
চলতি মৌসুমে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪৯ জন, যা এ বছরের এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।
রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, খুলনা ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮৪ জনে। আর এ বছর এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন।
এর আগে চলতি বছরে বিভিন্ন সময়ে দৈনিক আক্রান্তের উর্ধ্বগতি দেখা গেছে। এর মধ্যে গত ১১ অক্টোবর ২ হাজার ১৯৩ জন, ১২ অক্টোবর ২ হাজার ১৬৭ জন, ২৭ সেপ্টেম্বর ২ হাজার ১৫৮ জন এবং ১৮ অক্টোবর ২ হাজার ৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
২০২৫ সাল: মোট আক্রান্ত ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মৃত্যু ৪১৩ জনের।
২০২৪ সাল: মোট আক্রান্ত ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু ৫৭৫ জনের।
২০২৩ সাল: মোট আক্রান্ত ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু ১ হাজার ৭০৫ জনের (সবচেয়ে ভয়াবহ বছর)।
বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গুর এই ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে এখনই মশা নিধন এবং ব্যক্তিগত সচেতনতা আরও জোরালো করা প্রয়োজন।
অনলাইন ডেস্ক 

























