
আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার ব্যর্থতা ঢাকতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ধামাচাপা দিতে এখন বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি’ উপলক্ষে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘খোদ সরকারি দলের জ্যেষ্ঠ সংসদ সদস্যই সংসদে বলেছেন, মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা দিয়ে। দিনের বেলা ৫০টি ট্রাকে ডাকাতির ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এই ভয়াবহ অবনতি ধামাচাপা দিতে সরকার বিরোধীদের ওপর দায় চাপাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘সীমান্ত থেকে টাকা ও অস্ত্র আসার কথা বলে বিরোধীদের ওপর দোষ চাপানো হচ্ছে। সীমান্ত দিয়ে যদি টাকা, অস্ত্র ও মাদক ঢোকে, তাহলে সরকার তা ঠেকাতে পারছে না কেন? যে সরকার সীমান্ত সুরক্ষিত রাখতে পারে না, তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।’ এ সময় প্রশাসন ও সরকারে পতিত দলীয় ক্যাডারদের পুনর্বাসনের তীব্র সমালোচনা করেন তিনি।
দ্রব্যমূল্য ও লাগামহীন চাঁদাবাজির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘চাঁদাবাজদের কারণে এক টাকার জিনিস জনগণকে তিন টাকায় কিনতে হচ্ছে। পঞ্চগড়ে দাম না পেয়ে কৃষক চারটি লাউ এক টাকায় বিক্রি করছে কিংবা ফেলে দিচ্ছে, আর ঢাকায় সাধারণ মানুষকে একটি লাউ কিনতে হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। চাঁদাবাজির এই নির্মম বোঝা সাধারণ মানুষের ওপর করের মতো চেপে বসেছে।’ এমনকি বিএনপির সাধারণ কর্মীরাও নিজেদের দলের চাঁদাবাজদের হাত থেকে রেহাই পাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
বিরোধীদের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের সরকারি অভিযোগ প্রত্যাখ্যান করে শফিকুর রহমান বলেন, ‘বিএনপি নতুন নতুন মনগড়া বয়ান তৈরি করছে। তারা বলছে, আমরা নাকি পরিত্যক্ত ফ্যাসিস্টদের সঙ্গে হাত মেলাচ্ছি। অথচ বাস্তবতা হলো—আপনারা নির্বাচনের সময় আওয়ামী লীগের কাছে ভোট ভিক্ষা চেয়েছেন।’
রাড্ডা মেডিকেল সেন্টারে লুটপাটের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘দশকের পর দশক ধরে সেবা দেওয়া প্রতিষ্ঠানটিতে রাতের আঁধারে হামলা ও লুটপাট করা হলো। অপরাধের দায়ে কেবল দলীয় এমপিকে পদত্যাগ করিয়ে দায় এড়ানো হয়েছে। কেন তাকে আইনের আওতায় আনা হলো না? প্রশাসন কি শুধুই ‘হোয়াইটওয়াশ’ করতে চায়?’
অনলাইন ডেস্ক 

























