
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় পূর্ব বিরোধ ও তুচ্ছ একটি ঘটনার জেরে কাজী ইউসুফ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। পেশায় রাইডার হলেও তিনি এলাকায় একজন পরিচিত ইসলামী সংগীত শিল্পী হিসেবেও পরিচিত ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ইউসুফ উপজেলার কনকাপৈত ইউনিয়নের কাজী বাড়ির ব্যাংকার কাজী একরামের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই-তিন দিন আগে কনকাপৈত স্কুল মাঠে বালু লোড-আনলোড করাকে কেন্দ্র করে আমজাদের বাজারের আবুল কালাম আজাদের ট্রাক্টর চালকের সাথে কাজী ইউসুফের বাক-বিতণ্ডা হয়। ওই সময় ট্রাক্টরের মালিক আবুল কালাম আজাদ ইউসুফকে আমজাদের বাজার এলাকায় প্রবেশ না করার হুমকি দিয়েছিলেন।
পূর্বের সেই ক্ষোভের জের ধরে সোমবার ভোরে কাজী ইউসুফ রাইড শেয়ারিংয়ের কাজে আমজাদের বাজার রাস্তার মাথায় গেলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ডা. রশিদ আহমেদ চৌধুরী জানান, রোগীর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছিল। তবে পথেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, “বালু লোড-আনলোড নিয়ে বিরোধের জেরে সকালে আমজাদের বাজারে তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। তবে প্রাথমিক তথ্য অনুযায়ী এটি হার্ট অ্যাটাকজনিত মৃত্যু হতে পারে বলেও আমরা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।”
অনলাইন ডেস্ক 



















