে কন্যাসন্তান এসেছে। এই অমূল্য নিয়ামতের জন্য তারা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞ এবং মা ও মেয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য সবার দোয়া চেয়েছেন।
অন্যদিকে, নাফিজা নিজের ফেসবুক অ্যাকাউন্টে মেয়ের হাতের একটি ছবি শেয়ার করে সন্তানকে ‘পরম আশীর্বাদ ও চিরন্তন ভালোবাসা’ হিসেবে অভিহিত করেছেন। এই খুশির সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে ভক্ত-অনুরাগীরা তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন।
উল্লেখ্য, ২০০৬ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখা নাফিজা ‘৪২০’, ‘গ্র্যাজুয়েট’ ও ‘ইডিয়টস’-এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে পরিচিতি লাভ করেছিলেন। ২০১৩ সালে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। পরবর্তীতে ২০২১ সালের নভেম্বরে নিউইয়র্কে রাজীব হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
অনলাইন ডেস্ক 

























