
ছোট পর্দার জনপ্রিয় মুখ খায়রুল বাসার ও সাদিয়া আয়মান—দুজনকেই একসময় নিয়মিত দেখা যেত রোমান্টিক বা নাটকের জুটিতে। তাদের অনস্ক্রিন রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করত, তেমনি তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও শোবিজপাড়ায় কম গুঞ্জন শোনা যায়নি। তবে এতদিন বিষয়টি স্রেফ কানাঘুষা বা গুজব বলেই এড়িয়ে গেছেন এই তারকারা।
অবশেষে দীর্ঘদিনের সেই নীরবতা ভাঙলেন অভিনেতা খায়রুল বাসার। সম্প্রতি একটি পডকাস্টে এসে তিনি অকপটে স্বীকার করেছেন যে, একসময় সাদিয়া আয়মানের সঙ্গে তার সত্যিই প্রেমের সম্পর্ক ছিল।
যেভাবে শুরু ও শেষ:
বাসার জানান, নাটকে জুটি বাঁধার আগেই একটি বিজ্ঞাপনের সুবাদে সাদিয়ার সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে কাজের সুবাদে ঘনিষ্ঠতা বাড়ে এবং তা রূপ নেয় প্রেমে। যদিও সম্পর্কটি কয়েক বছর আগেই ভেঙে গেছে, তবে এর সুনির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করতে চাননি এই অভিনেতা।
একসঙ্গে কাজ না করার পেছনের কারণ:
সম্পর্ক ভাঙার পর থেকেই এই জুটিকে আর পর্দায় একসঙ্গে দেখা যায় না। এ বিষয়ে খায়রুল বাসার জানান, দুজনের পারস্পরিক সম্মতিতেই তারা আর একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, দর্শক তাদের একসঙ্গে দেখতে চাইলেও কাজের খাতিরে নিজেদের মানসিক শান্তি ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখা জরুরি। ব্যক্তিগত সম্পর্কের ইতি টানার পর পেশাগত জায়গায় সেই সহজ পরিবেশটি আর বজায় রাখা সম্ভব নয় বলেই তারা আপাতত দূরত্ব বজায় চলছেন।
করোনা-পরবর্তী সময়ে ‘ডুব সাঁতার’, ‘বাবুই পাখির বাসা’, ‘জলতরঙ্গ’, ‘দই ফুচকা’ ও ‘দ্য ফার্স্ট কেস’-এর মতো দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছিলেন এই জনপ্রিয় জুটি।
বিনোদন ডেস্ক 

























