
বগুড়ার মোকামতলা উপজেলার গুজিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর প্রথম রাউন্ডের দ্বিতীয় ম্যাচে বড়িয়াহাট ফুটবল একাদশকে ৫-০ গোলে পরাজিত করে দাপুটে জয় পেয়েছে বগুড়া কিশোর ফুটবল একাডেমি।
শনিবার (২৪ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় গুজিয়া লাল সবুজ তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলাকে কেন্দ্র করে মাঠে ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়েরা গোলের লক্ষ্যে আক্রমণ-পাল্টা আক্রমণ চালান। তবে প্রতিপক্ষের জালে একের পর এক গোল করে ম্যাচে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে বগুড়া কিশোর ফুটবল একাডেমি। শেষ পর্যন্ত পাঁচ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে দলটি। অন্যদিকে, কোনো গোল করতে পারেনি বড়িয়াহাট ফুটবল একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শফিকুল ইসলাম সান্তু, স্বত্বাধিকারী, সান্তু ইয়ার ইন্টারন্যাশনাল গুজিয়া এবং চেয়ারম্যান পদপ্রার্থী শিবগঞ্জ ইউনিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. ফিরোজ আহম্মেদ, সভাপতি, গুজিয়া উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে মো. শফিকুল ইসলাম সান্তু বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে সহায়তা করে। মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার আয়োজন করা প্রয়োজন। এ ধরনের ফুটবল টুর্নামেন্ট তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি আশা করি, ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার উঠে আসবে।”
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল কাদের তালুকদার সাবেক সিনিয়র সহসভাপতি শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি, আমিনুর ইসলাম মেম্বার পদপ্রার্থী ১নং ওয়ার্ড মেদনীপাড়া, মো. খাজা মন্ডল মেম্বার পদপ্রার্থী ৫ ওয়ার্ড শ্যামপুর, সালামত আলী সমাজসেবক, শিবলী ছাদিক, রুহুল আমিন এবং ওবায়দুল ইসলাম লিটন, শিবগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপস্থাপনায় ছিলেন এ,বি,এম কামরুজ্জামান সাকি, যুগ্ম আহ্বায়ক, শিবগঞ্জ ইউনিয়ন বিএনপি।
গুজিয়া লাল সবুজ তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং এলাকার ক্রীড়াঙ্গন আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
শিবলী ছাদিক, মোকামতলা (বগুড়া) 

























